একজন বন্ধুকে স্মরণ করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিঃস্বার্থ, সবাইকে ভালোবাসেন, সবাইকে যিনি অনুপ্রেরণা জুগিয়ে থাকেন—জুলহাস মান্নানকে নিয়ে কিছু বলতে গেলে তাঁর বন্ধুরা এই শব্দগুলোই ব্যবহার করে থাকেন। জুলহাস ছিলেন একজন নিবেদিত সহকর্মী, অনুগত বন্ধু ও মানবাধিকার রক্ষায় অগ্রপথিক, ২০১৬ সালের এপ্রিলে নিষ্ঠুরভাবে খুন হন তিনি। তিনি শুধু আমার সহকর্মীই ছিলেন না, তিনি ছিলেন আমার বন্ধু ও যুক্তরাষ্ট্র দূতাবাস পরিবারের অংশ। আমরা যাঁরা তাঁকে জানতে পেরে ভাগ্যবান, আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে আমাদের সবার ওপর তাঁর অসাধারণ প্রভাব নিয়ে সবার সঙ্গে আমার কিছু অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই।

নিঃস্বার্থ

জুলহাস নিঃস্বার্থভাবে জীবনযাপন এবং সমাজকে আরও বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক করার জন্য নিরলসভাবে কাজ করতেন। নিজের চেয়ে তিনি সব সময় অন্যকে এগিয়ে রাখতেন, সেটা কর্মক্ষেত্রেই হোক, আর বন্ধুদের সঙ্গেই হোক অথবা কোনো অচেনা কেউ। এমনকি নিজের বাড়ির একান্তে থাকা অবস্থায়ও তিনি তা–ই করতেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) সহকর্মীরা তাঁকে বিশেষ স্নেহের দৃষ্টিতেই দেখতেন। কীভাবে জুলহাস কোনো রকম আর্থিক লাভ, স্বীকৃতি কিংবা পুরস্কারের প্রত্যাশা না করে দুই বছর ধরে একটি কমিউনিটিভিত্তিক প্রতিষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছিলেন—এ কথা ভেবে আজও জুলহাসের সহকর্মীরা আনন্দিত হন। মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলাকে তিনি যে মূল্য দিয়েছিলেন, তার মূল্য অর্থের চেয়েও অনেক অনেক বেশি ছিল তাঁর কাছে। প্রকৃতপক্ষে তিনি খুব স্বাচ্ছন্দ্যে অর্থ বিলিয়ে দিতেন। মন-মানসিকতায় উদার জুলহাস সত্যিকারের বাংলাদেশি আতিথেয়তা এবং স্বার্থহীনতার প্রকৃষ্ট উদাহরণ।

জুলহাস যখন মারা যান, সারা বিশ্ব থেকে তাঁর জন্য ভালোবাসার শ্রদ্ধাঞ্জলি এসেছিল। তাঁকে নিয়ে সে সময় যে আলোচনা হয়, তাতে একটি বিষয় ফুটে ওঠে আর তা হলো—সারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে নতুন যাঁরা বাংলাদেশে আসতেন, তাঁদের তিনি স্বাগত জানাতেন এবং সময় নিয়ে তাঁদের এই দেশের চমৎকার দিকগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিতেন। যাঁদের জীবনকে তিনি তাঁর ভালোবাসা দিয়ে স্পর্শ করেছেন, আমরা তাঁদের কাছ থেকে এসব গল্প শুনে থাকি।

প্রীতিপূর্ণ

জুলহাসের হৃদয় ছিল ভালোবাসায় পূর্ণ। সবার প্রতি তাঁর ব্যবহারে ছিল সর্বোচ্চ সম্মান ও ভালোবাসা। যেকোনো কাজই তিনি অত্যন্ত আগ্রহের সঙ্গে করতেন। তিনি যে কেবল বন্ধুবান্ধব ও সহকর্মীদেরই ভালোবাসতেন তা নয়, তিনি শিল্পকর্ম, ফুল ও গাছপালা এতটা ভালোবাসতেন যে, তাঁর বাড়ির বেসমেন্টে একটি কলাগাছ লাগিয়েছিলেন! তাঁর চারপাশে যাঁরা থাকতেন, এমনকি তাঁদের সঙ্গে কোনো কথা না বলেই জুলহাস তাঁদের মনে ভালো লাগার অনুভূতি সৃষ্টি করতেন। তাঁর কাজ, বন্ধুত্ব ও অনিঃশেষ হাসি একধরনের ভালো লাগা ও ইতিবাচক অনুভূতি এনে দিত তাঁর চারপাশে, যা কেবল ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। জুলহাস জীবনকে ভালোবাসতেন, যেমনটি ভালোবাসতেন তাঁর চারপাশের মানুষ ও দেশকে।

অনুপ্রেরণার

যাঁরা তাঁকে চিনতেন না, তাঁদের হুমকি ও কটূক্তি সত্ত্বেও জুলহাস নিজের প্রিয় দেশকে কিংবা যে সমাজের উন্নয়নের জন্য তিনি লড়াই করেছেন, তাকে ছেড়ে যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন। বাংলাদেশ ছিল তাঁর স্বদেশভূমি। জুলহাসের বন্ধুরা বলেছেন, যে পরিবর্তনের স্বপ্ন গত বছরের বসন্তে তিনি দেখেছেন, তা করার জন্য অনুপ্রাণিত ও বদ্ধপরিকর ছিলেন। তাঁর সেই সাহস বেঁচে থাকবে। তিনি আজ আমাদের উদ্বুদ্ধ করেন ন্যায়ের পক্ষে লড়াই করতে, সেখানে যত বাধাই আসুক না কেন বা তার পরিণাম যা-ই হোক না কেন।

জুলহাস সম্পর্কে শেষ কথা বলার জন্য একটি শব্দ বেছে নেব: পরিবার

জুলহাস একটি পরিবার। তিনি তাঁর মায়ের প্রতি পুরোপুরি নিবেদিত ছিলেন, তাঁর ভাইবোনদের ভালো ও বিশ্বস্ত বন্ধু ছিলেন। তাঁদের সন্তানদের ভালোবাসতেন। যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসে আমরা তাঁর অন্য একটি পরিবার হিসেবে তাঁর প্রচেষ্টাকে এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। সেই প্রচেষ্টা হলো মানবাধিকার সমুন্নত রাখা ও ধর্মবর্ণ, লিঙ্গ, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ও বিশ্বাস নির্বিশেষে প্রত্যেক মানুষ যেন তার প্রতিভা বিকাশে সমান সুযোগ পায়। এটি আমার লক্ষ্য। আমি যাঁদের ভালোবাসি, সেই সব বন্ধু, সহকর্মী, দেশবাসী ও আমার পরিবার, তাঁদের জন্য আমি প্রতিদিন লড়াই করি, লড়াই করে বেঁচে থাকি।

িব. দ্র.: জুলহাস মান্নান যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসে প্রায় এক দশক কর্মরত ছিলেন। ২০১৬ সালের ২৫ এপ্রিল তিনি সন্ত্রাসীদের হাতে নিহত হন। হত্যাকারীরা ঘৃণার আদর্শ দ্বারা পথভ্রষ্ট ছিল, যে আদর্শ ইসলাম ও বাংলাদেশের বিরোধী।

মার্শা বার্নিকাট: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।