একটি ধর্ষণ চেষ্টা এবং অতঃপর...
প্রতিদিনই কোথাও না কোথাও ধর্ষণের ঘটনা ঘটছে। অনেকে আবার এসব খবর পড়তে পড়তে বিরক্ত। কাজের কাজ তো কিছুই হয় না। শুধু খবর পড়ে কী লাভ? হ্যাঁ, কোনো স্বাভাবিক মানুষই ধর্ষণের পক্ষে নয়। সবাই চায় ধর্ষকের সাজা হোক। তাহলে ধর্ষণ থামছে না কেন? ধর্ষণ সমাজের কোনো নতুন ঘটনা নয়। এ কথা সত্য। সে জন্যই কি এটাকে প্রাচীন প্রথা বলে জিইয়ে রাখতে চাই আমরা!
ধর্ষণ ঘটনা ঘটার অনেক কারণ থাকতে পারে। কিন্তু এর সমাধানে যদি কিছু করণীয় থাকে, তাহলে তা দৃষ্টান্তমূলক শাস্তি। কিন্তু এই দৃষ্টান্তমূলক শাস্তি বস্তুটিই অনুপস্থিত। এখানে ধর্ষণের পরে ভুক্তভোগীকে যে সামাজিক গঞ্জনার মধ্য দিয়ে যেতে হয়, তাতেই বহু ঘটনা ধামাচাপা পড়ে যায়। সাহস করে যারা আবার অপরাধীর শাস্তি দিতে রাজি হয়, প্রতিবাদ করে, তারা হয় হেনস্তার শিকার। এই স্তরও যদি অতিক্রম করা যায়, তাহলে আসে আসল পরীক্ষা। আর সেটা হলো শাস্তি প্রদানের আইনি প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় জয়ী হয় ধর্ষণকারীরাই। তাই নব উদ্যমে তারা আবারও ধর্ষণ করতে নিজেদের প্রস্তুত করে, অন্যদের উৎসাহিত করে।
২০০২ থেকে ২০১৬ সাল পর্যন্ত নারী-শিশু নির্যাতনের আট হাজার মামলার পরিস্থিতি নিয়ে প্রথম আলো দীর্ঘ অনুসন্ধান করেছিল। দেখা গেছে, অর্ধেক মামলা নিষ্পত্তি হয়েছে ঠিকই, কিন্তু সাজা হয়েছে মাত্র ৩ শতাংশ মামলায় (প্রথম আলো, ১৮ মার্চ, ২০১৮)। স্বল্প পরিসরে এই অনুসন্ধান থেকেই ধর্ষকের শাস্তি না হওয়ার বিষয়টি আঁচ করা যায়। হবিগঞ্জের বিউটি আক্তার নামে এক কিশোরীর ক্ষেত্রে আমরা সর্বশেষ আরেকটি ঘটনা দেখলাম। ৪ মার্চ মামলা করার পরও কাউকে গ্রেপ্তার না করায় মেয়েটিকে আবারও ধর্ষণ করে হত্যা করা হয়। প্রথম ধর্ষণের ঘটনাটি ঘটেছিল গত ২১ জানুয়ারি। ঠিক এর তিন দিন আগেই একজন বিধবা নারীকেও ধর্ষণ চেষ্টা করা হয়।
এ ঘটনার স্থান নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজার। এখানকার বাসিন্দা এক বিধবা নারী (৩৫)। সাড়ে চার বছর আগে তিনি তাঁর স্বামীকে হারান। আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তিন সন্তান নিয়ে কোনো রকমে দিনাতিপাত করতেন। ঘটনার পরে প্রথম আলোর আঞ্চলিক সংস্করণে খবর আসে, এই বিধবা নারীর ওপর ধর্ষণচেষ্টা চালানো হয়েছে। স্থানীয় সিদ্দিক মিয়া গত ১৮ জানুয়ারি রাত একটার দিকে এ ঘটনা ঘটান। এই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সিদ্দিক পালিয়ে যান। তবে তিনি তাঁর মুঠোফোন ফেলে যান। তা না হলে হয়তো সিদ্দিকের অপরাধ প্রমাণ করা যেত না। হয়তো আমরা দেখতাম গ্রাম্য সালিসের মাধ্যমে বিধবা নারীকেই চরিত্র খারাপ বলে চিহ্নিত করে সমাজচ্যুত করার ঘটনা। এরপর সমাজে হেয় হয়ে এলাকাছাড়া অথবা দুনিয়া ছাড়ার কাহিনি।
তবে, এ ঘটনায় ধর্ষণচেষ্টা চালিয়েই সিদ্দিক ও তাঁর আত্মীয়রা ক্ষান্ত হননি। ঘটনার পরে বিধবা সেই নারী স্থানীয় আকমল হোসেন ও তাঁর মামা আবদুর রহিমের সহায়তায় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। কয়েক দিন পলাতক থেকে অপরাধীর আত্মীয়স্বজনেরা এ ঘটনার মীমাংসার কথা বলে সালিস বসান। সেখানে সালিসের নামে ভুক্তভোগীকে সাহায্যকারী আকমল হোসেন ও তাঁর আত্মীয়স্বজনদের বাইরে থেকে তালাবদ্ধ করে চলে বেধড়ক মারধরের উৎসব (প্রথম আলো, ২৯ জানুয়ারি, ২০১৮)।
