একটি বারের জন্য সুযোগ দেওয়া হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হঠাৎ সিদ্ধান্ত নিল যে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা এই বছরের পর থেকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে পারবেন না। কোনো পূর্বঘোষণা ছাড়া এ রকম একটি সিদ্ধান্ত গৃহীত হওয়ায় অনেক শিক্ষার্থী, যাঁরা এ বছর পরীক্ষা দিতে পারেননি বা ইচ্ছা থাকা সত্ত্বেও অর্থনৈতিক ও সামাজিক নানা কারণে যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারেননি, তাঁরা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তাঁদের মধ্যে অনেকে ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। অনেক দিন এভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার পরও কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে বাধ্য হয়ে কিছু শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। তাঁদের আমরণ কর্মসূচির খবর প্রথম দিকে মিডিয়ায় তেমন আসেনি বা এলেও ভালো ট্রিটমেন্ট পায়নি।
এই পরিপ্রেক্ষিতে ছয় দিন পেরিয়ে যাওয়ার পর আমরা কয়েকজন শিক্ষক শহীদ মিনারে গিয়ে তাঁদের অনশন ভাঙতে অনুরোধ করি এবং তাঁদের বলি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য আমরা কাজ করব। শহীদ মিনারে যাওয়ার আগে আমরা উপাচার্য বরাবর ২৪ জন শিক্ষকের স্বাক্ষরসংবলিত একটি পত্র দাখিল করি এবং তাতে আবেদন জানাই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য, বিশেষ করে আন্দোলনরত ব্যাচটির শিক্ষার্থীদের ক্ষেত্রে সিদ্ধান্তটি শিথিল করার জন্য। আমরা এ-ও বলি যে এ ধরনের নিয়ম পরিবর্তনের জন্য আগাম নোটিশের প্রয়োজন ছিল বিধায় এই বিধিটি আগামী বছর থেকে কার্যকর করা হোক।
যাহোক, আমরা এরপর বিভিন্ন পর্যায়ে কয়েকজন ডিনের সঙ্গে কথা বলি এবং বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য অনুরোধ করি। একপর্যায়ে নয়জন শিক্ষক উপাচার্যের সঙ্গেও সাক্ষাৎ করি। (ইতিমধ্যে শাহবাগে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ দুই দফা হামলা করেছে এবং কয়েকজনকে গ্রেপ্তারও করেছে।) উপাচার্যের সঙ্গে সাক্ষাতের সময় আমরা পত্রের অগ্রগতি সম্পর্কে জানতে চাই এবং পুনরায় অনুরোধ করি সিদ্ধান্তটি পরের ব্যাচ থেকে কার্যকর করার জন্য। উপাচার্য আমাদের কথা শোনেন এবং বলেন যে পুরো ব্যাপারটায় এটিই একমাত্র দিক নয়। তিনি আমাদের সামনে এই সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষাপটটি বর্ণনা করেন। বলা যায়,় আমাদের আলোচনা কোনো ফল বয়ে আনতে পারেনি। সিদ্ধান্ত পরিবর্তনের সদর্থ ইঙ্গিত উপাচার্য দেননি।
আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ সব সময় থাকা উচিত, তা কেবল একবার বা দুবারের বিষয় নয়। বয়স বা সেশনের সীমাও এ ক্ষেত্রে বেঁধে দেওয়া উচিত নয়। বৈশ্বিকভাবে আমরা এমনটাই দেখি, যখন একটা বয়স পেরিয়ে আসার পরও কারও ভিন্ন কোনো বিষয়ে আগ্রহ জন্মাতে পারে, জ্ঞানার্জন বা ক্যারিয়ার, উভয় প্রয়োজনে পুনরায় শিক্ষার্থীবেশে একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়েই কিছু ব্যতিক্রম আছে, যারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নিয়ম মেনে ভর্তি পরীক্ষার আয়োজন করে না। যেমন আইবিএ। তবে ক্রমেই আমরা বুঝতে পারি, ভর্তি পরীক্ষার বিশাল বোঝা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের সেন্টারগুলোয় জালিয়াতি, কিছু আসন খালি থেকে