এখন প্রশ্ন হচ্ছে: সামনে কী হবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ১০ লাখেরও বেশি নারী রাস্তায় নেমে এসেছিলেন। ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার বিরুদ্ধে এক অসাধারণ প্রতিবাদের পর তাঁরা প্ল্যাকার্ড ও গোলাপি হ্যাট নামিয়ে রেখেছেন।
এ মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে: এখন কী হবে?
এই প্রতিবাদ সমাবেশের যাঁরা আয়োজন করেছিলেন, তাঁদের এখন চ্যালেঞ্জ হচ্ছে, এই সংগঠিত প্রতিবাদের সংকল্পকে কাজে রূপান্তরিত করা, যা রাজনৈতিক পরিবর্তন বয়ে আনতে পারে, যে প্রতিবাদ জনমনকে মারাত্মকভাবে নাড়া দিয়েছে। আরও অনেক গণ-আন্দোলনই এই লক্ষ্য অর্জন করতে পারেনি, যার তালিকায় আছে অকুপাই ওয়াল স্ট্রিট থেকে ব্ল্যাক লাইভস ম্যাটার। ফলে ২০১৬ সালের নির্বাচনে বিপুল ভোট বেশি পেয়েও ডেমোক্র্যাটরা যে ট্রাম্পকে পরাজিত করতে পারেনি, তা কিন্তু কম ভয়ের ব্যাপার নয়।
সংগঠকেরা চেষ্টা করছেন। শনিবার ওয়াশিংটনে এই মিছিল শেষ হওয়ার কয়েক মিনিট পর মিছিলের আয়োজকেরা চার ঘণ্টাব্যাপী পেপ র্যালি (উদ্দীপনামূলক সভা) ও নেটওয়ার্কিং অধিবেশনের আয়োজন করেন, যার আহ্বান ছিল এ রকম: ‘এখান থেকে আমরা কোথায় যাব?’ এরপর রোববার প্ল্যান্ড প্যারেন্টহুড নামের একটি সংগঠন দুই হাজার সংগঠকের জন্য একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে, যার লক্ষ্য ছিল জমায়েতকে কীভাবে রাজনৈতিক কর্মসূচিতে রূপান্তর করা যায়, যার অগ্রাধিকারের তালিকার শীর্ষে ছিল স্বাস্থ্যসেবা। ডেমোক্র্যাট কর্মী ডেভিড ব্রুকস অ্যাভেনচুরাতে ১২০ জন শীর্ষ উদারনৈতিক অর্থদাতাকে হাজির করেছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়েরসহ তাঁর বিরুদ্ধে আর কী কী চ্যালেঞ্জ জানানো যায়, সে বিষয়ে তাঁরা শুনেছেন।
অতীতে দেখা গেছে, সাধারণত একটি লক্ষ্যকে কেন্দ্র করে মানুষ সমবেত হয়: ভিয়েতনাম যুদ্ধ, নাগরিক অধিকার, সরকারের বেইল আউট ও ব্যয় প্রভৃতি। কিন্তু শনিবার প্রতিবাদকারীরা নানা বিষয়ে একত্র হয়েছিলেন, যার মধ্যে আছে সন্তান জন্মদানের অধিকার থেকে শুরু করে পরিবেশ আন্দোলন। ফলে কীভাবে একটি সমন্বিত আন্দোলন গড়ে তোলা যায়, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কিন্তু নেতারা বিশ্বাস করেন, আন্দোলনের একটি অভিন্ন বন্ধনগ্রন্থি থাকাটা যথেষ্ট শক্তিশালী হতে পারে, অর্থাৎ প্রেসিডেন্টের প্রতি ঘৃণা ও প্রতিক্রিয়া। ডেমোক্র্যাট সিনেটর জেফ মার্কলে বলেছেন, ‘এখানে ট্রাম্পই আমাদের দাওয়াই।’ ওদিকে প্ল্যান্ড প্যারেন্টহুডের সভাপতি
