একটি আপেলের জন্য যে নির্মমতা!
একটি আপেলের দাম কত, তা শিশু সাইদুলের চেয়ে বেশি কেউ জানে না। তার অপরাধ, ক্ষুধা লাগায় সে দোকান থেকে একটি আপেল ‘চুরি’ করেছিল। এটা যে চুরি, তাও হয়তো বুদ্ধিপ্রতিবন্ধী ওই শিশু জানে না। কিন্তু নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের দোকানদার হানিফ শেখ ও তাঁর সহযোগীরা তাকে সেটি হাড়ে-মজ্জায় বুঝিয়ে দিয়েছেন। তাঁরা শিশুটিকে দোকানসংলগ্ন মসজিদের গ্রিলের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতন করেছেন। তাকে জুতা দিয়ে পিটিয়েছেন। আর হাটে উপস্থিত কয়েক শ লোক সেই দৃশ্য চেয়ে চেয়ে দেখেছেন। কেউ প্রতিবাদ করতে কিংবা শিশুটিকে উদ্ধার করতে এগিয়ে আসেননি। বরং অনেকে শিশুটির নির্যাতনের ছবি তুলে ফেসবুকে দিতে ব্যস্ত ছিলেন।
আমাদের মানবতাবোধ এতটাই তলানিতে গিয়ে ঠেকেছে যে একটি প্রতিবন্ধী শিশুর ওপর নির্যাতনও বিবেককে নাড়া দেয় না। আমরা এতটাই নিষ্ঠুর হয়ে গেছি।
পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, মসজিদসংলগ্ন হানিফের ফলের দোকান থেকে শিশু সাইদুল একটি আপেল নিয়ে দৌড় দেয়। এতে ক্ষুব্ধ হয়ে দোকানি হানিফ, তাঁর সহযোগী সিএনজিচালক পিন্টু ও মাইক্রোবাসচালক মজনু শিশুটিকে ধরে নাইলনের দড়ি দিয়ে মসজিদের গ্রিলের সঙ্গে হাত-পা বেঁধে চড়-থাপ্পড় মারাসহ জুতা দিয়ে পেটান। চাঁচকৈড় হাটের দিন হওয়ায় শত শত মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করলেও শিশুটিকে উদ্ধার করতে এগিয়ে আসেননি কেউ। শিশুটির এমন অসহায়ত্ব সবাই প্রত্যক্ষ করলেও কারও ভেতর মমত্ববোধ দেখা যায়নি। উপরন্তু ঘটনাটি মুঠোফোনে ধারণ করতে ব্যস্ত হয়ে পড়েন অনেকে। কেউ কেউ হাতে লোহার রড, কাঠের বাটাম নিয়ে শিশুটিকে পেটাতে উদ্যত হন। পরে স্থানীয় দুজন সংবাদকর্মীর উপস্থিতি টের পেয়ে নির্যাতন বন্ধ করলেও তাকে ছেড়ে দেওয়া হয়নি।
কয়েক শ লোকের সামনে একটি শিশুকে এভাবে নির্যাতন করা হলো, আর সবাই বসে তামাশা দেখলেন। অমরা দেশের অর্থনৈতিক উন্নতির কথা বলছি। মধ্যম আয়ের দেশের স্বপ্ন দেখছি। কিন্তু আমাদের নৈতিক উন্নতি হয়নি। আমরা আইনের শাসনের কথা বললেও মধ্যযুগীয় বর্বরতা থেকে বেরোতে পারিনি। সাইদুল নামের শিশুটি যদি অপরাধ করে থাকে, কেন তাকে পুলিশের হাতে অর্পণ না করে দোকানদার নিজে আইন হাতে তুলে নিলেন?
কেবল সাইদুল নয়, প্রতিদিনই আমরা অসংখ্য শিশু নির্যাতনের খবর পত্রিকায় পড়ি। টেলিভিশনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি দেখে শিহরিত হই। কিন্তু আমাদের বিবেক জাগ্রত হয় না। আমরা অন্যায়ের প্রতিবাদ করি না। নাটোরের সাইদুল নির্যাতিত হলেও প্রাণে বেঁচে গেছে। কিন্তু সিলেটের রাজন, খুলনার রাকিব বাঁচতে পারেনি। রাজনের নামে মিথ্যে অভিযোগ এনে বলবান প্রতিবেশীরা তাঁকে পিটিয়ে মেরে ফেলে। আর খুলনার এক গ্যারেজ মালিক চাকরি ছেড়ে দেওয়ার অপরাধে রাকিবের শরীরে বাতাস ঢুকিয়ে হত্যা করে। ওই দুটি ঘটনায় অপরাধীদের বিচারের মুখোমুখি করা গেলেও অনেক ঘটনায় তারা ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়।
সাইদুলের ঘটনায়ও ব্যতিক্রম কিছু হওয়ার সম্ভাবনা কম। নির্যাতকের বিরুদ্ধে তার মা মামলা করলেও আজ সোমবার সকাল পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি। আসামিরা আপসরফার চেষ্টা চালাচ্ছেন বলে আমাদের নাটোর প্রতিনিধি মোকতার হোসেন জানিয়েছেন। গরিব মানুষ বা তাঁদের সন্তানেরা নির্যাতিত হলে কি তার বিচার হবে না? আপসরফার নামে আইন নিজের হাতে নেওয়া লোকগুলোকে এভাবে ছাড় দেওয়া হবে? আপসরফা মানে শিশুটির মা-বাবাকে কিছু টাকা দেওয়া।
পত্রিকায় দেখলাম, সৌদি আরবে এক বাংলাদেশিকে খুনের দায়ে দুই কোটি টাকা ‘ব্লাড মানি’ দিয়েছে সে দেশের সরকার। কিন্তু সাইদুলের ঘটনায় কোনো আপসরফা হতে পারে না। একটি প্রতিবন্ধী শিশুকে যেভাবে বেঁধে নির্যাতন চালানো হয়েছে, অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা হলে ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নিতে ভয় পাবে। আর আপসরফা হলে নির্যাতকেরা আরও বেপরোয়া হয়ে উঠবে। তারা ভাববে, টাকা দিয়ে সবকিছু জায়েজ করা যায়।
আরও অনেক ঘটনার মতো নাটোরের ঘটনায়ও স্থানীয় সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ইতিবাচক ভূমিকা রেখেছে। এ জন্য তারা ধন্যবাদ পেতে পারে। সাংবাদিকেরা শিশুটিকে উদ্ধার না করতে পারলেও তাঁরাই পুলিশকে তার আটকের খবরটি জানিয়ে দেন। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে। ঘটনাস্থলে সাংবাদিকেরা এলে নির্যাতকেরা পালিয়ে যায়। সামাজিক গণমাধ্যমে শিশুটির ছবি প্রকাশিত হওয়ার পরই স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসেছে। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিদের কোনো ভূমিকা দেখতে পাইনি।
আমরা এমন এক সমাজে বাস করছি, যেখানে মানুষ একটি প্রতিবন্ধী শিশুকে ধরে রশি দিয়ে বেঁধে নির্যাতন করতেও দ্বিধা করে না। একটি আপেল চুরির জন্য তাকে চরম অবমাননাকর শাস্তি দিতেও তাদের বাধে না। শিশুটি যখন কেঁদে কেঁদে বলছিল, বাবা এসে আপেলের টাকা দিয়ে দেবে, তখনো তার ওপর নির্যাতন চালায় মানুষরূপী ওই দুর্বৃত্তরা।
আমরা নির্যাতিত শিশুটির প্রতি ক্ষমাপ্রার্থী। আমাদের সমাজ, রাষ্ট্র, আইন কিছুই তার নির্যাতন বন্ধ করতে পারেনি। আমরা ধিক্কার জানাই ওই নরাধমদের, যারা একটি প্রতিবন্ধী শিশুর প্রতি নিষ্ঠুর ও নির্মম আচরণ করেছে। প্রতিবন্ধী শিশু সাইদুলের দায়িত্ব কি প্রতিবন্ধীবান্ধব সরকার নেবে?