
একাত্তরের মুক্তিযুদ্ধ যদিও বাংলাদেশের ভূখণ্ডে ঘটেছিল, কিন্তু সে যুদ্ধের অসংখ্য লড়াই হয়েছে সে দেশ থেকে বহুদূরে। যারা সে যুদ্ধে বাংলাদেশের পক্ষে লড়েছিল, তারা যে সবাই বাঙালি, এমনও নয়। চেনা নেই, জানা নেই, বাংলাদেশ নামক দেশটির সঙ্গে কোনো প্রত্যক্ষ পরিচয় নেই, তবু শুধু সংহতির নৈতিক ডাকে সাড়া দিয়েছিল অসংখ্য মানুষ। যুক্তরাষ্ট্র, একাত্তরে যে দেশের সরকার বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে পাকিস্তানের পক্ষাবলম্বন করেছিল, সেখানেও ঘটেছিল বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সংহতির এক আশ্চর্য স্ফুরণ।
সে কথা নতুন করে স্মরণ করিয়ে দিলেন যুক্তরাষ্ট্রে কর্মরত দুই তরুণ বাঙালি চিত্র পরিচালক সৈয়দ আরিফ ইউসুফ ও তসবির ইমাম স্বাক্ষর। তাঁদের নির্মিত তথ্যচিত্র ব্লকেড একাত্তরের একটি অভাবনীয় ঘটনার পুনর্নির্মাণ। সম্প্রতি নিউইয়র্কে এই ছবির এক উন্মুক্ত প্রদর্শনীতে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। যুক্তরাষ্ট্রের একদল শান্তিকর্মী কীভাবে অস্ত্র বহনকারী একটি পাকিস্তানি যুদ্ধজাহাজ বন্দরে নোঙর করা ঠেকিয়ে দিয়েছিলেন, ছবিটিতে তাঁদের নিজস্ব বয়ানে সে ঘটনা জীবন্ত হয়ে উঠেছে।
আগে সে ঘটনাটি নতুন করে শোনা যাক।
বাংলাদেশে গণহত্যা শুরুর কিছুদিন পর ফিলাডেলফিয়ায় কোয়েকার খ্রিষ্টানদের অংশগ্রহণে ‘ফ্রেন্ডস অব বেঙ্গল’ নামে একটি সংগঠন গড়ে ওঠে। রিচার্ড টেইলার ও তাঁর স্ত্রী ফিলিস টেইলার দীর্ঘদিন থেকেই যুদ্ধবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত। এপ্রিলের গোড়ার দিকে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের হাতে মার্কিন সামরিক সরঞ্জাম ব্যবহারের প্রতিবাদ করার বিষয়টি তাঁরা বিশেষ গুরুত্বের সঙ্গে গ্রহণ করলেন। ওয়াশিংটনেও একদল মার্কিন নাগরিকের উদ্যোগে সে সময় গঠিত হয়েছিল বাংলাদেশ ইনফরমেশন সেন্টার। ড. বিল গ্রেনো, যিনি একসময় ঢাকায় কলেরা হাসপাতালে কাজ করতেন, ছিলেন এই তথ্যকেন্দ্রের প্রাণপুরুষ। ফিলাডেলফিয়াতে হোক অথবা ওয়াশিংটনে, একই উদ্দেশ্যে কাজ করছেন, ফলে অচিরেই তাঁরা একে অপরের সঙ্গে যুক্ত হলেন। নিজেদের তাগিদেই তাঁদের সঙ্গে কাজ করতে এগিয়ে এলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী একদল বাঙালি।
‘পদ্মা’ নামে একটি সমুদ্রগামী মালবাহী জাহাজ অস্ত্র বহনের উদ্দেশ্যে বালটিমোর সমুদ্রবন্দরে নোঙর করবে, এই তথ্যটি গোপনে তাঁদের কাছে পৌঁছে দিয়েছিলেন সিনেটর এডওয়ার্ড কেনেডির দপ্তরের একজন অজ্ঞাতনামা কর্মী। জানা গেল, ‘পদ্মা’ বালটিমোরে নোঙর করবে ১১ জুলাই। খাদ্য বহন করছে বলে দাবি করা হলেও আসলে তাতে আসছে অস্ত্রের চালান, এই কথাটিও কেনেডির দপ্তর থেকে নিশ্চিত করা গেল। এর আগের সপ্তাহে মন্ট্রিলের ডক শ্রমিকেরা একই কারণে তাতে মাল তুলতে রাজি হননি।
