একটি বাড়ি একটি খামার প্রকল্প: সাফল্য, সমস্যা ও সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ মে ২০১৩ প্রথম আলোর আয়োজনে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প: সাফল্য, সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল একটি বাড়ি একটি খামার প্রকল্প। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো।যাঁরা অংশ নিলেনমিহির কান্তি মজুমদার: সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সমর চন্দ্র পাল: সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রশান্ত কুমার রায়: যুগ্ম সচিব, প্রকল্প পরিচালক, একটি বাড়ি একটি খামার প্রকল্প কাজী খলীকুজ্জমান: চেয়ারম্যান, পিকেএসএফ আহমেদ আল কবীর: চেয়ারম্যান, রূপালী ব্যাংক সৈয়দা ফারহানা কাউনাইন: অতিরিক্ত জেলা প্রশাসক, ঢাকা মজিবর রহমান: বিশেষ কর্মকর্তা সিরডাপ তোফায়েল আহমেদ: শিক্ষাবিদ ও গবেষক মোছাম্মাৎ নাজমানারা খানুম: সাবেক জেলা প্রশাসক, নওগাঁ রাজী মোহাম্মদ ফকরুল: উপজেলা চেয়ারম্যান, দেবীদ্বার, কুমিল্লা মো. বাকি বিল্লাহ: উপজেলা চেয়ারম্যান, ভাঙ্গুরা, পাবনা কাজী মোরতুজা আলী: ব্যাংক এশিয়া, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল পারুল বেগম: শাকরাইল গ্রাম উন্নয়ন সমিতি, উপজেলা সদর, মানিকগঞ্জ জোসনা বেগম: বেয়ারা গ্রাম উন্নয়ন সমিতি, কেরানীগঞ্জ, ঢাকা সঞ্চালকআব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক, প্রথম আলোআলোচনাআব্দুল কাইয়ুম: দেশকে দারিদ্র্যমুক্ত করার উদ্দেশ্যে একটি বাড়ি একটি খামার প্রকল্প শুরু হয়। পরে এর কর্মপদ্ধতি নিয়ে কিছু প্রশ্ন ওঠে। কিছুদিন প্রকল্পের কাজ বন্ধ থাকে। আবার নতুন আঙ্গিকে শুরু হয়। বর্তমানে এর সাফল্য, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আজকের আলোচনা। দেশের মানুষ গরিব। কিন্তু তাঁরা সৃজনশীল। একটু সুযোগ পেলেই নিজেদের অবস্থার পরিবর্তন করতে পারেন। প্রকল্পের সার্বিক বিষয় নিয়ে শুরুতে আলোচনা করবেন মিহির কান্তি মজুমদার। মিহির কান্তি মজুমদার: বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার গ্রামকে দারিদ্র্যমুক্ত করা। জীববৈচিত্র্যে (ইকো সিস্টেম) সমৃদ্ধ দেশ বাংলাদেশ। এখানে সব ধরনের জীববৈচিত্র্য বিদ্যমান। এ জন্য বাংলাদেশে জনসংখ্যার ঘনত্বও বেশি। জীববৈচিত্র্যের জন্যই আমাদের দেশে পশুপাখি, হাঁস-মুরগি, শাকসবজি, মৎস্য, কৃষি—সব ধরনের উৎপাদন সম্ভব। অন্যান্য দেশের তুলনায় অল্প খরচে বেশি উৎপাদন করা সম্ভব। আমাদের দেশের মানুষ আত্মপ্রত্যয়ী মানুষ। আমাদের নামকরণে সমস্যা আছে। ক্ষুদ্রঋণ গ্রহীতাদের বলে ঋণগ্রহীতা। কিছু ব্যতিক্রম ছাড়া তাঁরা সবাই অর্থ ফেরত দেন। বড় ঋণগ্রহণকারীদের বলা হয় শিল্পপতি। এ বৈষম্য দূর করতে হবে। একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে