এখন পাকিস্তানি শাসকদের প্রয়োজন দৃঢ়সংকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেশোয়ারে জঙ্গি হামলায় নিহত শিশুদের কিফনে ফুল দিয়ে ভালোবাসা জানাচ্ছে সহপাঠীরা
পেশোয়ারে জঙ্গি হামলায় নিহত শিশুদের কিফনে ফুল দিয়ে ভালোবাসা জানাচ্ছে সহপাঠীরা

জঙ্গিদের মোকাবিলায় পাকিস্তানিরা প্রস্তুত। কিন্তু তাদের প্রাতিষ্ঠানিক ও সরকারি সমর্থন দরকার। এর কি কোনো পরিবর্তন ঘটবে এবার?
পাকিস্তানি নেতাদের ভুল নীতির খেসারত দিল নির্দোষ শিশুরা। পেশোয়ারের এই ঘটনাই স্কুলে প্রথম হামলা নয়, যে হামলায় শিশুসহ ১৪৮ জন নিহত হয়। গত চার বছরে এ রকম ১০টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়, যার অধিকাংশই শিশু।
দুঃখজনকভাবে এই পেশোয়ার হামলা এসব হামলার মধ্যে সবচেয়ে নৃশংস। এটা পাকিস্তানকে নাড়িয়ে দিয়েছে। এক দিনের জন্য পাকিস্তানের সব বাজার ও ব্যবসা-বাণিজ্য থমকে দাঁড়ায়। পাকিস্তানি জনগণ এক ধাক্কা খেয়ে বাস্তবতায় ফিরে আসে: তাদের দেশ এমন এক শত্রুর সঙ্গে যুদ্ধরত, ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে যারা মোটেও পিছপা হয় না। এমনকি নির্দোষ শিশুদেরও তারা ছাড়ে না।
এ হামলার নিন্দায় সারা দুনিয়াই মুখর হয়েছে। পাকিস্তানে গত কয়েক মাসের রাজনৈতিক মেরুকরণের পর সব দলই সম্মিলিতভাবে পরিস্থিতির ভয়াবহতা নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ একটি বিরল মন্তব্য করেছেন। তিনি বলেছেন, কোনো ‘ভালো বা মন্দ’ নেই, তালেবান ও এই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের সবারই বিচার করা হবে। সর্বদলীয় বৈঠকের ফলাফল হিসেবে নওয়াজ এই মন্তব্য করেছেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রদানের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা তুলে নেওয়া হয়েছে। আর সব রাজনৈতিক দল ও সামরিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি সমন্বিত সন্ত্রাসবিরোধী কৌশল প্রণয়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
এটা শুরু হিসেবে ইতিবাচক। কিন্তু এটা খুব একটা প্রতিশ্রুতিশীল নয়। কারণ, রাজনৈতিক দলগুলোর তালেবানীকরণ বিষয়ক অভিন্ন লক্ষ্য নেই। অতীতে অভিজাত ব্যক্তিদের চাপের কারণে তাঁরা তালেবানদের সঙ্গে আলোচনায় বাধ্য হয়েছেন। এমনকি অনেক নেতা তালেবানদের প্রতি কিছুটা দুর্বলও। সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো তালেবানদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখে বলে অভিযোগ আছে। সব রাজনৈতিক দল, গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনী যদি একই জায়গায় গিয়ে শেষ করে, তাহলে তা একটি গোলকধাঁধার মতোই হবে।
আবার এটাও সত্য যে পাকিস্তানের সমাজ ও প্রতিষ্ঠানে জঙ্গিবাদ শিকড় গেড়ে বসেছে। এটা উল্টে দেওয়ার কাজটা ভীষণ প্রতিকূল হবে। সেটা করতে গেলে দেশের নিরাপত্তা নীতিতেও বড় পরিবর্তন আনতে হবে। আরও গুরুত্বপূর্ণ হচ্ছে, ক্ষমতাকাঠামোয় সবিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মনোজগতেও বৈপ্লবিক পরিবর্তন আসা জরুরি।
