গল্প বলতে আর গল্প শুনতে খুব ভালোবাসে আমার ছেলে তমোহর। ‘এক যে ছিল...’ এই প্রচলিত উপস্থাপনার সঙ্গে যেকোনো কাহিনি জুড়ে দিলেই সেটা তমোহরের পরম উপভোগের বিষয় হতো। আজ তমোহরের জন্মদিনে এভাবেই আমি শুরু করলাম তার গল্প। ১৯৭০-এর ২০ অক্টোবর, কার্তিকের এক তপ্ত দুপুরে তমোহরের জন্ম। দেশ তখন টগবগ করে ফুটছে স্বাধীনতার আকাঙ্ক্ষায়। ক্ষোভে গনগনে রাজপথে মিছিলে মিছিলে হাঁটছেন তমোহরের বাবা সংগ্রামী রাজনীতিবিদ নূরুল ইসলাম। এমনি সময় মাথায় একরাশ চুল নিয়ে ফুটফুটে ছেলেটি পৃথিবীতে এল। বৃহৎ পরিবারের সবার কাছেই সে আদরের ধন। সবার মুখে তার অনেক নাম। নানির কাছে সে ভাইয়া, খালা আর বড় বোনদের কাছে পুচি, পুচকুল; বাবা-মায়ের কাছে সোনামানিক, জ্যাঠামণির কাছে বাবু। স্কুলে ভর্তি হওয়ার সময় তার পোশাকি নাম হলো তমোহর। তাও তমোহর ইসলাম নয়, ইসলাম তমোহর। যেন সংস্কার ভাঙার, প্রথা ভাঙার বিরাট দায় তার ওপর চাপিয়ে দিয়েছিল পরিবার এবং সমাজ। বালক বয়স থেকেই নবপরিচিত বয়োজ্যেষ্ঠদের কাছে তার নামের অর্থ ব্যাখ্যা করতে হতো তাকে।শিশু তমোহরের প্রথম বলা কথাগুলোর মধ্যে একটি ছিল ‘চাদিন বাল্লা’ (স্বাধীন বাংলা) আর একটি মুক্তিফৌজ। ১৯৭২-এ দেশ স্বাধীন হওয়ার পর মিত্রবাহিনী বা ভারতীয় সেনাবাহিনীর জনৈক সৈনিক বন্দুকের নল থেকে একটি গাঁদা ফুল তুলে তাকে উপহার দিয়েছিল—এটি বোধ হয় তমোহরের শৈশবের সবচেয়ে রোমাঞ্চকর ঘটনা। ১৯৭৪-এ তমোহর নার্সারি স্কুলে ভর্তি হয়। ১৯৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যাওয়ার কথা ছিল। ১৪ আগস্ট বেশ গভীর রাত পর্যন্ত তমোহর বঙ্গবন্ধুকে উপহার দেওয়ার জন্য রংতুলি নিয়ে একটি জলরং ছবি আঁকে। তার বাবা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি নূরুল ইসলাম তাকে বঙ্গবন্ধুর সন্নিধানে নিয়ে যাবেন বলে কথা দিয়েছিলেন। ১৫ আগস্ট সকালে উঠে ইতিহাসের নৃশংসতম, ভয়াবহ, মর্মান্তিক ঘটনাটির কথা শুনে ওই শিশু কী বুঝেছিল, কে জানে। তবে তার বাবার সঙ্গে ওই ছবিটি নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের লেকের উল্টোদিকে যে মাঠটি ছিল, সেই মাঠে বিপুল শোকাহত জনতার সঙ্গে অবস্থান করেছিল সেও। ১৯৭৭-এ তমোহর উদয়ন বিদ্যালয়ে ভর্তি হয়। ১৯৮৬ সালে উদয়ন বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগে এসএসসি পাস করে। ১৯৮৮ সালে নটর ডেম কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। ওই বছরই তৎকালীন সোভিয়েত সরকারের বৃত্তি নিয়ে মস্কোতে প্যাট্রিস লুমুম্বা বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে যায়। কিন্তু দেশের টানে ১৯৮৯-এর গোড়ার দিকে দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে পড়াশোনা শুরু করে। এই বিভাগ থেকেই ১৯৯৪-এ অনার্সসহ স্নাতক এবং ১৯৯৫-এ স্নাতকোত্তর পড়াশোনা শেষ করে তমোহর। স্কুলে ক্লাস ফাইভে পড়ার সময় বাফায় কিছুদিন গান শেখে তমোহর। অষ্টম শ্রেণীর ছাত্র থাকাকালে ওস্তাদ আবেদ হোসেন খানের কাছে সেতার শিখতে শুরু করে সে। সেতার বাজাতে বাজাতেই কখন যেন সে গিটারের সুরে আকৃষ্ট হয়। সেই থেকে শুরু হয় তার কঠোর সুর সাধনা। এমনও দিন গেছে সারা রাত সারা দিন বাজিয়েছে। ওর দুলাভাই