বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়িকে কেন্দ্র করে যে সংস্থাটির নাম এখন সবচেয়ে বেশি আলোচিত, তা হলো আইএসপিআর (ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স), বাংলায় আন্তবাহিনী গণসংযোগ বিভাগ। দেশের সশস্ত্র বাহিনীগুলোর মুখপাত্র বলা হয় এ সংস্থাকে। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে সংবাদমাধ্যমের মারফতে জনগণের উদ্দেশে নানা তথ্য প্রকাশের দায়িত্ব পালন করে এই সংস্থা। এবং তা করে নিজের প্রয়োজন অনুযায়ী, নিজের মতো করে। সংক্ষেপে বলা যায়, আইএসপিআর একটি স্বপ্রণোদিত গণসংযোগ সংস্থা। এর গণসংযোগ একমুখী: তারা স্বেচ্ছায় যখন যা জানায়, সংবাদমাধ্যম ও তাদের মারফতে জনসাধারণ শুধু তখনই এবং সেটুকুই জানতে পারে। তার আগেও নয়, তার বেশিও নয়। সংবাদমাধ্যমের পক্ষ থেকে সংস্থাটির কাছে কোনো তথ্য চাওয়া হলে সাধারণত সাড়া পাওয়া যায় না। বরং ঘটনাবিশেষে তাদের কাছ থেকে আপনাআপনিই সংবাদ আসে; অথবা তারা সংবাদ সম্মেলন ডেকে সংবাদকর্মীদের তথ্য দেয়, যা জানানো তাদের দরকার বলে মনে হয়।সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর সদস্যদের আবাসন প্রকল্পের জন্য জমি কেনা নিয়ে যে রক্তপাত হয়ে গেল, সে সম্পর্কে আইএসপিআরের কাছে তথ্য চেয়ে সময়মতো যথেষ্ট সাড়া পাননি এমন দু-একজন সংবাদকর্মীর কথা জানি। কয়েক মাস আগে বিবিসি বাংলা বেতারে প্রচারিত হলো সামরিক বাহিনীর ব্যবসা-বাণিজ্যিক কর্মকাণ্ড সম্পর্কে তৈরি ধারাবাহিক বেতার প্রতিবেদন ‘ফৌজি বাণিজ্য’। নানা সূত্র থেকে তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট নানা জনের বক্তব্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে ওই প্রতিবেদন, কিন্তু প্রতিবেদনটিতে সেনাসদরের কোনো বক্তব্য ছিল না। প্রতিবেদক জানিয়েছেন, তিনি সেনাসদরের বক্তব্য নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, তারা কোনো বক্তব্য দেয়নি, আইএসপিআরেরও কোনো ভূমিকা এ ক্ষেত্রে দেখা যায়নি। এ ছাড়া সাংসদ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলার মামলায় পাঁচ সেনা কর্মকর্তার দণ্ডিত হওয়ার খবর সম্পর্কে আইএসপিআরের কাছে তথ্য চেয়ে সংবাদমাধ্যমের কর্মীরা পাননি।কিন্তু দেখা গেল, বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়িসংক্রান্ত ঘটনাবলিতে আইএসপিআর স্বপ্রণোদিত হয়ে অনেক তথ্য-বিবৃতি দিল। তারা যা জানাল, সংবাদমাধ্যম মোটের ওপর তা-ই প্রকাশ ও প্রচার করল। বেগম খালেদা জিয়া সেনানিবাসের বাড়ি থেকে চলে যাওয়ার অথবা বিতাড়িত হওয়ার এক দিন আগেই সংবাদমাধ্যমে খবর দেওয়া হলো, তিনি বাড়িটি ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। অধিকাংশ সংবাদমাধ্যমের খবর থেকে মনে হয়েছে, তিনি স্বেচ্ছায় বাড়িটি ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু পরদিন বেগম খালেদা জিয়া সেনানিবাসের বাড়িটির বাইরে, বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানালেন, তাঁকে ওই বাড়ি থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে। একই সঙ্গে সংবাদমাধ্যম এও জানাল যে আইএসপিআর তাদের বলেছে, বেগম জিয়া স্বেচ্ছায় বাড়িটি ছেড়ে চলে গেছেন।সংবাদমাধ্যম দুই পক্ষের দুই বিপরীতমুখী বক্তব্যই প্রকাশ করল। কিন্তু নিজেদের ভাষ্য কী তা জানাতে পারল না, সত্য প্রতিষ্ঠার দায় নিতে পারল না। কারণ, সাংবাদিকদের কেউ স্বচক্ষে দেখেননি বেগম জিয়া স্বেচ্ছায় চলে গেছেন, নাকি তাঁকে জোর করে বের করে দেওয়া হয়েছে। বাড়িটি সেনানিবাসের ভেতরে; এমনিতেই ‘প্রেস’ বা ‘সংবাদপত্র’ লেখা কোনো যানবাহন জাহাঙ্গীর গেটের ভেতরে ঢুকতে পারে না। আর এমন পরিস্থিতিতে সেনানিবাসের ভেতরে শহীদ মইনুল সড়কের আলোচিত বাড়িটির ত্রিসীমানায় পৌঁছাতে পারা কোনো সংবাদকর্মীর পক্ষে সম্ভব ছিল না। কোনো সংবাদমাধ্যম বেগম জিয়ার বাড়ি ত্যাগের ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শী কোনো তৃতীয় পক্ষের বরাতেও কিছু উল্লেখ করেনি। সম্ভবত আর কোনো প্রত্যক্ষদর্শী তৃতীয় পক্ষ ছিল না। সংবাদকর্মীদের জন্য এটি একটি কঠিন পরিস্থিতি বটে।ব্রিটেন-আমেরিকায় এমন ক্ষেত্রে সাংবাদিকেরা নিজস্ব অনুসন্ধান চালানোর চেষ্টা করেন, কর্তৃপক্ষের দেওয়া তথ্য বা বক্তব্যের সত্যাসত্য যাচাই করতে তাঁরা কর্তৃপক্ষের মুখপাত্রকে বলেন, আপনাদের এই তথ্য যে সত্য তার প্রমাণ দেখান। একই সঙ্গে সাংবাদিকেরা ঘটনার প্রত্যক্ষদর্শীও খোঁজেন, হয়তো কর্তৃপক্ষের ভেতরেই এমন কাউকে পেয়ে যান, যাঁরা কিছু বাস্তব আলামত গোপনে সরবরাহ করেন। জানি না, সাংবাদিকদের কেউ বেগম জিয়ার এই ঘটনায় আইএসপিআর কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিলেন কি না, বেগম খালেদা জিয়া স্বেচ্ছায় বাড়ি ছেড়ে গেছেন—আপনাদের এই বক্তব্যের সপক্ষে কোনো প্রমাণ কি দেখাতে পারেন? একইভাবে বেগম খালেদা জিয়ার কাছে প্রমাণ চাওয়া যায়—আপনাকে জোর করে বের করে দেওয়া হয়েছে, এর প্রমাণ কী? বেগম জিয়া এখন কোনো প্রমাণ দেখাতে পারবেন কি না, জানি না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল মাহবুবুর রহমান সেদিন বিবিসিকে বললেন, বেগম জিয়া সেদিন ঘটনাস্থলে সাংবাদিক পাঠাতে বলেছিলেন, কিন্তু কোনো সাংবাদিক সেখানে যাননি। কয়েকজন সংবাদকর্মীর সঙ্গে কথা বলে জানলাম, তাঁরা বেগম জিয়া বা বিএনপির পক্ষ থেকে এমন কোনো ডাক পাননি। কিন্তু যদি পেতেনও, তাঁদের কি সেনানিবাসের ভেতরের ওই বাড়িটিতে যাওয়ার অনুমতি দেওয়া হতো? মনে হয় না।