একটি বিত্তবান পরিবারের বিয়ে বা ওয়ালিমা অনুষ্ঠানের রীতিনীতি মোটামুটি আমাদের জানা। রুচিভেদে তার কিছু তারতম্য হয়তো হয়। কিন্তু দুই পরিবারের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন মিছিল নিয়ে হেঁটে ওয়ালিমার অনুষ্ঠানে রওনা হয়েছেন, তা-ও আবার মিছিলের অগ্রভাগে ব্যানার হাতে স্বয়ং বর-কনে, এমন ঘটনা এ দেশে আগে কখনো ঘটেছে বলে শুনিনি। সম্প্রতি চট্টগ্রাম শহরে ঘটেছে এমনই একটি ঘটনা। এর আগে চিকিৎসক দম্পতি রাকিবুল ও ভিকারুন্নেসার বিয়ের দিনটিতেও হরতাল ছিল। আয়োজনের ক্ষেত্রে নানা ঝক্কি-ঝামেলা থাকলেও সন্ধ্যায় মোটামুটি নির্বিঘ্নে সম্পন্ন করা গেছে সেই অনুষ্ঠান। কিন্তু ওয়ালিমার দিন ৩৬ ঘণ্টার হরতালের ফাঁদে পড়ে গেছেন আয়োজকেরা।অতিথি-অভ্যাগতরা কীভাবে অনুষ্ঠানে পৌঁছাবেন সে তো পরের প্রশ্ন, ভাঙচুরের ভয়ে বর-কনে বহন করার গাড়িটিও বের করার ঝুঁকি নিতে পারেননি তাঁরা। অবশেষে নিতে হলো পদব্রজে অনুষ্ঠানস্থলে যাওয়ার সিদ্ধান্ত। এ রকম উপলক্ষ মানুষের জীবনে প্রতিদিন আসে না। সেই পরমলগ্ন যখন কারও আনন্দহীন হয়ে পড়ে দেশের রাজনৈতিক টানাপোড়েনে, তখন তাঁর বা তাঁদের প্রতিক্রিয়া কেমন হতে পারে তা সহজেই অনুমেয়। বিয়ের আয়োজকেরা তাই ক্ষোভের কথা তুলে ধরেছেন ব্যানারে, ‘হরতালের তাল বুঝবে এমন সাধ্য কার/ ক্ষোভ ও ঘৃণায় এ পদযাত্রা।’ চিকিৎসক দম্পতি ও তাদের পরিবারের দুর্ভোগের কথা আমরা জেনেছি পত্রপত্রিকার সূত্রে। কিন্তু আমরা কি জানি, কত শত-সহস্র পরিবারের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার কত আয়োজন এভাবে ব্যর্থ হয়ে গেছে রাজনৈতিক কর্মসূচির কবলে পড়ে? রাজনীতিকেরা সাধারণ মানুষের এ প্রতিক্রিয়া আদৌ আমলে নেবেন কি না জানি না, কিন্তু এসব বঞ্চনার কথা কি বাকি জীবনে ভুলতে পারবেন ভুক্তভোগীরা? ২.জামায়াতের ডাকা হরতালের দিন ইজিবাইক নিয়ে বেরিয়েছিলেন মুসা। রাজনৈতিক কর্মসূচি প্রত্যাখ্যান বা অগ্রাহ্য করে নয়, নেহাত পেটের দায়ে বেরোতে হয়েছিল তাঁকে। কেননা পাঁচ বোন, দুই ভাই আর মা-বাবা মিলে ১০ জনের সংসারে মুসাই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল এলাকায় কয়েকজন যুবক পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন তাঁর ইজিবাইকে, মুসার গায়েও আগুন লাগিয়ে দেন তাঁরা। অগ্নিদগ্ধ মুসাকে স্থানীয় লোকজন যখন উদ্ধার করেন, তখন তাঁর অবস্থা গুরুতর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শরীরের ৭৫ শতাংশই দগ্ধ, এ ধরনের রোগী সাধারণত বাঁচে না। মুসা এখন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে মৃত্যুর প্রহর গুনছেন। যদি সুস্থ হয়ে ওঠেনও, কর্মক্ষম থাকবেন এমন সম্ভাবনা কম। যে লোকটি পরিবারের বোঝা বহন করতেন, তিনিই হয়তো হয়ে উঠবেন পরিবারের বোঝা।অগ্নিদগ্ধ ছেলেকে দেখে মুসার মা বিবি সখিনা বিলাপ করছিলেন, ‘আমার ছেলে নিয়মিত নামাজ আদায় করত, দাড়িও রেখেছিল, ওরা আমার ছেলের দাড়ি পুড়িয়ে দিল কেন?’কে এ প্রশ্নের উত্তর দেবে? যাঁরা দাড়ি-টুপির মর্যাদা রক্ষার জন্য সরব, তাঁদের কাছে মুসার মায়ের এ আর্তির কোনো মূল্য কি আদৌ আছে?৩.মায়ের হাত ধরে হেঁটে কোচিং সেন্টারে যাচ্ছিল অপর্ণাচরণ স্কুলের নবম শ্রেণীর ছাত্রী অন্তু। হঠাৎ রাস্তায় পরপর দুটো বিস্ফোরণ। মায়ের সামনেই চোখে হাত ধরে কঁকিয়ে উঠল মেয়েটা। বিপন্ন মা শিউলি বড়ুয়া দেখলেন মেয়ের চোখ বেয়ে গড়াচ্ছে রক্ত। এলাকার লোকজনের সহায়তায় অন্তুকে নিয়ে ছুটে গেলেন মেডিকেল কলেজে। চিকিৎসকেরা জানালেন, স্প্লিন্টারের আঘাত লেগেছে চোখের কর্নিয়ায়, ভ্রুতে সেলাই দিতে হয়েছে, গাল থেকে স্প্লিন্টার বের করা হয়েছে। অন্তু কখন সুস্থ হয়ে উঠবে, হলেও পুরোপুরি হবে কি না, আমরা জানি না। শুধু জানি, যেকোনো দিন অন্তু ও তার মায়ের মতো এ পরিণতির শিকার হতে পারে যেকোনো শিশু ও তার মা-বাবা।অন্তুর আহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী পত্রিকান্তরে বলেছেন, ‘যারাই করুক, এ ধরনের ঘটনা ন্যক্কারজনক। আওয়ামী দুঃশাসন সীমা ছাড়িয়ে যাওয়ায় বিরোধী দলকে বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে। তবে রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতাসহ নানা জঘন্য কর্মকাণ্ড কারও কাম্য হতে পারে না।’ খসরু রাজনীতিতে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত, আমরা বিশ্বাস করি তিনি আন্তরিকভাবেই বলেছেন এ কথা। কিন্তু হরতালের আগের দিন কর্মিসভায় তিনি কখনো কি কর্মীদের সতর্ক করে দিয়ে বলেছেন, আমরা কর্মসূচি দিয়েছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তা পালন করবে, কোনো ভাঙচুর, জ্বালাও-পোড়াও আমরা চাই না!যদি বলতেন, আমরা আশ্বস্ত হতাম। তাহলে অন্তুর দুর্ঘটনার মাত্র এক দিন পর একই ধরনের ককটেল বিস্ফোরণ ও স্প্লিন্টারের আঘাতে হয়তো নষ্ট হতো না মেডিকেল কলেজের ছাত্র সুজনের ডান চোখটি।৪.‘মাহবুব ভাই আমার হাতে একটি ককটেল দিয়ে বলল, তা যেন ছুড়ে মারি। ককটেলটি আমার জীবনের সব এলোমেলো করে দিল। মাকে বলেছি থানায় দেখতে না আসতে। হাতকড়া পরা অবস্থায় আমাকে দেখলে মা হার্ট অ্যাটাক করবেন। আমি মিষ্টি খেতে পছন্দ করি, মা তাই থানায় মিষ্টি পাঠিয়ে দিয়েছেন। আগামী সেপ্টেম্বর মাসে বিবিএ পড়তে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার কথা ছিল। সব কাগজপত্র ঠিক করা আছে। আমি মা-বাবার একমাত্র ছেলে। শিবিরের রাজনীতি করি, মা-বাবা তাই আমাকে নিয়ে খুব শঙ্কিত ছিলেন। আজকের এ কাজের জন্য আমি খুবই অনুতপ্ত। নিজের কাছে নিজেকে খুবই খারাপ লাগছে।’গত ২৬ মার্চ চট্টগ্রামের বায়েজিদ থানায় বসে স্থানীয় দৈনিক পূর্বকোণ-এর প্রতিবেদককে বিষণ্ন মুখে এসব কথা বলছিলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির [আইইউবি] বিবিএর ছাত্র ফয়সাল আহমদ পাটোয়ারী। আগের দিন হরতালে আতুরার ডিপো এলাকায় ককটেল ছুড়তে গেলে এলাকাবাসী ধরে ফেলেন তাঁকে, তুলে দেন পুলিশের হাতে।ফয়সাল বিত্তবান পরিবারের ছেলে। বাবার বিদেশি গাড়ির শোরুম আছে, নগরের শেরশাহ কলোনিতে নিজস্ব বাড়ি ছাড়াও আরেফিন নগরে আরও তিনটি ভবন আছে। ফয়সালের উপলব্ধি: ‘সংসারে কোনো অভাব নেই, মা-বাবা অনেক আদরে ভাইবোন দুজনকে বড় করেছে। শুধু শিবিরের রাজনীতির সঙ্গে জড়িয়ে নিজেকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছি। এখন আমার মনে হচ্ছে, কাজটা আমি ঠিক করিনি।’ফয়সাল এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন, বলেছেন, ‘শিবিরের রাজনীতি করার কারণে মা-বাবা আমার ওপর সন্তুষ্ট না থাকায় সেখান থেকে বের হওয়ার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলাম। কোনোমতেই বের হতে পারছিলাম না। সিদ্ধান্ত নিয়েছিলাম কয়েক দিন পর দেশের বাইরে চলে যাব, তখন সব ঠিক হয়ে যাবে।’এ গল্প শুধু একজন ফয়সালের তো নয়, আরও কত তরুণ এভাবে প্রবেশ করেছেন সেই চক্রব্যূহে, যেখান থেকে বেরিয়ে আসার পথ জানা নেই তাঁদের। অথচ বিশ্বজুড়ে কী বিশাল সম্ভাবনার পরিচয় তুলে ধরছেন এই দরিদ্র দেশের তরুণেরা, মুহিত, মুসা, নিশাত, ওয়াসফিয়া কিংবা সাকিব আল হাসানেরা তো এ দেশেরই ছেলে। এ রকম এক নিঃশ্বাসে উচ্চারণ করার মতো শত শত তরুণের নাম মনে আসে, যাঁরা নানা ক্ষেত্রে অসাধারণ সব কাজ করে এ ক্ষুদ্র দেশটি যে ক্ষুদ্র নয় সেই বার্তা পৌঁছে দিচ্ছেন বাইরের পৃথিবীতে। তাঁরা কেন উদাহরণ ও প্রেরণা হয়ে উঠছেন না ফয়সালদের কাছে? বিশ্বজিৎ চৌধুরী: কবি, লেখক ও সাংবাদিক।[email protected]