এখন কি আমরা সবাই বিবেকপ্রতিবন্ধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, বুদ্ধিপ্রতিবন্ধী—এ শব্দগুলো আমাদের কাছে পরিচিত হলেও ‘বিবেকপ্রতিবন্ধী’ শব্দটি নিশ্চয়ই তেমন পরিচিত নয়। কিন্তু শব্দটি আমাদের পরিচিত না হলেও আমরা এখন বেশির ভাগ মানুষই বিবেকপ্রতিবন্ধী—এ কথা বললে বেশি বাড়িয়ে বলা হবে না। বিবেকই মানুষকে অন্য জীব থেকে আলাদা করেছে এবং শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে।

সৃষ্টিকর্তা মানুষের এই বিবেককে স্বাধীন করে দিয়েছেন। কেউ চাইলে এই বিবেক দিয়ে নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে পারে, আবার কেউ নিজেকে নিকৃষ্ট পর্যায়ে নামাতে পারে।

বর্তমান সমাজ ও বৈশ্বিক পরিমণ্ডলের দিকে তাকালে প্রতীয়মান হয়, ক্রমে ক্রমে আমরা আমাদের বিবেককে বিকলাঙ্গ করে ফেলছি। আমরা যা বলছি বা করছি, সেটি যে ভালো কথা নয় বা ভালো কাজ নয়, তা বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছি। কখনো পরিসংখ্যানের মারপ্যাঁচে, আবার কখনো যুক্তির আশ্রয়ে ঘুটঘুটে অন্ধকারকেও ঝকঝকে আলো কিংবা নিকষ কালো রাতকেও প্রকাশ্য দিবালোক বানিয়ে ফেলছি। অযোগ্যতাকে যোগ্যতার মাপকাঠি বানাচ্ছি। তাই কানা ছেলে তো দূরের কথা অন্ধ ছেলেকেও পদ্মলোচন বলতে পিছপা হচ্ছি না। আর তা প্রমাণ করতে স্বার্থান্বেষী দেশি-বিদেশি গোষ্ঠী ও সংগঠন সর্বদা ব্যতিব্যস্ত।

শুধু তা–ই নয়, স্বজ্ঞানে ফাঁকি, ছলচাতুরী, মিথ্যা, জুয়াচুরি, ধাপ্পাবাজি এবং শত অন্যায়-অবিচার করেও অনেকে এখন বাহবা কুড়াচ্ছি এবং পুরস্কার পাচ্ছি। আর ক্ষমতার বলয়ের কাছাকাছি থাকলে তো কথাই নেই। এ ক্ষেত্রে শিক্ষিত, যুবা, বৃদ্ধ, বুদ্ধিজীবী, পেশাজীবী, রাজনীতিবিদ, মন্ত্রী, চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র, শ্রমজীবী, গৃহকর্মী, ভিক্ষুক—কেউই পিছিয়ে নেই। বিবেকের এই বিকলাঙ্গ দশা এমন পর্যায়ে পৌঁছেছে যে করোনা অতিমারির মতো সাক্ষাৎ মৃত্যুভয়ও তা সারিয়ে তুলতে পারল না।

আরও পড়ুন

আমাদের বর্তমানের উন্নতির সঙ্গে সর্বস্তরের মানুষের বিবেকের এই বিকলাঙ্গ দশা নিশ্চয়ই মানানসই নয়। তাহলে কেন বিবেকের এই দশা? আর এর পরিণতিইবা কী? এসব বিষয়ে নিশ্চয়ই বিস্তারিত গবেষণার অবকাশ রয়েছে। তবে সরলদৃষ্টিতে যা মনে হচ্ছে, তা হলো অর্থ ও ক্ষমতার প্রতি অতি লিপ্সা, যা বর্তমান সামাজিক যোগাযোগমাধ্যম ক্রমাগত উসকে দিচ্ছে। অর্থ ও ক্ষমতাকে তো আমরা সামাজিক মানদণ্ডের একমাত্র মাপকাঠি হিসেবে স্বীকৃতি দিয়েছি। কেউ বাছবিচারহীনভাবে অর্থ উপার্জন করতে ক্ষমতাবান হওয়ার চেষ্টা করছে। আবার কেউ ঘুষ-টেন্ডারবাজিসহ নানা জোরজবরদস্তির মাধ্যমে অন্যায়ভাবে উপার্জিত অর্থ টিকিয়ে রাখতে ক্ষমতাবান হচ্ছে।