যাঁরা ঋণ নেন, তাঁদের বলা হয় উপকারভোগী। এনজিওগুলো (বেসরকারি প্রতিষ্ঠান) কৃষিতে ঋণ দেয় না। তাদের কিস্তি থাকে সাপ্তাহিক। এক সপ্তাহে কোনো কৃষিপণ্য উৎপাদিত হয় না। আমরা কৃষিতে ঋণ দিই। মাসিক কিস্তিতে টাকা নিই। ৬০ জন সদস্যকে নিয়ে একটি সমিতি। প্রত্যেক সদস্যের নামে অনলাইনে ব্যাংক হিসাব আছে। আজকে একটি বাড়ি একটি খামারের তহবিল হয়েছে ৯০০ কোটি টাকা। বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে এটি একটি অত্যন্ত ফলপ্রসূ প্রকল্প। প্রশান্ত কুমার রায়: এ প্রকল্পের একটি নির্দিষ্ট লক্ষ্য আছে। এ লক্ষ্য হলো, মানুষ ও সম্পদের সর্বোত্তম ব্যবহার করা। গ্রামের মানুষকে দারিদ্র্যমুক্ত করা। ২০১৫ সালের মধ্যে দারিদ্র্যকে ২০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। আমাদের প্রকল্প এই লক্ষ্যমাত্রা পূরণে ব্যাপক ভূমিকা রাখবে। দেশের প্রতিটি উপজেলার চারটি ইউনিয়ন, প্রতি ইউনিয়নে নয়টি ওয়ার্ড, প্রতি ওয়ার্ডে একটি করে দেশের মোট ১৭ হাজার ৩৮৮টি গ্রামে সমিতি রয়েছে। ৬০ জন সদস্য নিয়ে একটি সমিতি করা হয়েছে। এর মধ্যে ৪০ জন নারী ও ২০ পুরুষ। নারীর ক্ষমতায়নের বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সদস্যদের অবস্থা বিবেচনা করে গরু, হাঁস-মুরগি, মাছ ও শাকসবজি চাষের ব্যবস্থা করা হয়েছে। গ্রামে অনেক ধনী আছেন। তাঁরা শহরে বাস করেন। তাঁদের জমি যাতে দরিদ্ররা চাষ করতে পারেন, সে ব্যবস্থা করা হচ্ছে। প্রকল্পের আরেকটি মূল উদ্দেশ্য মানুষকে সঞ্চয়মুখী করা। প্রত্যেক সদস্য ২০০ টাকা সমিতির হিসাবে জমা দেন। প্রকল্প থেকে তাঁর নামে ২০০ টাকা জমা হয়। এভাবে ৬০ জনের এক বছরে জমা হয় এক লাখ ৫০ হাজার টাকা। প্রকল্প থেকে তাঁদের দেওয়া হয় এক লাখ ৫০ হাজার টাকা। বছরে অনুদান পায় এক লাখ ৫০ হাজার টাকা। সব মিলে এক বছরে সমিতির সঞ্চয় হবে চার লাখ ৫০ হাজার টাকা। দুই বছরে হবে নয় লাখ টাকা। এটা সম্পূর্ণ সমিতির সদস্যদের টাকা। এরপর সমিতির সদস্যরা উঠান বৈঠকে খামারসহ বিভিন্ন প্রকার লাভজনক কাজ করার উদ্যোগ নেন। এখন গ্রাম সংগঠন, বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ, উৎসাহ সঞ্চয়, পুঁজি সৃষ্টি, অনলাইন ব্যাংকিং ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। ফলে এ সমিতির সঙ্গে জড়িত ব্যক্তিরা একটি নিরাপদ আর্থিক কাঠামো পাচ্ছেন। এর মাধ্যমে গ্রামের দরিদ্র মানুষ একটি সমৃদ্ধ জীবন গড়তে পারবেন।মো. বাকি বিল্লাহ: প্রকল্পটি শুরু হয় ২০০১ সালে। তখন সামাজিক ও রাজনৈতিকভাবে নানা রকম নেতিবাচক ধারণা সৃষ্টি হয়। সেটি কাটিয়ে উঠতে সময় লেগেছে। দেশের অনেক মানুষ এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছেন। ইতিমধ্যে তাঁরা বুঝতে পেরেছেন, প্রকল্পটি তাঁদের ভাগ্যোন্নয়নে ভূমিকা রাখবে। প্রকল্পের সমিতিগুলোর সভাপতি ও ব্যবস্থাপকের তদারকির ওপর এর সাফল্য-ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে। তাঁদের সম্মানীর বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। তা হলে তাঁরা আরও দায়িত্বশীল হবেন এবং উৎসাহ নিয়ে কাজ করবেন। দুঃখজনক হলেও সত্য যে দেশে সরকারি কাজ যত ভালোই হোক না কেন, তা সহজে আলোর মুখ দেখে না। একজন এনজিও কর্মকর্তা অনেক সেবা দিচ্ছেন। কিন্তু একজন সরকারি কর্মকর্তা সে পরিমাণ সেবা দিচ্ছেন না। এনজিওর কিস্তি দিতে সাধারণ মানুষ তৎপর। কিন্তু সরকারি প্রকল্পের কিস্তি দিতে গড়িমসি করেন। প্রকল্পের প্রত্যেকটি ব্যক্তির দায়িত্ব আলাদা করতে হবে। প্রত্যেককে লক্ষ্য নির্ধারণ করে দিতে হবে এবং প্রত্যেককে বাধ্যতামূলক জবাবদিহির আওতায় আনতে হবে। নির্ধারিত লক্ষ্য পূরণ করতে না পারলে যদি চাকরিচ্যুত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে দায়িত্বশীলতা বেড়ে যাবে। আজ এনজিওগুলোর প্রকল্পগুলো এগিয়ে যাচ্ছে। কিন্তু সরকারের বাস্তবমুখী, গণমুখী, ইতিবাচক অনেক প্রকল্প আলোর মুখ দেখছে না। অনেক হতদরিদ্র মানুষ এ প্রকল্পের মাধ্যমে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। দারিদ্র্য বিমোচনের জন্য এ রকম একটি বাস্তবমুখী প্রকল্পের সার্বিক উন্নতির জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।মোছাম্মাৎ নাজমানারা খানুম: প্রকল্পটি দ্বিতীয়বার নতুন আঙ্গিকে শুরু হয়। কিন্তু দ্বিতীয়বারও কিছু সমস্যা ছিল। যেমন একটি পরিবারকে গরু, একটি পরিবারকে টিন আবার অন্য একটি পরিবারকে শাকসবজি দেওয়া হচ্ছে। উপকারভোগী বাছাইয়ে ত্রুটি-বিচ্যুতি হচ্ছে। দেখা যাচ্ছে, কিছু সচ্ছল পরিবার সমিতির অন্তর্ভুক্ত হচ্ছে। হয়তো একটি সচ্ছল পরিবার গরু পাচ্ছে। আবার যাঁদের কোনো জমি নেই, তাঁরা শাকসবজির বীজ পাচ্ছেন। একজন বলছেন, ‘আমি গরু পাইনি, আবার আমার কাছ থেকে টাকা নিচ্ছে।’ মাঠপর্যায়ে এটা নিয়ে বড় ধরনের সমস্যা তৈরি হলো। তখন কর্তৃপক্ষকে গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনার অনুরোধ করলাম। লিখিত সুপারিশ জানালাম। কর্তৃপক্ষ প্রকল্পটির আগের সমস্যা দূর করে আবার নতুন পদ্ধতিতে শুরু করে। নতুন ধারণাটি সবার মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া পড়ে। এখন আর আগের মতো সমস্যা নেই। আমি নওগাঁ জেলার কথা বলছি, গত অর্থবছরে আমরা শতভাগ সাফল্য অর্জন করেছি। এ বছর নওগাঁ জেলার ১১টি উপজেলায় উপকারভোগীর সংখ্যা ২৩ হাজার ৭৬০। তাঁরা সঠিক সময়ে টাকা জমা দিয়েছেন। সরকারের পক্ষ থেকে যে সহায়তা, বোনাস পাওয়ার কথা ছিল, তা-ও সঠিক সময়ে পেয়েছি। এই টাকায় যাঁরা লোন পেয়েছিলেন, তাঁরা কিন্তু উপকৃত হয়েছেন। এখানে একটি সমস্যা রয়ে গেছে। গরিব মানুষ মনে করেন, মাসিক কিস্তি না নিয়ে একসঙ্গে বার্ষিক কিস্তি নিলে ভালো হয়। তাঁদের ঋণের পরিমাণও বাড়ানো প্রয়োজন।জোসনা বেগম: আমার বাড়ি কেরানীগঞ্জ। আমি কেরানীগঞ্জ বেয়ারা গ্রাম উন্নয়ন সমিতির একজন উপকারভোগী। সমিতি থেকে ১০ হাজার টাকা ঋণ নিই। এই টাকা দিয়ে একটি গ্লাসের কারখানা করি। এ থেকে আমার লাভ হয় এবং নিয়মিত কিস্তি পরিশোধ করি। কিন্তু আমার আশপাশে অনেকে সমিতি থেকে টাকা ঋণ নেন। তাঁরা হাঁস-মুরগির খামারসহ বিভিন্ন কাজ করেন। কিন্তু তাঁদের কেউ কেউ লাভবান হতে পারেননি। নিয়মিত কিস্তিও পরিশোধ করতে পারেননি।আহমেদ আল কবীর: দারিদ্র্য বিমোচনের জন্য অনেকগুলো প্রকল্প কাজ করছে। একটি বাড়ি একটি খামার প্রকল্প দারিদ্র্য দূরীকরণের সবচেয়ে বাস্তবমুখী প্রকল্প। সরকারের দারিদ্র্য নিরসন কার্যক্রমকে এগিয়ে নিতে এ প্রকল্প ব্যাপক ভূমিকা রাখবে। এখনো তৃণমূল পর্যায়ে প্রাইভেট ব্যাংকগুলোর অংশগ্রহণ কম। এখনো যখন নতুন শাখার প্রস্তাব আসে, তখন সরকারি ব্যাংকগুলোই গ্রামে-গঞ্জে যায়। লাভ কম থাকায় প্রাইভেট ব্যাংকগুলো গ্রামে যায় না। আমার ব্যাংকের বয়স ৬০-৭০ বছর। জনবলও আগের সময়ের। এখানে প্রযুক্তির ব্যবহার কম। ব্যক্তিমালিকানাধীন ব্যাংকগুলোর বয়স ১০ বছর। শুরু থেকেই আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার করতে পারছে। সরকারি ব্যাংকগুলোর অর্ধশতাংশই অনলাইন ব্যাংকিংয়ের আওতায় এসেছে। আগামী বছর হয়তো শতভাগ অনলাইন ব্যাংকিং শুরু হবে। ২০০৯ সালে রূপালী ব্যাংকে যোগ দিই। বাংলাদেশে ব্যাংকিংয়ে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এ প্রকল্পের সঙ্গে যখনই যুক্ত হওয়ার প্রস্তাব এসেছে, সঙ্গে সঙ্গে রাজি হয়েছি এবং দরিদ্র মানুষদের সেবা দিয়ে যাচ্ছি। এ প্রকল্পকে ঠিকভাবে কাজে লাগাতে পারলে নিশ্চিতভাবে দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে। অনেক মুক্তিযোদ্ধা পরিবারের অবস্থা ভালো নয়। তাদের অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়টি ভাবতে হবে।সমর চন্দ্র পাল: ২০০১ সালের ভুল সংশোধন করে ২০০৯ সালে নতুনভাবে প্রকল্পটি শুরু হয়। কাজ করতে গিয়ে কোনো সমস্যা ধরা পড়লে তা-ও ঠিক করা হয়েছে। সংস্কারের কাজ এভাবেই চলতে থাকবে। প্রতিটি সময়ের একটি নতুন চাহিদা থাকে। আজ প্রকল্পটি যেভাবে আছে, ভবিষ্যতে সেভাবে থাকবে কি না, সেটাও বলা যাবে না। সময়ের সঙ্গে সঙ্গে এটিও পরিবর্তন হয়ে যাবে। দুঃখজনক হলেও সত্যি যে প্রকল্পটি নিয়ে প্রচার-প্রকাশনা কম। আমাদের প্রচার ও প্রকাশনা বাড়ানোর মধ্য দিয়ে উপযুক্ত লোকের কাছে পৌঁছাতে পারলে প্রকল্পটি আরও এগিয়ে যেত। যাঁরা সমাজ নিয়ে ভাবেন, তাঁদের উচিত ছিল ভুলগুলো ধরিয়ে দেওয়া। ভুলগুলো শুধরে নিলে প্রকল্পটি আরও অগ্রসর হতে পারত। এনজিওগুলো সপ্তায় সপ্তায় কিস্তি তুলে নেয়। যে কাজের জন্য ঋণ, সে কাজে ব্যবহার করছে কি না, তার ওপর নজরদারি থাকে। সরকার ঋণ দিয়ে জোরপূর্বক এভাবে ঋণ তুলতে পারে না। সব সময় তা সম্ভব হয় না। আমাদের প্রকল্পে কেউ সাপ্তাহিক টাকা শোধ করতে না পারলে, মাসের শেষে টাকা শোধ করার সুযোগ পায়। এটিই এ প্রকল্পের বিশেষত্ব। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। মজিবর রহমান: আমরা প্রকল্প প্রকল্প বলছি। কিন্তু দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা ভাবছি না। আমাদের ২০২১ সাল লক্ষ্যমাত্রা আছে। কেন একটি বাড়ি একটি খামার প্রকল্পকে ২০১২ থেকে ২০২০ পর্যন্ত লক্ষ্যমাত্রা ঠিক করছি না। ভিয়েতনাম এ রকম দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দারিদ্র্য ৫ শতাংশে নামিয়ে এনেছে। আমরা কেন ২০ শতাংশে নামিয়ে আনতে পারব না। ৬০টি পরিবার একটি সমিতির সদস্য। ৬০টি পরিবারের মধ্যে ২০টি পরিবার থেকে ২০টি ছেলেকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করতে হবে। তাহলে ২০টি পরিবার স্থায়ীভাবে দারিদ্র্য থেকে মুক্তি পাবে। তারা আবার সমিতির অন্যদের সহযোগিতা করতে পারবে। প্রকল্পের প্রতিটি সমিতির ক্ষেত্রে যাদি এমন উদ্যোগ নেওয়া হয়। তাহলে সদস্যরা স্থায়ীভাবে দারিদ্র্যমুক্ত হওয়ার সুযোগ পাবে। আনুপাতিক হারে গ্রামের সব অংশের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একটি গ্রামে পাঁচটি পাড়া থাকলে প্রতিটি পাড়া থেকেই আনুপাতিক হারে সমিতির সদস্য নিতে হবে। কমিটিতেও যেন প্রতি পাড়ার মানুষের অংশগ্রহণ থাকে। মিটিং নিয়ে অনেক রকমের সমস্যা হয়। ইউনিয়ন কো-অর্ডিনেশন কমিটির মাধ্যমে এ সমস্যা দূর করা যায়। কারণ, প্রতিটি সমিতির চেয়ারম্যান এবং ন্যাশনাল বিল্ডিং বিভাগের লোকজন এখানে থাকেন। এখান থেকেই সিদ্ধান্ত নিতে পারেন, কে কবে কোন সমিতিতে যাবেন। তাহলে সঞ্চয় ঋণ আদায়ের ক্ষেত্রে গতি আসবে। একটা পরিবার থেকে যেন একজনের বেশি সদস্য না থাকেন। দেশের পড়ে থাকা পুকুরগুলো সমিতির মাধ্যমে ১০ বছর ব্যবহারের চুক্তিতে খনন করা যেতে পারে। পুকুরের পাড়ে গাছের চাষও করা যেতে পারে। তাহলে কর্মসংস্থান বাড়বে। আয় বাড়বে। সমিতির উপদেষ্টা সাংসদের ব্যস্ততার জন্য তাঁকে নিয়ে সভা করা কঠিন। এ বিষয়টি ভাবতে হবে।পারুল বেগম: আমার বাড়ি মনিকগঞ্জ। গড়পাড়া ইউনিয়নে। আমি শাকরাইল গ্রাম উন্নয়ন সমিতির সদস্য। আমি সমিতি থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়েছি। আমার স্বামীকে একটা পুরোনো রিকশা কিনে দিয়েছি। আর কিছু টাকা দিয়ে কাপড় কিনেছি। কাপড়ে হাতে এমব্রয়ডারি করি। তারপর বিক্রি করি। এতে আমাদের সংসারের আয় বাড়ে। ঠিকমতো ঋণের কিস্তি দিতে পারি। আমাদের আশপাশেও অনেকে ভালো করেছেন। কিন্তু একজন একটা গুরু কিনেছিলেন, তাঁর গরুটা মারা গেছে। রাজী মোহাম্মদ ফকরুল: উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ডিস্ট্রিক কমিশনার (ডিসি) এবং আমরা যারা সম্পৃক্ত আছি, তারা কেবল সম্মানের জন্যই আছি। উৎসাহব্যঞ্জক কিছু কর্মসূচি