কিন্তু সাংবাদিকদের সেখানে যেতে দেওয়া হলো ঠিকই; বরং বলা যেতে পারে, সাদরে ডেকে নেওয়া হলো। তবে তা ঘটনা ঘটে যাওয়ার পরে। বেগম জিয়া সেনানিবাসের বাড়িটি ছেড়ে যাওয়ার পর টিভি চ্যানেলগুলোতে দেখানো হলো ওই বাড়িটির নানা কক্ষ, তাঁর শানশওকত। এমনকি সাবেক প্রধানমন্ত্রীর শয়নকক্ষ, স্নানাগার, বাথটাব ইত্যাদিও দেখানো হলো কয়েকটি টিভি চ্যানেলে। সেই সঙ্গে ধারাভাষ্য চলল: বাড়িটিতে কতগুলো কক্ষ আছে, পরিচারক-পরিচারিকা কতজন, আসবাবপত্র, ঝাড়লণ্ঠন ইত্যাদিও দেখানো হলো ডকুমেন্টারি ফিল্মের মতো। এ সবই সম্ভব হয়েছে আইএসপিআরের কল্যাণে। ঘটনা ঘটে যাওয়ার পর সংস্থাটি ইলেকট্রনিক ও মুদ্রণ মাধ্যমের সংবাদকর্মীদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেছে ওই সব ছবি তুলে টিভি পর্দায় দেখানোর জন্য, সংবাদপত্রে ছাপানোর জন্য। বিএনপির নেতারা অভিযোগ করছেন, বেগম খালেদা জিয়ার চরিত্রহননের জন্য গোয়েবলসীয় প্রচারণা শুরু হয়েছে। সংগত কারণেই অনেকে প্রশ্ন তুলছেন, এসব দেখানো কি রুচিকর হচ্ছে, নাকি নোংরামি হচ্ছে? এই কি রুচিশীল, উন্নত, দায়িত্বশীল সাংবাদিকতার দৃষ্টান্ত? এই কি ‘স্বাধীন’ সাংবাদিকতা?বেগম খালেদা জিয়ার কান্নারুদ্ধ সংবাদ সম্মেলনের বক্তব্য নাকচ করে দেওয়ার উদ্দেশ্যে পরদিন আইএসপিআর যে সংবাদ সম্মেলন ডেকেছিল, সেটির বক্তব্য জনসাধারণ বিশ্বাস করেছে বলে মনে হয় না। কিন্তু আইএসপিআর নিশ্চয়ই অনুভব করেছে, বেগম খালেদা জিয়ার বক্তব্য যাতে জনসাধারণ বিশ্বাস না করে সে জন্য কিছু বলা তাদের দরকার। কিন্তু আইএসপিআর কি আসলেই জনগণকে সত্য জানাতে চেয়েছে? বাড়ির বিষয়টি নিয়ে যেসব ঘটনাপ্রবাহ কয়েক দিন ধরে চলেছে, তার সবকিছু সম্পর্কে জনগণকে সচেতন বা ওয়াকিবহাল রাখার প্রয়োজনীয়তা কি আইএসপিআর উপলব্ধি করেছে? তাহলে গোড়া থেকেই কেন সংবাদমাধ্যমকে তথ্য দিয়ে সহযোগিতা করা হলো না?১২ নভেম্বর শুক্রবার বেগম খালেদা জিয়া সেনানিবাসের বাড়ি ছাড়ার প্রস্তুতি নিয়েছেন—‘সেনাসূত্রের’ বরাত দিয়ে এমন খবর ছাপা হলো পরদিন অর্থাৎ ১৩ নভেম্বর শনিবারের পত্রপত্রিকায়। এই ‘সেনাসূত্র’ কারা, তা একটি গোপন বিষয়। সূত্র নিজের পরিচয় প্রকাশ করতে চায়নি বলে সংবাদমাধ্যম তা উল্লেখ করেনি। শনিবার সকালের দিকে প্রথমে বিএনপির নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক সংবাদমাধ্যমকে বললেন, বেগম জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে জোর করে বের করে