সেসিল রিচার্ডস জমায়েতের আরেকটি কারণ হিসেবে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের নারীরা আর ফেরত যাচ্ছেন না।’
শনিবারের মিছিলের অন্যতম আয়োজক ন্যাশনাল ডোমেস্টিক ওয়ার্কার্স অ্যালায়েন্সের পরিচালক আই-জেন পু বলেছেন, সংগঠকেরা ৫০টি অঙ্গরাজ্যে প্রতিবাদ সমাবেশ পর্যালোচনা করে ইস্যুগুলো চিহ্নিত করতে চান। একই সঙ্গে তাঁরা স্বেচ্ছাসেবী নিযুক্ত করে ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনের জন্য সমমনাদের চাঙা করতে চান। এ ছাড়া শনিবার মিছিলের পর প্ল্যান্ড প্যারেন্টহুড বড় পরিসরে এক পরামর্শ সভার আহ্বান করে। সভায় অংশগ্রহণকারী ব্যক্তিরা সংশ্লিষ্ট সিনেটরদের আহ্বান জানান, যাতে তাঁদের স্বাস্থ্যসেবা সুরক্ষিত থাকে।
গত কয়েক দিনে ট্রাম্পের বিরুদ্ধে যত বিক্ষোভ হয়েছে তার মধ্যে নারীদেরটাই সবচেয়ে বড় ছিল, ব্যাপারটা কার্যকরও বটে। হিলারি ক্লিনটনের পরাজয়ের পর আত্মানুসন্ধান শুরু হয়েছে, নারীবাদের প্রতি আবেদন বিজয়ী হচ্ছে না কেন। এখন বিভিন্ন নারীবাদী সংগঠন এই স্রোত কাজে লাগিয়ে মিছিলকে টেকসই আন্দোলনে রূপান্তরিত করতে চাইছে।
স্টুডেন্ট ফর এ ডেমোক্রেটিক সোসাইটির সাবেক সভাপতি ও রাজনৈতিক আন্দোলন-বিষয়ক পণ্ডিত টড গিটলিন বলেছেন, যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার ও যুদ্ধবিরোধী আন্দোলনগুলো সফল হয়েছিল। কারণ, প্রতিটি গণবিক্ষোভের আগে ও পরে সংগঠিত নেটওয়ার্ক তৈরি হয়েছিল। তিনি আরও বলেন, প্রতিবাদকারী ব্যক্তিরা যখন পরবর্তী পদক্ষেপ নিতে প্রস্তুত, তখন সংগঠনকে তাঁদের গ্রহণ করতে প্রস্তুত থাকতে হবে। কথা হচ্ছে, আন্দোলনকে পূর্ণাঙ্গ হতে হবে।
সংগঠকেরা বলেছেন, এই প্রচেষ্টা ইতিমধ্যে শুরু হয়েছে। শনিবার রাতে যে প্যানেল বৈঠক অনুষ্ঠিত হয়, সেখানে সহযোগী সংগঠনগুলো অংশগ্রহণকারী ব্যক্তিদের প্রতি আহ্বান জানায়, তাঁরা যেন পছন্দসই সংগঠনে যোগ দেন। পু বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, ভোটার ও স্বেচ্ছাসেবকদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ গড়ে তুলতে হবে, যাতে আমরা যেন শুধু ভোটের আগে তাঁদের কাছে না যাই।’
