১ অক্টোবর ছিল আন্তর্জাতিক প্রবীণ দিবস। জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও হেল্প এইজ ইন্টারন্যাশনাল একসঙ্গে একটি প্রকাশনা উন্মুক্ত করল, যার শিরোনাম: ‘একুশ শতকের প্রবীণ: শ্রদ্ধায় ও দ্বান্দ্বিকতায়’। এই প্রকাশনাটি এমন একটি সময়ে বের হলো, যখন সমগ্র বিশ্বে প্রৌঢ়ত্ব একুশ শতকের একটি উল্লেখযোগ্য ধারায় পরিণত হয়েছে। সারা বিশ্বে প্রতি সেকেন্ডে দুজন ব্যক্তি তাঁদের ৬০তম জন্মদিন পালন করছেন। বর্তমানে পৃথিবীতে প্রতি নয়জনে একজন ব্যক্তির বয়স ৬০ বা তার ঊর্ধ্বে, এবং এই হার ২০৫০ সালে প্রতি পাঁচজনে একজন উন্নীত হওয়ার আশা করা হচ্ছে। বিশ্বের সব দেশে, সব এলাকাতেই উন্নয়নের বিভিন্ন ধাপে প্রৌঢ়ত্ব দেখা যাচ্ছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে প্রৌঢ়ত্বের বিকাশ সবচেয়ে বেশি, যদিও এই দেশগুলোর জনসংখ্যার একটি বিরাট অংশ যুবকেরা দখল করে রয়েছে। বর্তমানে বাংলাদেশে ৬০ বছর বা তদূর্ধ্ব লোকের সংখ্যা ৯ দশমিক ৮ মিলিয়ন (৯৮ লাখ, যা মোট জনসংখ্যার ৬ দশমিক ৫ শতাংশ), যা ২০২৬ সাল নাগাদ বেড়ে ১৮ দশমিক ১ মিলিয়নে (মোট জনসংখ্যার ১০ শতাংশ) এবং ২০৫১ সালে বেড়ে ৪৪ দশমিক ১ মিলিয়নে (মোট জনসংখ্যার ২২ দশমিক ১) দাঁড়াতে পারে। দেশটির ৬০ বছর বা তদূর্ধ্ব বয়সের জনসংখ্যা ১৫ বছর বা তার কম বয়সীদের তুলনায় প্রায় ৫ দশমিক ৭ গুণ বেশি এবং ক্রমবর্ধমান প্রৌঢ়ত্ব ও একই সময়ে যুবাদের সংখ্যা কমে আসার দরুন এই হার আরও বাড়তে পারে। এ ছাড়া, ২০০০ থেকে ২০৫০ সালের মধ্যে নির্ভরশীল প্রৌঢ় ব্যক্তির হার প্রায় তিন গুণ বেড়ে ৫ দশমিক ৪ থেকে বেড়ে ১৬ দশমিক ২-এ এসে দাঁড়াবে। কিন্তু ৬০ বছর বা তার অধিক বয়সী ব্যক্তিদের এই বৃদ্ধিকে গ্রহণ করতে বাংলাদেশ কি প্রস্তুত?একটি গল্প দিয়ে শুরু করা যাক। হাজেরা বেওয়া ৬৫ বছর বয়সী একজন বিধবা। চার কন্যা এবং এক পুত্রসন্তান নিয়ে তাঁর পরিবার। যুবা বয়সে তাঁর শরীরে শক্তি ও সামর্থ্য দুটোই ছিল। তিনি নিজের সন্তানদের ঠিকভাবে পালন করেছেন, এমনকি তাদের মুখে হাসি ফোটানোর জন্য নিজে না খেয়ে তাদের খাবার জুগিয়েছেন। এখন তাঁর সন্তানেরা নিজেরা বাবা-মা হয়েছেন এবং তাঁদের নিজেদের পরিবারের দেখাশোনা করছেন। হাজেরা বেওয়ার কন্যাসন্তানেরা অনেক দূরে বাস করে, তিনি তাঁর একমাত্র পুত্রসন্তানের পরিবারের সঙ্গে বাস করছেন। কিন্তু জীবন মোটেও সহজ নয়। যেহেতু তাঁর আর শক্তি বা ক্ষমতা নেই, তাই তিনি পরিবারটির জন্য একটি বোঝায় পরিণত হয়েছেন। তিনি তাঁর প্রাত্যহিক প্রয়োজন এবং পরিচর্যার জন্য সম্পূর্ণ পরিবারটির ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। তিনি প্রায়ই তাঁর ছেলের বা তাঁর স্ত্রীর, এমনকি নাতি-নাতনির নির্যাতনের শিকার হন। তিনি তাঁর নাতি-নাতনিদের অসম্ভব স্নেহ করেন এবং তাদের গল্প বলে শোনাতে চান। কিন্তু তারা তা পছন্দ করে না, তাই তিনি একরকম নিঃসঙ্গ ও বিষণ্ন জীবন যাপন করছেন।