দেওয়া হচ্ছে। তার কিছু সময় পরে বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বললেন, বেগম জিয়াকে সেনানিবাসের বাড়িতে অন্তরীণ করা হয়েছে। তখনো পর্যন্ত সরকার বা আইএসপিআরের দিক থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হলো না। দুপুরের কিছু পরে যখন বেগম জিয়া বাড়িটি ছেড়ে চলে গেলেন (যেমনটি আইএসপিআর বলেছে), বা তাঁকে জোর করে বের করে দেওয়া হলো (যেমনটি খালেদা জিয়া পরে বলেছেন), তখন আইএসপিআর কেন ইলেকট্রনিক ও মুদ্রণ মাধ্যমের সাংবাদিকদের সেখানে আমন্ত্রণ জানাল না? ঘটনার সময় যদি উভয় মাধ্যমের সাংবাদিকদের ঘটনাস্থলে যেতে দেওয়া হতো এবং সাংবাদিকদের উপস্থিতিতে বেগম জিয়া বাড়িটি ত্যাগ করতেন, তাহলে তার ভিডিওচিত্র ও স্থির আলোকচিত্র তোলার সুযোগ সাংবাদিকেরা পেতেন এবং সংবাদের সঙ্গে সেসব দৃশ্য টিভি চ্যানেলগুলোতে ও সংবাদপত্রের পাতায় প্রচারিত হলেই দেশবাসী দেখতে পেত প্রকৃতপক্ষে কী ঘটেছে। তাহলে আর বেগম জিয়ার সংবাদ সম্মেলন ডেকে কান্নাজড়িত কণ্ঠে এমন ‘মিথ্যে নাটক’ (সরকারি নেতাদের ভাষ্য) করার সুযোগ হতো না যে তাঁকে এক কাপড়ে জোর করে বের করে দেওয়া হয়েছে। এবং তাঁর এই বক্তব্যকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে নাকচ করে দেওয়ার উদ্দেশ্যে আইএসপিআরের সংবাদ সম্মেলন ডাকার প্রয়োজন হতো না। এ নিয়ে জনমনে কোনো ধরনের বিভ্রান্তি বা জল্পনা-কল্পনার কোনো সুযোগই সৃষ্টি হতো না। কিন্তু তা না করে বেগম জিয়ার প্রস্থানের পর আইএসপিআরের সংবাদ সম্মেলন ডাকা বা পরের দিন সাংবাদিকদের ডেকে সেনানিবাসের বাড়িটির ভেতরের খুঁটিনাটি ছবি তুলে সরকারি-বেসরকারি সংবাদমাধ্যমে প্রচার করা মোটেও কোনো ভালো কাজ হয়নি।তথ্য অধিকার আইন বলবৎ হওয়ার পরও সংবাদকর্মীদের তথ্য সংগ্রহ করতে হয় নানা অনানুষ্ঠানিক পন্থায়। শুধু আইএসপিআর নয়, গোপনীয়তার প্রবণতা এখনো প্রবলভাবে রয়ে গেছে সরকারি বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে। পুলিশ-র্যা ব প্রভৃতি সংস্থা অপরাধ-সংক্রান্ত ঘটনার ক্ষেত্রে তদন্তের স্বার্থে সব তথ্য সংবাদমাধ্যমকে জানাতে পারে না বলে ব্যাখ্যা দিয়ে থাকে। সেসব ক্ষেত্রে সংবাদকর্মীরা তথ্য সংগ্রহে বেশি দূর অগ্রসর হতে পারেন না। যতটুকু তথ্য তাঁদের সরবরাহ করা হয়, ততটুকুই তাঁরা সংবাদমাধ্যমে প্রকাশ করেন। কিন্তু আমরা কখনো কখনো দেখি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজে থেকেই সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের তথ্য দিচ্ছে। আটক আসামির বুকে নাম লিখে টিভি ক্যামেরার সামনে হাজির করে তার ‘বক্তব্য’ জনগণকে শুনিয়ে দিচ্ছে। কখন কী