একটি সমৃদ্ধ বনের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন আশ্চর্য নীলাকাশ কখনো দেখেছি বলে মনে পড়ে না। দেশ-বিদেশের কত জায়গায়ই তো ঘুরেছি। কিন্তু পৌষের এমন উজ্জ্বল নীলাকাশ কোথাও দেখিনি। হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের প্রবেশপথে গাড়ি থেকে নামার পর নিজের অজান্তেই চোখ গেল আকাশে। আকাশের এমন ভিন্ন রূপ কি শুধু বনের কারণেই? কারণ, বনের উল্টো দিকে আকাশের রংটা তত গাঢ় নয়। ফটক-প্রাঙ্গণে রাজসিক বৃক্ষের হালকা বুননের পাতার ফাঁক গলে মোহনীয় আকাশ ভেসে আছে। ক্যামেরা বের করে ঝটপট ছবি তুলি। যদি আকাশের রংটা আবার পাল্টে যায়! কিন্তু সত্যিকার রংটা ক্যামেরায় ধরা দিয়েছে কি না, তা নিশ্চিত হতে পারি না।

আমরা মানে আমি আর বৃক্ষপ্রেমী যায়েদ আমীন খুব ভোরে ঢাকা ছেড়েছি। তারপর একটানা পথচলা। বেলা ১১টা নাগাদ পৌঁছে গেলাম চুনারুঘাট। সীমান্ত লাগোয়া এই অঞ্চলে কয়েকটি চা-বাগানও আছে। পৌষের নরম রোদ খেলা করছিল পথে পথে। মানুষের তেমন আনাগোনা নেই। উদ্যানের প্রবেশপথেও কোনো জটলা নেই। কয়েকটি নির্দেশনা ফলক চোখে পড়ল। টিকিট কেটে ভেতরে ঢুকি। সঙ্গে স্থানীয় গাইড। না হয় পথ হারানোর শঙ্কা। অবশ্য যায়েদ ভাই এই বনে আগেও এসেছিলেন। বনের ভেতর একাধিক ট্রেইল। কোনোটি এক ঘণ্টায়, কোনোটি তিন ঘণ্টায় ঘুরে আসা যাবে। আমরা বেছে নিই তিন ঘণ্টার ট্রেইল। বনের গভীরে যেতে যেতে নিচের দিকে আলোর স্বল্পতা উপলব্ধি করি। একমাত্র ঘন বনের ক্ষেত্রেই এমনটা হতে পারে। বনতলে বিচিত্র গাছপালার ঠাসবুনন। আমরা সরু পথে নুয়ে পড়া ডালপালা এড়িয়ে এগোতে থাকি। যেতে যেতে হঠাৎ একটি ধূসরকাণ্ডের উঁচু গাছ দেখে দাঁড়াই। স্বল্প দূরে আরও কয়েকটি আছে। গাইড নিশ্চিত করলেন এগুলো ডুমুর। দেশের আর কোনো বনে এত বড় ডুমুর দেখিনি।

রাজসিক বৃক্ষের মধ্যে সাতছড়ি বনের প্রধান বাসিন্দা চাপালিশ। গোটা বনজুড়েই গাছটির রাজত্ব স্বস্তিদায়ক। ঝড়ে উপড়ে পড়া গাছগুলো সরানো হয়নি। নিয়ম নেই। এলোপাতাড়িই পড়ে আছে। এটি সত্যিকার বনের বৈশিষ্ট্য। এই সরু পথের কোথাও কোথাও বেশ দুর্গম। হাঁটতে হাঁটতে অনেকগুলো ছড়া বা ঝোরা পেরোতে হলো। শুকনো মৌসুমে পানি থাকে না। আবার বৃষ্টি হলেও বেশিক্ষণ পানি জমে থাকে না। ট্রেইলের বিশাল অংশ মূলত এসব ছড়ার ভেতর দিয়েই। অপেক্ষাকৃত নিচু হওয়ায় বনের ঢালু অংশই কেবল নজরে আসে। তাই বনতল অনেকটাই অদৃশ্য থাকে। তবে গোটা বন খুঁটিয়ে দেখতে চাইলে কয়েক দিনের সময় প্রয়োজন। তা ছাড়া, বনতলে বিচিত্র লতাগুল্মের এতই ঠাসবুনন যে পথ তৈরি না করে হাঁটা অসম্ভব।

বনের উঁচু গাছের মধ্যে চোখে পড়ল গদজাম, অতিকায় অশ্বত্থ, মান্দার, ডেওয়া, আগর, গর্জন, জারুল, আওয়াল, মাকড়িশাল ও বনশিমুল। কোথাও কোথাও আছে বাঁশ-বেতের ঝোপ, নীল বনলতা, বিচিত্র ফার্ন, ট্রি-ফার্ন, অর্কিড ও ভূমিজ অর্কিড। বনতলে সবচেয়ে বেশি চোখে পড়ে হ্যালিকুনিয়া, ড্রাসিনা আর বন এলাচির ঝাড়। অনেকেই মনে করেন ড্রাসিনা বা হ্যালিকুনিয়া ভিনদেশি। কিন্তু বৃহত্তর সিলেটের বনে বেড়াতে এলে তাঁদের এই ধারণা পাল্টে যাবে। সবচেয়ে আনন্দ পেয়েছি মাধবীলতা দেখে। তবে সংখ্যায় খুবই নগণ্য। ভালোভাবে জরিপ করে মাধবীলতাসহ অন্যান্য অনেক গাছপালার জাতীয় পরিস্থিতি তুলে ধরা প্রয়োজন। মাধবী নিয়ে পক্ষপাতের কারণ ভিন্ন। প্রথমত, ফুলটি দেশের সিংহভাগ মানুষই চেনেন না। মাধবী হিসেবে যে ফুলটি চেনেন তা আসলে মধুমঞ্জরি লতা। দ্বিতীয়ত, ফুলটির বৈজ্ঞানিক নাম hiptage benghalensis, যা উদ্ভিদজগতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। বছর দুয়েক আগে মৌলভীবাজার জেলার শাহবাজপুর চা-বাগানের সংরক্ষিত টিলায়ও দুটি ঝাড় দেখেছি।

২৪৩ হেক্টরের এই বনে দুই শতাধিক প্রজাতির বৃক্ষ-লতা-গুল্মের অস্তিত্ব রয়েছে। শুধু তা-ই নয়, বনটি প্রায় ১৯৭ প্রজাতির জীবজন্তুরও আবাসস্থল। ঘুরতে ঘুরতে শুনেছি অনেক পাখির ডাক, দেখেছি হনুমানের কয়েকটি দল। মায়াহরিণের পায়ের ছাপও চোখে পড়ল। ১৯৭৪ সালের বন্য প্রাণী সংরক্ষণ আইনের আওতায় ২০০৫ সালের দিকে এই বনকে আনুষ্ঠানিকভাবে সাতছড়ি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। তার আগে বনটির নাম ছিল রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্ট। গত ২০ বছরে দেশের বিস্তৃত পরিসরে অনেক বনাঞ্চল ঘুরেছি। সুন্দরবনের কথা বাদ দিলে আমার দেখা প্রায় সব বনের সেরা বন এটি। এর প্রায় ৮০ ভাগ এখনো প্রাকৃতিক। বনের ভেতর তাৎক্ষণিক কোনো জুলুমের চিহ্ন চোখে পড়েনি। নিরাপদে আছে বন্য প্রাণীরাও। তা ছাড়া, বনের গহিনে বাড়তি মানুষের তেমন আনাগোনা নেই।

তবে ভবিষ্যতের জন্য বনের এই সমৃদ্ধি ও নিবিড়তা নিশ্চিত করতে হলে অনাকাঙ্ক্ষিত পর্যটকের চাপ কমাতে হবে। সব বনে পর্যটনশিল্প ঢোকানোর মানসিকতা পরিহার করা প্রয়োজন। বন ভাড়া দিয়ে প্রতিদিন যে আয় হয়, বন না থাকলে ক্ষতির পরিমাণ তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি হবে। যারা বনে বেড়াতে আসবে তাদের জন্য স্কুলিংটা খুবই জরুরি। বনের ভেতর একজন পর্যটকের আচরণ কেমন হবে, তা অবশ্যই তাকে জানাতে হবে। বন ব্যবস্থাপনার সঙ্গে অসংগতিপূর্ণ কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। বনের নিজস্ব বৃক্ষসম্পদ ধ্বংস করে ভিনদেশি গাছের চাষ করা যাবে না। বিশেষত পর্যটকদের উত্সাহী করে এমন কোনো বিনোদনকেন্দ্র বানানো যাবে না। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সব স্থানই কেন পর্যটনকেন্দ্র হবে? জীববৈচিত্র্যের পরম্পরা অক্ষুণ্ন রাখতে কিছু জায়গা কি সংরক্ষিত থাকতে পারে না? বিষয়গুলো আরও গভীরভাবে আমাদের ভাবতে হবে।

মোকারম হোসেন প্রকৃতি ও পরিবেশবিষয়ক লেখক। তরুপল্লব-এর সাধারণ সম্পাদক

tarupallab@gmail. com