একাত্তরের গণহত্যা প্রশ্নে দুটি বিবৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসেম্বরের শুরুতে আন্তর্জাতিক প্রচারমাধ্যমে দুটি বিবৃতি যায়। অজ্ঞাত স্থান থেকে পাঠানো বিবৃতি দুটির ভাষা ও বক্তব্য অভিন্ন। সেগুলো পাঠিয়েছে অ্যাসোসিয়েট প্রেস অব হরপ্পা (এপিএইচ) এবং মহেনজোদারো প্রেস ইন্টারন্যাশনাল (এমপিআই)। বিবৃতিতে স্বাক্ষর করেছেন মহেনজোদারোর সাবেক মেয়র এবং হরপ্পার প্রধান শাসনকর্তা। পাঁচ হাজার বছর আগের বিলুপ্ত ভাষা দুর্বোধ্য। ওগুলোর বাংলা তরজমা আমরা দাঁড় করিয়েছি এ রকম:
পঞ্চ সহস্র বছর পূর্বে যে ভূখণ্ডে আমরা মহান সিন্ধু সভ্যতা নির্মাণ করিয়াছিলাম সেইখানে একটি বৃহৎ রাষ্ট্র প্রতিষ্ঠিত হইয়াছে তাহা দেখিতে পাইতেছি। স্বর্গ হইতে আমরা অনুমান করি, এই রাষ্ট্রের হর্তাকর্তাবিধাতাগণ আমাদের চাইতে বেশি আক্কেলজ্ঞানসম্পন্ন হইবেন। কিন্তু নভেম্বর মাসের শেষ সপ্তাহে আমরা লক্ষ করিলাম, পাকিস্তানি শাসকশ্রেণির বুদ্ধিশুদ্ধি দুর্গন্ধযুক্ত পাঁঠার চাইতে এক বিন্দুও বেশি নহে। আমাদের উত্তর পুরুষ বলিয়া তাহাদের কথাবার্তা ও কার্যকলাপে আমাদের মাথা অবনত না হইয়া যায় না।
গাত্রে বিছুটি লাগিলে মনুষ্য ও ছাগল চুলকানিতে ও জ্বালায় উল্লম্ফন করিতে থাকে। পাকিস্তানি নেতৃবর্গের যেন সেই দশাই হইয়াছে। জাহাঙ্গীরনগরস্থ নাজিমউদ্দিন রোডের উঁচু প্রাচীরবেষ্টিত এক মঞ্চে দুই পাকিস্তানপ্রেমিকের গ্রীবাদেশে ম্যানিলা রজ্জুর সদ্ব্যবহার ঘটিবার পর মদীয় দেশীয় কতিপয় নেতার আর্তনাদ আমাদের কর্ণগোচর হইয়াছে। এই আর্তনাদকে এখন আমরা অরণ্যে রোদন বলিয়া অভিহিত করিতে পারি। কারণ এই আর্তনাদ বা হাহাকার পাকপ্রেমিকদ্বয়ের মস্তিষ্ক হইতে বক্ষ পর্যন্ত যমটুপি পরিধান করিবার পূর্বে করিলে কিঞ্চিৎ অর্থ বহন করিত। তাহাদের প্রতি সত্যিকারের মহত্ত্ববোধের প্রকাশ ঘটিত। এক্ষণে মদীয় নেতৃবর্গ যাহা করিতেছেন তাহাতে ভানু বন্দ্যোপাধ্যায়ের সেই কৌতুকটি স্মরণ না করিয়া পারিতেছি না। ব্যঙ্গ-কৌতুকটি এবংবিধ:
জনৈক বাক্যবাগীশ রাজনৈতিক নেতা (নেতারা বাক্যবাগীশই হইয়া থাকেন এবং মিথ্যা আশ্বাস প্রদানে পটু) উচ্চ ক্ষমতার অধিকারী হইয়াছেন। হত্যা মামলার আসামি তাহার এক কর্মীর আদালতে ফাঁসির আদেশ হইয়াছে। মামলাটি আপিল বিভাগে গিয়াছে। দণ্ড মওকুফ বা হ্রাস করিবার নিমিত্তে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ঘনিষ্ঠজন নেতার নিকট তদবির করিতে যায়। সব শ্রবণ করিয়া নেতা তাহাকে আশ্বাস প্রদান করিলেন—তুই চিন্তা করিস না, ফাঁসি হোক আগে, তারপরে দ্যাখ আমি কী করি। তদবিরকারী তাহাতেই সন্তুষ্ট হইয়া গৃহে প্রত্যাবর্তন করিল।

>পঁয়তাল্লিশ বছর পূর্বের বর্বরতা বা গণহত্যা বর্তমান শাসকশ্রেণি দ্বারা সংঘটিত হয় নাই। তাহা সত্ত্বেও সেই দায় যাহারা স্বেচ্ছায় স্কন্ধে লইয়া সত্যকে অস্বীকার করে তাহাদের ধ্বংস বিধাতাও রোধ করিতে ইচ্ছুক নহেন

ফাঁসি কার্যকরের পর মদীয় নেতৃবর্গ, সিনেটরগণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তারা স্বীয় বক্ষ চাপড়াইয়া শোক প্রকাশ করিলে তাহাতে কাহারো কিছু বলিবার থাকিত না। কিন্তু তাহারা শোকের সঙ্গে যোগ করিয়াছেন যে বক্তব্যটি তাহা হইল, ঈসায়ী ১৯৭১ অব্দে বঙ্গীয় মৃত্তিকায় কোনো গণহত্যা হয় নাই। পাকিসৈন্যরা সেখানে নয়টি মাস আগ্নেয়াস্ত্র এস্তেমাল না করিয়া লেবেনচুষ চুষিয়াছে এবং তাহাদের দোসর আলবদর রাজাকারবর্গ চুষিয়াছে অঙ্গুলি। মনুষ্যজাতির ইতিহাসে এহেন মিথ্যা অষ্টম হইতে দশম বারের বেশি কদাচ উচ্চারিত হয় নাই। এহেন মিথ্যাচারে স্বর্গ হইতেও আমরা ঘৃণা প্রকাশ না করিয়া থাকিতে পারিলাম না।
পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি জুলফি স্বয়ং ফাঁসির কাষ্ঠে ঝুলিবার কয়েক বছর পূর্বে ইতালীয় নারী সাংবাদিক ওরিয়ানা ফালাসির সঙ্গে এক সাক্ষাৎকারে বলিয়াছিলেন, একাত্তরে বাংলাদেশে কোনো জেনোসাইড হয় নাই, মাত্র ৩০ সহস্রের মতো আদমসন্তান নিহত হইয়াছে। জেনোসাইড শব্দটির অর্থ ইংরেজি ভাষায় ব্যুৎপত্তিসম্পন্ন জুলফির অজ্ঞাত থাকিবার কথা নহে। যদ্যপি আমরা যাহা জ্ঞাত হইয়াছি তাহা হইল, ৩০ সহস্র নিহত হইয়াছে পঁচিশে মার্চের পরবর্তী তিন সপ্তাহেই। যাহাই হউক, বঙ্গবাসীদের কথা না বিশ্বাস করিয়া যদি মহেনজোদারো এলাকা লারকানার সামন্তপ্রভুর কথাই শিরোধার্য করি (তাহার কথা আমাদের অঞ্চলের জন্তু রাসভ (গর্দভ) পর্যন্ত বিশ্বাস করিবে না), তাহা হইলে ত্রিংশ সহস্র মনুষ্য নিধন কি গণহত্যা নহে?
স্ক্রু সম্পূর্ণ ঢিলা হইলে কিংবা মাত্রাতিরিক্ত হাশিশ-ভাং সেবন করিলে এই জাতীয় কথা কেহ উচ্চারণ করিতে পারে। জুলফি দামি স্কচ পান করিত তাহার বন্ধু ইয়াহিয়ার মতো। হায়া-লজ্জা অথবা কিছুমাত্র কাণ্ডজ্ঞান থাকিলে কদাচ কেহ এমন মিথ্যা রটনা করিতে পারে না। তবে মরিতে কেমন লাগে তাহা জুলফি মৃত্যুর আগে উপলব্ধি করিয়া গিয়াছেন, যখন জিয়াউলের লোকেরা সায়াহ্নে তাহাকে অবগত করিল যে অদ্য রাত্রিতেই ঝুলিতে হইবে। ফাঁসির মঞ্চে উঠিবার শক্তি ছিল না। যমটুপি দিয়া মুখ আবক্ষ ঢাকিয়া পাঁজাকোলা করিয়া ফাঁসির মঞ্চের পাটাতনে তাহাকে উত্তোলন করা হইয়াছিল। যে অপরাধেই তাহার মৃত্যুদণ্ড হউক, বাংলাদেশে গণহত্যার জন্যই তাহার ফাঁসি হইতে পারিত।
অতি আধুনিক আগ্নেয়াস্ত্র সম্পূর্ণ নিরপরাধ শিশু, বৃদ্ধ, নারী ও পুরুষের উপর নির্মমভাবে প্রয়োগ করিয়াছে মহেনজোদারো হরপ্পার অঞ্চলের সেনাবাহিনী। গৃহ ও ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত করা হইয়াছে, নারীর উপর যৌন নিপীড়ন সংঘটিত হইয়াছে, সারিবদ্ধ করিয়া গুলি করা হইয়াছে প্রকাশ্য দিবালোকে। হত্যাকাণ্ড লোকালয়ে সংঘটিত হইয়াছে কোথাও ঘনঘোর অমানিশার অন্ধকারে, দিনদুপুরে খেতখামারে, নদীর মধ্যে, কলকারখানায়, অফিসে, হাটবাজারে কিংবা সড়কে দাঁড় করাইয়া। আমাদের সৈন্যসামন্ত ও তাহাদের বঙ্গীয় সহযোদ্ধারা হায়ওয়ানকেও হার মানাইয়াছে।
এপিএইচ এবং এমপিআই পরিবেশিত দীর্ঘ বিবৃতি দুটির শেষ কথাটি ছিল: পঁয়তাল্লিশ বছর পূর্বের বর্বরতা বা গণহত্যা বর্তমান শাসকশ্রেণি দ্বারা সংঘটিত হয় নাই। তাহা সত্ত্বেও সেই দায় যাহারা স্বেচ্ছায় স্কন্ধে লইয়া সত্যকে অস্বীকার করে তাহাদের ধ্বংস বিধাতাও রোধ করিতে ইচ্ছুক নহেন।
সৈয়দ আবুল মকসুদ: লেখক ও গবেষক।