আবার কেউ ক্ষমতার উচ্চ আসনের লোভে বিবেক বিসর্জন দিচ্ছে। অর্থাৎ অর্থের লোভে সর্বস্তরের মানুষই বিবেক বিক্রি করছে। কেউ হাজার কোটি টাকায়, আবার কেউবা মাত্র শত টাকায়। জাতীয়, এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিবেক–বিকলাঙ্গ ক্লাবে ক্রমাগত ভিড় বাড়ছে। আর বিবেকবান ক্লাবের সদস্যসংখ্যা কমতে কমতে শূন্যের কোটায় পৌঁছেছে। ভাবতে অবাক লাগে, দুদিন আগেও যারা সমাজে বিবেকবান হিসেবে পরিচিত ছিল, ক্ষমতার কিংবা সুযোগের স্বাদ আস্বাদনের সঙ্গে সঙ্গে তারাও বিবেক বিসর্জন দিয়ে দিচ্ছে।

যে শিক্ষকসমাজকে বিবেকের কান্ডারি মনে করা হতো, তারা আজ বিবেক বিসর্জন দিয়ে সারাক্ষণ দলবাজিতে ব্যস্ত, এমনকি নিজ দলের নেতাকেও ল্যাং মারতে ছাড়ছে না। যে চিকিৎসকসমাজকে সেবার মূর্ত প্রতীক ভাবা হতো, তারাও আজ ক্ষমতার লোভে দলবাজিতে ব্যস্ত। যে আমলাতন্ত্রের নিরপেক্ষতা বাঞ্ছনীয়, তারাও দলবাজির মাধ্যমে স্বার্থসিদ্ধি ও ক্ষমতা ভাগাভাগিতে ব্যস্ত। যে কোমলমতি ছাত্রদের আদর্শের পতাকাবাহী হওয়ার কথা, তারা আজ সংকীর্ণ দলীয় রাজনীতির ঘূর্ণিজালে হল ও ক্যাম্পাস দখলের মাধ্যমে টেন্ডারবাজিতে ব্যস্ত।

যে রাজনীতিবিদদের জনকল্যাণে ব্যস্ত থাকার কথা, তারা আজ নিজেদের আখের গোছাতে মরিয়া। যে প্রকৌশলীদের দেশের শক্ত অবকাঠামো নির্মাণে ব্যতিব্যস্ত থাকার কথা, তারাও নিজেদের আখের গোছাতে কোনো অংশে পিছিয়ে নেই। আর বাদবাকিদের কথা নাহয় বাদই দিলাম।

আরও পড়ুন

নিশ্চয়ই বিবেকের এই বিকলাঙ্গতা সমাজ, দেশ, এমনকি বৈশ্বিক পরিমণ্ডলের জন্য কোনো শুভ লক্ষণ নয়। এই বিকলাঙ্গতা সারাতে না পারলে যতই অর্থসম্পদ থাকুক কিংবা উন্নতির শিখরে পৌঁছাক, তা সমাজের মানুষের তেমন কাজে আসবে না; বরং ক্রমে ক্রমে সমাজব্যবস্থা আরও নিকৃষ্ট স্থানে নিক্ষিপ্ত হবে।

তাহলে এই বিবেকপ্রতিবন্ধিতা সারানোর উপায়টা কী? শারীরিক, মানসিক ও বুদ্ধিপ্রতিবন্ধিতার চিকিৎসা থাকলেও বিবেকপ্রতিবন্ধিতার প্রচলিত কোনো চিকিৎসা নেই। তবে উজির-আমলা, সৈন্যসামন্তসহ সব স্তরের মানুষের জন্য সমান আইনি ব্যবস্থা গ্রহণ এবং সঠিকভাবে নিজ নিজ ধর্মীয় অনুশীলনের চর্চা হয়তো পারে বিবেকপ্রতিবন্ধিতার চিকিৎসা করাতে। সময় থাকতে সঠিক ব্যবস্থা না নিলে প্রাকৃতিক প্রতিশোধ হিসেবে মহাবিপর্যয় নেমে আসতে পারে।

ড. সৈয়দ আব্দুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক