একটি আবেদন ও আমাদের স্বাস্থ্যব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ জানুয়ারি প্রথম আলোয় প্রকাশিত একটি খবর পড়ে রীতিমতো আঁতকে উঠি। দুই সন্তান ও এক নাতির চিকিৎসার খরচ জোগাতে না পেরে মেহেরপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাথুলী সড়কের বাসিন্দা মো. তোফাজ্জেল হোসেন তাদের মৃত্যুর অনুমতি চেয়ে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। কী ভয়াবহ কথা! মানুষ যেখানে সন্তানের মঙ্গল কামনায় সব সময় ব্যস্ত থাকেন, সন্তান মানুষ করার জন্য দিনরাত পরিশ্রম করেন, সেখানে কিনা সন্তানকে মেরে ফেলার অনুমতির জন্য আবেদন!

তোফাজ্জেল তাঁর আবেদনে লিখেছেন, ‘জন্মের পর থেকেই দুই ছেলে ও এক নাতি (মেয়ের ছেলে) দুরারোগ্য ডুসেন মাসকুলার ডিসট্রোফি রোগে আক্রান্ত। এদের চিকিৎসা করাতে গিয়ে সব শেষ হয়ে গেছে। তাদের চিকিৎসার ব্যয়ভার আর টানা সম্ভব হচ্ছে না। কোনো পথ না পেয়ে ওষুধের মাধ্যমে তাদের মেরে ফেলার অনুমতি দেন অথবা তাদের চিকিৎসার দায়িত্ব নেন।’ কতটা অসহায় হয়ে পড়লে একজন বাবা এ রকম আবেদন করতে পারেন, তা সহজেই অনুমেয়।

প্রথম আলোর খবর অনুযায়ী, খুব ছোটবেলা থেকে তোফাজ্জেল হোসেনের দুই ছেলে এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। রোগটির বৈশিষ্ট্য হচ্ছে আস্তে আস্তে শরীরের সব মাংসপেশি জমাট বাঁধতে থাকে এবং একসময় রোগী আর নড়াচড়া করতে পারে না। কথা বলার শক্তিও হারিয়ে ফেলে। চিকিৎসার জন্য দুই ছেলেকে নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে গিয়েছেন তোফাজ্জেল হোসেন। গিয়েছেন ভারতেও। এসব করতে গিয়ে তিনি সহায়-সম্বল সব বিক্রি করে এখন নিঃস্ব। দুই ছেলে এখন শয্যাশায়ী। স্ত্রী বুদ্ধিপ্রতিবন্ধী। একমাত্র মেয়ের বিয়ে দিয়েছিলেন। কিন্তু স্বামী তালাক দেওয়ায় তিনি এখন বাবার বাড়িতে। তাঁর আট বছর বয়সী ছেলেরও একই রোগ হয়েছে। সহায়-সম্বল হারিয়ে এখন ফুটপাতে ফলের ব্যবসা করেন তোফাজ্জেল। কিন্তু এ দিয়ে সংসার চালানোই দায়। ছেলেদের ও নাতির চিকিৎসা করাবেন কীভাবে? নিরুপায় হয়ে তিনি তাদের মেরে ফেলার অনুমতি চেয়ে আবেদন করেছেন।

বাইরের দেশগুলোয় অহরহ ঘটলেও বাংলাদেশে সম্ভবত এই প্রথম কেউ এভাবে সন্তানের মৃত্যুর জন্য আবেদন করলেন। তবে সুখবর হচ্ছে, তোফাজ্জেল হোসেনের এই আবেদন করার বিষয়টি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর আক্রান্ত তিনজনের পাশে দাঁড়িয়েছেন সেখানকার চিকিৎসক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। প্রতিদিন খোঁজ নেওয়ার জন্য তিন সদস্যের একটি চিকিৎসক দল গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও সহায়তা দেওয়া হয়েছে।

তোফাজ্জেল হোসেন হয়তো এ রকম একটি আবেদন করে সহায়তা পেয়েছেন। কিন্তু আমাদের দেশে আরও তোফাজ্জেল হোসেন রয়েছেন, যাঁরা কিনা টাকার অভাবে নিজের বা পরিবারের সদস্যদের চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছেন না। ফলে রোগে ভুগে ধুঁকে ধুঁকে মারা যাচ্ছে তারা। আমাদের দেশে সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ছাড়া কোথাও বিনা মূল্যে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। এসব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স আবার নানা সমস্যায় জর্জরিত। বেশির ভাগ সময়ই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়া যায় না। বেশির ভাগ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নেই, থাকলেও তা অচল হয়ে পড়ে থাকে অথবা সরঞ্জাম কেনার পর কয়েক বছরেও খোলা হয়নি—এমন উদাহরণও আছে অসংখ্য। এসব হাসপাতালে রয়েছে দক্ষ লোকবলের অভাব। এ ছাড়া দক্ষ চিকিৎসকেরও অভাব রয়েছে। ভুল চিকিৎসায় বা চিকিৎসকের গাফিলতিতে রোগীর মৃত্যুর ঘটনা তো অহরহ ঘটেই চলেছে।

যদিও দেশে অসংখ্য বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল গড়ে উঠেছে, কিন্তু সেগুলো দরিদ্র লোকজনের জন্য নয়। এসব জায়গায় চিকিৎসাসেবা নিতে গেলে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয়। এসব বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে স্বাস্থ্যসেবার মান বিভিন্ন রকম। কোনো কোনোটি আন্তর্জাতিক মানের। কোনো কোনোটি একেবারেই মানসম্মত নয়।

আমরা চাই এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠুক, যেখানে ধনী-দরিদ্র সবাই একই ধরনের সেবা পাবে। স্বাস্থ্যসেবার মান হবে আন্তর্জাতিক মানের, যাতে জটিল বা দুরারোগ্য রোগের ক্ষেত্রেও যেন আমাদের তোফাজ্জেল হোসেনের মতো বিদেশে ছুটতে না হয়। সন্তানদের চিকিৎসা করাতে গিয়ে যেন নিঃস্ব হতে না হয়।

এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা কি একেবারেই অসম্ভব? সরকারের সদিচ্ছা ও আন্তরিকতা থাকলে নিশ্চয়ই সম্ভব। সরকারকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তা না হলে হয়তো আরও অনেক অসহায় বাবাকে এভাবে সন্তানের মৃত্যুর অনুমতি চেয়ে আবেদনপত্র লিখতে হতে পারে।

রোকেয়া রহমান: সাংবাদিক