এখনো লাউয়াছড়া রক্ষার সময় আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন যাবৎ দেশের উত্তর-পূর্বাঞ্চলের জাতীয় উদ্যান লাউয়াছড়া আলোচনায় এসেছে৷ এর শুরু রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক ২৫ হাজার গাছ কাটার বিষয়ে প্রস্তাব দেওয়ার মাধ্যমে, যদিও ২৫ হাজারের হিসাবটা স্পষ্ট নয়৷ তারপর ট্রেন বা গাড়িচাপা পড়ে বন্য প্রাণী মারা যাওয়ার বিষয়টি পত্রপত্রিকায় আসে৷ কিন্তু ট্রেনের নির্বিঘ্ন চলাচলের জন্য রেললাইনের পাশের কিছু ছোট ছোট গাছ কাটার প্রয়োজন পড়ত, এটা যেমন ঠিক, তেমনি যানবাহন চলাচলের জন্য সরীসৃপ বা বানরজাতীয় কিছু প্রাণী হতাহতের কথাটিও সত্য৷

দেড় দশক আগে আমার বন্ধু ঢাকার আমেরিকান স্কুলের শিক্ষক ও ফটোগ্রাফার ইয়ান লকউড লাউয়াছড়ার ওপর তোলা ছবি নিয়ে একটি প্রদর্শনী করেছিলেন; যে ছবিগুলো আজকের দিনে অনেকের কাছে মনে হতে পারে অবাস্তব। আশি বা নব্বইয়ের দশকেও এ বন অতিক্রমকারী প্রধান সড়ক পাকা হয়নি, পাশ দিয়ে যাওয়ার সময়ও দেখা যেত, রাস্তার ধারে বিভিন্ন প্রজাতির বন্য পশুপাখি চড়ে বেড়াচ্ছে। তারা নিশ্চিন্তেই রাস্তা পেরোত। এখন বাস্তবতা হলো, বনের যে অবস্থায় থাকার কথা, সেটা যে মোটেও নেই, এটা বনে ভ্রমণকারী বা বনসংশ্লিষ্টদের অজানা নয়। এ অবস্থার শুরু হয় বনটাকে ‘পার্ক’ বানানোর প্রক্রিয়ার মাধ্যমে৷

পার্ক বানানোর ফলে এটা যখন গণমাধ্যমের শিরোনামে আসা শুরু হয় এবং পর্যটকদের গন্তব্যে পরিণত হয়, তখন থেকে প্রতিদিন হাজার হাজার মানুষের বাস, ট্রাক, প্রাইভেট কার নিয়ে মাইক, স্পিকার, খাদ্য-পানীয় ইত্যাদি নিয়ে এ বনে আসা শুরু হয়৷ মাত্র ১ হাজার ২০০ হেক্টর আয়তনের একটি বন, যেটি আবার চা-বাগান, লোকালয়–গ্রাম দ্বারা ঘেরা, যার মধ্য দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ, শত শত গাড়ি, কয়েক জোড়া ট্রেন অতিক্রম করছে, সেখানে বন্য প্রাণী থাকা বিস্ময়কর ব্যাপার বটে৷ এই বনের আরও অপূরণীয় ক্ষতি হয়েছে খাসিয়াপুঞ্জির কাছে মাগুরছড়া গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের কারণে। আবার তেল কোম্পানি কর্তৃক ভূকম্পন জরিপ ও গ্যাস পাইপলাইন স্থাপনের ফলেও এর ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ড ও পাইপলাইন স্থাপনের ফলে বনের যে স্থায়ী ক্ষতি হয়, সেটা আর পূরণ হওয়ার মতো নয়৷

