আজ জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ বছর দিবসের মূল সুর আদিবাসী জীবনধারা উন্নয়নের নিশ্চয়তা। জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৯৪ সালে প্রস্তাব ৪৯/২১৪ গ্রহণ করে ৯ আগস্টকে আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে গত ২১ বছরে বৈশ্বিক পর্যায়ে অনেক সাফল্য অর্জিত হয়েছে। বিশেষ করে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে জাতিসংঘ আদিবাসী-বিষয়ক স্থায়ী ফোরাম প্রতিষ্ঠার পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে অনেক ইতিবাচক পরিবর্তন আমরা দেখছি। কানাডা ও অস্ট্রেলিয়া অতীতের ভুল ও অন্যায় আচরণের জন্য আদিবাসীদের কাছে ক্ষমা চেয়েছে, বলেছে ভবিষ্যতে আমরা একসঙ্গে পথ চলতে চাই।
দুঃখের বিষয়, আমাদের দেশে নতুন করে আদিবাসী পরিচয় ও অধিকারের বিতর্ক রাষ্ট্রই উসকে দিয়েছে। ফলে গভীর এক সংকটে নিপতিত হয়েছে আদিবাসীদের আত্মপরিচয় ও মৌলিক মানবাধিকার। পৃথিবীর কোনো দেশের প্রতিনিধি জাতিসংঘে গিয়ে বলেন না, তাঁর দেশে আদিবাসী নেই। বাংলাদেশ ছাড়া কোনো একটি রাষ্ট্রও এমন অদ্ভুত কথা বলে না। জেনেভা ও নিউইয়র্কে জাতিসংঘের এক ডজনের বেশি অধিবেশনে যোগ দিয়ে এই অভিজ্ঞতা আমার হয়েছে।
আদিবাসীদের বুঝতে হলে আধুনিক জাতিরাষ্ট্রে মানুষের ঐতিহাসিক শোষণ, বঞ্চনা ও বৈষম্য বুঝতে হবে। আদিবাসীদের প্রান্তিকতা, দারিদ্র্য, ক্ষমতাহীনতা ও নিজ ভূমি থেকে উৎখাতের ইতিহাস বুঝতে হবে। কেন আদিবাসী মানুষ মানেই প্রান্তিক, কেন তারা দরিদ্রদের মধ্যেও দরিদ্র, কেন আদিবাসী অঞ্চলে সরকার ও বড় বড় কোম্পানি খনি ও প্রাকৃতিক সম্পদের সন্ধানে নেমে মানবাধিকার লঙ্ঘন করে, কেন আদিবাসী ভূমির ওপর ওদের লোভাতুর চোখ, কেন আদিবাসী ভাষা ও সংস্কৃতি বিপন্ন—এসব প্রশ্নের মধ্যেই আদিবাসী পরিচয় ও সংজ্ঞা নিহিত। বাকি সব বিতর্ক আদিবাসী মানুষের ভূমি ও পাহাড় দখলসহ তাদের নিশ্চিহ্ন করার কৌশলমাত্র। দুঃখ হয়, মুক্তিযুদ্ধে বিশাল গৌরব অর্জনের পরও আমাদের রাষ্ট্র তার সংখ্যালঘু আদিবাসীদের মানবিক ঠাঁই দিতে কার্পণ্য করছে। বৃহত্তর নাগরিক সমাজও ব্যাপকভাবে উদার গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক পরিচয় দিতে পারছে না।
সবাইকে বুঝতে হবে, আদিবাসীদের অধিকার মানবাধিকার। আমরা সবাই মানুষ। কিন্তু মানুষে মানুষে, জাতিতে জাতিতে বৈষম্য আছে। জাতিসংঘ স্বীকার করেছে, বিশ্বব্যাপী আদিবাসী মানুষ ঐতিহাসিক কারণে শোষণের শিকার। আদিবাসীদের ভূমি, আদিবাসী অঞ্চল, আদিবাসী সংস্কৃতি ও সম্পদ কেড়ে নেওয়া হয়েছে। বহু দেশে আদিবাসীদের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। তাই আধুনিক রাষ্ট্রব্যবস্থায় আদিবাসীরা দিন দিন প্রান্তিকতর অবস্থানে চলে গেছে।
তবু আমাদের স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন নিয়ে বাঁচতে হয়। এই স্বপ্ন হলো শোষণ-বঞ্চনা-বৈষম্যহীন সমাজের স্বপ্ন। একটি কল্যাণমুখর মানবিক রাষ্ট্রে সুন্দর জীবনের স্বপ্ন। তাই প্রতিবছর আদিবাসী দিবসে আমরা সারা দেশের আদিবাসী একত্রে মিলিত হই। আমরা একে অন্যের পাশে দাঁড়াই, আনন্দে হাসি, গান গাই, হাতে হাত মেলাই, মিছিলে যাই। আমরা আমাদের অধিকারের কথা উচ্চকণ্ঠে বলি। ভূমি অধিকার, আত্মনিয়ন্ত্রণ অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, অর্থনৈতিক ও সামাজিকভাবে এগিয়ে যাওয়ার অধিকারের কথা আমরা সমবেত কণ্ঠে উচ্চারণ করি। এই দিনে আমরা রাষ্ট্রকে বলি আরও গণতান্ত্রিক হতে, মানবিক হতে বলি, অন্ধকার সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি পরিহার করতে বলি। আমরা বলতেই থাকব। নিশ্চয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও সুন্দর দেশ পাবে, সেই দেশটা আদিবাসীসহ সবার প্রতি যত্নবান, মনোযোগী, সংবেদনশীল ও আন্তরিক হবে।
বলা বাহুল্য, আমাদের রাষ্ট্র এ পর্যন্ত আদিবাসীদের মর্যাদা প্রতিষ্ঠায় যথাযথ ভূমিকা পালন করেনি। ২১ বছর চলে গেল রাষ্ট্রীয়ভাবে কখনো আদিবাসী দিবস উদ্যাপিত হয়নি। রাষ্ট্র ‘হাত ধোওয়া’ দিবস পালন করে, মোবাইলে বিজ্ঞাপন দেয়। রাষ্ট্র আমাদের জীবন কঠিনতর ও দুর্বিষহ করে দিল। পাহাড়ে, উত্তরবঙ্গে, খাসিয়াপুঞ্জিতে, মধুপুরের আদিবাসী গ্রামে গেলে এই চিত্র দেখা যায়। খাসিয়া পাহাড়ে গিয়ে দেখলাম, প্রশাসনের ধমক খেয়ে খাসিয়ারা দিশেহারা। সবখানে আজ ভারী হাহাকার।
তবু আমাদের পথ চলতে হয়। নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হয়। ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতে হয়। সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আদিবাসী ও অন্যদের মধ্যে এখনো বেশ দ্বিধা-সংশয় দেখা যায়। সংবিধানে ‘আদিবাসী’ শব্দটি রাখা হয়নি। কিন্তু তার মানে এই নয় যে আমরা ‘আদিবাসী’ বলতে পারব না। সংবিধানে ‘আদিবাসী’ শব্দ নেই সত্যি, কিন্তু আদিবাসী বলা যাবে না, এটি কোথাও বলা হয়নি। সেটি সম্ভবও নয়। আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘ আদিবাসী-অধিকার ঘোষণাপত্র বাস্তবায়ন এখন দেশে দেশে অন্যতম দিক।
ভেরিয়ার এলুইন তাঁর আদিবাসী জগৎ বইয়ে লিখেছেন, ‘পাহাড় ও সমতলের ঐক্য জাতীয় স্বার্থে যেমন প্রয়োজন, তেমন প্রয়োজন পাহাড় ও অরণ্যের মানুষদের স্বার্থে। আমরা পরস্পরকে সমৃদ্ধ ও সম্ভাবনাময় করে তুলতে পারি। আদিবাসীদের আমরা অনেক কিছু দিতে পারি, আবার ওদেরও অনেক কিছু আছে, যা আমাদেরকে দেওয়ার মতো।’
আজ আদিবাসী দিবসে আশা করি, আমাদের রাষ্ট্র একদিন অনেক বেশি গণতান্ত্রিক ও মানবিক হবে। দেশে জাতীয় আদিবাসী কমিশন গঠিত হবে। একটি জাতীয় আদিবাসী নীতি থাকবে। সে নীতির মূল কথা হবে, আদিবাসী স্পর্শ বা ইনডিজিনাস টাচ। অসীম নম্রতা, শুদ্ধতা, হৃদয়ের বিশালতা ও সংবেদনশীলতা নিয়ে লেখা হবে সেই নীতিমালার বাক্যগুলো। তখন আইএলও কনভেনশন বাস্তবায়িত হবে আদিবাসী কল্যাণে। আমাদের সবাইকে মিলেমিশে রাষ্ট্রকে তার সঠিক জায়গায় নিয়ে যেতে হবে। আদিবাসী-বাঙালি সবার সঙ্গে সেতুবন্ধ রচনা করতে হবে। তখন রাষ্ট্র হয়ে উঠবে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুসহ সবার। ভাবতেই ভালো লাগবে যে রাষ্ট্র হবে আদিবাসীবান্ধব। আজ আমরা কি স্বপ্ন দেখব, একদিন পাহাড়ি শিশুর হাত ধরে পরম আনন্দে পথ চলবে বাঙালি শিশু বরেন্দ্রভূমির ঢেউ-খেলানো ধানের খেতে, গারো পাহাড়ে অথবা রাঙামাটির পথে? বোধ করি, এভাবেই প্রতিষ্ঠা পাবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
সবাইকে আদিবাসী দিবসের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।
সঞ্জীব দ্রং: কলাম লেখক ও আদিবাসী সংগঠক।
[email protected]