পাকিস্তানের বুদ্ধিজীবী মহলের একটি বড় অংশ এটা স্বীকার করে, পাকিস্তান রাষ্ট্র তার নিজের শত্রুদের সহ্য ও পৃষ্ঠপোষকতা করে। কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেন এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আত্ম অস্বীকৃতির পথেই আছেন বা অন্তত সে রকম ভান করেন। তাঁরা সব সময় এই সহিংসতার দায় চাপান অন্যদের ঘাড়ে। মানে, আঞ্চলিক ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের ঘাড়ে। পাকিস্তানের নেতারা তেহরিক-ই-তালেবানের নাম ধরে সমালোচনা করতে ইতস্তত করেন। অথচ দলটি নিজেই এসব হত্যাকাণ্ডের দায় স্বীকার করে।
হ্যাঁ, পাকিস্তানিরা জঙ্গি মোকাবিলায় প্রস্তুত। কিন্তু তাদের প্রাতিষ্ঠানিক ও সরকারি সমর্থন নেই। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একজন অধিবাসী বলেছেন, তাঁরা নিরাপত্তা বাহিনীকে তথ্য দিতে পারেন না। কারণ, এ ক্ষেত্রে বিশ্বাস ও আস্থার ঘাটতি আছে। জঙ্গিরা সরকারি শান্তি কমিটির লোকদের নির্দয়ভাবে ধরে ধরে খুন করেছে। আর এই কমিটির সদস্যদের তথ্য জঙ্গিরা সব সময় পেয়েছে। ফলে কর্তৃপক্ষকে সহযোগিতা করার ক্ষেত্রে জনগণের মধ্যে স্বাভাবিক ঔদাসীন্য রয়েছে।
পাকিস্তানের সামরিক ও বেসামরিক নেতৃত্ব আন্তরিকভাবে সন্ত্রাসবাদ উচ্ছেদের লক্ষ্যে কাজ করার সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে তারা অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হবে। শান্তি পুনরুদ্ধারের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা খুবই দরকার। পাকিস্তানের শক্তিশালী ও অনমনীয় ক্ষমতাচক্র তাদের প্রতিবেশীদের ব্যাপারে খুবই সন্দিহান। তারা ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে অনাগ্রহী। একই সময়ে, ভারত পাকিস্তানের জন্য কিছু করতে মোটেই আগ্রহী নয়। ওদিকে প্রতিবেশীদের সামরিক সহায়তা করার মতো সক্ষমতা আফগানিস্তানের নেই। আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের ব্যাপারে ক্লান্ত। এসব বাধাই দূর করা সম্ভব ছিল, যদি পাকিস্তানি শাসকেরা সন্ত্রাসবাদ মোকাবিলায় সততার পরিচয় দিত।
স্কুল ও অন্যান্য ভবনগুলো হুমকির মুখে পড়ে গেছে। পাঞ্জাবের সব স্কুল বন্ধ হয়ে গেছে। প্রতিটি বাড়িই আজ ভীতসন্ত্রস্ত। পাকিস্তানিরা সুনির্দিষ্ট কাজ দেখতে চায়, শুধু কথার ফুলঝুরিতে তারা আর তুষ্ট নয়। দেশটিতে নিরাপত্তাহীনতার এক গভীর শঙ্কা বিরাজ করছে। না, সেটা শুধু হুমকির জন্য নয়, দেশটির নেতারা সন্ত্রাসবাদ মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ নন বা তাঁদের সেই সক্ষমতাও নেই—এই আশঙ্কায়। একই সঙ্গে, এটাও পরিষ্কার যে সরকার এই সমস্যার সমাধান করতে না পারলে দেশটির আল্লাহর হস্তক্ষেপের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এটার ওপরই তারা অনেকাংশে নির্ভর করে।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন
দ্য গার্ডিয়ান থেকে নেওয়া
আসমা জাহাঙ্গীর: পাকিস্তানি আইনজীবী ও মানবাধিকার নেত্রী।