যাওয়া—বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানা যুক্তির পেছনেও সারবস্তু রয়েছে। বিশ্ববিদ্যালয় যদি বলে যে আমার ছাত্রছাত্রীকে আমি কী পদ্ধতিতে নির্বাচন করব, তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে এবং যদি জানা যায় যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভ্যন্তরীণ সব নিয়ম মেনে যথাযথ সিদ্ধান্ত গ্রহণকারী পর্ষদে যথেষ্ট আলোচনার পরে এই সিদ্ধান্ত নিয়েছে, তখন আমরা আরও বাস্তববাদী হতে বাধ্য হই। আমরা কেবলই আন্দোলনরত চলমান বর্ষের শিক্ষার্থীদের আরেকবার সুযোগ দেওয়ার দাবিতে নেমে আসি। কারণ, এই ঘোষণা এসেছে তাঁদের পরীক্ষা দেওয়ার পরে। ফলে তাঁদের অধিকার আছে আগের ব্যাচগুলোর মতোই আরেকবার সুযোগ পাওয়ার। ভালো হতো যদি ঘোষণাটি পরীক্ষার আগে আসত অথবা পরে এলে বলা থাকত যে এই ঘোষণাটি চলমান ব্যাচের জন্য প্রযোজ্য হবে না।
আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখন ভর্তি পরীক্ষার একটিই সুযোগ দেয় এবং তারা এই নিয়মটি প্রবর্তন করার কয়েক বছর আগেই জানিয়েছিল। মেডিকেল কলেজের ক্ষেত্রে এ রকম নিয়ম প্রবর্তন করতে গেলে কর্তৃপক্ষ তা বাতিল করতে বাধ্য হয় আন্দোলনের মুখে। তাই আমরা মনে করি, বর্তমান শিক্ষার্থীদের আন্দোলন কোনো অযৌক্তিক আন্দোলন নয় এবং এর মধ্যে কোনো ষড়যন্ত্রতত্ত্ব খোঁজারও অবকাশ নেই। আন্দোলনকারীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে ও গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চালিয়ে আসছেন। তাঁরা প্রথমে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন, প্রতিবাদ সমাবেশ-মানববন্ধন করেছেন, তারপর অনশনের মতো কর্মসূচিতে গিয়েছেন। অনশন ভেঙে তাঁরা পুনরায় মিছিল-সমাবেশ করছেন এখন। অথচ শহীদ মিনারের গণতান্ত্রিক কর্মসূচি থেকে তাঁদের চলে যেতে বলা হয়েছে, মাইক কেড়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে গেলে পুলিশ তাঁদের ওপর আক্রমণ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হয়তো নানা দিক বিবেচনা করে একবারের সুযোগের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা আমাদের যুক্তি দিয়ে এটাও বুঝি যে সিদ্ধান্তটিতে ওই ফাঁকটি রয়েই গেছে, যার জন্য শিক্ষার্থীরা আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। কর্তৃপক্ষ প্রতিযোগিতার সমতার কথা বলছে, বিশেষ করে সামনের নতুন ব্যাচটির প্রতি অন্যায় হবে বলে যুক্তি তুলে ধরছে।
সে ক্ষেত্রে আমাদের প্রস্তাব হলো, এসএসসি ও এইচএসসির নম্বরের কিছু শতাংশ কেটে নেওয়ার মাধ্যমে পুরোনো ব্যাচটির কিছু সুবিধা কেটে নেওয়া যেতে পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ রকমও বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে, তারা সেখানে চেষ্টা করুক। কিন্তু শিক্ষার্থী ও অভিভাবকদের স্বপ্ন ও প্রত্যাশার বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে ব্যবধান বেশি। আমরা এখনো আশাবাদী যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আরেকবার গভীরভাবে ভাববে এবং এবারের মতো বর্তমান ব্যাচটিকে অধ্যবসায়ের মাধ্যমে নিজের উন্নয়ন ঘটানোর আশা পূরণের আরেকটি সুযোগ দেবে।

এম এম আকাশ, মোহাম্মদ তানজীমউদ্দিন খান, সামিনা লুৎফা, মোহাম্মদ আজম, শান্তনু মজুমদার; খ. আলম, যোবায়ের আল মাহমুদ, শিশির ভট্টাচার্য্য, মামুন আল মোস্তফা, রোবায়েত ফেরদৌস, ফাহমিদুল হক
লেখকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক।