একটি রায় ও কয়েকটি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার দেশের কয়েকটি জাতীয় দৈনিকে ছাপা হওয়া একটি খবর পড়ে প্রথমে দারুণ উৎফুল্ল হই। খবরটি হচ্ছে কিশোরগঞ্জে ধর্ষণের অপরাধে শাহিন মিয়া নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা, অনাদায়ে অতিরিক্ত এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুকন্যার পিতৃত্ব, ভরণপোষণ ও উত্তরাধিকার হিসেবে সম্পত্তির অংশ প্রদানের জন্য আসামিকে নির্দেশ দেন আদালত। আসামি ওই দায়িত্ব পালনে অপারগ হলে রাষ্ট্রীয়ভাবে সেই অধিকার নিশ্চিত করার জন্য প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনালের বিচারক।

খবরটি পড়ে মনে খুব শান্তি পেলাম। যা হোক, একজন একজন ধর্ষক তো অন্তত শাস্তি পেল। আর সবচেয়ে ভালো খবর হচ্ছে ধর্ষণের ফলে যে শিশুটির জন্ম হয়েছে, সেই শিশু ভরণপোষণ পাবে তার বাবার কাছ থেকে। খুবই ভালো কথা। মনটা প্রথমে শান্তিতে ভরে গেলেও কিছুক্ষণ পর মনে হলো আদালত তো রায় দিল, কিন্তু রায় কার্যকর হবে কি? সত্যিই কি ধর্ষণের ফলে জন্ম নেওয়া কন্যাসন্তানটি তার বাবার কাছ থেকে ভরণপোষণ পাবে?

ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের ভার ধর্ষকের ওপর ন্যস্ত হওয়ার রায় এটাই প্রথম নয়; এর আগেও এ রকম রায় হয়েছে। গত বছরের ১ মার্চ ফেনীতে এবং একই বছরের ১ নভেম্বর জয়পুরহাটে একই ধরনের রায় দেওয়া হয়।

জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গৃহকর্মীকে ধর্ষণের দায়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নারিকেলি গ্রামের বাসিন্দা রোস্তম আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তানের ভরণপোষণ দেওয়ার নির্দেশ দেন তাঁকে।

এই ঘটনার ব্যাপারে আমি একটু খোঁজখবর করি। এতে জানতে পারি, ওই ধর্ষক আদালত থেকে জামিন নিয়ে এখন ঢাকায় অবস্থান করছেন। আর ধর্ষণের শিকার সেই গৃহকর্মী ধর্ষকের বাড়ির বারান্দায় ছেলে নিয়ে বসবাস করছেন। জীবিকা নির্বাহ করছেন সেলাই-ফোঁড়াইয়ের কাজ করে। রোস্তম আলী তাঁদের কোনো খোঁজ-খবরই রাখেন না, সন্তানের ভরণপোষণ দেওয়া তো দূরের কথা। আদালতের রায় কার্যকর হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব ছিল জেলা ও উপজেলা প্রশাসনের। কিন্তু এ নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। ওই গৃহকর্মী এ ব্যাপারে আক্কেলপুর থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছিলেন। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। বোঝা যাচ্ছে, ভরণপোষণের বিষয়টি দরিদ্র নারীর জন্যই প্রাসঙ্গিক বেশি।

এ-ই যদি অবস্থা হয়, তাহলে এ ধরনের রায়ে খুব খুশি হওয়ার কিছু নেই। ধর্ষণের শিকার নারী ও ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কাই বেশি। তাহলে কী দাঁড়াল অবস্থা, সেই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়। আসলে কে মাথা ঘামাবে ধর্ষণের শিকার এসব নারী আর ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তানদের নিয়ে?। যে সমাজে ধর্ষণের জন্য ধর্ষণের শিকার নারীকে দায়ী করা হয়, সেখানে এ রকমই হওয়ার কথা। কে যাবে তাদের অধিকার নিয়ে কথা বলতে?

আর যদি কোনো ক্ষেত্রে ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুটি ধর্ষকের কাছ থেকে ভরণপোষণের টাকা ঠিকভাবে পেয়ে বড় হয়ে জানতে পারে যে তার বাবা, যার টাকায় এত দিন সে লালিত-পালিত হয়েছে, সে তার মায়ের ধর্ষক, তার মাকে সে বিয়ে করেনি, তাকে সে অস্বীকার করতে চেয়েছিল, তখন তার কেমন লাগবে? কিংবা সমাজে তার গ্রহণযোগ্যতা কতটুকু হবে? সে কি স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে? সে কি ভবিষ্যতে পরিচয়ের সংকটে ভুগবে না? তাকে কি প্রতিপদে বুঝিয়ে দেওয়া হবে না যে ধর্ষণের ফলে তার জন্ম? এসব শিশুর সামাজিক জীবন জটিল হওয়ার আশঙ্কাই বেশি।

যদিও আমরা অনেকেই ধর্ষণের শিকার নারীকে ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়ার বিষয়টিকে সমর্থন করি না। কারণ, এর মধ্য দিয়ে ধর্ষণের শিকার নারীকে সারা জীবন ধরে ধর্ষণের শিকার হওয়ার সুযোগ করে দেওয়া হয়। কিন্তু গ্রাম্য সালিসে এটাকেই সমাধান হিসেবে দেখা হয়। ধর্ষণের শিকার নারীর বাবা-মা বা অন্যান্য আত্মীয়-স্বজনও বিষয়টিকে সমর্থন করেন। তাঁরা ভাবেন, এভাবে যদি মানসম্মান বাঁচানো যায়। কেননা, ধর্ষণের শিকার হয়েছে, এমন মেয়ের বিয়ে হওয়াটাই যে কঠিন হয়ে পড়ে। কী এক অদ্ভুত সামাজিক পরিবেশে আমরা বসবাস করি, তাই না? মূল সমস্যা আসলে আমাদের সমাজের দৃষ্টিভঙ্গিতে। সমাজের দৃষ্টিভঙ্গির যত দিন না পরিবর্তন হবে, তত দিন এসব সমস্যা রয়েই যাবে।

আমাদের এই সমাজকে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, বুঝতে হবে। ধর্ষণের জন্য কোনোভাবেই একটি মেয়ে দায়ী নয়—এটা বুঝতে হবে সবার আগে। সামাজিকভাবে তাকে হেয় করার সুযোগ নেই। একইভাবে ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুরও অধিকার আছে আর দশটা শিশুর মতো বেড়ে ওঠার। একাকী মায়ের অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা গেলে পিতৃপরিচয়হীন শিশুর ভবিষ্যতের অনিশ্চয়তাটা কমানো যাবে।

নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব ধর্ষকের। যদি ধর্ষক ওই দায়িত্ব পালনে অপারগ হয় বা করতে না চায়, তবে রাষ্ট্র সেই অধিকার নিশ্চিত করার দায়িত্ব নেবে।

কাজেই আমরা এ ধরনের রায় আরও চাই। তবে রায় কার্যকর হচ্ছে কি না, তা রাষ্ট্রকে দেখতে হবে; পাশাপাশি সমাজকেও এগিয়ে আসতে হবে। এসব ক্ষেত্রে সামাজিক আন্দোলনটা অনেক বেশি জরুরি। সহানুভূতির পাশাপাশি আমাদের মনকেও তো মুক্ত করার দরকার আছে।
রোকেয়া রহমান: সাংবাদিক