
বাংলাদেশে বেশ কিছুদিন ধরে আমরা নতুন স্টাইলের সাংবাদিকতা দেখতে দেখতে অনেকেই ভুলতেই বসেছি যে রাজনীতিক ও ক্ষমতাসীনদের প্রশ্ন করাটাও সাংবাদিকদের অন্যতম প্রধান কাজ। কিন্তু দেশের অন্য সব পেশার মতোই সাংবাদিকদের একটা বড় অংশ দলীয় আনুগত্যের ভিত্তিতে রাজনৈতিক কর্মীতে রূপান্তরিত হয়ে যাওয়ায় তাঁরা আর সেটি করতে পারেন না। এটি যে শুধু ক্ষমতাসীনদের আনুকূল্য-প্রত্যাশীদের মধ্যেই সীমাবদ্ধ, তা নয়। এটি বিরোধী রাজনৈতিক দল বিএনপির অনুগত সাংবাদিকদের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। অবস্থা এমন দাঁড়িয়েছে যে সংবাদ সম্মেলনগুলো এখন হয় শুধু টেলিভিশন ক্যামেরার সামনে বিবৃতি পাঠের আসর, নয়তো অনুগত সাংবাদিকদের উপদেশ দেওয়ার প্রতিযোগিতা। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে খোলামেলা মতবিনিময়ের দিক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতটা উদার অন্য কোনো রাজনীতিক ততটা নন। তিনি যখনই বিদেশে কোনো সরকারি সফরে যান, তখনই বিদেশে এবং দেশে ফিরে সংবাদ সম্মেলন করে নানা বিষয়ে কথা বলেন। বিদেশি সংবাদমাধ্যমেও সাক্ষাৎকার দেন। কিন্তু সাম্প্রতিক সব সাক্ষাৎকার বা সংবাদ সম্মেলনগুলোর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হতে পারে ১৪ অক্টোবর ভারতের দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত তাঁর সাক্ষাৎকারটি। বিষয়-বৈচিত্র্যে এত ব্যাপক এবং ইঙ্গিতবহ বক্তব্য পড়ার পর বারবারই প্রশ্ন জেগেছে, আমাদের সংবাদমাধ্যম কেন এমনটি পারে না।
দ্য হিন্দুর কূটনৈতিক সম্পাদক সুহাসিনী হায়দার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রিকস-বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগদানের প্রাক্কালে ঢাকায় এ সাক্ষাৎকারটি নিয়েছেন বলে জানিয়েছেন। তবে, সাক্ষাৎকারের দিন-তারিখ উল্লেখ করেননি। সুহাসিনীর সাক্ষাৎকারটি আমাদের এমন অনেক প্রশ্নের জবাব দিয়েছে, যেসব প্রশ্নে সাংবাদিকদের অনেকেই, বিশেষত নিয়মিত টিভি চ্যানেলে বাক্পটুতার স্বাক্ষর রাখেন যাঁরা, তাঁরা নানা ধরনের সংশয় সৃষ্টি করে এসেছেন। অবশ্য মন্ত্রিসভার কোনো কোনো সদস্য এবং আওয়ামী লীগের কিছু কিছু নেতার অত্যুৎসাহী মন্তব্যগুলো যে এ ক্ষেত্রে তাঁদের উৎসাহিত করেছে সন্দেহ নেই। এ রকম একটি দৃষ্টান্ত হতে পারে সাম্প্রতিক ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনার বিষয়টি।
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বোঝাপড়া হচ্ছে একাত্তরের পরাজয় ঘিরে। এখনো তারা মেনে নিতে পারে না যে তারা আমাদের কাছে হেরেছে। কিন্তু তার মানে কি এই যে ভারত-পাকিস্তান দ্বন্দ্বে আমরা আমাদের কোনো স্বার্থ ছাড়াই একটি পক্ষ নেব? আমাদের একাধিক মন্ত্রী সে রকমটিই বলেছেন। তাঁরা বলেছেন, ভারত আক্রান্ত হলে বাংলাদেশ ভারতের পাশে থাকবে। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে সামরিক ঘাঁটিতে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের হামলায় ১৯ জন সেনা নিহত হওয়ার পর ভারতের সেনাবাহিনী এবং রাজনীতিকেরা অভিযোগ করেছেন, ওই হামলার পেছনে পাকিস্তানের হাত আছে। ওই হামলার জবাবে ভারত পাকিস্তানের ভেতরে কথিত সার্জিক্যাল স্ট্রাইক চালালে উত্তেজনা আরও বাড়তে থাকে। অনেকটা যুদ্ধ-যুদ্ধ সাজ লক্ষণীয় হয়ে ওঠে। আর তখনই আমাদের মন্ত্রীদের এই ঘোষণা।
আমরা জানি প্রধানমন্ত্রী সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়—এই দর্শনকেই তাঁর পররাষ্ট্রনীতির ভিত্তি বলে ঘোষণা করেছিলেন। তিনি এমনকি, প্রথম যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পান, তখন দক্ষিণ এশিয়ায় শান্তিরক্ষার মানসে দুই দেশের মধ্যে বৈরিতা কমাতে দূতিয়ালিও করেছিলেন। আমাদের পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের কোনো ইঙ্গিত কখনো পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আমরা পেলাম না, অথচ নৌমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিলেন দক্ষিণ এশিয়ার বহু দশক ধরে চলতে থাকা রাজনৈতিক বিরোধে আমরা একটি পক্ষ নেব। ফলে সংশয় তৈরি হওয়াই স্বাভাবিক। দ্য হিন্দুর সাংবাদিক এ ধরনের পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হতেই সচেষ্ট ছিলেন কি না, জানি না, তবে তেমনটি হলে প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাঁকে হতাশ করেছেন। সার্ক সম্মেলন বর্জনের সিদ্ধান্ত ব্যাখ্যা করে তিনি দ্য হিন্দুকে বলেছেন, ‘সন্ত্রাসের সবচেয়ে বড় ভোগান্তির শিকার সাধারণ জনগণ। আর সেই সন্ত্রাস সবখানে গেছে। এ কারণে আমাদের অনেকে পাকিস্তানের প্রতি হতাশ। ভারত ও পাকিস্তানেরও নিজেদের দ্বিপক্ষীয় নানা সমস্যা রয়েছে। আমি তা নিয়ে মন্তব্য করতে চাই না। ভারত ওই হামলার (উরি হামলা) জন্যই সম্মেলন বর্জন করেছে। কিন্তু বাংলাদেশের এমন সিদ্ধান্তের কারণ সম্পূর্ণ আলাদা।’
পাকিস্তানের সীমানার ভেতরে সন্দেহভাজন সন্ত্রাসীদের আস্তানায় হামলার বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে প্রধানমন্ত্রী খোলাসা করে বলেছেন, ‘আমি মনে করি উভয় দেশকেই এলওসি (নিয়ন্ত্রণরেখা) বজায় রাখতে হবে। তাহলেই শান্তি আসবে।’ ভারত যে এর আগে একইভাবে মিয়ানমারের ভেতরে সামরিক অভিযান চালিয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও এমন ব্যবস্থা নিলে প্রধানমন্ত্রী তা সমর্থন করবেন কি না, এই প্রশ্নের জবাবটিও খুবই তাৎপর্যপূর্ণ। শেখ হাসিনা এ ক্ষেত্রে খুব স্পষ্ট করে বলেছেন যে তিনি সীমান্তে বিশ্বাস করেন। তিনি আবারও আগের কথা এলওসিকে বজায় রাখতে হবে উল্লেখ করে স্পষ্টতই বুঝিয়ে দিয়েছেন যে শান্তিরক্ষায় এর কোনো বিকল্প নেই।
