
লেখার রাশটা হাতে রাখার জন্য এর চৌহদ্দিটা একটি মহাদেশ ও সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ রাখি, অর্থাৎ গত এক সপ্তাহের উত্তর আমেরিকা।
যুক্তরাষ্ট্রের হিউস্টনে স্থানীয় কর্তৃপক্ষ নীরস উদ্ধারকাজে লিপ্ত হয়েছে। অর্থনীতিবিদেরা বলছেন, এটি দেশটির ইতিহাসের সবচেয়ে ক্ষতিকর ঝড়। আর আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এই ঝড়ের সময় ইতিহাসের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। যে এলাকাজুড়ে ঝড় ও বৃষ্টিপাত হয়েছে, তার বেশির ভাগ অংশে ২৫ হাজার বছরের মধ্যে সবচেয়ে তীব্র ঝড় ছিল। আর কিছু দূরবর্তী ও বিচ্ছিন্ন জায়গায় এটি ৫ লাখ বছরের মধ্যে সবচেয়ে তীব্র ঝড়, অর্থাৎ যখন মানুষ গাছে থাকত। এদিকে সান ফ্রান্সিসকোর সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে।
ওদিকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও তাপমাত্রার রেকর্ড একবার ভাঙছে তো আরেকবার গড়ছে। তবে যেসব জায়গায় ব্যাপক দাবানলে সৃষ্ট ধোঁয়ায় সূর্য ঢেকে গিয়েছিল, সেখানে এ রকমটা হয়নি। এমনকি এই দাবানল বিশাল কলাম্বিয়া নদী অতিক্রম করে ওয়াশিংটনে পর্যন্ত ঢুকে পড়ে। উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাসিন্দারা অভিযোগ করেছেন, আকাশ থেকে এত ঘন ছাই পড়ছিল যে সেটা তাঁদের ১৯৮০ সালের মাউন্ট সেন্ট হেলেনসের অগ্ন্যুৎপাতের কথা মনে করিয়ে দিয়েছিল।
আরেকটু ভেতরের দিকে সেই একই তাপের কারণে নর্থ ড্যাকোটা ও মন্টানায় হঠাৎ করে খরা শুরু হয়ে যায়। সেই রেকর্ড তাপমাত্রায় যে পরিমাণ বাষ্পীভবন ঘটেছে, তাতে মাঠের ফসল এতটা শুকিয়ে গিয়েছিল যে কৃষকেরা মাঠের ফসল কাটবেন কি না, তা নিয়ে ভাবতে শুরু করেছিলেন। ওদিকে ঘূর্ণিঝড় ইরমা আটলান্টিক মহাসাগরজুড়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হানা দিয়েছে। গত ১০০ বছরে এই প্রথম ৫ মাত্রার ঘূর্ণিঝড় কিউবায় আঘাত হানে, পরবর্তী সময়ে সেটি ফ্লোরিডায় আঘাত হানে। সেখানে বায়ুর চাপ সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে। এমনকি ইরমা হারভের চেয়েও বেশি বিপর্যয়কর হতে পারত।
এখানেই শেষ নয়, ইরমার ঘূর্ণি চলার মধ্যে জানিয়ে রাখি, জোসে নামক বড় আরেকটি হারিকেন আসতে যাচ্ছে। ওদিকে মেক্সিকো উপসাগরে ক্যাটিয়া মারাত্মক আকার ধারণ করবে। এটি আসছে এমন এক জায়গা থেকে, যেখানে শত বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে বিপুল মানুষ মারা গিয়েছিল।
জলবায়ু পরিবর্তন থেকে কী হতে পারে সে বিষয়ে বিজ্ঞানীরা ৩০ বছর ধরে যা বলে আসছেন, ভূমিকম্প বাদ দিলেও এই প্রতিটি ঘটনা তার প্রতি বিদ্রূপ করছে। যদিও আমাদের কাছে এখন বিশ্বাসযোগ্য তথ্য-উপাত্ত আছে যে জলবায়ু পরিবর্তনের কারণে ভূমিকম্পের পরিমাণ বেড়ে গেছে।
গত এক সপ্তাহে একটি মহাদেশ থেকে এসব খবর আসায় বোঝা যায়, এই ধরিত্রী কতটা উষ্ণ হয়ে উঠেছে। কারণ, আমরা অনেক বেশি তেল, গ্যাস ও কয়লা পুড়িয়েছি, বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড ও মিথেন গ্যাসের বিপুল মেঘ তৈরি করেছি। এসব কণার মধ্যে তাপ জমাট বেঁধে থাকে, সে কারণে ধরিত্রী উষ্ণ হয়ে ওঠে। আর সে উষ্ণ হয়ে উঠেছে বলে ভারী বৃষ্টিপাত, শক্তিশালী বায়ু, শুষ্ক বন ও মাঠের পরিমাণ বেড়ে গেছে। এতে যেমন রহস্যের কিছু নেই, তেমনি দুর্ভাগ্যেরও কিছু নেই। এটা ডোনাল্ড ট্রাম্পের কারণে ঘটেনি (যদিও তিনি এটা নিরসনে সহায়তা করছেন না)। এটা আমাদের শাস্তি দেওয়ার জন্য প্রেরিত নরকের আগুনও নয়। এটা পদার্থবিজ্ঞান।
তবে বিজ্ঞানীদের কথা মানুষ শুনবে—এটা আশা করাটা একটু বেশি হয়ে যায়। ব্যাপারটা অনেকটা স্বাস্থ্যবটিকার মতো, অর্থাৎ আপনাকে কম কম সোডা ও পানীয় পান করতে বলা হলো, কিন্তু আপনি সেটা পাত্তা দিলেন না। যদিও বেল্টের আকৃতি দিয়েই বোঝা যাবে, আপনি কতটা খেয়েছেন। যতক্ষণ না চিকিৎসক আপনাকে বলছেন, দেখে মনে হচ্ছে, আপনার একটি বা দুটি স্ট্রোক হয়ে গেছে, ততক্ষণ আপনার হুঁশ হবে না। হারিকেন হারভে ও ইরমা এ ধরনের ব্যাপার, ব্যথায় আপনার মুখ বাঁ দিকে বেঁকে যাচ্ছে, তারপরও আপনি চালিয়ে যাচ্ছেন।
আমরা এখন এ পর্যায়ে আছি, অর্থাৎ সিগারেটের মোড়কে সতর্কবার্তা লেখা থাকলেও শুকনো কাশির সঙ্গে রক্ত উঠে না আসা পর্যন্ত আপনার হুঁশ হবে না। কিন্তু আপনি যদি ধূমপান চালিয়ে যেতে থাকেন, তাহলে কী হবে? আপনার অবস্থা খারাপই হবে, একদম শেষ হয়ে না যাওয়া পর্যন্ত। আমরা ধরিত্রীর তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াসের মতো বাড়িয়ে ফেলেছি। যুক্তরাষ্ট্রে যে বিভীষিকা ঘটে গেল, তার জন্য এটুকুই যথেষ্ট। আর যে গতিতে আমরা এগিয়ে চলেছি, তাতে সেটা ২ ডিগ্রিতে চলে যাবে, তা সে আমরা যা–ই করি না কেন।
সমস্যা হচ্ছে, আমাদের স্বাভাবিক গতি-প্রকৃতির কারণে পৃথিবীর তাপমাত্রা সাড়ে ৩ ডিগ্রি বেড়ে যেতে পারে। আমরা যদি প্যারিস চুক্তি মেনেও চলি, তাহলেও ধরিত্রী এত উষ্ণ হয়ে উঠবে যে সভ্যতা টিকে থাকতে পারবে না। আমরা যেখানে আছি সেই মুহূর্তটিকে থামিয়ে দিতে হবে। নাটকীয়ভাবে আমাদের পুনরায় সবকিছুর সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। গত তিনটি বছর তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড ভেঙে ফেলেছে। প্যারিস চুক্তির প্রতিশ্রুতির সঙ্গে আপস করা চলবে না, কিন্তু আমাদের একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির রাশ টেনে ধরতে এবং সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। প্রযুক্তিগতভাবে তা সম্ভব। অনেক সমীক্ষায় দেখা গেছে, আমরা সাধ্যের মধ্যে শতভাগ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করতে পারি। ব্যাপারটা হলো, দ্রুত সমাধান করুন, না হয় করবেন না। কারণ, ধীরে ধীরে জয় করা মানে অন্যভাবে হারা।
দ্য গার্ডিয়ান থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।
বিল ম্যাকিবেন: জলবায়ু প্রচারণাবিষয়ক প্রতিষ্ঠান ৩৫০.অর্গের প্রতিষ্ঠাতা।