একবার মাদক গ্রহণ করলে সব সময় মাদক গ্রহণের ঝুঁকি থাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় পরামর্শ সহায়তা ৩৫-এর আসরটি অনুষ্ঠিত হয় ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। এ আসরে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগ চিকিৎসক মোহিত কামাল, মেখলা সরকার, অভ্রদাশ ভৌমিক, ফারজানা রহমান, আপনের পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল ও আহ্ছানিয়া মিশনের পরিচালক ইকবাল মাসুদ। এ পরামর্শ সহায়তার আলোচিত বিষয়গুলো তুলে ধরা হলো।শুরুতেই ডা. মোহিত কামাল সবাইকে শুভেচ্ছে জানিয়ে বলেন, অনেকে মনে করেন, মাদকাসক্ত একটা কঠিন রোগ, এটা কখনো ভালো হয় না। তাঁরা হতাশ হয়ে পড়েন, হাল ছেড়ে দেন। কিন্তু মাদকাসক্ত ব্যক্তিদের জন্য এখন আধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। সঠিক পরিচর্যা ও ধৈর্য নিয়ে চিকিৎসা করলে সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। আপনারা আশাহত হবেন না। আপনাদের সন্তানসহ আপনজন যেই হোন না কেন, তাকে উপযুক্ত চিকিৎসার আওতায় নিয়ে আসুন। তাহলে সে নতুন জীবনে ফিরে আসতে পারবে।প্রশ্ন: আমার এক নিকটজনকে সন্দেহ করছি সে মাদকাসক্ত। ধরতে চেষ্টা করছি মাদকাসক্ত কি না। কিন্তু পারছি না। কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না। শারীরিকভাবে অসুস্থ থাকে। কিন্তু সে উচ্চশিক্ষিত। বিবাহিত। তিনটি সন্তান আছে। ঋণ থাকার কোনো কারণ না থাকলেও অনেকের কাছ থেকে ঋণ নিয়েছে। এখন তার জন্য করণীয় কী? উত্তর: আপনি বলেছেন মাদকাসক্ত কি না তা ধরতে চান কিন্তু পারছেন না। মাদকের চিকিৎসাব্যবস্থায় ধরতে চাওয়ার বিষয়টি সমর্থন করে না। মাদকাসক্ত রোগীকে কোনো বিষয়ে চাপ দেওয়া যাবে না। তার সঙ্গে বন্ধুর মতো মেশার চেষ্টা করতে হবে। বিভিন্ন ধরনের আলাপের মধ্যদিয়ে তার কাছ থেকে বিভিন্ন বিষয় জানার চেষ্টা করতে হবে। রোগীর ভালো বন্ধু হতে পারলে সবকিছু খুলে বলবে। তখন তাকে চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে। একান্তই যদি আপনারা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন, তাহলে তার ওপর যাদের প্রভাব আছে, তাদের সাহায্য নিতে হবে। আর কোনোভাবেই যদি চিকিৎসার আওতায় আনা সম্ভব না হয়, সে ক্ষেত্রে কোনো কোনো হাসপাতালে রোগীকে ভর্তি করার বিশেষ ব্যবস্থা আছে। তাদের সাহায্য নিতে হবে। সে মাদক নিচ্ছে কি না এ বিষয়ে আপনার সন্দেহ রয়েছে। কিন্তু তার ক্ষেত্রে যে বর্ণনা দিয়েছেন তাতে অনেকটাই নিশ্চিত, সে বেশি মাত্রায় মাদক গ্রহণ করছে। তাকে হাসপাতালে ভর্তি করানো ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই।প্রশ্ন: আমার সন্তান দীর্ঘদিন ধরে মাদক নিচ্ছে। ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত চারবার মাথা ঘুরে পড়ে গেছে। মুখ থেকে ফেনা বেরিয়েছে। স্থানীয় চিকিৎসক মৃগীরোগ বলে ওষুধ দিয়েছেন। কিন্তু ছেলে ঢাকায় চিকিৎসককে দেখাতে চায়। মৃগী ও মাদক দুটোর একসঙ্গে চিকিৎসা করাতে পারব কি না। হাসপাতালে রেখে চিকিৎসা করানোর মতো সামর্থ্য আমাদের নেই। এখন কীভাবে তাকে চিকিৎসা করাতে পারি?উত্তর: সম্ভবত আপনার সন্তানের মৃগীরোগ না। সাধারণত বয়স বেশি হলে এ রোগ হয় না। দীর্ঘদিন মাদকাসক্ত থাকলে মানসিক রোগ হওয়ার আশঙ্কা থাকে। এ ক্ষেত্রে তাকে মানসিক চিকিৎসককেও দেখানো দরকার। লম্বা সময় ধরে মাদক নিলে নানা সমস্যায় আক্রান্ত হতে পারে। মাদক ছেড়ে দেওয়ার সময় খিঁচুনিসহ কিছু সমস্যার সৃষ্টি হয়। মাদকাসক্ত রোগীরা বিষণ্নতায় ভুগতে থাকে। বিভিন্ন কারণে মাথা ঘুরে পড়ে যেতে পারে। এখন জরুরি ভিত্তিতে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শুধু মৃগীরোগ কেন, তার শরীরে যত সমস্যা আছে ধীরে ধীরে সবকিছুর চিকিৎসা হবে।প্রশ্ন: হাসপাতালে রেখে চিকিৎসা করানের মতো সামর্থ্য আমাদের নেই। মৃগী, মাদকসহ অন্যান্য রোগের চিকিৎসা কীভাবে করাব?উত্তর: দেশের সরকারি হাসপাতালগুলোতে খরচ কম। তাই এ হাসপাতালগুলোতে যোগাযোগ করতে পারেন। আপনার সন্তান ঢাকায় চিকিৎসা করাতে চায়। এ ক্ষেত্রে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট—এ হাসপাতালগুলোতে আপনার সন্তানকে দেখাতে পারেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে মাত্র ১০ টাকায় টিকিট কিনে ভালো সেবা পেতে পারেন। চিকিৎসকেরা যদি মনে করেন তাকে বাড়ি বা বাসায় রেখে চিকিৎসা করানো যাবে, সে ক্ষেত্রে ভর্তি করানোর প্রয়োজন হবে না। তার শারীরিক অবস্থা যদি খুব খারাপ হয় তাহলে হাসপাতালে ভর্তি করাতে হতে পারে। আর দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।প্রশ্ন: আমার একমাত্র সন্তান খুবই দুর্বল। কয়েক বছর ধরে মাদক নিচ্ছে। কোনো কিছু খেতে চায় না। কোনো নিয়ম মানে না। সব ধরনের মাদক নেয়। তবে প্যাথেডিন বেশি নেয়। এখন তাকে কীভাবে ভালো করতে পারি?উত্তর: মাদকাসক্ত রোগীদের একমাত্র লক্ষ্য থাকে মাদক গ্রহণ। সে সব সময় চিন্তা করে কখন মাদক গ্রহণ করবে। তার চিন্তা-চেতনার মধ্যে মাদক ঘুরপাক খায়। তাকে চিকিৎসকের কাছে আনতে হবে। ভালোভাবে তার শরীর পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। সে মাদকের ওপর নির্ভরশীল হয়ে গেছে। এখন আর কোনো নিয়ম মানবে না। কারও কথা শুনবে না। তাকে কোনো চাপ দেওয়া যাবে না। কোনো প্রশ্ন করা যাবে না। তার সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে। যথেষ্ট ভালোবাসা দিতে হবে। মাদকাসক্ত রোগীদের চাপ দিয়ে খুব একটা ভালো ফল পাওয়া যায় না। এখন আপনার সন্তানের যে অবস্থা, সে কথা শুনুক বা না শুনুক তাকে চিকিৎসকের কাছে আনতেই হবে। কথা না শুনলে এ ক্ষেত্রে জোর করে আনতে হবে। চিকিৎসকের কাছে না আনতে পারলে, চিকিৎসা না করাতে পারলে সে আরও বিপদে পড়ে যাবে।প্রশ্ন: আমার স্বামী বিভিন্ন ধরনের মাদক নেয়। দিনে ঘুমায়, রাতে জেগে থাকে। নোংরা পোশাক পরে। ঠিকমতো খাওয়াদাওয়া করে না। সরকারি চাকরি করত। এখন অফিসে যায় না। কারও কোনো কথা শুনছে না।উত্তর: মাদকাসক্ত রোগীদের সঙ্গে সব সময় ভালো ব্যবহার করার কথা বলি। তাদের ভালো বন্ধু হওয়ার কথা বলি। ভালোবাসা দিয়ে বুঝিয়ে চিকিৎসকের কাছে আনার কথা বলি। এদের সঙ্গে এ রকম ব্যবহারই করা উচিত। কিন্তু কিছু রোগী সব নিয়মের বাইরে চলে যায়। কোনোভাবেই তাদের কথা শোনানো যায় না। সে ক্ষেত্রে জোর করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে হয়। কিছু হাসপাতালে রোগীর ইচ্ছের বিরুদ্ধে ভর্তি করার বিশেষ ব্যবস্থা আছে। এ ক্ষেত্রে তাদের সাহায্য নিয়ে রোগীকে ভর্তি করাতে হবে। প্রয়োজন হলে পুলিশেরও সাহায্য নেওয়া যেতে পারে। যেভাবেই হোক তাকে ভর্তি করে চিকিৎসার আওতায় আনতে হবে। তা না হলে দিন দিন তার শরীর ও মনের ব্যাপক ক্ষতি হবে। প্রশ্ন: আমার ছোট ভাই। অনেক দিন থেকে মাদকাসক্ত। পরিবারের সবাই মিলে বোঝানোর চেষ্টা করেছি। কোনোভাবেই ফেরানো যাচ্ছে না। কাউকে জানাতে চাই না। গোপনে চিকিৎসার ব্যবস্থা আছে কি না?উত্তর: একটা বিষয় বুঝতে হবে, যিনি মাদকাসক্ত হয়েছেন, তিনি কিন্তু অপরাধী নন। অপরাধের শিকার হয়েছেন। কোনো অসুস্থতাকে আমরা গোপন করি না। তার রোগমুক্তির সর্বোচ্চ চেষ্টা করি। এ ব্যাপারে বলব যে সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করেই রোগীকে চিকিৎসা করানো হয়। একটি বিষয় সবাইকে মনে রাখতে হবে, ভালো হয়ে যাওয়ার পর আবার সে মাদক নিতে পারে। এটি বারবার ঘটতে পারে, এমনকি ১০-১৫ বার এমন হতে পারে। কিন্তু সে ভালো হবে এই বিশ্বাসটি সবার রাখতে হবে।প্রশ্ন: আমার সন্তান কয়েক বছর যাবৎ অসুস্থ। বাবার আদর-স্নেহ পায়নি। এটা তাকে কষ্ট দেয়। তার কিছু মানসিক সমস্যা হয়। তার বাবাও মানসিক রোগী। পাঁচ বছরে কয়েকবার ভর্তি করিয়েছি। চিকিৎসার পর ভালো হয়। কিন্তু কিছুদিন পর আবার মাদক নেয়। আমাকে সাহায্য করার কেউ নেই। এখন কী করতে পারি?উত্তর: প্রথমে ওর মানসিক চিকিৎসা করাতে হবে। মানসিক সমস্যা মাদকাসক্তের জন্য দায়ী। ওকে দীর্ঘ সময় কার্যকর মানসিক রোগের ওষুধ (লং অ্যাকটিং অ্যান্টি সাইকোটিক) খেতে হবে। এই ওষুধটা নিয়মমতো খেলে মানসিক সমস্যা থাকবে না। ফলে মাদক থেকে মুক্ত থাকার চেষ্টা করবে। এটি একটি দীর্ঘমেয়াদি রোগ। মানসিক সমস্যা ছাড়াও হাতে বেশি টাকা থাকা, হতাশা, রাগ, ক্রোধ বিভিন্ন কারণে এই রোগটি বারবার ফিরে আসতে পারে। যেসব কারণে সে মাদক নিতে পারে সে কারণগুলো চিহ্নিত করতে হবে। এই কারণগুলোকে সঠিক চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে আনতে হবে। এ জন্য তাকে অন্যদের থেকে বেশি ফলোআপে রাখতে হবে। ফলোআপে থাকলে চিকিৎসকেরা এই বিষয়গুলো নিয়ে তার সঙ্গে খোলামেলা আলোচনা করবেন। যেটা তাকে সর্বক্ষণ মাদকমুক্ত থাকতে সাহায্য করবে। আপনাকে ধন্যবাদ যে আপনি এত ধৈর্য নিয়ে চিকিৎসা করে যাচ্ছেন।