একটু মাছ-গোশত আর একটা কাঁচা মরিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের, বিশেষভাবে কিশোরী ও প্রসূতি মায়েদের একটু বেশি পুষ্টি দরকার। নারী-পুরুষনির্বিশেষে দেশে প্রায় সবারই পুষ্টির অভাব রয়েছে। পরিবারের প্রধান হিসেবে পুরুষদের পাতে মাছ-মাংস, শাকসবজি তুলনামূলক একটু বেশিই জোটে। বাসায় সবার খাওয়ার পর হাঁড়িতে অবশিষ্ট খাবারটুকু খেয়ে সন্তুষ্ট থাকতে হয় গৃহিণী ও মেয়েদের। ধরে নেওয়া হয়, তাঁরা তো সংসারে টাকা আয় করেন না। অথচ কোন কাজটা তাঁরা করেন না? মাঠে ধান কাটা থেকে শুরু করে, ঝাড়াই-মাড়াই। সারা দিন-রাত রান্নাঘরে চুলা ঠেলা। বাচ্চাকে কোলেপিঠে মানুষ করা। এগুলো কি কাজ নয়? কিন্তু না, ধরে নেওয়া হয়, এসব কাজে তো টাকা আয় হয় না। তাই সংসারে তাঁদের দাম নেই। এই প্রথা চিরকাল চলে আসছে। অবশ্য এখন শহরে উচ্চবিত্তের মধ্যে কিছুটা পরিবর্তন দেখা যায়।
কিন্তু যে কিশোরী গার্মেন্টসে হাড়ভাঙা খাটুনি খেটে উপার্জন করে, তার কপাল কি খুলছে? বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, তাকেও কম খেতে হয়। মাছের মুড়োটা যায় স্বামীর পাতে। আর লেজের কাঁটার সঙ্গে একটু মাছ আছে কি নেই, সেটা মা-মেয়ে ভাগ করে খান।
এই অবস্থায় দেশের নারী ও কিশোরীদের পুষ্টির অভাব এখনো বেশ খারাপ।
কিন্তু নারীর পুষ্টি নিয়ে আমরা ভাবছি কেন? কারণ, তাঁরা সন্তান ধারণ করেন। মায়ের পুষ্টির অভাবে জন্মের পর দেখা যায় সন্তান খাটো, ওজনে কম, তার ওপর রক্তস্বল্পতা ও অন্যান্য রোগে আক্রান্ত। সারা জীবন অসুখ-বিসুখে ভোগে। আর মায়ের অবস্থা খারাপ থেকে খারাপের দিকে যায়। অথচ আমরা একটু মনোযোগী হলেই পুষ্টি সমস্যা মোটামুটি কাটিয়ে উঠতে পারি। দরকার সচেতনতা।
২৩ অক্টোবর প্রথম আলো ও নিউট্রিশন ইন্টারন্যাশনালের উদ্যোগে এই গুরুত্বপূর্ণ বিষয়ে গোলটেবিল বৈঠকে আলোচনা হয়। বিভিন্ন পুষ্টিবিদ, গবেষক, অধ্যাপক, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা যেমন ছিলেন, তেমনি ছিলেন মাননীয় মন্ত্রী, সাংসদ, স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন বিভাগের মহাপরিচালকের মতো উচ্চপর্যায়ের কর্মকর্তারা। তাঁদের প্রায় সবাই অন্তত তিনটি বিষয়ে জোর দেন।
প্রথমত, মেয়েদের পুষ্টির অভাব দূর করা কঠিন নয়, দরকার প্রয়োজনীয় বিনিয়োগ ও নজরদারি। এই বিনিয়োগ শুধু টাকায় নয়, সেটা তো দরকার বটেই এবং কিছু বিনিয়োগ তো হচ্ছেই। কিন্তু তার চেয়েও বড় কথা, গুরুত্ব দেওয়া। পরিবারের সবাইকে সচেতন করে তোলা। বিশেষভাবে পরিবারের কর্তা, স্বামী মহাশয়কে সচেতন করে তোলা। স্ত্রী ও কিশোরী মেয়েটি কী খাচ্ছে, পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাচ্ছে কি না, সেদিকে একটু নজর রাখা। এই আর কি।
দ্বিতীয়ত, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা। আমরা সাধারণত পেট ভরে ভাত খাই। ভাত বা রুটির দরকার আছে। কারণ, দৈনন্দিন কাজকর্মের জন্য শক্তি জোগায় ভাত। কিন্তু এখানে একটু ভারসাম্য আনতে হবে। ভাতের সঙ্গে সবুজ শাকসবজি, একটু মাছ-মাংস দরকার। কারণ, ভিটামিন ও বিভিন্ন খনিজ ছাড়া সুস্থ সন্তান আসে না।
তৃতীয়ত, শুধু পরিকল্পনাই যথেষ্ট নয়, সেই পরিকল্পনা বাস্তবায়নে চাই নজরদারির বিশেষ ব্যবস্থা। এ জন্য আলাদা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা থাকা দরকার। পরিবারে প্রসূতি মা প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছেন কি না, তা সব সময় নজরে রাখা বিশেষ গুরুত্বপূর্ণ।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানান, মাননীয় প্রধানমন্ত্রী নারী ও কিশোরীদের পুষ্টির প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশে সব জেলায় একজন করে পুষ্টিবিদ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
মাননীয় সাংসদ সিমিন হোসেন রিমি বলেন, তিনি নিজ উদ্যোগে তাঁর এলাকার বিভিন্ন স্কুলে দুপুরে টিফিনের ব্যবস্থা করেছেন। পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়। এটা তিনি নিজ উদ্যোগে সামাজিক দায়িত্ব হিসেবে করে যাচ্ছেন।
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে যেন দুপুরে টিফিন দেওয়া হয়। সেটা হতে হবে স্মার্ট টিফিন। যেমন একটা ডিম, একটা কলা, এক টুকরা রুটি। এর চেয়ে স্মার্ট খাবার আর কী হতে পারে। অনেক বেসরকারি সংগঠন অবশ্য বিভিন্ন স্কুলে এ ধরনের টিফিন দিয়ে থাকে।
শিরোনামের কথায় আসি। একটু মাছ-গোশত আর একটা কাঁচা মরিচ। এতে আছে প্রাণিজ প্রোটিন। এখান থেকে আসে আয়রন খনিজ, যা প্রসূতি মায়ের জন্য দরকার। ছোট মাছে আছে ক্যালসিয়াম, যা মা ও সন্তানের শরীরের জন্য খুব দরকার। আয়রন রক্তস্বল্পতা দূর করে। কিন্তু তার সঙ্গে কাঁচা মরিচ কেন? কারণ, কাঁচা মরিচে আছে ভিটামিন সি।
কথাটা সুন্দরভাবে বললেন বারডেমের পুষ্টিবিদ খালেদা খাতুন। একটা মুরগির কলিজায় আছে আড়াই হাজার মাইক্রোগ্রাম আয়রন। দরকার প্রতিদিন মাত্র ৫০০ গ্রাম। তাহলে দেখুন পরিবারের পাঁচজন মিলে একটা কলিজা খাওয়াই যথেষ্ট। শরীরে আয়রন কাজে লাগানোর জন্য দরকার ভিটামিন সি। কাঁচা মরিচটা আসলে একটা প্রতীক। সেখানে সবুজ শাকসবজি, বিভিন্ন তরকারি হলেও চলে। সবুজ ও হলুদ সবজি, ফলমূল ও ডিমের কুসুমে রয়েছে ভিটামিন ডি ও এ। শাকসবজি রান্নায় একটু তেল দরকার। না হলে ভিটামিন এ শরীরে যায় না। আর ভিটামিন ডি শরীরে কাজে লাগানোর জন্য দরকার সূর্য-তাপ ও ভিটামিন সি। এই তথ্যগুলো জানা থাকলে মা ও কিশোরীদের পুষ্টির অভাব দূর করা সহজ হবে।
বিশেষভাবে সন্তানসম্ভবা মায়েদের কথা আমাদের ভাবতে হবে। নিউট্রিশন ইন্টারন্যাশনালের সভাপতি ও সিইও জোয়েল স্পাইসার বলেন, প্রয়োজনীয় পুষ্টি পেলে ভ্রূণাবস্থা থেকেই সন্তানের মস্তিষ্কের সুষম বিকাশ ঘটে। সেই সন্তান চিন্তাভাবনা, মেধা-মননে বেশি এগিয়ে থাকে।
আমাদের দেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কাজ করছে। এসডিজির একটি লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে পুষ্টির অভাব দূর করা। আমরা আর কয়েক বছরেই মধ্য আয়ের দেশে পরিণত হতে চলেছি। উন্নতির এই ধারা অব্যাহত রাখতে দরকার মা-মেয়েদের পর্যাপ্ত পুষ্টির ব্যবস্থা করা।
একটা কথা মনে রাখতে হবে, বাল্যবিবাহ বন্ধের আইন করা হচ্ছে। কিন্তু এখনো দেশে ১৮ বছরের কম বয়সে অনেক কিশোরীর বিয়ে হয়ে যাচ্ছে। এ জন্য অনেকের শাস্তিও হচ্ছে। অনেক এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে উঠছে। অনেক ক্ষেত্রে বাল্যবিবাহ রোধ করাও সম্ভব হচ্ছে। কিন্তু তারপরও আমাদের সতর্ক থাকতে হবে। একটা কর্মসূচি রয়েছে। অন্তত ২০ বছরের আগে যেন কোনো নারী সন্তান ধারণ না করেন। কারণ, এর আগে জন্ম নেওয়া সন্তান সুস্থ-সবল হয় না।
আমরা যদি এই সব গুরুত্বপূর্ণ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারব।
পুষ্টির জন্য সবচেয়ে বেশি দরকার সচেতনতা। যুগ যুগ ধরে চলে আসা সামাজিক বিধি-ব্যবস্থা ও অভ্যাসের পরিবর্তন দরকার। পরিবারে ও সমাজে নারীর ক্ষমতায়ন ছাড়া এটা সম্ভব নয়। এই ক্ষমতায়ন মানে খবরদারির ক্ষমতা নয়। এর অর্থ হচ্ছে সংসারে কখন কী করতে হবে, সেই সিদ্ধান্ত গ্রহণে স্বামী ও স্ত্রী সমানভাবে অংশ নেবেন।
সংসারে প্রথম সন্তান আসছে। এই সময় স্বামী যদি মাছের টুকরাটা প্রথমে স্ত্রীর বাসনে তুলে দেন, যদি শাকসবজি, ফলমূল নিজে খাওয়ার আগে স্ত্রীকেও সাধেন, তাহলেই পুষ্টির প্রধান সমস্যা আর থাকে না।
আসুন, আমরা এদিকে একটু নজর দিই।
আব্দুল কাইয়ুম: সাংবাদিক।
[email protected]