অন্যান্য ঘটনার মতো এখানেও কিছু নারীকে পুরুষতান্ত্রিক ব্যবস্থার প্রতিনিধি হতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সিদ্দিকের আত্মীয় ও পাশের বাড়ির দ্বীন ইসলামের স্ত্রী অন্য কয়েকজনকে সঙ্গে নিয়ে বাইরে থেকে লাঠিসোঁটা ও লোহার রড সরবরাহ করেন। অসহায় নারীর ওপর নির্যাতনের প্রতিবাদ করা যেন এক মহা অন্যায়। তাই সিদ্দিকের দূরবর্তী আত্মীয়দেরও হতে দেখা যায় বেপরোয়া। এখানে তখন পুরুষতান্ত্রিক মানসিকতা মানবিকতাকে হার মানায়। কারণ, মারামারির নেতৃত্ব দেন সিদ্দিকের দূরবর্তী আত্মীয় ছাবর আলী ও তাঁর চার ছেলে। এ ঘটনায় দেখা যায়, কীভাবে পুরুষতান্ত্রিকতা ও ক্ষমতার সব মূল্যবোধকেও হার মানায়। কারণ আবদুল হালিমের বাসায়, তিনি এবং তাঁর ছেলে আলী আকবরের প্রত্যক্ষ যোগসাজশে মারধর করা হয়।
কিন্তু এমন উদ্যোগী হয়ে তাঁরা সিদ্দিকের পাপের বোঝা ঘাড়ে নিলেন কেন? সবাই নাকি ধর্ষকের বিচার চান? আচ্ছা, শুধু আপনজন হলেই কি মানুষ ধর্ষককে বাঁচাতে চায়? মোটেই না। পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিও ধর্ষকের পক্ষ নেওয়ার একটি বড় কারণ। তাই ধর্ষণের পরে ধর্ষিতার ত্রুটি খুঁজতে আমরা ব্যস্ত হই। পোশাক ঠিক ছিল কি না, বাইরে একা বের হয়েছিল কি না ইত্যাদি। এসব বিকৃত মানুষগুলো তিন বছরের বাচ্চা ধর্ষিত হওয়ার পরেও ধর্ষকের দোষ খুঁজে পায় না। যদি কেউ প্রতিবাদ করেও, তাহলে নাজিরপুরের ঘটনার মতো মারধরের শিকার হতে হয়। সেখানে অপরাধীরাই আবার ধর্ষণচেষ্টার প্রতিবাদকারীদের বিরুদ্ধে থানায় চুরির মামলা করেছে। স্থানীয় লোকজনের অভিযোগ, রাজনৈতিক চাপে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দেওয়া দুই পক্ষের মেডিকেল সার্টিফিকেটই ‘কোনো জখম নেই’ বলে উল্লেখ করা হয়েছে। ফলে যারা এত তুলকালাম কাণ্ড ঘটাল, তাদের কোনো শাস্তির ব্যবস্থা হলো না। উল্টো মিথ্যা মামলার ভয়ে ভুক্তভোগীরা ধর্ষণচেষ্টার মামলা করতে ভয় পাচ্ছেন।
এভাবে অপরাধ করে পার পাওয়া যায়। টাকাপয়সা দিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের কাজে লাগানো যায়; পুলিশ, প্রশাসন—সবকিছুই প্রভাবিত করা যায়, তাহলে ধর্ষণ করতে সমস্যা কোথায়?
গত ৩১ জানুয়ারি প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে সদ্যবিদায়ী পুলিশ প্রধান শহীদুল হক পুলিশ সংস্কারের খসড়া আইন কার্যকর করার কথা বলেছিলেন। তিনি পুলিশকে জনগণের কাছ থেকে পরামর্শ নেওয়ারও পরামর্শ দেন। কিন্তু এসব তাত্ত্বিক কথায় চিড়ে ভিজবে কেন? নেত্রকোনার ঘটনায় জনগণ তো প্রতিবাদ করে পেয়েছে চোরের তকমা। মিথ্যা মামলা খেয়ে হচ্ছে হয়রানির শিকার। মামলা সত্য না মিথ্যা, তা তদন্ত করার দায়িত্ব তো পুলিশের। কিন্তু সেসব তদন্ত কি খুব একটা কার্যকর হচ্ছে? বৈজ্ঞানিক উপায়ে ফরেনসিক তদন্ত চালু হবে বলে আমরা শুনেছি। এর বাস্তবায়ন হলে পরিস্থিতির বদল ঘটবে কি না, জানি না।
তবে যত দিন আমাদের পুলিশ, আমাদের জনগণ, আমাদের প্রশাসন—সবাই সোচ্চার না হবে, সহযোগিতা না করবে এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি না হবে, তত দিন এসব ঘটনায় পত্রিকার পাতাই শুধু ভরবে। সাধারণ জনগণ পাশে এসে দাঁড়ালেও চোরের তকমা পাবে। যথারীতি অপরাধীরা সবাই জামিন পেয়েছে। তাদের আর কোনো কলঙ্ক নেই। এখন সব কলঙ্ক সেই বিধবা নারীর আর যাঁরা প্রতিবাদ করে মার খেলেন, চোরের তকমা পেলেন, তাঁদের। এখন তাঁরা হয়তো মনে মনে রবিঠাকুরের কবিতার ভাষায় বলবেন, ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে’!
খলিলউল্লাহ্: প্রতিচিন্তার সহকারী সম্পাদক
[email protected]