একটু ধৈর্য কি ধরা যায় না, ও বন্ধু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারপাশে একই ঘটনা যখন একের পর এক ঘটতে থাকে, তখন তা এড়ানো যায় না। বিশেষ করে আতঙ্কজনক ঘটনা। শয়নে-স্বপনে-জাগরণে তা শিকারি প্রাণীর মতো ধাওয়া করে। যেমন সাম্প্রতিক সময়ের সড়ক দুর্ঘটনা। দুঃসংবাদ একজন সংবাদকর্মীর দৈনন্দিন কাজের অনুষঙ্গ, ঠিক আছে। কিন্তু কাজের শুরু আর শেষে যদি তা হামলে পড়ে, তাহলে একটা অস্বস্তি ভর করে।

গত শুক্রবার দুপুরে অফিসে কাজ করছি। এ সময় এল রবিউল আউয়াল নামের ১০ বছরের একটি শিশুর মর্মান্তিক বিদায়ের খবর। কারওয়ান বাজার এলাকার মসজিদে জুমার নামাজ আদায় করে বাসায় ফিরছিল সে। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাসচাপায় সে মারা যায়। যে মা অধীর হয়ে শিশু রবিউলের জন্য অপেক্ষা করছিলেন, হৃদয়চেরা খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে গেলেন। রাস্তার পাশে বসে বিলাপ করতে লাগলেন। সে বিলাপে স্তব্ধ আশপাশের মানুষ।

পরদিন শনিবার সকালে এসেই শুনি থেমে থাকা যাত্রীবাহী একটি বাসকে পেছন থেকে কাভার্ড ভ্যানের আঘাত করার ঘটনা। মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘটা এ দুর্ঘটনায় পাঁচজন নিহত হন।

সড়ক দুর্ঘটনা সারা দেশে যেন মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। সড়কগুলোতে যেন যাত্রী ও পথচারীদের মড়ক লেগেছে। ছোট শিশুরা মুড়ি খেতে গিয়ে হঠাৎ খেয়ালের বশে যেমন মুঠি ভরে খানিকটা ছিটিয়ে দেয়, দুর্ঘটনাগুলোও যেন তেমনি ছেলেখেলার বিষয়। পটাপট মানুষ মরছে, আপনজনেরা বুক চাপড়ে আহাজারি করছেন, কিছু মানুষ এ নিয়ে আফসোস করছে, কিছু বিবৃতি আর জ্বালাময়ী বক্তৃতা দেওয়া হচ্ছে, তারপর আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি।

রাতে নিজের ঘরে ঘুমিয়ে থাকারও জো নেই। সেখানে হানা দিচ্ছে ঘাতক বাস। মা-বাবার স্নেহের বাঁধন ছিন্ন করে এতিম করে দিচ্ছে শিশুসন্তানদের।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনের তথ্য হচ্ছে, এবারের ঈদযাত্রায় দুর্ঘটনায় ২৬৫ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ৯২ শতাংশ হচ্ছে সড়ক দুর্ঘটনা। গত ২২ সেপ্টেম্বর প্রথম আলোতে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরও কিন্তু বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে উল্লিখিত দুর্ঘটনা দুটি রয়েছে। গতকাল রোববার জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওয়ায়দুল কাদের নিজেই বলেছেন এবারের ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনায় ১৫৩ জন মারা গেছেন। এ ঘটনাকে ‘পাখির মতো’ মারা যাওয়ার সঙ্গে তুলনা করেন তিনি।

সড়ক দুর্ঘটনার কারণ নিয়ে বিজ্ঞজনেরা এর মধ্যে অনেক কথা বলেছেন। সড়কগুলোর বেহাল অবস্থা, দেরি করে গাড়ি ছেড়ে গন্তব্যে যেতে চালকের তাড়াহুড়া, যাত্রীদের তাগিদ, সড়কে বিপজ্জনক অবস্থায় চালককে গাড়ি নিয়ে প্রতিযোগিতা, পরস্পরকে টপকানোর অসহিষ্ণুতা ইত্যাদি কারণকে সড়ক দুর্ঘটনার জন্য দায়ী করা হয়। দেশের অনেক সড়কেরই এখন খুব দুরবস্থা। যেসব সড়কে পিচ-পাথর উঠে গেছে, বর্ষায় বৃষ্টির দাপটে সেগুলো আরও বেশি খানাখন্দে ভরে গেছে। আজ সোমবার প্রথম আলোয় প্রকাশিত কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ছবি বলে দেয়, যানবাহন চলাচলে এটি কতটা দুর্ভোগের আর কতটা বিপজ্জনক। এমন সড়ক ছড়িয়ে আছে সারা দেশেই। তবে অনেক ক্ষেত্রে চালক, পথচারী আর যাত্রীদের অসহিষ্ণুতা সড়ক দুর্ঘটনা অনুঘটক হিসেবে কাজ করে।

