একুশে আগস্ট: আয়নায় নিজের মুখ দেখুক বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা যখন ঘটে, তখন আমি ‘সংবাদ’-এ। দিনের কাজ শেষে যখন পুরোনো পল্টনের অফিস থেকে বের হব, তখনই সহকর্মী সালাম জুবায়ের ভয়াবহ সংবাদটি জানালেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা হয়েছে। বহু মানুষ মারা গেছেন।
তখনো কেউ জানেন না, কারা এই হামলা চালিয়েছে। হেঁটে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দিকে যেতে দেখি, রক্তে ভেজা রাজপথ আর মানুষের ছিন্নভিন্ন দেহ। শত শত জুতা-স্যান্ডেল পড়ে আছে। সেই ধ্বংসস্তূপের ভেতর তখনো কেউ কেউ কাতরাচ্ছিলেন, সাহায্যের জন্য আহাজারি করছিলেন। সাধারণ মানুষ, সেখানকার দোকানদার, রিকশাচালক ও পথচারীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্যরা নির্বিকার দাঁড়িয়ে আছেন। হামলার একপর্যায়ে তাঁরা কাঁদানে গ্যাস ছুড়লে চারদিকে ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়। হামলার আগে ও পরে সেখানে একটি বিশেষ যানের উপস্থিতি নিয়েও পরে বেশ আলোচনা হয়।
উপস্থিত লোকজন ও সাংবাদিক বন্ধুরা জানালেন, শেখ হাসিনার বক্তৃতার শেষ মুহূর্তেই গ্রেনেড হামলা হয়েছে। একটি-দুটি নয়, অনেকগুলো গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়েছে। আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়। তিনি যে ট্রাকে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলেন, সেই ট্রাক লক্ষ্য করেই দুর্বৃত্তরা প্রথম গ্রেনেডটি ছোড়ে। দলের নেতা-কর্মীরা ট্রাকের ওপরই শেখ হাসিনার চারপাশে মানববর্ম তৈরি করেছিলেন, যার ছবি পরের দিন প্রায় সব কাগজে প্রকাশিত হয়। হামলার মুখে যখন দলীয় নেতা-কর্মীরা শেখ হাসিনা গাড়িতে তুলে দেন সেখান থেকে নিরাপদে কোথাও চলে যাওয়ার জন্য, তখন সন্ত্রাসীরা সেই গাড়ি লক্ষ্য করে কয়েক দফা গুলি ছোড়ে। জঙ্গিদের হামলা থেকে শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২২ জন মারা যান। আহত হন কয়েক শ।
২১ আগস্টের গ্রেনেড হামলার এক যুগ পার হয়েছে। কিন্তু সেদিন যাঁরা নিহত হন, তাঁদের স্বজনেরা এখনো কষ্ট ও যন্ত্রণা ভোগ করে চলেছেন। গত শনিবার প্রথম আলোর ‘ছুটির দিনে’ কয়েকজন স্বজনহারা মানুষের কষ্টের কথা প্রকাশিত হয়েছে ‘বুকে জমাট ব্যথা’ শিরোনামে। তাঁদের কেউ সন্তানের কথা মনে করে অঝোরে চোখের পানি ফেলছেন, কেউ স্বামীর স্মৃতি নিয়ে বেঁচে আছেন, কেউ অস্পষ্ট ছবিতে বাবাকে খুঁজে বেড়াচ্ছেন। আর সেদিন যাঁরা গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন, তাঁরা দুর্বিষহ যন্ত্রণা পোহাচ্ছেন। বেঁচে থাকাই তাঁদের কাছে সবচেয়ে কষ্টের। ২১ আগস্টের ঘটনা জাতির জীবনে যে জমাট বেদনা ও কষ্টের পাহাড় তৈরি করেছিল, তার ক্ষত এখনো শুকায়নি। সেদিন বোমা-গ্রেনেড মেরে মানুষ হত্যা করেছে যে জঙ্গিগোষ্ঠী, এখনো তারা সক্রিয়। সেই অন্ধকারের জীবেরা সুযোগ পেলেই আঘাত হানছে। নতুন নামে ও নতুন আঙ্গিকে।
একুশের গ্রেনেড হামলার পর ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, এটি আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগ জনগণের সহানুভূতি পেতেই নাকি গ্রেনেড হামলার ঘটনা ঘটিয়েছিল। কিন্তু পরবর্তীকালে নানা তথ্য-উপাত্ত এবং আক্রমণে অংশ নেওয়া ব্যক্তিদের জবানবন্দিতে বেরিয়ে আসে যে হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি বি) নেতা মুফতি আবদুল হান্নানই এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। তিনি আওয়ামী লীগ নেতৃত্বকে শেষ করে দিতে এই ঘৃণ্য পথ বেছে নিয়েছিলেন। এর আগেও মুফতি হান্নান ও তাঁর সংগঠন হুজি বি একাধিকবার শেখ হাসিনাকে হত্যা করা ব্যর্থ চেষ্টা চালায়।
কিন্তু সেদিন ক্ষমতাসীন মন্ত্রী-নেতারা আক্রান্ত মানুষের পক্ষে না দাঁড়িয়ে জঙ্গিদের পক্ষ নিয়েছিলেন। সরকারের বিভিন্ন বাহিনী, প্রশাসন, গোয়েন্দা—সবাই একই সুরে কথা বলেছে। এমনকি বিচারপতি জয়নুল আবেদিনের নেতৃত্বে গঠিত বিচার বিভাগীয় কমিশনও দাবি করে বসল, এই হামলার পেছনে কোনো জঙ্গিগোষ্ঠী নেই। সীমান্তের ওপারের শক্তিশালী দেশটির গোয়েন্দা সংস্থা সেখানে পলাতক সন্ত্রাসীদের দিয়ে এই হত্যাযজ্ঞ ঘটিয়েছে।
জাতীয় সংসদে দাঁড়িয়েও সরকারি দলের সাংসদেরাও বিরোধী দল আওয়ামী লীগের ওপর দোষ চাপাতে দ্বিধা করেননি। এই হামলার প্রতিবাদে মুক্তাঙ্গনে আহূত সমাবেশে বিএনপি নেতারা সেদিন যেসব কথা বলেছিলেন, মনে করলে এখন তাঁরাই লজ্জিত হবেন। তাঁদের হাতে নাকি তথ্য-প্রমাণ ছিল, এটি আওয়ামী লীগেরই কাজ। এরপর ক্ষমতাসীনেরা পুরো ঘটনা ধামাচাপা দিতে জজ মিয়া নাটক সাজালেন। তাকে বলা হলো, ‘যদি সে শিখিয়ে দেওয়া কথা বলে, তাহলে মাসে মাসে টাকা পাবে। আর এর অন্যথা হলে ক্রসফায়ার।’ এরপর পুলিশ প্রশাসন কয়েক বছর সেই টাকাও তাকে দিয়েছে।
২০০৬ সালের আগস্টে এই নাটকের পেছনের ঘটনা ফাঁস করে জজ মিয়ার মা জোবেদা খাতুন প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, জজ মিয়াকে গ্রেপ্তারের পর থেকেই সিআইডি তাঁর পরিবারকে মাসে মাসে ভরণপোষণের টাকা দিয়ে আসছে। জজ মিয়াকে গ্রেনেড হামলা মামলায় রাজসাক্ষী করতে সিআইডির প্রস্তাবের কথাও ফাঁস করে দেন তিনি। (সূত্র: প্রথম আলো, ২১ আগস্ট ২০০৬)
রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নেতারা মাঠে অনেক কিছু বলেন। তাই বলে পুরো প্রশাসনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এ রকম একটি জ্বলন্ত মিথ্যাকে সত্য বলে চালানো অমার্জনীয় অপরাধ বলেই মনে করি।
পরবর্তীকালে তদন্তে বেরিয়ে আসে সেই সময়ে সরকার কেবল অপরাধীদের বাঁচাতেই নানা অপকৌশলের আশ্রয় নেয়নি, প্রতিমন্ত্রী-উপমন্ত্রীসহ সরকার ও প্রশাসনের অনেকেই এই তৎপরতায় সরাসরি যুক্ত ছিলেন। যে জঙ্গিগোষ্ঠী এই নরমেধ যজ্ঞ ঘটিয়েছে, সেই যজ্ঞের অন্যতম পুরোধা মাওলানা তাজউদ্দিন ছিলেন উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই। উপমন্ত্রীর বাসায় জঙ্গিরা একাধিকবার বৈঠক করেছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎ​ফুজ্জামান বাবর অপরাধীদের না ধরে বিদেশে পার করে দিয়েছেন। মামলার সম্পূরক অভিযোগপত্রে আসামি মুফতি হান্নানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ২১ আগস্টের গ্রেনেড হামলার আগে হাওয়া ভবনে তাদের বৈঠক হয়েছে এবং তাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তারেক রহমান ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ (যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত) উপস্থিত ছিলেন।
২১ আগস্টের গ্রেনেড হামলার মামলাটি এখন আদালতে বিচারাধীন। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে। আমার বিশ্বাস, আগামী কিছুদিনের মধ্যে এ মামলার রায় হবে।’ মামলা পরিচালনায় যুক্ত সরকারপক্ষের কৌঁসুলিরা বলছেন, বিচারকাজ শেষ হতে আরও অন্তত তিন মাস সময় লাগতে পারে। দেশবাসী চায় বিচারকাজ দ্রুত শেষ হোক। মানবতা ও ন্যায়ের স্বার্থেই ইতিহাসের জঘন্যতম এই হামলা ও হত্যাযজ্ঞের বিচার হওয়া প্রয়োজন। বিচারেই নির্ধারিত হবে কে অপরাধী, কে অপরাধী নয়।
কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় থাকতে যেভাবে মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করেছিল, তাতে এই ধারণা অমূলক নয় যে তৎকালীন সরকারের নীতিনির্ধারকদের একাংশ এর পেছনে ছিল। তখন বিএনপির নেতৃত্বে যারা ছিলেন, দু-চারজন বাদে এখনো তারাই আছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার এক সমাবেশে ২১ আগস্টের গ্রেনেড হামলাকে ইতিহাসের কলঙ্ক বলে উল্লেখে করেছেন। কিন্তু সেই কলঙ্কের হোতাদের বাঁচাতে কেন বিএনপি আষাঢ়ে গল্প ফেঁদেছিল, কেন জঙ্গি নেতা মুফতি হান্নান ও মাওলানা তাজউদ্দিনদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিল, সেই প্রশ্নের জবাব নেই।
বিএনপির বর্তমান নেতৃত্ব জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐকমত্য গড়ে তোলার কথা বলেছে। কিন্তু ২১ আগস্টের জঙ্গি হামলাকারীদের সঙ্গে তার সম্পর্কটি মীমাংসা না করে কি তা সম্ভব? জঙ্গিদের ইন্ধনদাতা কিংবা তাদের নিরাপদে দেশ থেকে পার করে দেওয়া লোকদের ফের দলের নেতৃত্বে বসিয়ে কীভাবে বিএনপি জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলবে? কীভাবে ইতিহাসের কলঙ্ক মুছবে? কিছু মানুষকে কিছুদিন বোকা বানানো গেলেও বেশি দিন বোকা বানানো যায় না।
বিএনপি নেতারা একবার আয়নায় নিজের মুখ দেখুন।