ক্ষেত্রে তারা স্বপ্রণোদিত হয়ে সংবাদ সম্মেলন ডেকে বা প্রেসনোট পাঠিয়ে সংবাদমাধ্যমকে তথ্য জানাবে, আর কখন কী ক্ষেত্রে কিছুই জানতে দেবে না—এটা কেবল তারাই স্থির করে। কিন্তু যখনই তারা নিজে থেকে জনসমক্ষে কিছু হাজির করে, তখনই জনসাধারণের মনে সন্দেহ জাগে। বিশেষত পুলিশ রিমান্ডে বা নিরাপত্তা হেফাজতে নেওয়া কোনো ব্যক্তির জবানবন্দি যখন কর্তৃপক্ষ স্বপ্রণোদিত হয়ে প্রচার করে, তখন সেটা অনেকেই বিশ্বাস করে না; অধিকাংশ মানুষ মনে করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগের মাধ্যমে অমন স্বীকারোক্তি আদায় করে এখন তা ফলাও করে প্রচার করছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে এসব ঘটনা ব্যাপকভাবে ঘটেছে।সরকার ও রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে জনসাধারণের আস্থা নিয়ে চলতে হয়। যতই রাজনীতি চলুক, জনগণকে বিভ্রান্ত করে বা অন্ধকারে রেখে কোনো রাজনীতি থেকে সুফল পাওয়া কঠিন, প্রায় অসম্ভব। স্বচ্ছতার কোনো বিকল্প নেই; স্বাধীন সাংবাদিকতা সেই স্বচ্ছতা সৃষ্টির প্রধান হাতিয়ার। স্বাধীন সাংবাদিকতার জন্য তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত থাকা প্রয়োজন। শাসনক্ষমতায় থাকুন বা তার বাইরে থাকুন, সব রাজনৈতিক দল ও রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান, বিশেষত আইনপ্রয়োগকারী ও নিরাপত্তা রক্ষাকারী কর্তৃপক্ষগুলোকে জনগণকে সব কিছু জানানোর নীতি একটা স্থায়ী, অপরিবর্তনীয় দর্শন হিসেবে মেনে চলতে হবে। আইএসপিআরের মতো প্রতিষ্ঠানকে আরও সক্রিয়, আরও তথ্যবান্ধব ও গণমুখী করা একান্ত প্রয়োজন, কেননা এর প্রতি জনসাধারণের আস্থার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। সশস্ত্র বাহিনীগুলোর স্বচ্ছতা, ইতিবাচক ভাবমূর্তির স্বার্থেও এটা প্রয়োজন। কিন্তু আইএসপিআর নিজে থেকে এমনটি হতে পারবে না। কারণ, তথ্য প্রদানের ক্ষেত্রে এই সংস্থাকে নির্ভর করতে হয় তিন সশস্ত্র বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা মন্ত্রণালয় তথা সরকারের নীতি-নির্ধারণী কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। সরকারের ক্ষেত্রে প্রায়ই সিদ্ধান্তগুলো হয় রাজনৈতিক বিবেচনা-প্রসূত। বিএনপি-সমর্থক প্রায় ৩০ জন সাবেক সেনা কর্মকর্তা অভিযোগ করেছেন, সরকার রাজনৈতিক স্বার্থে আইএসপিআরকে ব্যবহার করেছে, এর ফলে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। কিন্তু সেনাবাহিনীর ভাবমূর্তির চেয়ে বড় হলো জনসাধারণের সঙ্গে সরকারের ব্যবহার, জনগণের জানার অধিকারের প্রতি সরকারের অঙ্গীকার।মশিউল আলম: সাংবাদিক[email protected]