সপ্তম শতকের আগে আমাদের দেশে পালকি ছিল মূল বাহন, আর ছিল নৌকা। রাজরাজড়ারা তখন বজরায় চলাচল করতেন। তবে ইতিহাসবিদ বিশপ হেবেরের মতে, ১৮২৩ সালে আমাদের দেশে একটি হলেও ঘোড়ার গাড়ি ছিল। ঘোড়ার গাড়ি এখনো আছে, তাদের শক্ত খুরের শক্ত ঘষায় এখনো স্ফুলিঙ্গ ছিটকে বের হচ্ছে প্রতিদিন! ব্রিটজকাস, চ্যারিয়ট, বারুশ, ফেটন আর বাগি হচ্ছে সেসব ঘোড়ার গাড়ির নানা ধরন। যখন ছোট ছিলাম, তখন সেসব ঘোড়ার গাড়ি আমাদের বাড়ির গেট পর্যন্ত চলাচল করত। তখন মেয়েদের ক্ষেত্রে ঘোড়ার গাড়িতে চড়ার পর্দাপ্রথা ছিল দেখার মতো। ঘোড়ার গাড়িচালকদের বলা হয় কোচোয়ান। সে সময় শুধু ঢাকায় নয়, সারা দেশের কোচোয়ানের বেশির ভাগ ছিলেন মুসলমান। মোহাম্মদ হাবিল উদ্দিন সরদার তেমনই একজন কোচোয়ান, সবাই তাঁকে ডাকে হাবিল সরদার বলে। থাকেন নাটোরের হালসায়, নিজের বাড়িতে। কিছুদিন আগে বনলতা সেনের শহর নাটোরে বেড়াতে গিয়ে নাটোর রাজবাড়ি গেলে হাবিল সরদারের দেখা পাই। ক্লান্ত ঘোড়ার সেবা করছিলেন। বয়স তাঁর ৬৫ ছুঁই ছুঁই। নাটোর রাজবাড়ির একসময় প্রাচুর্য ছিল। এখন তা অতীত। রাজবাড়ি এখন ভঙ্গুর অবস্থায় পড়ে আছে, তার পরও রাজবাড়ি দেখতে প্রতিদিন হাজারো দর্শনার্থী ভিড় করে। হাবিল সরদার সেসব দর্শনার্থীকে ঘোড়ার গাড়িতে চড়ান। এভাবেই তাঁর প্রতিদিনের জীবিকা নির্বাহ হয়। ৪০ বছর ধরে তিনি এ পেশায়। কিছুদিন আগে অসুস্থতার জন্য ঘোড়া নিয়ে বের হতে পারেননি। এমনটা তাঁর জীবনে খুব কমই হয়েছে। রোদ-ঝড়-বৃষ্টি যা-ই থাকুক, রাজবাড়িতে হাবিল সরদারকে পাওয়া যাবেই যাবে। তাঁর পাঁচ ছেলে ও দুই মেয়ে। চার ছেলে আর এক মেয়ের বিয়ে দিয়েছেন। ছোট ছেলে আর ছোট মেয়েটির বিয়ে হয়নি এখনো। ইতিমধ্যে বড় তিন ছেলে বিয়ের পর নিজেদের সংসার আলাদা করে নিয়েছেন। বুড়ো মা-বাবার খোঁজখবর নেন মন চাইলে, মন না চাইলে তাঁদের দেখা মেলে না অনেক দিন। এই নিয়ে হাবিল সরদারের মাথাব্যথা নেই। তাঁর যাবতীয় চিন্তার সবটুকু মেয়েকে নিয়ে। মেয়েটাকে বিয়ে দিতে হবে, তা হলে মরেও শান্তি। ছেলেদের ওপর তো আর ভরসা করা যায় না, তাই তাঁকে এই বয়সেও ঘোড়ার গাড়ি নিয়ে ছুটতে হচ্ছে। দুই ছেলে তাঁর সঙ্গে থাকলেও, এখন পর্যন্ত সংসারের আর্থিক ব্যবস্থাপনায় তাদের কোনো অংশগ্রহণ নেই। হাবিল সরদারের আয়েই সংসার চলে।রাজবাড়ির দর্শনার্থীদের ওপর হাবিল সরদারের জীবিকা নির্ভর হয়। লোকজন বেশি হলে সারা দিনে তাঁর আয় হয় ৩০০ থেকে ৪০০ টাকা। এর মধ্যে ঘোড়ার খাওয়া বাবদ ব্যয় হয় ১৫০ টাকা। বাকি টাকায় তাঁদের পাঁচজনের সংসার চলে যায় কোনো রকম। কাউকে কোনো চাঁদা দিতে হয় না। আয় হলেই ব্যয়। অনেক সময় বিয়ের বরযাত্রার সঙ্গী হয় তাঁর ঘোড়ার গাড়ি। বরযাত্রায় বর নিয়ে আগে আগে চলে হাবিল সরদারের ঘোড়ার গাড়ি, পেছনে প্রাইভেট কারের বহর। সেদিন হাবিল সরদারকে বিশেষ জামা পরতে হয়। বিয়েতে আয় খুব ভালো হয়। এক দিনে এক হাজার ২০০ টাকার সঙ্গে বকশিশ, আর খাওয়া-দাওয়া তো ফ্রি। যেদিন বিয়ের সওয়ারি করেন, সেদিন তাঁর মনে হয় প্রতিদিন যদি বিয়ের ভাড়া থাকত তা হলে ভালো হতো!সকালে বের হয়ে সন্ধ্যায় বাড়ি ফেরেন হাবিল সরদার। বের হওয়ার সময় বাড়ি থেকে খাবার নিয়ে বের হন। তবে প্রায় সময় তাঁর ইচ্ছা করে বাইরের মজাদার কিছু খেতে। উপায় নেই, এই অল্প আয়ে বাইরের খাবার বিলাসিতা, তাঁর মতো ঘোড়সওয়ারের বিলাসিতা মানায় না! তবে কোনো কোনো দিন তিনি রাজবাড়ির চটপটির দোকান থেকে এক প্লেট চটপটি খেয়ে নেন, আবার মাঝেমধ্যে আচারেও জিহ্বা লাগান। মেয়েটা আচার খুব পছন্দ করে, তাই প্রতিদিন তিনি বাড়িতে আচার নিয়ে যান। তাঁর একটা গুপ্ত ইচ্ছা, পুরো পরিবার নিয়ে একদিন ঘোড়ার গাড়িতে ঘুরে বেড়াবেন। আবার ইচ্ছা করে, শুধু বউকে নিয়ে ঘুরতে, কিন্তু সংসারের জন্য হয়ে ওঠে না। এত কিছুর পরও হাবিল সরদারের শেষ কথা ছিল, ‘কত মানুষ না খেয়ে থাকে, সে হিসেবে আমি ভালোই আছি। মেয়েটার জন্য যত চিন্তা।’ ফারুখ আহমেদ[email protected]