দুঃখজনক হলেও সত্য যে হাজেরার গল্পটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একদিক থেকে বিবেচনা করা হলে প্রৌঢ়ত্ব উন্নয়নেরই ফলাফল। মানবসভ্যতার একটি উল্লেখযোগ্য অর্জন হলো আয়ু বৃদ্ধি। উন্নত পুষ্টি, পয়োনিষ্কাশন, স্বাস্থ্যসেবা ও চিকিৎসাব্যবস্থা, শিক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্যই আয়ু বৃদ্ধি পায়। কিন্তু এর সঙ্গে সঙ্গে ব্যক্তি, পরিবার, সমাজ এবং সামগ্রিকভাবে বিশ্বে নানান চ্যালেঞ্জ দেখা যায়। প্রৌঢ়ত্বের সুবিধাগুলো মূলত নির্ভর করে কীভাবে আমরা চ্যালেঞ্জগুলো মোকাবিলা করি, বা বয়স্ক ব্যক্তিদের বর্ধিত আয়ুকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি। সমগ্র বিশ্বে বৃদ্ধ ব্যক্তিদের বর্ধমান হারকে বিবেচনা করে প্রৌঢ়ত্বের এই জনসংখ্যা তাত্ত্বিক পরিবর্তনের চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করতে আমাদের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।প্রৌঢ়ত্বের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সুবিধাগুলোকে গ্রহণ করার জন্য জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও হেল্প এইজ ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদনে সমাজ, কর্মক্ষেত্র এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন কিছু প্রস্তাব উত্থাপন করেছে। বৃদ্ধ ব্যক্তিরা নিরাপত্তা এবং সম্মানের সঙ্গে জীবন যাপন করতে পারেন, যাতে তাঁরা প্রয়োজনীয় স্বাস্থ্য এবং সামাজিক সুযোগ লাভ করেন, ন্যূনতম আয় উপার্জন করেন এবং জাতীয় সামাজিক নিরাপত্তাব্যবস্থার বাস্তবায়নের বিভিন্ন স্তরে প্রবেশ করতে পারেন। যাতে করে উন্নত এবং স্বাস্থ্যসম্মত প্রৌঢ়ত্ব উপলব্ধি করা যায়। এ ছাড়া, আমাদের কর্তব্য হবে পরিবার এবং সমাজকে সাহায্য করা, যাতে করে প্রবীণ ব্যক্তিরা তাঁদের প্রয়োজনীয় দীর্ঘস্থায়ী পরিচর্যা লাভ করেন, যেন স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসম্মত প্রৌঢ়ত্ব নিশ্চিত করা যায়। জাতীয় উন্নয়ন কার্যক্রমে বৃদ্ধ ব্যক্তিদের প্রয়োজনগুলো তুলে ধরাও নিশ্চিত করতে হবে। এসব কার্যক্রমকে রাজনৈতিক প্রতিশ্রুতির মাধ্যমে শক্তিশালী করতে হবে। সামগ্রিক উন্নয়ন কার্যক্রমে প্রৌঢ় উন্নয়ন কর্মকাণ্ডও একীভূত করা দরকার। সমাজে প্রবীণ ব্যক্তিদের পরিচর্যা গ্রহণকারী থেকে উৎপাদনশীল ব্যক্তি হিসেবে পরিগণিত করতে হবে। আর্থার এরকেনকান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ইউএনএফপিএ নির্ঝরিণী হাসানকান্ট্রি ডিরেক্টর, হেল্প এইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