একদিকে 'ক্রসফায়ার', অন্যদিকে সাজা মাফ
আইন, বিচার-আচার বা আইনের শাসন—এসবের ওপর জনগণ কি আর এখন খুব ভরসা রাখতে পারছে? সরকারের আচার-আচরণে যদি এসবের ওপর আস্থার বিষয়টি টের পাওয়া না যায়, তবে জনগণের আস্থা আসবে কোথা থেকে! ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধ’ নাম দিয়ে সন্দেহভাজন অপরাধীদের মেরে ফেলার সোজা অর্থটি হচ্ছে অপরাধ দমনে সরকার বিচারব্যবস্থার ওপর আস্থা রাখতে পারছে না। এটা একটি দিক। আবার আমরা দেখছি, যথাযথ বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে যে অপরাধীরা শাস্তি পাচ্ছে, তাদের কেউ কেউ ছাড়া পেয়ে যাচ্ছে সরকারের দয়ায়। আইন ও আইনের শাসনকে তো আঘাত করা হচ্ছে দুই দিক থেকেই! এ অবস্থায় অপরাধের শিকার বা অপরাধী, কে ভরসা রাখবে আইনের ওপর।
২০০৪ সাল থেকে শুরু হওয়া ‘ক্রসফায়ার’ পরে ‘বন্দুকযুদ্ধ’ নামও নিয়েছে। এই দুয়ে মিলে এ পর্যন্ত ১ হাজার ৭১৫ জনের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারীর বিবেচনায় তারা সবাই বিভিন্ন ক্ষেত্রে দাগি অপরাধী। কেউ শীর্ষ সন্ত্রাসী, কেউ জঙ্গি, কেউ-বা দুর্ধর্ষ ডাকাত, অথবা চরমপন্থী। আইন বা আইনের শাসন মানলে এরা সবাই সন্দেহভাজন। কারণ, বিচারে এরা কেউই অপরাধী প্রমাণিত হয়নি। ফলে অপরাধী বলার সুযোগ নেই। এই যে এতগুলো লোক নিহত হয়েছে, তাদের মৃত্যুর ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনী যে বিবরণ দিয়েছে, তাকে কেউ-ই সত্য বলে মনে করে না। এমনকি যাঁরা সন্দেহভাজন অপরাধীদের এভাবে মেরে ফেলার সমর্থক, তাঁরাও ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের বর্ণনাগুলোকে বানানো গল্প হিসেবেই বিবেচনা করেন। আইনের শাসন আর মানবাধিকার—এসব নিয়ে যাঁরা সোচ্চার, তাঁদের কাছে এই ১ হাজার ৭১৫ জনের মৃত্যু স্রেফ ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’।
এ ধরনের ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধ’ চলতে থাকার অর্থ হচ্ছে, কোনো না-কোনো ধরনের অপরাধে যুক্ত বা সে হিসেবে সন্দেহ করা যায়, এমন লোকজন কোনো বিচার ছাড়াই ‘মৃত্যুদণ্ডের’ মতো ভয়াবহ ও সর্বোচ্চ ‘শাস্তির’ মুখোমুখি হচ্ছে। এর অন্য অর্থটি হচ্ছে দেশের প্রচলিত বিচার বা বিচারব্যবস্থাকে উপেক্ষা করা, অস্বীকার করা বা একে অকার্যকর মনে করা। অব্যাহত ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ জনগণকে যে বার্তা দিচ্ছে, তা হচ্ছে, দেশের প্রচলিত বিচারব্যবস্থা কাজ করছে না। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা সমালোচনার পরও যখন এ ধরনের ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ ঘটেই চলেছে, তখন তো মনে হয় সরকার বোঝাতে চাইছে, আইন, বিচার বা শাস্তি—এগুলো সবই সরকারের ইচ্ছাধীন।