প্রস্তাব হলো, পদ্মাকে বন্দরে ভিড়তে দেওয়া হবে না। কিন্তু কীভাবে? একজন প্রস্তাব করলেন, নৌবন্দরটি মাইন দিয়ে ঘিরে ফেলা হোক। কথাটা ঠাট্টা করে বলা কি না বোঝা গেল না, কিন্তু সবাই তাতে সম্মতি জানাল। তবে যুদ্ধাস্ত্র মাইন নয়, নিজেদের শরীরকে তাঁরা মাইন বানাবেন। ছোট ছোট ডিঙি নৌকা দিয়ে ‘ব্লকেড’ করে বন্দরে জাহাজ ঢোকার পথ তাঁরা আটকে দেবেন।
বাঙালি গবেষক সুলতানা ক্রিপেনডর্ফ সে সময় বড়জোর বছর তিরিশের, সদ্য মা হয়েছেন। তাঁর ওপর ভার পড়ল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ডক শ্রমিকদের সঙ্গে কথা বলা, তাঁদের সমর্থন আদায় করা। এমনকি আগেভাগে পুলিশের সঙ্গে যোগাযোগ করেও আগাম জানিয়ে দেওয়া হলো ১১ তারিখে কী হতে যাচ্ছে। মোনায়েম চৌধুরী, আরেক বাঙালি অধ্যাপক, ঠিক বুঝে উঠতে পারছিলেন না কী হতে যাচ্ছে। ‘আমাদের দেশে আমরা আর যা-ই করি, কখনোই পুলিশকে কখনো আগেভাগে জানান দিই না।’ ডিঙি নৌকা দিয়ে অতিকায় এক জাহাজ কীভাবে আটকানো যাবে, সেটি অনেকের মতো তাঁরও মাথায় আসছিল না। ওই সামান্য ডিঙি নৌকা ‘পদ্মা’র কাছে গেলে তো তার প্রপেলারের আঘাতে মুহূর্তেই সবাই তলিয়ে যাবে।
সে বিপদের আশঙ্কা মাথায় রেখেই সব প্রস্তুতি সম্পন্ন হলো। পাশাপাশি চলল জোর প্রচার। সব জাতীয়, স্থানীয় টিভি ও পত্রপত্রিকাকে জানিয়ে দেওয়া হলো সেদিন নৌবন্দরে কী ঘটতে পারে। শহরের প্রধান পত্রিকা বালটিমোর সান তার প্রথম পাতায় ফলাও করে সে খবর ছাপল। খবর পেয়ে দূরদূরান্ত থেকে বাঙালিরা এসে তাদের সঙ্গে যুক্ত হলেন। ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে সংগ্রামরত অনেক মার্কিন ছাত্র-যুবকও হাত মেলাল ‘কোয়কার’দের সঙ্গে। ১১ জুলাই বালটিমোর বন্দরে কয়েক শ মানুষ এসে হাজির, সবাই পদ্মাকে বন্দরে ভিড়তে না দিতে বদ্ধপরিকর। কিন্তু সেদিন পদ্মা বালটিমোর বন্দরে ভিড়ল না। খবর নিয়ে জানা গেল, তিন দিন পর অর্থাৎ ১৪ জুলাই বন্দরে এসে ভিড়বে সে জাহাজ।
১৪ তারিখের আগেই ৫০টির মতো ডিঙি নৌকা জোগাড় হয়েছিল। কিন্তু পুলিশ বলে দিল, তাদের নিজেদের নিরাপত্তার কারণে সেসব পানিতে ভাসানো যাবে না। এত কাঠখড় পোড়ানোর পর সব আয়োজন কি ভেস্তে যাবে? রিচার্ড টেইলার খবর আনলেন বন্দরলাগোয়া সেতু পেরিয়ে একটি ছোট ম্যারিনা আছে, সেখানে পুলিশি প্রহরা নেই। রিচার্ড জানালেন, তিনিই প্রথম নৌকাটি ভাসাবেন, আরও চারটে নৌকা তাঁকে অনুসরণ করবে।