শুক্রবার শিশু রবিউল নিহত হওয়ার ঘটনার কথা এখানে উল্লেখ করা যায়। এটি নিঃসন্দেহে একটি মর্মান্তিক ঘটনা। তার আপনজনেরা যত দিন বেঁচে থাকবেন, সরবে বা নীরবে এই শিশুর স্মৃতি হাতড়ে অবর্ণনীয় বেদনায় পুড়বেন। রবিউলের ছোট ছোট আবদার, ব্যবহৃত ছোট ছোট জিনিস মা-বাবার মনের নিভৃত কোণে তুষের আগুনের মতো জ্বলবে। কিন্তু এই রবিউল যদি একটু ঘুরে ঘটনাস্থলের অদূরে থাকা সুন্দর একটি পাতালপথ (আন্ডারপাস) ব্যবহার করত, তাহলে হয়তো ওই হৃদয়বিদারক ঘটনা ঘটত না। এখানে ঘুরেফিরে সেই ধৈর্যের বিষয়টিই আসে। মৃত্যুর ওপর কারও হাত নেই। এটি অবশ্যম্ভাবী। কিন্তু সতর্ক থাকলে দুর্ঘটনা তো এড়ানো যায়। এখানে রবিউলের দোষ দেওয়া যায় না। ধৈর্যের সঙ্গে নিয়ম মেনে চলা একটি চর্চার বিষয়, যা শৈশব থেকে পরিবার ও পারিপার্শ্বিক পরিবেশের মাধ্যমে মানুষের মধ্যে বিকাশ ঘটে। শিশুরা যখন দেখে যে বড়রাই নিয়ম মানছে না, পদচারী-সেতু বা পাতালপথ ব্যবহার না করে ঝুঁকি নিয়েই শর্টকাটে রাস্তা পার হচ্ছে, তখন সেও একই কাজ রপ্ত করতে শিখবে। ব্যস্ত সড়কে সবেগে যানবাহন চলাচল করছে, এর মধ্যেই পদচারী-সেতু এড়িয়ে রাস্তা পার হওয়ার ঘটনা হরহামেশাই ঘটছে। অনেক শিক্ষিত ও জ্ঞানী মানুষও ছোট ছোট শিশু নিয়ে এভাবে সড়ক পার হন। এ ব্যাপারে প্রশ্ন তুললে কেউ বিষয়টাকে হালকা করার জন্য বলেন, ‘আরে ভাই, বাদ দিন।’ কেউ হাত তুলে বলেন, ‘দেখেছেন ওভারব্রিজটা কত দূরে !’ কেউ আবার বলেন, ‘হকারদের উৎপাতে ওটায় ওঠার জো আছে!’ তা তিনি যে কারণই দেখান না কেন, পদচারী-সেতুতে তো আর প্রাণ খোয়ানোর মতো ঝুঁকি নেই। এখানেও ধৈর্য ও সহিষ্ণুতার বড় অভাব। একটুখানি ধৈর্য ধরলে, পদচারী-সেতুতে ওঠার একটুখানি মানসিকতা থাকলেই কিন্তু এ সমস্যার সমাধান সম্ভব।

সড়ক-মহাসড়কে চালক ও যাত্রীদের ধৈর্য ও অসহিষ্ণুতাও অনেক বিপত্তির কারণ ঘটায়। কোনো কোনো ক্ষেত্রে যাত্রীদের চাপে চালক দ্রুত গাড়ি চালান। তবে সে ঘটনা তুলনামূলকভাবে কম। বেশির ভাগ ক্ষেত্রে চালকের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব থাকে। জ্যামে আটকে পড়া অনেক চালক একপর্যায়ে অধৈর্য হয়ে গাড়িতে সর্বোচ্চ গতি তোলেন। এখানে আবার একটি বড় প্রশ্ন হচ্ছে, চালক কারা?

ইউরোপ-আমেরিকার দেশগুলোতে চালক হওয়া সহজ কথা নয়। প্রথম আলোর লন্ডন প্রতিনিধি তবারুকুল ইসলাম জানান, যুক্তরাজ্যে চালক ও যানবাহনের লাইসেন্স প্রদানের কাজটি করে থাকে ‘ড্রাইভার অ্যান্ড ভেহিকল লাইসেন্সিং অথোরিটি (ডিভিএলএ)’। দুর্ঘটনা প্রতিরোধে লাইসেন্স প্রদানপ্রক্রিয়ায় যেমন কড়া বিধিবিধান রয়েছে, তেমনি সড়কে আছে কড়া নজরদারির ব্যবস্থা।

যুক্তরাজ্যে গাড়ি চালানোর প্রশিক্ষণ নেওয়ার জন্যও একটি প্রভিশনাল লাইসেন্স নিতে হয়। তারপর অনুমোদনপ্রাপ্ত প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ নিতে হয়। তবে গাড়ি চালানোর ব্যবহারিক পরীক্ষায় যাওয়ার আগে তত্ত্বীয় পরীক্ষায় উতরাতে হয়। এতে গাড়ি চালানোর নিয়মকানুন, রাস্তায় বিভিন্ন নির্দেশনা ও সংকেতের অর্থ, পার্কিং আইন, গাড়ি চালানোর ক্ষেত্রে সম্ভাব্য অপরাধ ও এসবের সাজা, গাড়ির মেরামত ও রক্ষণাবেক্ষণসহ মনস্তাত্ত্বিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে প্রশ্ন থাকে। ৮৬ শতাংশ নম্বর পেলেই কেবল পাস মেলে। তত্ত্বীয় পরীক্ষায় পাস করার দুই বছরের মধ্যে ব্যবহারিক পরীক্ষায় পাস করতে হয়। অন্যথায় আবার সেই তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষা।

গাড়িতে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেও কড়া আইন রয়েছে। গাড়ি চালানোর সময় হাতে মোবাইল ফোন থাকা অবস্থায় ধরা পড়লে ১০০ পাউন্ড জরিমানা। ২০১৭ সাল থেকে এই জরিমানা দ্বিগুণ হবে। যুক্তরাজ্যে প্রতিটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি নিশ্চিত।

সুইডেনপ্রবাসী বন্ধু বাবুল সিরাজী জানান, সে দেশে পাঁচ থেকে ছয়বার পরীক্ষা দেওয়ার পর তবেই একজন চালকের গাড়ির চালনার লাইসেন্স মেলে। আর কয়েক বছর ধরে ব্যক্তিগত গাড়ি বা এ ধরনের যানবাহন চালানোর অভিজ্ঞতা না হলে বাস, ট্রাক ও লরির মতো ভারী যান চালানোর অনুমতি মেলে না। ভারী যানবাহন চালানোর বেলায়ও আলাদা পরীক্ষা দিতে হয়। একজন চালকের জন্য আট ঘণ্টা বিশ্রামসহ অন্যান্য বাধ্যতামূলক বিধি রয়েছে। গাড়ি চালনার সময় দুর্ঘটনার ধরন বুঝে রয়েছে ছোট-বড় শাস্তি।
এত দূর যাই কেন, আমাদের প্রতিবেশী দেশ ভারতেও গাড়ি চালনার নিয়মকানুন কঠিন। দুর্ঘটনার ধরন বুঝে গুরুদণ্ডও দেওয়া হয়।

আমাদের দেশে একের পর এক দুর্ঘটনা ঘটে ঠিকই, দায়ী চালকেরা আইনের ফাঁকফোকর গলে পার হয়ে যান। ক্ষতিগ্রস্ত মানুষ বেশির ভাগই কোনো ক্ষতিপূরণ পায় না। চালক নিয়োগেও বেশির ভাগ বিধিবদ্ধ নিয়ম মেনে চলা হয় না। দেখা যায়, বাস-ট্রাকের সহকারীরা ‘ওস্তাদের’ চালনা দেখে দেখেই একসময় চালক হয়ে গেছেন। একসময় লাইসেন্সও পেয়ে গেছেন। ধৈর্য বা সহনশীলতা কিংবা মানসিকতা যাচাইয়ের মতো পরীক্ষার বালাই তাঁর জন্য নেই। দূরপাল্লার বাসে কিছু চালক গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোন কানে লাগিয়ে দীর্ঘ সময় কথা বলেন। এক হাতে থাকে স্টিয়ারিং হুইল। আতঙ্কিত যাত্রীরা চেঁচিয়ে মরলেও তিনি কান দেন না। এটাও কিন্তু একধরনের মানসিক নির্যাতন। এখানে সরকারকে ধন্যবাদ দিতে হয় যে মহাসড়কে চালকদের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটারে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে।

হতাশ মানুষের জীবন ভবিষ্যৎনির্ভর। গ্রামের মানুষ এক মৌসুমে ভালো ফসল না পেলে পরবর্তী মৌসুমের অপেক্ষায় দিন গোনে। শহরের সাধারণ মানুষ আগামী দিনের সুতায় অপূর্ণ স্বপ্নের জাল বোনে। আমরাও এমন অদূর ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারি, যখন সড়ক দুর্ঘটনা পরিস্থিতির ব্যাপক উন্নতি হবে। ভূপেন হাজারিকা গেয়েছেন, ‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না, ও বন্ধু...’। এর সঙ্গে চালক, পথচারী ও যাত্রীদের উদ্দেশে যোগ করা যায়, একটু ধৈর্য কি ধরা যায় না, ও বন্ধু!

শরিফুল ইসলাম ভূঁইয়া: সাংবাদিক
[email protected]