একটি সকালের শুরু
সকাল থেকে পরিস্থিতি কত বদলায়! আবার হয়তো কিছুই বদলায় না। সকালে উঠেই পত্রিকায় দেখলাম, বাসে এক তরুণীকে ধর্ষণের পর খুন করা হয়েছে। ঠিক সেই দিল্লির ঘটনার মতো। এ কেমন এক দিনের শুরু!
আজ আবার গুমের শিকারদের স্মরণে আন্তর্জাতিক দিবস। কেন যেন মনে হয় খুনের চেয়েও গুম ভয়াবহ। কোনো পরিবারের কেউ খুন হলে তাঁর একটি ‘মৃত্যুদিন’ থাকে। পরিবার শেষ দেখা দেখতে পারে। যত্নে, ভালোবাসায় শেষ বিদায় দিতে পারে। কবর বা দাহ করার স্থানটা জানতে পারে। পারে স্মৃতি ধরে রাখার সাধ্যমতো ব্যবস্থা করতে। গরিব বা এতিমদের কিছু খাইয়েও অনেকে হয়তো শান্তি পান। অন্তত কবরটি তো জিয়ারত করা যায়! কিন্তু যাঁরা গুম হয়েছেন? তাঁদের পরিবারগুলোর দিন কীভাবে কাটে? অনেকেই ধরে নিয়েছেন, তাঁদের পরিবারের লোকটি আর ফিরে আসবেন না। কিন্তু মন কি মানে! অপেক্ষা কষ্টের। কিন্তু এই অপেক্ষার কষ্ট সম্ভবত ভয়াবহতম। ঈদ আসছে। গুম হয়ে আছেন এমন এক বাবার ছোট্ট মেয়ে আদিবা বাবার সঙ্গে ঈদ করতে চায়। বলেছে, ‘আমি আমার বাবার সঙ্গে ঈদ করতে চাই। প্লিজ, আমার বাবাকে ফিরিয়ে দিন!’
আমরা ঈদ করব। এই আদিবার আশা কি পূরণ হবে? আমাদের দেশে ‘স্বাধীন’ জাতীয় মানবাধিকার কমিশন আছে। তারা একটি বিবৃতি দিয়েছে। তারা গুমের তথ্য সংরক্ষণ করে। তাদের হিসাব বলছে, এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত গুম ও অপহরণ হয়েছেন ৫২ জন। এই আগস্টেরই ২২, ২৩ ও ২৭ তারিখ অপহরণ বা গুম হয়েছেন তিনজন। এর মধ্যে একজন ব্যাংকার ছিলেন। আজকের পত্রিকার একটি সুসংবাদ হচ্ছে সেই ব্যাংকার ফিরে এসেছেন। তিনি গত ছয় দিন কোথায় ছিলেন বা কারা তাঁকে ধরে নিয়ে গিয়েছিল, তা কি আমরা জানতে পারব? খুব সম্ভবত না। এই ব্যাংকার সৌভাগ্যবান, তিনি পরিবারের সঙ্গে ঈদ করতে পারবেন! বাকি দুজন এখনো ফেরেননি, ঈদের আগে তাঁরা ফিরবেন—এই আশা কি আমরা করতে পারি?
মিয়ানমারের আরাকানে রোহিঙ্গারা হামলার শিকার হয়ে দলে দলে পালাচ্ছেন। হাজার হাজার শরণার্থী বাংলাদেশ সীমান্তে জড় হয়েছেন। বাংলাদেশে ঢুকতে চাইছেন। আমার তাঁদের ঢুকতে দিতে পারছি না। আসলে আমরা সে অবস্থায় নেইও। এখন বাংলাদেশে প্রায় চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে আছেন। আরও চাপ নেওয়ার ক্ষমতা কি বাংলাদেশের আছে? কিন্তু সমস্যাটি তো মানবিক। এ এক বড় দ্বিধা-দ্বন্দ্বের বিষয়। এই বর্ষায়, এই পানি-কাদায় ঘর ছেড়ে পালানো এই মানুষগুলোর অবস্থা কী! ১০০ জনের বেশি মানুষ মরেছে। তাদের পরিবারগুলো কীভাবে দিন কাটাচ্ছে?
ভয়াবহ এক বন্যা গেল আমাদের উত্তরবঙ্গে। সরকারি-বেসরকারি নানাভাবেই তাঁদের সহায়তা করার চেষ্টা চলছে। কিন্তু খুব সহজে তাঁরা তাঁদের জীবন-জীবিকায় ফিরতে পারবেন বলে মনে হচ্ছ না। কোরবানির ঈদ তো প্রায় এসেই গেছে। কেমন ঈদ হবে তাদের? এবারের বন্যায় এমন অনেক পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা নিয়মিত কোরবানি দেয়। যদি এবার তারা তা না দিতে পারে, তবে কী কষ্ট নিয়েই না তারা এবারের ঈদ পার করবে!
এমন নানা ভাবনার মধ্যে শুরু হওয়া সকালটিকে কি ‘শুভ’ হিসেবে বিবেচনা করা যায়? এরপরও অফিসে ঢোকার সময় অভ্যর্থনার দায়িত্বে থাকা সহকর্মীকে রুটিনমাফিক বলি, শুভ সকাল!
অফিসে বাংলাদেশ-অস্ট্রেলিয়া খেলার আমেজ। অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো হারানোর সুযোগ তৈরি হয়েছে। মনটা উৎফুল্ল হয়ে ওঠে। আবার নবম জুটিতে যখন দুটি ছক্কার মার দেখলাম, টিভি রুমে থাকার আর সাহস হলো না। চিত্ত দুর্বল থাকলে যা হয় আর কি! এরপর সবার চিৎকারে বিজয়ের আনন্দে শামিল হলাম। মনে মনে ভাবলাম, এক সকালে কত ওঠা-নামা!
কিন্তু সবকিছু মিলিয়ে হিসাব-নিকাশের ফলাফল কী? বা আদৌ হিসাব-নিকাশের কোনো দরকার আছে কি? ধারণা করি, বেঁচে থাকলে কালও প্রায় এমনই একটি সকাল শুরু হবে। রুটিন সকাল। আরও একটি ‘শুভ সকাল’। আপাতত এভাবেই সম্ভবত চলতে থাকবে। ফেসবুক খুললে দিনের বিশেষ বিশেষ ঘটনা নিয়ে নানা হা হুতাশ শুনতে থাকব। সবকিছু দেখে শুনে এখন মনে হচ্ছে আমরা দিনে দিনে যত ভোঁতা হয়ে যেতে পারব ততই মঙ্গল। কোনো কিছুতেই যেন আমাদের কিছু আসে না যায়!