পররাষ্ট্রনীতি নিয়ে এসব প্রশ্নের বাইরে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও দ্য হিন্দুর ওই সাক্ষাৎকারে বেশ ইঙ্গিতবহ কিছু কথা আছে। এসব কথা আমরা আগে শুনিনি। কেননা, এভাবে কেউ প্রশ্নও করেনি। প্রথমবার যখন তিনি প্রধানমন্ত্রী হলেন, সে সময়ে এবং বিরোধী দলে থাকার সময়েও বিবিসির হয়ে বহুবার তাঁর সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতা আমার আছে। সব সময়ই আমি দেখেছি যে তিনি কখনোই কোনো প্রশ্নের উত্তর দিতে দ্বিধান্বিত হননি। যেকোনো অপ্রীতিকর প্রশ্নেরও উত্তর দিয়েছেন স্বচ্ছন্দে ও সাবলীলভাবে। এমনকি, প্রায় ১৬ বছর আগে আমার এক প্রশ্নের জবাবে বলেছিলেন যে তিনি সরকারি চাকরির বয়সসীমা মেনে ৫৭ বছর পূর্ণ হলেই অবসর নেবেন। পরে আবারও বলেছেন কেন তাঁর পক্ষে অবসর নেওয়া সম্ভব হলো না। দ্য হিন্দুর সাক্ষাৎকারটিতে সেই সাবলীলতার একটা প্রতিফলন দেখা যায়। যেমন একটি প্রশ্ন ছিল, ‘আপনি ১৯৯৬ সালে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। অথচ আজ আপনি এমন এক পার্লামেন্টের নেতৃত্ব দিচ্ছেন, যেখানে কোনো বিরোধী দল নেই। আপনি কি মনে করেন আগামী নির্বাচনে আপনি বিএনপিকে ফিরিয়ে আনবেন?’ (স্পষ্টতই প্রশ্নকারী সাংবাদিকের তথ্যসূত্র ত্রুটিপূর্ণ। কেননা, গণতন্ত্র পুনরুজ্জীবিত হয় ’৯১ সালের নির্বাচনে, আর ’৯৬ সালের আন্দোলনের ফসল ছিল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা।) এই প্রশ্নের জবাবে হয়তো দলীয়দের অনেকেই হতাশ হয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রীর কথায় বাস্তবতার স্বীকৃতি রয়েছে।
প্রধানমন্ত্রীর উত্তর যেটি ছাপা হয়েছে সেটির বাংলা অনুবাদ এ রকম: ‘বিএনপির ব্যাপারে বলতে গেলে, তারাই তো নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল। আমি বেগম খালেদা জিয়াকে টেলিফোন করেছিলাম। কিন্তু তিনি আমার ফোন ধরেননি। আমার বাবা তাঁর স্বামী জেনারেল জিয়াকে পদোন্নতি দিয়েছিলেন। আমরা তখন থেকেই পরস্পরকে চিনি। কিন্তু তিনি (খালেদা জিয়া) আমার সঙ্গে সবচেয়ে খারাপভাবে কথা বলেন, এমনকি আমি যখন তাঁর ছেলের মৃত্যুতে সমবেদনা জানাতে গেলাম, তিনি আমার মুখের ওপর দরজা বন্ধ করে সেই সমবেদনা প্রত্যাখ্যান করলেন। তিনি দলীয় কর্মীদের বিক্ষোভ করতে এবং সহিংসতা চালানোর নির্দেশ দিয়েছিলেন। একজন মানুষ হিসেবে আমি আর কী করতে পারি? এটা তাঁর ভুল, তাঁর নির্বাচনের বাইরে থাকার সিদ্ধান্তটা এবং আমি আশা করি তিনি ভবিষ্যতেও একই ভুল করবেন না। কিন্তু আমি তাঁকে অপকর্মের মাধ্যমে গণতন্ত্র বিপন্ন করার সুযোগ দেব না।’