নেওয়া উচিত। আমার জানামতে, একজন ডিসি ১০০টি সমিতির সভাপতি। তাহলে তাঁকে ১০০টি জায়গায় কত সময় দিতে হয়েছে। কিন্তু সে অনুযায়ী তাঁকে স্বীকৃতি দেওয়া হয়নি। বাংলাদেশের মাটি যেমন উর্বর, এ দেশের মানুষের মাথা তার চেয়ে বেশি উর্বর। এসব মানুষকে প্রেরণা দিতে হবে, স্বীকৃতি দিতে হবে। তাহলে তারা আরও বেশি সৃজনশীল ও উৎপাদনশীল হবে। প্রতিটি জেলা প্রশাসকের অধীনে সেই জেলার সব বাজারের ইজারা দেওয়া হয়। বাজারের একটি দোকান সমিতির পণ্য বাজারজাত করার জন্য রাখতে হবে। সবজি মৌসুমে গ্রামে যে সবজি তিন টাকায় বিক্রি হয়, ঢাকায় সেই সবজি বিক্রি হয় ৩০ টাকায়। যদি এটাকে প্রক্রিয়াজাত করা যেত, তাহলে কৃষকও সঠিক দাম পেতেন এবং ভোক্তারাও সঠিক দামে কিনতে পারতেন। সৈয়দা ফারহানা কাউনাইন: প্রকল্পের অগ্রগতি ধরে রাখতে হলে একটি স্থায়ী কাঠামো দিতে হবে। এর কোনো বিকল্প নেই। আমাদের লক্ষ্য ২০১৫ সালের মধ্যে দারিদ্র্যসীমা অর্ধেকে নামিয়ে আনা। এ কর্মসূচিতে যাঁরা অংশ নিয়েছেন, তাঁরা অনেকেই একাধিকবার ঋণ নিয়েছেন। সেই বাড়িগুলো ঘুরে দেখেছি। তাঁদের পরিবর্তন হয়েছে। তাঁদের মুখে একটা প্রশান্তির হাসি দেখেছি। বিভিন্নভাবে নারীর ক্ষমতায়ন হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমেও নারীর ক্ষমতায়ন হচ্ছে। আমরা যে পরিবারগুলোকে গরিব বলছি, তাদের কিন্তু একটা মূলধন হয়ে গেছে। তারা এই সমিতি থেকে ঋণ নিয়েছে। টাকাগুলো কাজে লাগিয়েছে। তাদের খুশির দিন ফিরে এসেছে। তারা বলছে, আমরা ভালো আছি। তারা দ্বিতীয়বার ঋণ নিতে আগ্রহ প্রকাশ করেছে। সামাজিক বৈঠকগুলোর মাধ্যমে অনেক সামাজিক আন্দোলন করা গেছে। সমাজের খারাপ কাজগুলো পরিহার করতে পেরেছে। ওই সময় আমাদের বিরুদ্ধে একটি অপপ্রচার ছিল। এই প্রকল্প বন্ধ হয়ে যাবে। টিকবে না। কিন্তু এখন এ প্রকল্পে মানুষের আস্থা ফিরে এসেছে। আস্থা ধরে রাখার জন্য জনপ্রতিনিধিদের জোরাল ভূমিকা রাখতে হবে। এ প্রকল্পটি ভালোভাবে চালিয়ে নিতে পারলে বাংলাদেশে আর কোনো সন্তানকে গরিবঘরে জন্ম নিতে হবে না।কাজী মোরতুজা আলী: এ দেশের সাধারণ মানুষের কাছে ব্যাকিংসেবা পৌঁছে দিতে পেরেছি। এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। আমরা অত্যন্ত সচ্ছতার সঙ্গে এ কাজটি করতে পেরেছি। এটি আমাদের বড় সাফল্য। সারা দেশে ১০ লাখের ওপরে সদস্য আছেন। তাঁরা তাঁদের ব্যাংক হিসাবে টাকা জমা দিলে সরকারের পক্ষ থেকে তাঁদের হিসাবে বোনাস জমা হলে এবং তাঁদের ঋণ পাস হলে সঙ্গে সঙ্গেই তাঁদের মোবাইলে খুদে বার্তা পৌঁছে যাচ্ছে। তাঁদের টাকা-পয়সার লেনদেন করার জন্য ব্যাংকে আসতে হয় না। ইউনিয়ন পরিষদের সেবাকেন্দ্রে গিয়েই লেনদেন সম্পন্ন করতে পারেন। এর জন্য কোনো সার্ভিস চার্জ দিতে হয় না।