মাদকমুক্ত এক তরুণের কথা অনুষ্ঠানে এসে আপনাদের কথা শুনছিলাম। একসময় আমার মাও আপনাদের মতো করে বিভিন্ন জায়গায় ঘুরেছেন। আমি একটি কথা বলতে চাই, যাদের পরিবারে এই সমস্যা আছে, তারা কখনো নিরাশ হবেন না। অনেকে একবার চিকিৎসায় ভালো হয়। কারও ১০ বার লাগতে পারে। কিন্তু মাদকাসক্ত রোগী ভালো হবেই। আমি খুব ভাগ্যবান। কারণ, একবারেই ভালো হয়েছি। আমি যখন মাদকাসক্ত ছিলাম, তখন কোথাও যেতে পারতাম না। আমাকে সবাই ভয় পেত। খারাপ চোখে দেখত। ঘৃণা করত। এ অবস্থা থেকে মুক্তি পেতে চেষ্টা করতাম। কিন্তু পারতাম না। অবশেষে পেরেছি। মা এ বিষয়টি নিয়ে সবার সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন। মায়ের কাছে ঋণের শেষ নেই। মায়ের বিশ্বাস ছিল একদিন আমি ভালো হবই। আপনারা সবাই আমার মায়ের মতোই বিশ্বাস হারাবেন না। রোগীর ওপর বিশ্বাস রাখবেন যে সে খারাপ হয়ে যায়নি। সে একটি পরিস্থিতির শিকার। অনেক বড় মানুষ হওয়ার সম্ভাবনা তার মধ্যে আছে।প্রশ্ন: আমি যে এলাকায় থাকি, সেখানে মাদকের ছড়াছড়ি। যে কেউ ইচ্ছে করলে খুব সহজেই মাদকাসক্ত হতে পারে। আমি তাদের সাহায্য করতে চাই। এ ব্যাপারে আমার করণীয় কী?উত্তর: এ ক্ষেত্রে কোনো বাস্তব উদাহরণ দিতে হবে। মাদক নিয়ে যারা সবকিছু হারিয়েছে, তাদের এনে হাজির করতে হবে। মাদক নিলে কী হয়, না নিলে কী হয় এসবের বাস্তব উদহরণ দিতে হবে। মাদকের ক্ষতিকর দিকগুলো তাদের কাছে তুলে ধরতে হবে। তাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো, নেশা করলে প্রথম দিকে মানুষ মজা পায়। কিন্তু এই মজা ক্ষণিকের। প্রথম প্রথম মানুষ নেশা খায়। পরে নেশাই মানুষকে খায়।প্রশ্ন: আমরা ছেলে মাদক নিত। এখন ভালো হয়েছে। দেশের বাইরে পড়াশোনা করতে চায়। এ বিষয়ে আমার করণীয় কী? পরামর্শ: সে এখন ভালো আছে। এ অবস্থায় বিদেশে যাওয়াটা ঠিক হবে না। বিদেশে তাকে দেখার কেউ নেই। অবাধ স্বাধীনতার মধ্যে খারাপ হয়ে যেতে পারে। দেশ থেকে ভালো হয়ে অনেকে বাইরে যাচ্ছে। কিন্তু তারা কোন দেশে যাচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, একবার মাদক গ্রহণ করলে, সব সময় মাদক গ্রহণের ঝুঁকি থাকে। দেখা গেছে, বিদেশে যারা ভালো থাকার জন্য গেছে, মাদকাসক্ত হয়ে তারা দেশে ফিরেছে। বিদেশে বিভিন্ন ধরনের মাদক খুব সহজেই পাওয়া যায়। তাই সেখানে সব সময় মাদকাসক্ত হওয়ার ঝুঁকি থাকে। মাদকাসক্তের মা হিসেবে একমাত্র আপনিই হচ্ছেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়।