হ্যারল্ড রশীদ চৌধুরী অনুপ্রেরণা দিয়েছিল ওকে গিটার বাজাতে। বোধ করি আর কেউ তাকে উৎসাহ দেয়নি গিটারের ব্যাপারে। কোনো গুরু নেই, কোনো পথনির্দেশ নেই। তবু সে প্রাণপণ চেষ্টা করে গেছে ধ্রুপদি গিটার বাজনা আয়ত্ত করার। ক্ল্যাসিক্যাল গিটারিস্টদের রেকর্ড শুনেছে নিয়মিত। জো স্যাট্রিয়ানি, স্টিভ ভাই তার প্রিয় গিটারিস্টদের অন্যতম। মার্কিন দেশের খেটে খাওয়া মানুষদের ‘ব্লুজ’ সংগীত তার প্রিয় ছিল। ভালো বাজিয়েদের বাড়ির দরজায় বসে কখনো কখনো সে বাজনা শুনেছে। দু-একজন ভালো বাদক তাকে স্নেহভরে কাছেও ডেকেছেন, যেমন জেমস, টোকন, নিলয়। রাসেল, শ্রী, চারু প্রমুখ বন্ধুর সঙ্গে ‘স্টোন এইজ’ নামে একটি ব্যান্ড করেছিল তমোহর। আরও দু-একটি ব্যান্ডের সঙ্গে সংশ্লিষ্ট ছিল সে। ১৯৯১-৯২ সাল থেকে সে বাণী লিখে গানে সুর সংযোজনা করেছে। খালা জলী রহমান, বন্ধু হাসানসহ আরও কয়েকজন শিল্পী তার রচিত বাণী এবং সুরে গান করেছেন। বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করেই তমোহর প্রথমে বেক্সিমকো এবং পরে প্রিপ ট্রাস্টে চাকরিজীবন শুরু করে। বাস্তব জীবনের চাপ তাকে সংগীত সাধনা থেকে দূরে সরিয়ে নিয়েছিল। চাকরিজীবনে সে আকণ্ঠ নিমজ্জিত হয়েছিল আইটি বা তথ্যপ্রযুক্তির জাদুতে। কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে আইটির ওপর পড়াশোনা করে ডিপ্লোমা নিয়ে এসেছিল সে।২০০৬ সাল থেকে তমোহর আবার সৃষ্টিশীল কাজে ফিরে আসে। এবার সে লেখালেখি শুরু করে বাজনার পাশাপাশি। প্রথমে সে প্রধানত সংগীত সমালোচনা করত। ‘ব্রুকলিন ভয়েজ’ নামের নিউইয়র্ক থেকে প্রকাশিত একটি অনলাইন পত্রিকার জন্য প্রায় প্রতিদিনই সে ইংরেজিতে কিছু না কিছু লিখত। তার অধিকাংশ লেখার প্রতিপাদ্য ছিল বাংলাদেশের সাহিত্য বা গীত-বাদ্য বিষয়ে। ২০০৭-এর অক্টোবর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তমোহরকে কিছুদিন ঘরবন্দী থাকতে হয়। সে সময় সে ইংরেজিতে কবিতা লিখতে শুরু করে। ২০০৮-এর ডিসেম্বর পর্যন্ত তার কবিতা লেখা অব্যাহত ছিল। কবিতা লেখার সঙ্গে সঙ্গে সংগীতও তার কাছে ফিরে এসেছিল। আবার সে মিউজিক কম্পোজ করতে শুরু করেছিল। জনপ্রিয় মার্কিন গিটারিস্ট মার্টি ফ্রিডম্যানের কাছে সে ইন্টারনেটে নিয়মিত গিটারের পাঠ নিচ্ছিল। ২০০৯-এর ফেব্রুয়ারিতে একটা একক অ্যালবাম করার পরিকল্পনা ছিল তমোহরের। তথ্যপ্রযুক্তির সঙ্গে সংগীত আর কবিতার মেলবন্ধন গড়ে তুলতে চেয়েছিল সে। জীবনের শেষ মুহূর্তেও (২০০৮ সালের ৩ ডিসেম্বর) সে কাসাব্লাঙ্কার মতো দেশপ্রেমিক বাবার নির্দেশের অপেক্ষায় রহস্যজনক ধোঁয়া বা আগুনের মধ্যে দাঁড়িয়ে থেকেছে, বাবাকে ছেড়ে পালিয়ে বাঁচার চেষ্টা করেনি। আজ কার্তিকের হিমেল উদাস বাতাসে তমোহরের জন্ম মুহূর্তের কথা, তার আনন্দোজ্জ্বল শৈশবের কথা খুব মনে পড়ছে। মনে পড়ছে স্পষ্টভাষী, সত্যভাষী আমার ছেলের অনিন্দ্যসুন্দর মুখটি। কানে যেন শুনতে পাচ্ছি তার বিরামহীন গিটারবাদন। ‘আমি মৃত্যু চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে’ কবির এমন পঙিক্ত কি তমোহরের শেষ মুহূর্তের অনুভবে ছিল? যে মা ছেলের মৃত্যুর সময় ছেলের থেকে অনেক দূরে ছিল, তাঁর বেদনা কী করে বোঝাই জগৎবাসীকে!রুবী রহমান, কবি।