পাঠকমাত্রই বুঝতে পারেন কথিত আধা সরকারি-আধা বিরোধী দল, জাতীয় পার্টিকে প্রধানমন্ত্রী বিরোধী দল হিসেবে চালিয়ে দেওয়ার কোনো চেষ্টাই করেননি। (যাঁরা চীনের প্রেসিডেন্ট সি চিন পিং কিংবা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে রওশন এরশাদের আনুষ্ঠানিক দেখা-সাক্ষাৎ না হওয়ায় নানা ধরনের ধন্দে আছেন, তাঁরাও সম্ভবত এর মধ্যে উত্তর পেয়ে যেতে পারেন।) উপরন্তু বিরোধী দলের আসনে বিএনপির অনুপস্থিতি তিনি অনুভব করছেন। আর, আশাবাদ প্রকাশ করেছেন যে ভবিষ্যতে বিএনপি নিশ্চয়ই আর ভুল করবে না। এখন নিশ্চয়ই আমরাও আশাবাদী হতে পারি যে স্বাভাবিক রাজনীতিতে বিএনপির ফিরে আসার সুযোগ তৈরি হবে, আলোচনা-বিতর্কের পথ অনুসরণের দিকেই আমরা এগোব। আর সহিংসতা নয়, বিরোধী দলহীন একতরফা সংসদও নয়।
সন্ত্রাসবাদের উপদ্রব প্রসঙ্গেও প্রধানমন্ত্রীর অবস্থান বেশ তাৎপর্যময়। ইসলাম ধর্মের নামে বিশ্বজুড়ে সন্ত্রাসী তাণ্ডব চালানোর জন্য বহুল নিন্দিত ইসলামিক স্টেট বা আইএসের অস্তিত্ব দেশের ভেতরে আছে কি নেই, এ নিয়ে বিতর্কের শেষ নেই। আমাদের মন্ত্রী এবং পুলিশ কর্তারা আইএস নেই বলতে বলতে গলা শুকিয়ে ফেলেছেন। কিন্তু যেকোনো কারণেই হোক বিষয়টিকে তাঁরা বিশ্বাস করাতে পারছেন বলে মনে হয় না। বিষয়টি নিয়ে দ্য হিন্দুর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, ‘হতে পারে তাদের কেউ কেউ আইএসের প্রতি আকৃষ্ট হয়েছিল, কিন্তু সংগঠন হিসেবে এখানে আইএসের কোনো ঘাঁটি নেই। এখানে আইএসের ঘাঁটির কোনো প্রমাণ যদি কারও কাছে থাকে, তাদের উচিত সেটা আমাদের দেওয়া। আমরা হামলাকারীদের শনাক্ত করেছি। আমরা জানি তারা কোথা থেকে এসেছে, তারা স্থানীয়।’ দেশের ভেতরে আইএসের কোনো ঘাঁটি নেই—কথাটি যতটা জোরের সঙ্গে বলা সম্ভব, ততটা জোরের সঙ্গে কি এ কথা বলা চলে যে দেশে আইএসের প্রতি আকৃষ্ট কেউ নেই?
আগেই বলেছি, দ্য হিন্দু পত্রিকায় প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকারটিতে সরকারের অনেক বিষয়ে নীতি ও অবস্থান পরিষ্কার হয়েছে এবং ভবিষ্যতের একটা নির্দেশনা পাওয়া যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বিদেশি সংবাদমাধ্যম বা বিদেশি সাংবাদিকেরা যদি কঠিন কিংবা অস্বস্তিকর প্রশ্ন করার দায়িত্বটি পালন করতে পারেন, তাহলে দেশীয় সতীর্থরা তা পারেন না কেন? যেসব প্রতিষ্ঠানের সাংবাদিকদের সর্বত্র প্রবেশাধিকার নেই, তাঁদের আক্ষেপ ছাড়া আর কীই-বা করার আছে? কিন্তু যাঁরা নেতা-নেত্রীদের সুনজরে আসাকেই পেশাগত জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করেন, তাঁদের কি কোনো দিন সংবিৎ ফিরবে?
কামাল আহমেদ: সাংবাদিক।