কেউ দাবি করতে পারেন এবং অনেকে করেনও; সরকার নিরুপায় হয়ে অপরাধ ও সন্ত্রাস দমনে এমন কঠোর পথ বেছে নিয়েছে। বিষয়টি কি তা-ই? সরকারের কাজকর্মে তো আমরা ভিন্ন আচরণই দেখতে পাই। দেশের প্রচলিত বিচারব্যবস্থার সব পর্যায় পার করে খুনসহ ১১ মামলার আসামি তোফায়েল আহমেদ ওরফে জোসেফের প্রথমে মৃত্যুদণ্ড ও পরে আপিল বিভাগের চূড়ান্ত রায়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এখন সেই দণ্ড মওকুফ করার জন্য তোড়জোড় শুরু হয়েছে। ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত এই জোসেফকে ধরিয়ে দেওয়ার জন্য একসময় পুরস্কার পর্যন্ত ঘোষণা করা হয়েছিল। ধরা পড়ার পর তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছেন এবং প্রচলিত বিচারে তাঁর শাস্তি হয়েছে। এখন যদি তাঁকে ছেড়ে দেওয়া হয়, তবে জনগণ কী বার্তাটি পাবে? তাদের কাছে এই তথ্য অজানা নয় যে জোসেফ একসময় ছাত্রলীগ করতেন। যাবজ্জীবন সাজা ভোগ করতে থাকা এই আসামি ১০ মাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন। অসুস্থ হলে চিকিৎসা পাওয়ার অধিকার নিশ্চয়ই তাঁর রয়েছে। কিন্তু মনে প্রশ্ন জাগে, ‘ব্যাক পেইনের’ কারণে বাংলাদেশে কটি মানুষ এ ধরনের একটি হাসপাতালে ১০ মাস থাকার ভাগ্য নিয়ে জন্মেছেন!
সরকারের কল্যাণে ফাঁসির দণ্ড মওকুফ হয়েছে লক্ষ্মীপুরের এইচ এম বিপ্লবের। তিনি সেখানকার মেয়র ও আওয়ামী লীগের নেতা আবু তাহেরের ছেলে। তাঁর ভাই সদর উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক। ‘আওয়ামী পরিবারের’ এই সন্তান খুনের মামলায় দেশের সর্বোচ্চ আদালতের রায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে তা মওকুফ করিয়েছেন। অন্য দুটি খুনের মামলায় পাওয়া যাবজ্জীবন সাজা এরই মধ্যে আংশিক মওকুফ করিয়ে নিয়েছেন। এখন সেটা আরও কমানোর প্রস্তুতি ও প্রক্রিয়া চলছে। তিনি এমনই এক ভিআইপি অপরাধী, যিনি সাজা ভোগ করার সময় কারাগারে বিয়ে করারও সুযোগ পান। ফলে তাঁর সাজা আরও কমে গেলে বা মুক্তি পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তিনটি খুনের সঙ্গে জড়িত ছিলেন বলে আদালতে প্রমাণিত হয়েছে। বিপ্লবের প্রতি সরকারের এই দয়া-দাক্ষিণ্যের কারণ অনুমান করতে কারও কষ্ট হওয়ার কথা নয়।
কোনো অপরাধীকে ক্ষমার বিশেষ ক্ষমতা আমাদের সংবিধান রাষ্ট্রপতিকে দিয়েছে। কিন্তু এই বিশেষ ক্ষমতা তিনি কখন প্রয়োগ করবেন, সেটা আসলে সরকারের সিদ্ধান্ত ও বিবেচনার বিষয়। ফৌজদারি অপরাধ ও সর্বোচ্চ শাস্তি পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে এই আবেদন বিবেচনা করা হবে কি না, সেটা নির্ভর করে সরকারের মর্জির ওপর।
আমরা একদিকে দেখছি সন্দেহভাজন অপরাধীদের বিচার ছাড়া মেরে ফেলার মতো বেআইনি কাজ ও নির্দয়তা, অন্যদিকে আদালতে প্রমাণিত খুনিদের সাজা মওকুফ, হ্রাস ও তাদের প্রতি দায়দায়িত্ব প্রদর্শনের ঘটনা। এমন অবস্থার মধ্যে পড়ে আইনের শাসনের তো দম বন্ধ হওয়ারই কথা!