দূর থেকে নজরে এল পদ্মা, অতিকায় এক জলদানব, তার প্রবল চাপে পাহাড়সমান ঢেউ উঠছে, তার তোড়ে অনায়াসে ডুবে যাওয়ার কথা যাত্রীসহ প্রতিটি ডিঙি নৌকার। কিন্তু বিক্ষোভকারীদের একজনও পিছু হঠার কথা ভাবলেন না। এদিকে তাদের পিছু পিছু বন্দর পুলিশ এসে হাজির, পদ্মাকে পেছনে রেখে তারা ডিঙি নৌকাগুলোকে দুই দিক থেকে সাঁড়াশির মতো আটকে ফেলল। বড়শির মতো এক এক করে তাদের টেনে তোলা হলো পুলিশি নৌকার সঙ্গে। গ্রেপ্তার হলেন প্রত্যেক বিক্ষোভকারী। এক দিন পর আদালতে হাজির করা হলে নামমাত্র ধমক দিয়ে তাদের ছেড়ে দেওয়া হলো। যে বিচারক সেদিন এজলাসে দায়িত্ব পালন করছিলেন, তিনি পরে রিচার্ডকে বলেন, ‘আপনাদের সঙ্গে সে বিক্ষোভে আমার এক ছেলেও শামিল হয়েছিল।’
এই গল্পটিই কথায় ও ছবিতে ফুটিয়ে তুলেছেন আরিফ ও স্বাক্ষর তাঁদের ডকুফিল্ম ব্লকেড-এ। ৪৫ বছর আগের গল্প, খুব সহজ ছিল না সে কাহিনির ভিডিও ফুটেজ খুঁজে বের করা। আট বছর ধরে আমেরিকার এমন কোনো মহাফেজখানা, এমন কোনো টিভি স্টেশনের লাইব্রেরি ছিল না, যেখানে তাঁরা ফুটেজের সন্ধান করেননি। শুধু ফুটেজ তো নয়, সে ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এমন মুখ্য কুশীলবকেও তো চাই। ফিলিস ও রিচার্ড টেইলার, ড. গ্রেনো, সুলতানা ক্রিপেনডর্ফ ও মোনায়েম চৌধুরী, প্রত্যেককেই তাঁরা খুঁজে বের করলেন। তাঁদের মুখ দিয়েই পুরো গল্পটি সাজানো হয়েছে এই তথ্যচিত্রে। তাঁরা এখন সবাই পরিণত বয়সের, অথচ সেদিনের ঘটনার প্রতিটি মুহূর্ত তাঁদের কাছে এখনো তাজা। ক্যামেরার দিকে তাকিয়ে সে ঘটনা বর্ণনার সময় তাঁদের চোখ-মুখ দেখে সে সময়ের উত্তেজনা দর্শক হিসেবে নতুন করে উপলব্ধি করতে আমাদের কোনো কষ্ট হয় না।
রিচার্ডের সঙ্গে আমার বার কয়েক দেখা হয়েছে। তাঁকে জিজ্ঞাসা করেছি, তোমরা তো সেদিন মারা যেতে পারতে, তারপরও কোন সাহসে, কী ভেবে অপরিচিত এক দেশের মানুষের লড়াইতে হাত মিলিয়েছিল? প্রতিবারই রিচার্ড আমাকে বলেছেন, ‘কখনো কখনো ব্যক্তিস্বার্থ ভুলে বিবেকের নির্দেশ শুনতে হয়। আমার দেশের রাজনৈতিক নেতৃত্ব যে ভুল করেছিল, আমাকে, আমার সহযোদ্ধাদের, সে ভুল শোধরানোর জন্য সেদিন জান বাজি রাখতে হয়েছিল। শান্তিপূর্ণভাবেও যে প্রতিবাদ করে তাতে বিজয় অর্জন সম্ভব, সেই চেতনাই আমাদের সেদিন উজ্জীবিত করেছিল।’
বালটিমোর নৌবন্দর অবরোধের এ ঘটনা আমাদের মুক্তিযুদ্ধের এক অবিচ্ছেদ্য অংশ। রিচার্ড, ফিলিস ও তাঁদের সাথিরাও সে যুদ্ধের নির্ভীক মুক্তিযোদ্ধা। তাঁদের ঋণ শোধরানোর ক্ষমতা আমাদের নেই। ৪৫ বছর আগের সেই ইতিহাস নতুন করে নির্মাণ করেন আরিফ, স্বাক্ষর ও তাঁদের শিল্পী-কারিগর বন্ধুরা পুরো বাংলাদেশের পক্ষ থেকে এসব বিদেশি সহযোদ্ধার প্রতি আমাদের কৃতজ্ঞতার কথা জানিয়ে দিল। সে জন্য তাঁদেরও ধন্যবাদ।
হাসান ফেরদৌস: যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি।