নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান মাওলানা সাইদুর রহমানের গ্রেপ্তারকে পুলিশ একটি বড় ধরনের সাফল্য বলে ধরে নিয়েছে। অবশ্য এটাও বলেছে যে এই গ্রেপ্তারের ফলে জেএমবির তৎপরতা একেবারে বন্ধ হয়ে যাবে বলে তারা মনে করে না। শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইদের গ্রেপ্তার ও বিচারে মৃত্যুদণ্ড কার্যকরের পর ধারণা করা হয়েছিল যে জেএমবি শেষ, তারা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু দেখা গেল তারা বিভিন্নভাবে আবার সংগঠিত হয়েছে। পত্রপত্রিকার খবরে দেখা যায়, জেএমবির ৪০০ এহসার (সার্বক্ষণিক কর্মী) ও ৫০ হাজার সমর্থক মাঠে রয়েছে। এটা জঙ্গি নেতা সাইদুর রহমানের দাবি। তাহলে বলতে হয়, মূল নেতা গ্রেপ্তার হলেও জঙ্গিবাদী তৎপরতা চালানোর ক্ষমতা তাদের রয়েছে। হয়তো তারা আবার সংগঠিত হবে। বাংলাদেশ কি তাহলে সব সময়ই জঙ্গিদের হুমকির মুখে থাকবে? এটা ঠিক যে জঙ্গিরা আগের মতো সংগঠিত নয়। তারা ২০০৫ সালের ১৭ আগস্ট ৬৩টি জেলায় একই সঙ্গে সমন্বিত ধারাবাহিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাদের যে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছিল সে অবস্থায় এখন তারা নেই। পুলিশ ও র্যাবের অভিযানের মুখে তাদের টিকে থাকা ক্রমাগত কঠিন হয়ে পড়ছে। কিন্তু এটাও ঠিক যে শুধু পুলিশি ব্যবস্থার ওপর নির্ভর করে বাংলাদেশে জঙ্গি তৎপরতা বন্ধ করা যাবে না। এ জন্য একটি কার্যকর কৌশল বের করতে হবে।ধর্মীয় মৌলবাদী শক্তিকে নিয়ন্ত্রণে রাখার জন্য বেশ কিছু কৌশল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। স্বাধীনতার পরপর জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ধর্মীয় উগ্রপন্থী দল নিষিদ্ধ করা হয়। কিন্তু তাতে খুব সুফল পাওয়া যায়নি। পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যাকাণ্ডের পর জেনারেল জিয়ার আমলে ধর্মভিত্তিক দলগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এরপর জামায়াত ও অন্যান্য সমমনা দল শক্তি সঞ্চয় করতে থাকে। ওরা সবচেয়ে বেশি সুযোগ পায় এরশাদবিরোধী আন্দোলনের সময়। তখন মূলত আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৫ দল (পরে আট দল) ও বিএনপি নেতৃত্বাধীন সাত দলের যে যুগপৎ আন্দোলন চলছিল তার সঙ্গে জামায়াতও যুক্ত ছিল। তাদের সঙ্গে বিএনপি যোগাযোগ রাখত এবং দুই জোটের সঙ্গে মিল রেখে জামায়াতও অভিন্ন কর্মসূচি গ্রহণ করত। জামায়াতের সঙ্গে রাজনৈতিক মাখামাখির খবর সবাই জানত এবং আওয়ামী লীগেরও এতে পরোক্ষ সম্মতি ছিল। এই যুগপৎ আন্দোলনের একপর্যায়ে ১৯৮৬ সালের নির্বাচনে বিএনপিকে ছেড়ে আওয়ামী লীগের পাশাপাশি জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে ১০টি আসন লাভ করে। এভাবে একবার বিএনপি, আরেকবার আওয়ামী লীগের প্রত্যক্ষ-পরোক্ষ সমর্থনে জামায়াত রাজনৈতিকভাবে পরিপুষ্ট হয়ে ওঠে।স্মরণ করা যেতে পারে যে ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির সমর্থনে জামায়াতে ইসলামী দলটি সংসদে ১৮টি আসন লাভ করে এবং সংসদে বিএনপিকে সমর্থনের পুরস্কার হিসেবে সংরক্ষিত নারী আসনে আরও দুজন সাংসদ তারা পায়। সুতরাং সংসদে জামায়াতের শক্তি ১৯৮৬ সালের তুলনায় এক লাফে প্রায় দ্বিগুণ হয়ে যায়। এরপর তারা ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্নে বিভোর হয়। তারা বলতে থাকে ২০০০ সালের মধ্যে জামায়াত ক্ষমতায় যাবে। কিন্তু এটা ছিল তাদের দুরাশা। প্রশ্ন উঠতে পারে, জেএমবি আর জামায়াত তো এক নয়, জেএমবি যতটা উগ্র জামায়াত তো এখন ততটা নয়। তাহলে এখানে জামায়াতের প্রসঙ্গ কেন টেনে আনা হলো। আসলে সাধারণ মানুষ কিন্তু অত বেশি বোঝে না। তারা ধরে নেয় জেএমবি ও জামায়াত একই গোত্রের, হয়তো নামের হেরফের। তা ছাড়া গ্রেপ্তারের পর জেএমবি-প্রধান নিজেকে জামায়াতে ইসলামীর সাবেক নেতা বলে দাবি করেছেন। অবশ্য জামায়াত প্রাণপণে প্রতিবাদ করে বলছে যে তাঁকে ১৯৮৯ সালেই নৈতিক স্খলনের কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। যদি তা সত্য হয়েও থাকে, তাও তো এটা সত্য যে জেএমবির উৎস জামায়াত। তাই জামায়াতকে দিয়ে জেএমবি চেনা যায়।জেএমবি কেন জামায়াতের পরিচয়টা ধরে রাখতে চায়? চায় এ কারণে যে তার সঙ্গে বিএনপি ও অন্য কিছু দলের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। আর রাজনীতি মানেই মানুষের সম্পৃক্ততা। অর্থাৎ জেএমবি এটা বোঝে যে টিকে থাকতে হলে মানুষের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে থাকতে হবে। মানুষের সঙ্গে থাকতে না পারলে যে ওদের টিকে থাকা মুশকিল সেটা ওরা বোঝে। এখান থেকেই জঙ্গিবিরোধী তৎপরতার একটি অন্যতম কৌশল আমরা বের করতে পারি। যদি জঙ্গিবাদী তৎপরতাকে একঘরে করে ফেলা যায়, তাদের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করা যায়, তাহলে জঙ্গিবাদের পক্ষে টিকে থাকা সত্যিই কঠিন হবে।জামায়াত যদি জনবিচ্ছিন্ন হয়, তাহলে জেএমবি আরও বেশি একঘরে হয়ে পড়বে। এ জন্য দরকার জামায়াতকে অপাঙেক্তয় করে ফেলা। সম্প্রতি বিএনপি ও জামায়াত আলাদাভাবে চলার সিদ্ধান্ত নিয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে এটা একটা বড় রাজনৈতিক অস্ত্র হিসেবে কাজ করবে। জামায়াতের সঙ্গে বিএনপি থাকলে যে জঙ্গিবাদ শক্তিশালী হয়, সেটা আমরা ২০০১-২০০৬ সময়কালে দেখেছি। ওই সময় বিএনপি বলত জামায়াতকে সঙ্গে রাখলে তারা বাড়াবাড়ি করতে পারবে না, দেশে ধর্মীয় উন্মাদনা ছড়াতে পারবে না। কারণ বিএনপির হাতের মুঠোয় তাদের থাকতে হবে। এই তত্ত্ব ছিল সম্পূর্ণ ভুল। আমরা দেখেছি ওই সময়কালেই বাংলা ভাইদের উত্থান ঘটেছে। প্রথম দিকে বিএনপি এটা স্বীকার করতে চাইত না। তারা বলত বাংলা ভাই গণমাধ্যমের সৃষ্টি। কিন্তু পরে দেখল বিপদ মাথাচাড়া দিয়ে উঠেছে। বাধ্য হলো শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। সুতরাং জেএমবিকে দুর্বলতর করার একটি কৌশল হলো জামায়াতকে রাজনৈতিক মিত্রহীন করে রাখা। তার মানে এই নয় যে জেএমবির বিরুদ্ধে গোয়েন্দা ও পুলিশ-র্যাবের অভিযানের প্রয়োজন নেই। না, সেটা তো থাকবেই। কিন্তু রাজনৈতিকভাবেও তাদের পরাজিত করতে হবে। সে জন্য এখন রাজনৈতিক অঙ্গনে স্লোগান হওয়া উচিত, জামায়াতকে একঘরে করো। কিন্তু করবে কে? অবশ্যই প্রধান দায়িত্ব বিএনপির। কিন্তু আওয়ামী লীগের দায়িত্বও কম নয়। আওয়ামী লীগ যে ভোটে জিতেছে, তার পেছনে একটি বড় সমর্থন ছিল তরুণদের। আর তাদের একটা বড় চাওয়া হলো যুদ্ধাপরাধীদের বিচার। এই বিচার করতে হলে জামায়াত-জেএমবিকে জনবিচ্ছিন্ন করতে হবে। এ জন্য বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটি কৌশলগত রাজনৈতিক সমঝোতা দরকার।কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপিকে কাছে টানছে না, বরং দূরে ঠেলছে। এটা যে কত বড় নির্বুদ্ধিতা তা বুঝতেও তারা অক্ষম। আসলে বিএনপির সঙ্গে এই মুহূর্তে লাগতে যাওয়ার কোনো প্রয়োজন আওয়ামী লীগের নেই। লাভও নেই। তাদের উচিত গায়ে-পিঠে হাত বুলিয়ে বিএনপিকে সংসদে ধরে রাখা। দু-একটা হরতাল করে করুক, তাতে বিএনপির ভাবমূর্তিই ক্ষুণ্ন হবে। কিন্তু সংসদ যদি সচল থাকে আর বিএনপি-জামায়াত দূরত্ব যদি বাড়ে, তাহলে সংকীর্ণ অর্থে লাভ আওয়ামী লীগের ও বড় পরিসরে লাভ বাংলাদেশের। কারণ এর ফলে জামায়াত-জেএমবি দুর্বল হবে। যুদ্ধাপরাধীদের বিচার সহজ হবে।জামায়াত একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই পাপ সব সময় তাদের তাড়া করে ফিরছে। তারা দখলদার পাকিস্তানি বাহিনীর গণহত্যায় সহযোগিতাই শুধু করেনি, নিজেরা রাজাকার হয়ে, আলবদর-আলশামস গঠন করে গণহত্যা চালিয়েছে। সুতরাং এই শক্তি কখনো বাংলাদেশের মানুষের সমর্থন পাবে না। সব সময় তাদের হাতেগোনা কিছু কর্মী ও সমর্থকের ওপর নির্ভর করে চলতে হবে। বিভিন্ন নির্বাচনের ফলাফলই এর প্রমাণ। ১৯৯১ ও ২০০১ সালে বিএনপির সঙ্গে ঐক্য ছিল বলে ওই দুই নির্বাচনে সংসদে জামায়াতের আসনসংখ্যা ছিল, সংরক্ষিত নারী আসনসহ ২০। কিন্তু বিএনপির সমর্থনবিচ্যুত অবস্থায় এককভাবে নির্বাচন করে সংসদে তারা ১৯৯৬ সালে পেয়েছিল তিনটি আর ২০০৮ সালে মাত্র দুটি আসন। এ থেকে এটা যথেষ্টভাবে প্রমাণিত যে জামায়াত-জেএমবিকে রাজনৈতিক মিত্রশূন্য করতে পারলে তাদের সহজেই কাবু করা যায়। এটাই সবচেয়ে ভালো রাজনৈতিক কৌশল।তবে এই কৌশলও কাজে লাগবে না, যদি সুশাসন নিশ্চিত না হয়, দেশের মানুষের আয় উপার্জন না বাড়ে। অর্থনৈতিক উন্নয়ন, চাকরির সংস্থান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ঘুষ-দুর্নীতি দূর করতে না পারলে কোনো ওষুধেই কাজ হবে না। মানুষ যদি গরিব থাকে, ঘরে ঘরে যদি বেকার থাকে, তাহলে জঙ্গি দমন কঠিন হবে। কারণ দেখা গেছে, অনেক নিরীহ মানুষও শুধু দু পয়সা রোজগারের আশায় জঙ্গিদের বোমা হামলার ঘটনায় সহযোগীর ভূমিকায় নেমে পড়ে।জঙ্গি তৎপরতা দমনে সুশাসন ও উন্নয়নের গুরুত্ব সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের এশিয়া প্রতিবেদনে (১ মার্চ, ২০১০) তুলে ধরেছে। ব্রাসেলসভিত্তিক এই গ্রুপ বিভিন্ন দেশের সংকট ও সংঘাতজনিত পরিস্থিতি বিশ্লেষণ করে। জাতিসংঘ মানবাধিকার সংস্থার সাবেক প্রেসিডেন্ট লুই আরবার (Louise Arbour) এই সংস্থার বর্তমান প্রেসিডেন্ট। জেএমবির হুমকি-সম্পর্কিত সাম্প্রতিক প্রতিবেদনে তারা বলে, সন্ত্রাসবিরোধী কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য শুধু অর্থ ও বন্দুক যথেষ্ট নয়। দেশের পরিস্থিতিরও উন্নতি করতে হবে। দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনের শাসন নিশ্চিত করা প্রভৃতি বিষয়ের প্রতি মনোযোগ দিতে হবে।আওয়ামী লীগ বড় দল। মহাজোট করে তারা বড় বিজয় পেয়েছে। তাদের দায়িত্বও বেশি। জামায়াত-জেএমবির চেয়ে বড় প্রতিপক্ষ তাদের নেই। সরকারের এখন প্রধান কাজ হবে দেশের জন্য হুমকি ওই শক্তিগুলোকে মিত্রশূন্য করার উপায় হিসেবে দেশের অন্য সব শক্তিকে কাছে টেনে নেওয়া। এর ফলে দেশের সার্বিক পরিস্থিতিরও উন্নতি হবে। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা হোক। জামায়াত-জেএমবি দূরে থাকুক। সরকারি দল আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে এটাই হতে পারে সবচেয়ে ভালো ও কার্যকর কৌশল।আব্দুল কাইয়ুম: সাংবাদিক।