নেতারা বিশ্বাস করেন, মানুষকে জড়ো করার একমাত্র উপায় হচ্ছে, বিভিন্ন শ্রেণি-পেশার গোষ্ঠীকে একত্র করা, যদিও এতে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। নির্বাচন এই মানুষদের মনে যে ক্ষত সৃষ্টি করেছে, তা এখনো বেশ গভীর। বিশেষ করে সংখ্যালঘু নারীরা বলছেন, শ্বেতাঙ্গ শ্রমিক শ্রেণিকে যে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাতে তাঁরা উদ্বিগ্ন এই কারণে যে এর ফলে বর্ণবাদ ইস্যুটি গুরুত্ব হারাতে পারে। বিষয়টা হচ্ছে, বর্ণবাদকে গুরুত্ব দেওয়া হলে শ্বেতাঙ্গ ভোটাররা বিচ্ছিন্ন হতে পারেন।
ডেমোক্র্যাটরা এখনো কৌশল নিয়ে তর্কবিতর্ক করছেন। মিশিগান অঙ্গরাজ্যের জেনিফার গ্রানহম অ্যাভেনচুরার কনফারেন্সে বলেছেন, কলকারখানা বন্ধ হয়ে যাওয়া এলাকাগুলোতে শ্বেতাঙ্গ ভোটারদের জন্যও প্রতিযোগিতা করতে হবে। কারণ হিসেবে তিনি পরবর্তীকালে প্রতিবেদকদের বলেছেন, ‘“জনসংখ্যাতত্ত্বই আমাদের নিয়তি”, এই ধারণা আমাদের কাজে আসেনি।’
কিন্তু শনিবারের প্যানেলে সংগঠকেরা জনসংখ্যার নতুন সংখ্যাগরিষ্ঠতাকে আবেগের সঙ্গে কবুল করেছেন। তাঁদের যুক্তি হচ্ছে, সংখ্যাগরিষ্ঠ, অভিবাসী, মুসলমান ও প্রান্তিক নারীদের চাহিদা আমলে নেওয়া না হলে নারীবাদ এককভাবে বড় ঐক্য গড়তে পারবে না। সে ক্ষেত্রে ডেমোক্র্যাটরা আবারও প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাবেন। তবে তাঁরা এটাও খেয়াল করেছেন, এই মিছিলের মধ্য দিয়ে বিভিন্ন বর্ণের একঝাঁক তরুণ ও সম্ভাবনাময় নেতা সামনে এসেছেন।
পু আবারও যুক্তি দেন, নারীবাদ ও ডেমোক্রেটিক পার্টির বাছাই করা উচিত নয়। তিনি বলেন, ‘শিল্পাঞ্চলসহ গ্রামাঞ্চলে অনেক নারী কষ্ট করছেন, যাঁদের অধিকার হরণ করা হয়েছে। আমরা চাই, এই আন্দোলন পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক হোক।’
শেষমেশ বলতে হয়, সুনির্দিষ্ট বিষয়ে নজর দিলেই যে সব সময় গ্রামীণ ভোট পাওয়া গেছে, তা নয়। যেখানে রিপাবলিকানরা বেশির ভাগ জায়গায় জিতেছেন, অঙ্গরাজ্যের সংসদ ও গভর্নর পদগুলো। একটি জাতীয় আন্দোলনের (ওবামার ঐতিহাসিক বিজয়) উত্তেজনার রেশ মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত কেন টেকসই হলো না, তা বোঝার জন্য ডেমোক্র্যাটদের গত আট বছরের ইতিহাসের দিকে নজর দিলেই চলবে, তার বাইরে যাওয়ার প্রয়োজন নেই।
যাহোক, সংগঠকেরা মনে করছেন, ট্রাম্পের শাসনে মানুষের মনে যে প্রয়োজনীয়তার বোধ সৃষ্টি হবে, তাতে তারা ভেদাভেদ ভুলে যাবে। পু বলেন, ‘সবার সমস্যার সমাধানে সম্মিলিতভাবে আমাদের সম্পদ ও সৃজনশীলতা থাকতে হবে। যেটা করতে হলে অনেক কাজ করতে হবে।’
অনুবাদ: প্রতীক বর্ধন, মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া।
সুসান চিরা ও জোনাথন মার্টিন: মার্কিন সাংবাদিক।