১৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম তাঁর দাপ্তরিক কাজ করার সময় আকস্মিক মৃত্যুবরণ করেছেন। তাঁর এই অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একজন চিকিৎসক হিসেবে এই মৃত্যুর কারণ আমার কাছে মনে হচ্ছে হার্ট অ্যাটাক বা অ্যাকিউট করোনারি সিনড্রোম (এসিএস)। সারা বিশ্বে আকস্মিক মৃত্যুর প্রধান কারণ এই হার্ট অ্যাটাক এবং বাংলাদেশে এই হৃদ্রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং বাড়ছে অকালমৃত্যু। অথচ একটু সচেতন হলেই এ ধরনের জটিল ও প্রাণঘাতী অসুখ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। তবে এসিএস বা অ্যাকিউট করোনারি সিনড্রোমে আক্রান্ত হওয়ার ঘটনা আমেরিকার মতো দেশে কারও ঘটলেও তার মৃত্যুর আশঙ্কাই সবচেয়ে বেশি। উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতা, খাদ্যাভ্যাস, ধূমপান ও তামাক-জর্দার মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে এসব রোগের ঝুঁকি বাড়ছে।
১৬ অক্টোবর প্রথম আলোতে পাঁচটি রোগে বাংলাদেশে মৃত্যুর হারের যে সমীক্ষা দেখানো হয়েছে, তা অত্যন্ত আশঙ্কাজনক। সেরিব্রোভাসকুলার ডিজিজ বা স্ট্রোক, হৃদ্রোগ, ডায়াবেটিস, শ্বাসতন্ত্রের রোগসহ অনিয়মিত জীবনযাপন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করার কারণে প্রতিদিন অকালে অনেক প্রাণ ঝরে যাচ্ছে।
এই ডিসি সাহেবের কোনো হৃদ্রোগ ছিল কি না আমার জানা নেই, আমার জানা নেই তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেন কি না! তবে এই ঘটনা যে-কারও ক্ষেত্রে যেকোনো সময়ই ঘটতে পারে। তাই প্রয়োজন স্বাস্থ্যসচেতনতা। একটি হতাশার কথা বলছি, দেশের ৬৪টি জেলার অধিকাংশ স্থানে হৃদ্রোগের বিশেষায়িত করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) নেই। সেখানকার সাংসদ, ডিসি, এসপি, জেলা জজ, সিভিল সার্জনসহ সব নাগরিকের জীবন ঝুঁকিপূর্ণ। কারণ, একজন জেলা প্রশাসক কিংবা পুলিশ সুপারকে দৈনন্দিন যে পরিমাণ কাজ করতে হয় এবং যে মানসিক চাপের মধ্যে থাকতে হয়, তা এ ধরনের প্রাণঘাতী রোগের শঙ্কাকে আরও বাড়িয়ে দেয়।
দুঃখজনক হলেও সত্যি, প্রতিবছর অপ্রয়োজনীয় নানা খাতে কোটি কোটি টাকা বরাদ্দ ও প্রকল্প চালু বা নির্ধারণ করা হচ্ছে। অথচ এই জেলাগুলোর মানুষ যথাযথ চিকিৎসা পাচ্ছে না। দুর্ঘটনা, হেড ইনজুরি, শ্বাসকষ্ট, হার্ট অ্যাটাক, অপারেশন-পরবর্তী জটিলতায় আক্রান্ত রোগীদের দায়সারা গোছের ‘ঢাকায় রেফার’ করা হয় এবং আমরা প্রায়ই দেখি সেসব রোগী ঢাকা পর্যন্ত আসতে আসতে মারা যায়। অথচ প্রতি জেলায় যদি আইসিইউ এবং সিসিইউর মতো বিশেষায়িত ইউনিট থাকত, তাহলে তাৎক্ষণিক আধুনিক চিকিৎসাব্যবস্থা দিয়ে অনেক রোগীর অকাল প্রাণহানি রোধ করা যেত। এসব স্থাপনে যে পরিমাণ অর্থ ও লোকবল প্রয়োজন, রাষ্ট্রের সদিচ্ছা থাকলে তা বাস্তবায়ন করা মোটেও কোনো কঠিন বিষয় নয়। অনেকে বলতে পারেন, বেশির ভাগ জেলায় কার্ডিওলজিস্ট (হৃদ্রোগ বিশেষজ্ঞ) আছেন। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, অবকাঠামো না থাকলে কার্ডিওলজিস্টের কিছুই করার নেই!
পরিশেষে সব জেলার সব মাননীয় সাংসদ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সচেতন দেশবাসীকে একজন চিকিৎসক হিসেবে অনুরোধ জানাচ্ছি, বছরে কমপক্ষে একবার স্বাস্থ্য পরীক্ষা করান, প্রতিদিন ৪০ মিনিট হাঁটুন, কাঁচা লবণ ও রেডমিট (গরু, খাসি) পরিহার করুন, ধূমপান ও পান-জর্দা পরিত্যাগ করুন, ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন। তাহলে এই সুন্দর পৃথিবী ছেড়ে আপনাকে অকালে চলে যেতে হবে না। এ দেশে চিকিৎসাব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এসেছে, তাই চিকিৎসক ও চিকিৎসাব্যবস্থার প্রতি আস্থা রাখুন এবং সুস্থ থাকুন। কারণ, আপনি একা নন; আপনার পরিবার, প্রিয়জন আপনার পথপানে চেয়ে আছে।
ডা. আশীষ কুমার চক্রবর্তী: ব্যবস্থাপনা পরিচালক, ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল।
[email protected]