তোফায়েল আহমেদ: এ প্রকল্পের একটি ভালো দিক হলো, সমস্যা স্বীকার করা হয়েছে। ত্রুটি স্বীকার করলে তার সমাধান হয়। গরু বিতরণের সময় ঘটনাক্রমে এক জায়াগায় উপস্থিত ছিলাম। দেখেছি এর কত রকমের অসুবিধা। সেখানে স্থানীয় সাংসদ এসে হাজির। গরুগুলো তাঁর হাত দিয়ে দিতে পারলে তাঁর সুনাম হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তাঁরা কেন বাদ যাবেন? গরু কেনা। গরুর মান। এসব নিয়ে অনেক প্রশ্ন হয়তো থাকবে। সচিব সাহেব প্রাতিষ্ঠানিকতার কথা বলেছেন। বাংলাদেশে এ মুহূর্তে ৮৪টির মতো নিরাপত্তাবেষ্টনী প্রকল্প আছে। তাদের সমস্যা আছে। সমাধানও হচ্ছে। কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে অনেক কিছু ভাবতে হবে। সে ক্ষেত্রে নিচ থেকে ওপর পর্যন্ত কাঠামো ঠিক করতে হবে। কোথায় কে কী কাজ করবে। কার সঙ্গে কী সম্পর্ক থাকবে, সেসব ঠিক করতে হবে। এ প্রকল্প এখন প্রাক্-সমবায় হিসেবে আছে। কিছু নিয়মনীতি পরিপালন করে একে সমবায় করা যাবে। এখন সমিতিগুলো কোনো শক্ত ভিত্তির ওপর নেই। প্রত্যেকের হিসাবে টাকা জমা হচ্ছে। যেকোনো সময় তাঁরা তাঁদের টাকা তুলে নিতে পারেন এবং সমিতিতে না-ও থাকতে পারেন। তাই গঠনমূলক প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, যাতে সমিতি টিকে থাকে। প্রকল্পের নাম একটি বাড়ি একটি খামার। তাহলে যাঁর বাড়ি আছে, খামার আছে, তাঁকে টাকা দেওয়া হবে। কিন্তু ৫-১০ হাজার টাকায় বাড়িও হয় না, খামারও হয় না। তার পরও নামকরণ ঠিক আছে। কারণ, দরিদ্রদের সহযোগিতা করে একটা পর্যায়ে আনতে হবে। তারপর তাঁদের বাড়ি-খামার হবে। কিন্তু ভবিষ্যতে এ প্রকল্পকে টেকসই করতে হলে, উন্নয়ন করতে হলে একটি সুচিন্তিত পরিকল্পনা এখনই নিতে হবে। তা না হলে সরকারের আর ১০টা স্বল্পমেয়াদি নিরাপত্তামূলক প্রকল্পের মতো যেনতেনভাবে চলতে থাকবে এবং শেষ হয়ে যাবে। কাজী খলীকুজ্জমান: অনেক সমস্যা থাকার পরও গ্রামীণ অর্থনীতি শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে। একজন শ্রমিকের এক দিনের মজুরি ১০-১১ কেজি চালের মূল্যের সমান। এখন আমাদের দীর্ঘমেয়াদি উন্নয়নের দিকে যেতে হবে। বিশ্ব সে দিকে যাওয়ার চেষ্টা করছে। রূপকল্প ২০২১-এ সবকিছু বলা আছে। আমাদের কীভাবে সামনের দিকে যেতে হবে, কী করতে হবে, কী করতে হবে না—সবকিছু হতে হবে সে আঙ্গিকে। গ্রামীণ উন্নয়নের কথা বারবার বলে আসছি। দেখিনি। কিন্তু গত তিন-চার বছরের বাজেট বিশ্লেষণ করলে দেখা যাবে, গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষিসহ অন্যান্য ক্ষেত্রে বরাদ্দ বেড়েছে। গ্রামের কৃষকদের ব্যাংক হিসাব হয়েছে। হাজার হাজার মানুষ একটি বাড়ি একটি খামার প্রকল্পের সঙ্গে জড়িত। এখনই হয়তো খামার-বাড়ি হবে না, কিন্তু লক্ষ্য থাকবে একসময় যেন তাঁদের খামার ও বাড়ি হয়। সমিতির সদস্য এবং সরকারের অনুদান দিয়ে একসময় সমিতির একটি বড় তহবিল হবে। কিন্তু পারিবারিক উন্নয়ন কেবল অর্থ দিয়ে হবে না। অর্থের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টিসহ অন্যান্য বিষয়ের উন্নয়ন করতে হবে। ক্ষুদ্রঋণের ক্ষেত্রে প্রমাণিত হয়েছে, শুধু টাকা দিয়ে উন্নয়ন হয় না। উন্নয়নের সঙ্গে স্বাস্থ্য, শিক্ষাসহ অনেক কিছু জড়িত। সবকিছুর সমন্বিত উন্নয়ন না হলে প্রকৃত উন্নয়ন হবে না। একটি বাড়ি একটি খামার প্রকল্পেও স্বাস্থ্য-শিক্ষাকে অন্তর্ভুক্ত করতে হবে। তা না হলে টেকসই উন্নয়ন হবে না। কেবল ঋণ দেওয়া নেওয়ার মাধ্যমে দারিদ্র্য নিরসন হবে না। কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য নিরসন করতে হবে। এর জন্য প্রয়োজন শিক্ষা, স্বাস্থ্য, পশুপালন, হাঁস-মুরগি, শাকসবজি —এগুলো চিরায়ত পদ্ধতি। এখন ছোট ছোট শিল্প ও ব্যবসা উদ্যোগের দিকে যেতে হবে। তাহলে উৎপাদনশীলতা বাড়বে। কর্মসংস্থান হবে। আয় বাড়বে। প্রকল্প টেকসই হবে। উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগ নিতে হবে। একে কোনো ফাউন্ডেশন বা অন্য কোনো উন্নয়ন সংগঠন হিসেবে স্থায়ী রূপ দিতে হবে, যাতে প্রকল্প কখনো শেষ না হয়। অতীতে অনেক প্রকল্প বিদেশিদের প্ররোচনায় নেওয়া হয়েছে। যেটি বিভিন্ন কারণে বন্ধ হয়েছে। মাঝখানে বিশাল ঋণের বোঝা দেশবাসীর ঘাড়ে পড়েছে। এটি হচ্ছে দেশীয় উদ্যোগে এমন একটি বস্তবভিত্তিক প্রকল্প, যার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ সম্ভব। মাত্র এক বছর সাত মাসে একটি বাড়ি একটি খামার প্রকল্পের যে উন্নয়ন, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।মিহির কান্তি মজুমদার: এ প্রকল্পের সবচেয়ে বড় একটি কাজ হলো, আমরা সমস্যা চিহ্নিত করতে পেরেছি। এখন সমস্যার সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে কোনো অসুবিধা হবে না। প্রথম বছর প্রকল্পের সঞ্চয় ছিল পাঁচ কোটি টাকা। পরের বছর সঞ্চয় বেড়ে হয়েছে দেড় শ কোটি টাকা। এর অর্থ হচ্ছে—দরিদ্র মানুষও নিজেকে নিয়ে চিন্তা করে। সে সঞ্চয় করতে চায়। ভালো থাকতে চায়। মানুষের আয় বেড়েছে। আগে মজুরি পেত ১০০ টাকা এখন পায় ৪০০-৫০০ টাকা। এখন প্রতি গ্রামে বিমা কোম্পানির প্রতিনিধি আছেন। গত বছর প্রিমিয়াম হিসেবে তাঁরা সংগ্রহ করেছেন ছয় হাজার কোটি টাকা। এই টাকা গ্রামে বিনিয়োগ হয় না। কিন্তু একটি বাড়ি একটি খামারের সম্পূর্ণ সঞ্চয় গ্রামের জন্য বিনিয়োগ হচ্ছে। নিশ্চিতভাবে বলা যায়, এই প্রকল্পের মাধ্যমে গ্রামের মানুষের দারিদ্র্য দূর হবে। আজকের আলোচনায় বেশ কিছু মতামত এসেছে। এগুলো আমরা বিবেচনায় নেওয়ার চেষ্টা করব।আব্দুল কাইয়ুম: একটি বাড়ি একটি খামার প্রকল্প নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। অনেকেই প্রকল্পের ভালো সম্ভাবনার কথা বলেছেন। আলোচনা থেকে অনেক পরামর্শ এসেছে। পরামর্শগুলো কাজে লাগাতে পারলে ভবিষ্যতে দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।