একটি অনন্য উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝাড়ু হাতে রাজমা মানব ও সুশীলা মহার্জন
ঝাড়ু হাতে রাজমা মানব ও সুশীলা মহার্জন

তাঁরা এসেছেন নেপাল থেকে। এসেই যে কাজটি করছেন তা হচ্ছে ঢাকার বিভিন্ন এলাকার রাস্তা-ফুটপাত ঝাড়ু দিচ্ছেন। যেখানেই ময়লা দেখছেন, সেখানেই ছুটে যাচ্ছেন ঝাড়ু হাতে। এঁরা হলেন রাজমা মানব (৫০) ও সুশীলা মহার্জন (৪২)। নেপালের কাঠমান্ডুতে তাঁদের বাড়ি। মানবের পড়ালেখা অর্থনীতিতে স্নাতক। সুশীলা পড়েছেন অষ্টম শ্রেণি পর্যন্ত। পাঠকের মনে প্রশ্ন জাগতে পারে কেন তাঁরা ঢাকার রাস্তা ঝাড়ু দিচ্ছেন? কী তাঁদের উদ্দেশ্য? তাঁরা কি কোনো এনজিওর কর্মী, যাঁরা কিনা বাংলাদেশ পরিষ্কারের মিশন নিয়েছেন? নাকি নিছকই মনের খেয়ালে তাঁরা ঢাকার রাস্তাঘাট পরিষ্কার করছেন? এসব প্রশ্ন আমার মনেও এসেছিল।

রাজমা মানব ও সুশীলার এই পরিচ্ছন্নতা অভিযানের কথা জানতে পারি প্রথম আলোর একজন পাঠক মোস্তফা কামালের কাছ থেকে। তিনি ক্লিন বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক। এই প্রতিষ্ঠানটিও ঢাকা শহর পরিষ্কার রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গুলিস্তান এলাকায় ঝাড়ু দেওয়ার সময় মানব ও সুশীলার দেখা পান মোস্তফা কামাল। কৌতূহল হয় তাঁর। সব শুনে তাঁদের নিয়ে আসেন প্রথম আলোর অফিসে। সেখানে বসে কথা হয় মানব ও সুশীলার সঙ্গে। তাঁরা ঝাড়ু হাতে করেই প্রথম আলোর অফিসে আসেন।

আলাপ করে জানতে পারি, নভেম্বর মাসের শেষ দিকে তাঁরা পর্যটক ভিসায় বাংলাদেশে এসেছেন। আসার পরদিন থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তা, ফুটপাত ঝাড়ু দিয়ে যাচ্ছেন। শুধু রাস্তা নয়, বিভিন্ন প্রতিষ্ঠানের ভেতরে ও আশপাশও ঝাড়ু দিচ্ছেন তাঁরা।

অন্য একটি দেশে এসে কেন এভাবে এই ঝাড়ু দেওয়া? 

মানব জানান, আট বছর ধরে তাঁরা নিজের দেশে এ কাজ করছেন। তাঁরা লক্ষ করেন যে নেপালের বেশির ভাগ শহরের রাস্তাঘাট নোংরা হয়ে পড়ে থাকে। পরিষ্কার করার উদ্যোগটা কম। মূলত জনগণকে সচেতন করার জন্য তাঁরা ঝাড়ু দেওয়া শুরু করেন। তাঁদের উদ্দেশ্য সফল হয়েছে। তাঁদের দেখে অনেকে এখন নিয়মিত রাস্তা ঝাড়ু দিচ্ছেন। মানব, সুশীলাসহ মোট ৮০ জন এখন রাস্তা ঝাড়ু দেন নিয়মিত। একপর্যায়ে মানবের মাথায় ভাবনা এল যে পাশের দেশগুলোর কী অবস্থা। যেই ভাবনা সেই কাজ। টার্গেট করেন সার্কভুক্ত দেশগুলোকে। ভাবনাকে বাস্তব রূপ দিতে পর্যটক ভিসায় বাংলাদেশে চলে আসেন মানব ও সুশীলা। এখন এখানে প্রতিদিন রাস্তা ঝাড়ু দিচ্ছেন।
জানতে চাই তাঁদের এই ঝাড়ু দেওয়া দেখে মানুষের প্রতিক্রিয়া কী?
মানব বলেন, ‘এ এক দারুণ অভিজ্ঞতা। আমাদের এভাবে ঝাড়ু দিতে দেখে অনেক মানুষের ভিড় জমে যায়। তাঁরা জানতে চান কেন এভাবে ঝাড়ু দেওয়া হচ্ছে। সব শোনার পর অনেকে আমাদের ধন্যবাদ দিয়েছেন। অনেকে আবার মোবাইল ফোনের ক্যামেরায় আমাদের সঙ্গে সেলফি তুলেছেন।’
মানব ও সুশীলা থাকছেন বাসাবো এলাকার বৌদ্ধমন্দিরে। মন্দির কর্তৃপক্ষ তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে। তাঁরা এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে গিয়েছেন। সেখানে প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমোডর মো. শফিকুল আলমের সঙ্গে দেখা করেছেন। তিনি তাঁদের ধন্যবাদ দিয়েছেন এবং এই ঝাড়ু দেওয়া কর্মসূচিতে যেকোনো ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
মানবের কাছে জানতে চাই ঢাকার রাস্তাঘাট কেন এত নোংরা, সে সম্পর্কে তিনি কোনো ধারণা পেয়েছেন কি না?
মানব বলেন, ‘আমরা যা বুঝেছি, সেটা হলো এখানকার বেশির ভাগ মানুষের মধ্যে পরিচ্ছন্নতাবোধটা কম। তাদের পরিষ্কার থাকার অভ্যাসটা গড়ে ওঠেনি। ভোরবেলা ঠিকই পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তা-ফুটপাত পরিষ্কার করেন। যখন শহর জেগে ওঠে, মানুষজনের চলাচল শুরু হয়, তখন আবার সব নোংরা হয়ে যায়। যারা নিজের শহর পরিচ্ছন্ন রাখে না, তাদের আসলে দেশপ্রেম নেই। তাদের দেশপ্রেম শুধু মুখে মুখে, কাজে নয়।’
শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সরকার তথা সিটি করপোরেশন কী কী উদ্যোগ নিতে পারে-এই প্রশ্নের জবাবে মানব বলেন, আসলে পরিষ্কার করার কাজটি জনগণকে করতে হবে। সিটি করপোরেশন শুধু বর্জ্য ব্যবস্থাপনা করবে। রাস্তাঘাট পরিষ্কার করা সিটি করপোরেশনের কাজ নয়। জনগণ যাতে তার নিজ নিজ এলাকা পরিষ্কার রাখতে বাধ্য হয়, সে ব্যাপারে সরকার কিছু নিয়মকানুন চালু করতে পারে। যারা নিয়মকানুন মানবে না, কাজ করবে না, তাদের মোটা অঙ্কের অর্থ জরিমানা করা যেতে পারে। উন্নত দেশগুলোতে এ রকম জরিমানার বিধান আছে।
মানব ও সুশীলা আরও এক মাস ঢাকায় থাকবেন। জানুয়ারি মাসের পুরোটা ঢাকার রাস্তাঘাট ঝাড়ু দেবেন। এরপর তাঁরা যাবেন শ্রীলঙ্কা, তারপর ভুটান, সবশেষে মালদ্বীপ। তাঁদের এই কর্মসূচি কতটুকু সফল হবে, সে সম্পর্কে নিশ্চিত না হলেও মানব ও সুশীলার আশা জনগণ একটু হলেও সচেতন হবে, অন্তত নিজ বাড়ি ও দোকানের চারপাশটা তাঁরা নিজেরা পরিষ্কার করবেন।
রোকেয়া রহমান: সাংবাদিক।