শ্রমিকনেতা না হয়েও ইমরান ছিলেন পিকার্ড বাংলাদেশের এক হাজার ১২১ শ্রমিকের নেতা, অভিভাবক। শ্রমিক-কর্মচারী সবাই তাঁকে মামা বলে ডাকতেন। তিনি ছিলেন পিকার্ডের ব্যবস্থাপনা পরিচালকের দূর সম্পর্কের মামা। সেই সূত্রে পিকার্ড বাংলাদেশের জন্মলগ্ন থেকেই এই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। পিকার্ডের জার্মান মালিক থমাস পিকার্ড তাঁকে অভিহিত করেছিলেন ‘পিকার্ডের আত্মা’ বলে। এমন কাজপাগল মানুষ আজকের দিনে দুর্লভ। তিনি সবাইকে ভালোবাসতেন। তাদের ব্যক্তিগত, পারিবারিক ও কর্মক্ষেত্রের সমস্যা কিংবা সুখ-দুঃখের কথা ধৈর্যসহকারে শুনতেন। নারী শ্রমিকেরা তাঁকে পিতার আসনে বসিয়েছিলেন।মাত্র ৫০ বছর বয়সে দুরারোগ্য ক্যানসার ধরা পড়ার মাত্র দুই মাসের মাথায় গত ৩ ডিসেম্বর ইমরান মারা যান। অসুস্থ হয়ে যখন কারখানায় আসতে পারতেন না, তখন শ্রমিকেরা উৎকণ্ঠার সঙ্গে তাঁর খবর নিতেন, জিজ্ঞাসা করতেন, ‘মামা কেমন আছেন?’ প্রত্যেকে নামাজ পড়ে, দোয়া পড়ে বা অন্য ধর্মালম্বীরা নিজেদের মতো করে তাঁর রোগমুক্তি কামনা করেছে। ইমরানকে দেখতে অনেকে সাভারের আশুলিয়া থেকে কাজের শেষে রাত আটটার পর তাঁর মিরপুরের বাসা, ডেল্টা ও ল্যাবএইড হাসপাতালে ছুটে গিয়েছেন। ফল-ফলারি কিনে নিয়েছেন।৩ ডিসেম্বর রাত আটটায় ইমরানের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স যখন সাভারের আশুলিয়ায় পিকার্ডের ফ্যাক্টরিতে প্রবেশ করল, তখন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিকেল থেকে শ্রমিকেরা এসে কারখানায় অপেক্ষা করছিলেন। এমনকি যাঁরা চার-পাঁচ বছর আগে কাজ ছেড়ে চলে গেছেন, তাঁরাও খবর পেয়ে হাজির হয়েছেন মামাকে একনজর দেখতে, মামার জানাজায় শরিক হতে। কেউ এসেছেন কাঁচপুর থেকে, কেউ এসেছেন নারায়ণগঞ্জ থেকে—এমনকি কুমিল্লা থেকেও এসেছেন কেউ কেউ। মেয়েদের কান্না কিছুতেই থামানো যাচ্ছিল না। দাফনের জন্য লাশ গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর নিয়ে যাওয়া হলে সেখানেও দেখা যায় অভাবনীয় দৃশ্য। রাত থেকে শত শত মানুষ অপেক্ষা করছে। গ্রামের মুরব্বিরাও আহাজারি করেছেন। কারখানার কয়েকজন শ্রমিক গাড়ি ভাড়া করে লাশের সঙ্গে মুকসুদপুর গিয়েছেন।এই ফ্যাক্টরির শ্রমিকেরা কাজ করতে গিয়ে সমস্যা হলেই সমাধানের জন্য গিয়েছেন মামার কাছে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি (সুপারভাইজার) হয়তো ছুটি দেন না। মামার কাছে বলতেই ছুটি মঞ্জুর। ঈদের ছুটির আগে সবাইকে সতর্ক করে দিতেন। সাবধানে বাড়ি যাবা। টাকা-পয়সা, মালপত্র সাবধানে রাখবা। রাস্তায় কেউ কিছু দিলে খাবে না। ঠান্ডা লাগাবে না। সব মিলিয়ে মামা ছিলেন তাঁদের কাছে বটবৃক্ষের মতো।বিশেষ পাস নিয়ে এয়ারপোর্টে ইমরানের ছিল অবাধ যাতায়াত। বিদেশি মেহমান এলে প্লেনের গোড়া থেকে নিয়ে আসতেন এবং গন্তব্যে পৌঁছে দিতেন। আমার ছেলেমেয়ে, আমি নিজে অথবা আমার বোনের মেয়েরা যখনই বিদেশে গেছে অথবা ফিরে এসেছে, ইমরান খবর পেয়েই গাড়ি নিয়ে হাজির। হাসিমুখে বোর্ডিংয়ের কাছাকাছি দাঁড়িয়ে থেকেছেন। মাল খুঁজে বের করা, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা—সব ও নিজেই করেছেন। ইমরান যখন চিকিৎসার জন্য হুইলচেয়ারে করে বোম্বে যাওয়ার উদ্দেশে এয়ারপোর্টে গিয়েছেন, তখন সবাই অবাক—কেমন করে এমন হলো? শুকিয়ে, কালো হয়ে গেছেন।গ্রামের পরিবেশে বেড়ে উঠেছিলেন ইমরান। এসএসসি পাস করে আর পড়তে পারেননি। সংসারের দায়িত্ব কাঁধে নিতে হয়েছে। ইমরান দুই সন্তানের জনক। বন্ধের দিন ছাড়া অন্য দিন বাবার দেখা পেত না। সকাল সাতটার মধ্যে কারখানার উদ্দেশে তিনি বাসা থেকে বের হতেন। ফিরতেন রাত আটটায় বা কোনো কোনো দিন তারও পরে। অসুখের সময়ও সারাক্ষণ তাঁর চিন্তা, কবে যেতে পারবেন কাজে। কারখানাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। কীভাবে কারখানাকে আরও বড় করা যায়, উৎপাদন বাড়ানো যায়, সেসবও ভাবতেন। ইমরানের ছেলে দীপ্ত নানা ধরনের বই, বিশেষ করে প্রতিদিন খুঁটে খুঁটে খবরের কাগজ পড়ত। মেয়ে মৌরী এইচএসসির ছাত্রী হয়েও মিরপুর এলাকায় যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তাঁর বয়সীদের সংগঠিত করে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকেন। এলাকার টোকাই বাচ্চাদের অক্ষরজ্ঞান এবং পড়াশোনা করানোর কাজেও তিনি সম্পৃক্ত। এ জন্য বাবা হিসেবে ইমরান গর্ব করতেন। সাত বছর ধরে মাদকাসক্ত এক শিক্ষিত ছেলেকে মাদকমুক্ত করে তিনি কারখানায় চাকরি দিয়েছিলেন। মা, বাবা, ভাইবোন ও আত্মীয়স্বজনের প্রতিও তাঁর কর্তব্যবোধ ছিল গভীর। আর্থিক অসচ্ছলতা সত্ত্বেও প্রায় দু-তিন বছর মাকে ঢাকায় রেখে চিকিৎসা করিয়েছেন। অনেক অসহায় নারী-পুরুষকে কারখানায় চাকরি দিয়েছেন। পিকার্ডের কারখানার জন্য আশুলিয়া এলাকায় জমি কেনার সব ব্যবস্থা ইমরান করেছেন। মালিক শুধু জমি পছন্দ করছেন, টাকা দিয়েছেন। বছরে একবার কারখানার সবাইকে নিয়ে পিকনিকের ব্যবস্থা করতেন ইমরান। শ্রমিকেরা খুশি হতো। কর্তৃপক্ষের পক্ষ থেকে শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যে চাল, ডাল, ডিম দেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি। ইমরান অসুস্থ হলে হাসপাতালে ছোটাছুটি করেছেন ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। তাঁকে কলকাতা-মুম্বাই পাঠিয়েছেন চিকিৎসার জন্য। ল্যাবএইডে আইসিইউর সামনে পিকার্ডের এমডি সাইফুল ইসলাম বলেছেন, ‘ইমরানের মৃত্যুতে যে ক্ষতি হলো, তা অপূরণীয়। আমি আমার ডান হাত হারালাম। তাঁর সততা ছিল প্রশ্নাতীত। কাজে কোনো ফাঁকি বা ত্রুটি ছিল না। সময়জ্ঞান ছিল দারুণ। নির্ধারিত সময়ের ১০-১৫ মিনিট আগে হাজির হতেন।’পিকার্ডের জার্মান মালিকও ইমরানকে পছন্দ করতেন। ওকে ডাকতেন ‘বিগম্যান’ বলে। ইমরানের চিকিৎসার জন্য সব ব্যয় বহন করেছে প্রতিষ্ঠান। ইমরানের মৃত্যুর পর জার্মানির পিকার্ড টিম, থমাস ও জর্জ পিকার্ড এক বার্তায় লিখেছেন, ‘প্রিয় রহমান পরিবার, প্রিয় পিকার্ডের সদস্যরা, আমাদের অত্যন্ত প্রিয় অমায়িক সহকর্মী অসাধরণ কর্মবৎসল মোস্তাফিজুর রহমানের অকাল প্রয়াণের সংবাদে আমরা শোকাভিভূত।’মানুষ তার কর্মে বেঁচে থাকে। ইমরান তাঁর দায়িত্ব, কর্তব্যবোধ, শ্রমিকদের জন্য দরদ ও ভালোবাসার জন্য তাঁদের মনে এবং এ প্রতিষ্ঠানে চিরস্মরণীয় হয়ে থাকবেন।