পার্ক প্রকল্প গ্রহণের প্রক্রিয়ায় বন সংরক্ষণের জন্য ‘সহব্যবস্থাপনা’ পদ্ধতি চালু করা হয়। এর উদ্দেশ্য ছিল, বনের আদি বাসিন্দা যথা খাসিয়া, ত্রিপুরা, মুন্ডা মানুষদের ও বননির্ভরশীল বনের বাইরে বসবাসকারী, অর্থাৎ বনসংলগ্ন গ্রামের মানুষ, নদীভাঙন বা বিভিন্ন কারণে উদ্বাস্তু হয়ে আসা ও বনের জায়গা দখল করে বসতি স্থাপনকারী ব্যক্তিদের এ ব্যবস্থাপনার মাধ্যমে আয়–রোজগারের ব্যবস্থা করা ও বন সংরক্ষণ৷ এ ক্ষেত্রে বনের আয়তন, অবস্থান, পারিপার্শ্বিক অবস্থা এবং জনমানুষের চাপ বিবেচনায় না নেওয়ার কারণে ও বিদেশি দাতাদের অর্থায়নে গৃহীত পার্ক প্রকল্পের এ পদ্ধতি বাস্তবতা থেকে ছিল অনেক দূরে। প্রকল্পের কারণে বনের প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় এবং অবশিষ্ট কিছু বন্য প্রাণী বিলুপ্তির পথে যাওয়ার পাশাপাশি এ প্রকল্প স্থানীয় বাসিন্দাদের উপকারে তো আসেইনি; বরং তাদের জীবিকা, সামাজিক ও অর্থনৈতিক জীবনে বিরূপ প্রভাব ফেলেছে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিম উদ্দিন খান লাউয়াছড়া জাতীয় উদ্যান নিয়ে তাঁর গবেষণায় দেখিয়েছেন, পরিবেশ রক্ষার চেয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থেই এ ধরনের প্রকল্প প্রণয়ন করা হয়।

আসাম ও পূর্ববঙ্গে ব্রিটিশ বননীতি, বিভিন্ন গেজেট, পুস্তক, দলিলাদিতে দেখা যায়, ১৮৬২ সালে বন বিভাগ প্রতিষ্ঠার আগেই পাহাড়-জঙ্গলাবৃত এ অঞ্চলের খাসি ও ত্রিপুরা রাজ্যের বিস্তৃতির অংশ হিসেবে এখানে খাসিয়া, ত্রিপুরি ও মুন্ডাদের বসবাস ছিল৷ পরবর্তীকালে সিলেটের বনাঞ্চলের ওপর তদানীন্তন আসাম বন বিভাগের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে ১৯২৭ সালের বন আইনের ২৮ ধারা মোতাবেক কমিউনিটি বা বনের স্থানীয় ও আদি বাসিন্দাদের বন সংরক্ষণ এবং বন ব্যবস্থাপনায় সম্পৃক্ত করার নামে তাদের ভূমি সংরক্ষিত বন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়৷ এভাবে রাষ্ট্রীয় দখলের ফলে পূর্বপুরুষের ভূমিতে তারা হয়ে যায় বন বিভাগের জায়গির, তাদের নিয়োজিত করা হয় বন সৃজন ও বন রক্ষণের কাজে৷ অথচ পার্ক প্রকল্প শুরুর আগে স্থানীয় আদি বাসিন্দা খাসি, ত্রিপুরি, মুন্ডারা নিজেদের জীবন বাজি রেখে এ বন রক্ষার কাজ করত৷ ভূমি নিয়ে এখনো মামলা-মোকদ্দমা চলছে।

সংরক্ষিত বন ঘোষণার মাধ্যমে অন্যান্য অঞ্চলের মতো এ অঞ্চলেও চলে বনের বাণিজ্যিকীকরণ৷ প্রাকৃতিক গাছ কেটে বিক্রির মাধ্যমে ঔপনিবেশিক শাসনামলের বাণিজ্যিকীকরণের ধারা অব্যাহত থাকে। অন্যদিকে বনের আদি বাসিন্দাদের দ্বারা সৃষ্টি করা হয় বন, সেই ধারার ফল আজকের লাউয়াছড়া৷ এখন পর্যন্ত কিন্তু প্রাকৃতিক বন বলতে যা বোঝায়, তা এই আদি বাসিন্দাদের স্বল্প পরিমাণ ভূমিতেই আছে, যেটা এখন পরিণত হয়েছে বন্য প্রাণী ও জীববৈচিত্র্যের শেষ আশ্রয়স্থলে।

