কক্সবাজার জেলার তিনটি উপজেলায় বৌদ্ধ জনগোষ্ঠীর ওপর আক্রমণের তিন দিন পরেও কক্সবাজার শহরের পরিবেশ থমথমে। প্রায় জনবিরল, নিষ্প্রাণ লাগছে শহরটিকে। অথচ বছরের এ সময়টিতে পর্যটকদের ভিড়ে কোলাহলমুখর থাকে এই শহর। যেসব জনপ্রিয় হোটেলে স্থান সংকুলান হয় না, সেগুলো এখন ফাঁকা। পর্যটকেরা অনেক হোটেলের বুকিং বাতিল করেছেন, নতুন করে বুকিং দেওয়া হচ্ছে না। শহরের মানুষগুলোর চোখেমুখের অভিব্যক্তি বিষণ্ন। কোথাও বড় একটা ছন্দপতন ঘটে গেছে, এটা টের পাওয়া যায়।এটা তবু ভালো। এই বিষণ্নতার মানে মানুষ নির্বিকার হয়ে পড়েনি। ক্ষুদ্র, নিরীহ একটি সম্প্রদায়ের মানুষের ওপর বর্বর আক্রমণ হয়েছে, সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর তাতে কিছুই এসে যায় না—বিষয়টি যে এ রকম নয়, এটা তারই প্রমাণ। গতকাল রামু শহরেও লক্ষ করেছি এমন থমথমে বিষণ্নতা। কথা বলেছি মুসলমান সম্প্রদায়ের অনেক মানুষের সঙ্গে। তাঁরা সবাই বলেছেন, বিরাট অন্যায় হয়েছে বৌদ্ধ জনগোষ্ঠীর ওপর। ফেসবুকের যে ছবিটিকে কেন্দ্র করে এই ধ্বংসযজ্ঞ, সেটি স্বচক্ষে দেখেছেন, এমন মানুষ খুঁজে পেয়েছি মাত্র একজন। অন্যরা বলেছেন, তাঁরা ছবিটি দেখেননি, তবে শুনেছেন যে এ রকম একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই কারণে পুরো বৌদ্ধ জনগোষ্ঠীর ওপর এই বর্বর আক্রমণ চালানো মোটেও ঠিক হয়নি। কক্সবাজার শহরেও দোকানি, রিকশাচালক, পথচারী, হোটেলকর্মী, পথের পাশের ফল বিক্রেতাসহ অনেক সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জেনেছি একই প্রতিক্রিয়া। আজ সকালে কক্সবাজার শহর থেকে উখিয়ার দিকে যেতে যেতে পথের একাধিক জায়গায় গাড়ি থেকে নেমে কথা বলেছি সাধারণ মানুষের সঙ্গে। বৌদ্ধ জনগোষ্ঠীর ওপর গুরুতর অপরাধমূলক আচরণ করা হয়েছে—এটা স্পষ্ট হয়ে উঠেছে সবার কথায়। অপরাধ যারা করেছে, এখন গা ঢাকা দিয়ে আছে তারা। অপরাধ করেছে বলেই তাদের এখন পালিয়ে বেড়াতে হচ্ছে। অর্থাৎ সব আশা শেষ হয়ে যায়নি। এর মধ্যে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। পুলিশ, বিডিআর, সেনাবাহিনীর সদস্যরা আক্রান্ত এলাকাগুলোতে যাচ্ছেন। বৌদ্ধ জনগোষ্ঠীর মানুষেরা তাঁদের কাছে বিচার চাইছেন, ক্ষতিপূরণ চাইছেন। তাঁরা দেখতে চাইছেন, আক্রমণকারীরা যেন পার পেয়ে না যায়। অপরাধীদের আইনি পন্থায় বিচার করে শাস্তি দিয়ে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার কতটা আন্তরিকভাবে অঙ্গীকারবদ্ধ, সেটাই এখন দেখার বিষয়।আইনগত পদক্ষেপের প্রথম ধাপ—অপরাধীদের গ্রেপ্তার করা। সেই কাজটি কতটা সুষ্ঠু ও সৎভাবে করা হচ্ছে, তা নিয়ে এখানে প্রশ্ন উঠেছে। মঙ্গলবার রামুতে বৌদ্ধ জনগোষ্ঠীর মানুষদের মুখে আমরা এমন অভিযোগ শুনতে পেয়েছি যে, উত্তেজনা সৃষ্টিকারী ও আক্রমণকারীদের অনেককেই পুলিশ গ্রেপ্তার করেনি। সেদিন কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সূত্রে আমরা জানতে পারি, সেদিন দুপুর পর্যন্ত ১৮৮ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে। পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর বলেন, অধিকাংশই গ্রেপ্তার হয়েছেন ‘স্পট’ বা ঘটনাস্থল থেকে। ঘটনাস্থল বলতে তিনি বোঝান আক্রমণ শেষে ফিরে যাওয়ার পথে। গ্রেপ্তার ও আটককৃতদের মধ্যে জামায়াত-শিবিরের কর্মী ও মাদ্রাসার ছাত্ররা আছেন বলে তিনি আমাদের জানান। আজ সকালে জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা শাখার সেক্রেটারি জেনারেল জি এম রহিমুল্লার কাছে জানতে চাইলে তিনি আমাদের বলেন, শিবিরের ১৬ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে কক্সবাজার শহরের একটি মেস থেকে। তিনি দাবি করেন, জামায়াত-শিবিরের কোনো কর্মী বৌদ্ধদের ওপর হামলায় অংশ নেননি, তাঁদের ‘স্পট’ থেকে গ্রেপ্তার করার তথ্যটি সঠিক নয়।আমরা পুুলিশ সুপারকে জিজ্ঞাসা করেছিলাম, ‘স্পট’ ছাড়া আরও যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদেরকে তা করা হয়েছে কিসের ভিত্তিতে? উত্তরে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। আজ দুপুরে উখিয়ায় আওয়ামী লীগের উখিয়া শাখার সাধারণ সম্পাদক ও একটি কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী আমাদের বললেন, উখিয়ার স্থানীয় পুলিশও তাঁকে বলেছে, তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোকজনকে গ্রেপ্তার করছে। চৌধুরী আরও জানান, তাঁর কাছে অনেক মানুষ অভিযোগ করেছেন যে, পুলিশ নিরীহ লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে। পুলিশের ‘গোয়েন্দা তথ্যে’র উৎস কী, কীভাবে সেসব তথ্য সংগৃহীত হচ্ছে আর কেনই-বা নিরীহ লোকজনকে গ্রেপ্তারের অভিযোগ আসছে, এটা চৌধুরীর প্রশ্ন। উখিয়া যাওয়ার পথে মারিচ্যা বাজার নামের একটি জায়গায় গাড়ি থেকে নেমে একটি দোকানে চা খেতে গেলে দোকানের সামনে একটি পান-সিগারেটের দোকানে বসা এক বালককে দেখিয়ে চা দোকানের এক লোক আমাদের বলেন, বালকটির বড় ভাই রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যাচ্ছিলেন, সেই সময় পুলিশ তাঁকে ধরে নিয়ে গেছে।নিরীহ লোকজনের গ্রেপ্তারের অভিযোগ আমরা আরও বেশ কয়েক জায়গায় শুনতে পেলাম। অন্যদিকে, উখিয়ার বিভিন্ন বৌদ্ধপল্লিতে লোকজন আমাদের বললেন, যারা আক্রমণ করেছিল, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। রামু ও উখিয়া ঘুরে আমাদের মনে হলো, দুই জায়গার পরিস্থিতি দুই রকমের। রামুর লোকেরা আমাদের বলেছেন, আক্রমণকারীদের বড় অংশই এসেছিল বাইরের বিভিন্ন এলাকা থেকে। ধ্বংসযজ্ঞ চালিয়ে তারা নিজ নিজ এলাকায় ফিরে গেছে। সে কারণে রামুর পুলিশ প্রশাসন একধরনের অস্পষ্টতার মধ্যে রয়েছে। কাদের ইন্ধনে ও পরিকল্পনায় কারা এত দ্রুত প্রস্তুতি নিয়ে এমন সংঘবদ্ধ হামলা চালিয়ে নির্বিঘ্নে ফিরে যেতে পেরেছে, সে রহস্য পুলিশের কাছে এখনো পরিষ্কার হয়নি বলেই আমাদের ধারণা দেওয়া হয়েছে। কিন্তু উখিয়ার আক্রান্ত বৌদ্ধ জনগোষ্ঠীর ভাষ্য, আক্রমণকারীরা সবাই স্থানীয়, অধিকাংশই তাঁদের চেনাজানা, আশপাশের মানুষ। তাদের গ্রেপ্তার করা রামুর তুলনায় অপেক্ষাকৃত সহজ। কিন্তু কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না, বরং উল্টো নিরীহ লোকজনকে আটক ও গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। উখিয়া অঞ্চলের স্থানীয় রাজনীতি, রোহিঙ্গা জনগোষ্ঠীর আধিক্য, বিএনপি ও জামায়াত-শিবিরের অপেক্ষাকৃত শক্তিশালী অবস্থান, বিপুলসংখ্যক মাদ্রাসা ও ইসলামি এনজিওর কর্মকাণ্ড, পেশাদার অপরাধবৃত্তি ইত্যাদি নানা ফ্যাক্টর মিলিয়ে এখানকার পরিস্থিতি অত্যন্ত জটিল। এই জটিলতা এখানকার স্থানীয় পুলিশের কার্যকারিতাকে সম্ভবত দুর্বল করেছে। উপরন্তু উখিয়া থানার একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও একজন তদন্ত কর্মকর্তা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হওয়ায় ভয়ভীতির মধ্যে বাস করছেন বলেও শোনা যাচ্ছে। আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মধ্যে দ্বন্দ্ব-বিরোধও এখানকার পুলিশকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে বলে মনে হয়।বৌদ্ধ জনগোষ্ঠীর ওপর আক্রমণকে কেন্দ্র করে রাজনীতি শুরু হয়েছে ঘটনার অব্যবহিত পর থেকেই। তদন্তের আগেই সরকার এমন সিদ্ধান্তে পৌঁছে গেছে যে এ ঘটনা ঘটিয়েছে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর প্রকাশ্যে অভিযোগ করেন, এই ঘটনার পেছনে বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক শক্তির হাত রয়েছে। রামু ও উখিয়ার আওয়ামী লীগের নেতাদের সুরও একই রকমের। কিন্তু দুটি উপজেলাতেই আক্রমণের শিকার ও ঘটনাস্থলের কাছাকাছি মানুষদের সঙ্গে কথা বলে জানা গেল, বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলোর সঙ্গে জড়িত অনেকেই উত্তেজনা ছড়ানো ও আক্রমণ পরিচালনায় অংশ নিয়েছেন। কিন্তু তাঁদের একজনকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে বলে এখন পর্যন্ত জানা যায়নি। সরকারের ঘোষিত অবস্থান স্থানীয় পুলিশ প্রশাসনকে প্রভাবিত করছে; তাদের পক্ষে এই অবস্থানের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। কক্সবাজারের পুলিশ সুপার জাহাঙ্গীর মো. সেলিম তদন্ত শেষ হওয়ার আগে বেশি মন্তব্য করতে রাজি নন। তবু তিনি মঙ্গলবার দুপুরে তাঁর ভাবনাটি প্রকাশ করলেন: তিনিও মনে করেন, এই গুরুতর সাম্প্রদায়িক অপরাধটি সংঘটনের পেছনে রয়েছে সাম্প্রদায়িক শক্তির হাত। সাম্প্রদায়িক শক্তি বলতে তিনি কাদেরকে বোঝাচ্ছেন, জানতে চাইলে তিনি বিএনপি-জামায়াতের কথা বলেন। এবং মন্তব্য করেন, এই অপকর্ম সংঘটনে তারাই রোহিঙ্গাদের ব্যবহার করেছে। কোনো রোহিঙ্গা গ্রেপ্তার হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনো গ্রেপ্তার হয়নি, কিন্তু হবে।একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের সামনে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার যে চ্যালেঞ্জ উপস্থিত হয়েছে, তার সঙ্গে বাংলাদেশ নামের রাষ্ট্রটির সুস্থ রাষ্ট্রত্বের প্রশ্ন জড়িত। এই চ্যালেঞ্জ উত্তরণে দলীয় রাজনীতি সরকারের জন্য সহায়ক হবে না, বরং তা আরও বড় বিপদ ডেকে আনতে পারে। শুধু বৌদ্ধ জনগোষ্ঠীর জন্য নয়, বাংলাদেশ নামের রাষ্ট্রটির জন্যই আজ ন্যায়বিচার সবচেয়ে জরুরি বিষয়।কক্সবাজার, ০৩.১০.২০১২মশিউল আলম: সাংবাদিক[email protected]