খাসিয়াদের পান চাষের পদ্ধতি নিয়ে অতি সাম্প্রতিক গবেষণায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব রিমোট সেন্সিংয়ের ‘ফরেস্ট্রি অ্যান্ড ইকোলজি ডিপার্টমেন্টের’ সুব্রত নন্দী ও আসাম বিশ্ববিদ্যালয়ের ‘ইকোলজি ও এনভায়রনমেন্টাল সায়েন্স’-এর আশিস কুমার তাঁদের গবেষণা প্রবন্ধে দেখিয়েছেন, খাসিয়াদের ঐতিহ্যগত ও প্রথাগত ‘পান জুম’ পরিবেশ ও ইকো সিস্টেমে অবদান রাখা ছাড়াও পান জুম এলাকা প্রাকৃতিক বনের চেয়ে প্রাণী ও জীববৈচিত্র্যের দিক দিয়ে বহুগুণে সমৃদ্ধ৷ পান জুমের এই জীববৈচিত্র্যসংলগ্ন গোটা পরিবেশ রক্ষায় তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।

এখনো সময় আছে, এই বন সুরক্ষার জন্য কিছু বিষয়ে সহজ ও জরুরি পদক্ষেপ নিতে হবে। তার মধ্যে যানবাহন চলাচলের রাস্তা, যেটি বনের ওপর দৃশ্যমান বিরূপ প্রভাব ফেলেছে, শুধু বনসংশ্লিষ্ট এবং বনের বাসিন্দাদের জন্য খোলা রেখে বিকল্প রাস্তা, যেটি নূরজাহান চা-বাগানের মধ্য দিয়ে অতিক্রম করে কমলগঞ্জ চৌ​েমাহনায় পুনরায় বর্তমান রাস্তাটির সঙ্গে মিলিত হয়েছে, জনসাধারণের চলাচলের জন্য ব্যবহার করা যায়। রাস্তাটি  মাগুরছড়া অগ্নিকাণ্ডের সময় ব্যবহার করা হতো। পশ্চিমা দেশের অনেক পার্ক বা উদ্যানের নিয়ন্ত্রিত উপায়ে দর্শনার্থী প্রবেশের পদ্ধতি অনুসরণ করে দর্শনার্থীদের প্রবেশের বিষয়টি নিয়ন্ত্রণ করা যায়৷ এর ফলে শিক্ষার্থী বা গবেষকদের জন্য তাঁদের শিক্ষার ও গবেষণার কাজটিও সহজতর হবে৷

আদি বাসিন্দাদের বন সংরক্ষণের প্রথাগত জ্ঞান, সংরক্ষণের নিয়মনীতি ও চর্চা, পরিবেশ ও বন রক্ষায় স্বীকৃত পদ্ধতি। অন্যদিকে আইন ও বিধিবিধান অনুযায়ী বনের বাসিন্দাদের বন সংরক্ষণে প্রকৃত ও বাস্তব অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দাতাগোষ্ঠীর অনুদান পাওয়ার জন্য বাগাড়ম্বরপূর্ণ প্রকল্প বাদ দিয়ে এবং ভুল ধ্যানধারণা পরিবর্তনের মাধ্যমে বনের ব্যবস্থাপনা ও সংরক্ষণের বিষয়টি তাদের ওপর ছেড়ে দিলে এখনো এ বনকে অনেকটাই তার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব৷

পিডিশনপ্রধান: সভাপতি, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম।