
মানুষ এখনো আসছে। আগস্টের শেষে তাড়াহুড়ো করে আসা মানুষের চেয়ে এখনকার আশ্রয়প্রার্থীদের সঙ্গে লটবহর বেশি। এরা একটু গুছিয়ে আসার দল। খবর নিয়ে বুঝেসুঝে আসার জন্য তাদের আসতে দেরি হয়েছে। ওপারে এখনো অত্যাচার, জ্বালাও-পোড়াও থামেনি। তবে কমেছে খানিকটা, না হলে কিছুটা গুছিয়ে আসা সম্ভব হতো না। খাদ্যের সংকট এখন রাখাইন রাজ্যের নতুন যন্ত্রণা। খেতখামার সব লুটপাট হয়ে গেছে। খাদ্যের সংস্থান না হলে ইচ্ছা করলেও তাদের থাকার কোনো উপায় নেই।
জাতিসংঘের শরণার্থী ফিরিয়ে নেওয়ার কানামাছি দূতিয়ালির সঙ্গে এখন রাখাইনে থেকে যাওয়া ‘রোহিঙ্গা’দের মধ্যে দ্রুত এবং নিয়মিত খাদ্য ও অর্থ বিতরণের একটা পথ বের করার কাজে মন দেওয়া জরুরি।
এরা কারা?
সনাতন ধর্মের কতিপয় শরণার্থীর হঠাৎ পালিয়ে যাওয়া, তারপর তাদের ছবি ছেপে ওপারে সেটা উদ্যাপন। নতুন করে শরণার্থীদের ঢল, এসব শরণার্থীকে এগিয়ে নিয়ে আসার জন্য নানা দেশি-বিদেশি সংস্থার যানবাহনের ব্যবস্থা অথবা সশরীরে উপস্থিতি মনে নানা দোলা দেয়। শরণার্থী শিবিরে এখন সবাই কি অনুমতি নিয়ে কাজ করছে? পাকিস্তানি বা ভারতীয় বংশোদ্ভূত মানুষ নানা ব্যানারে মুখ্যত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শিবির থেকে শিবিরে ঘুরে বেড়াচ্ছে। ইউরোপ বা আমেরিকার দেশগুলোর পাসপোর্টধারী এসব নওজোয়ানের আনাগোনা দিন দিন বাড়ছে। বড় হোটেলগুলোতে এখন তাদের পদচারণই বেশি। কেউ জামাত উলামা-ই-হিন্দ, কেউ ইসলাহুল মুসলিমিন পরিষদ বিডি, কেউ বা আল ইহসান বা ইউনাইটেড শিখ অথবা খালসা। আগে কখনো কেউ কি এদের নাম শুনেছেন?
বাংলাদেশে অনেক দিন থেকে নানা জেলায় কাজ করে আসা এমন দু-একটা সংগঠন শরণার্থী শিবিরে কাজ করতে চেয়ে অনুমতি পায়নি। কেন তাদের কাজ করার অনুমতি দেওয়া হয়নি? নিন্দুকেরা বলছে, তাদের নামের সঙ্গে কোনো একটা ধর্মের নাম যুক্ত থাকায় ‘সাবধানের মাইর নাই’ নীতি অনুসরণ করেই অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত। তাহলে তাদের সারা দেশে চলমান কার্যক্রমের কী হবে? আসলে নামের মধ্যে ভূত না খুঁজে কামের মধ্যে ভূত খোঁজা উচিত। এই ভূত খোঁজার ইংরেজি নাম হচ্ছে ডিউ ডেলিজেন্স—কার কোথায় কী রঙের কাদা আছে, তা খুঁজে বের করার এ এক বৈজ্ঞানিক ব্যবস্থা। সারা দেশে কাজ করার লাইসেন্স দিয়ে যেখানে এখন কাজের প্রয়োজন বেশি সেখানে তাদের যেতে না দেওয়ার মধ্যে যুক্তির চেয়ে জেদটাই বেশি। এ রকম জেদের কারণেই কি ধর্মের দোহাই দিয়ে ওঠানো টাকাপয়সা অন্য অচেনা ভুঁইফোড় প্রতিষ্ঠানগুলোর কাছে চলে যাচ্ছে? চেনা সংগঠন বা সংস্থাকে মনিটরিং যত সহজ, অচেনাদের খোঁজখবর রাখা ততই কঠিন। বজ্র আঁটুনি ফসকা গেরোর পুনরাবৃত্তি আর কত?
হায়, পানি কোথায়!
চরম সংকটেও মানুষের প্রতিদিন কমপক্ষে ১৫ থেকে ২০ লিটার নিরাপদ পানির প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রণীত সর্বনিম্ন মান এটি। দুর্যোগ ব্যবস্থাপনার আন্তর্জাতিক দলিল ‘স্ফিয়ার’-এও একই কথা বলা হয়েছে। শরণার্থী শিবিরগুলোতে জনপ্রতি এই পরিমাণ পানি এখন স্বপ্নের অতীত। নানা সংস্থা দায়সারা পানির কল একটার পর একটা বসিয়ে গেছে। বেশির ভাগই এখন অকেজো। পানির স্তর ক্রমেই নেমে যাওয়ায় গভীর নলকূপও সব জায়গায় সামনের দিনগুলোতে আর কাজ করবে না। ট্রাকে করে পানি সরবরাহ তখন একমাত্র উপায় হয়ে দাঁড়াবে। বৃষ্টির পানি আর ছড়ার পানি ব্যবহারই উখিয়া থেকে টেকনাফ পর্যন্ত একমাত্র সমাধান। বৃষ্টির পানির প্রতি এখনো কেউ তেমন মনোযোগ দেয়নি। ডিসেম্বরের আগে আরও একটা বা দুইটা বড় বৃষ্টি হতে পারে। সেই পানিটাও যদি ধরে রাখা যায়, তবে পরবর্তী দুই-তিন মাস টানাটানি করে চলে যাবে। আগামী মাসগুলোতে এই অঞ্চলে একমাত্র পরিবেশসম্মত উপায় হবে স্থানীয় ছড়াগুলোর সুষ্ঠু ব্যবহার। কিন্তু সেখানে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইটের ভাটাগুলো। সব নিয়মনীতি উপেক্ষা করে পাহাড়ের গা ঘেঁষে তৈরি এসব ইটভাটা পাহাড়ের মাটি শুধু যে ব্যবহার করছে তা নয়, তারা মিঠাপানির উৎস ছড়াগুলোর গতিপথও নিয়ন্ত্রণ করছে। ইট উৎপাদনে ছড়ার পানির বেহিসাব ব্যবহার স্থানীয় কৃষকদেরও পানি সংকটে ফেলেছে।
ছড়াগুলোর সংস্কার ও সঠিক রক্ষণাবেক্ষণ শুধু যে শরণার্থীদের পানির চাহিদা মেটাবে তা নয়, এই অঞ্চলের প্রকৃতি, কৃষি ও পরিবেশ রক্ষায় সহায়তা করবে। কর্তৃপক্ষের দৃষ্টি তাই মাটির নিচের পানির উৎস থেকে সরিয়ে মাটির ওপরের পানির প্রতি নিবদ্ধ করতে হবে। পানি ব্যবস্থাপনায় নিয়োজিত একটি সংস্থা ইতিমধ্যে টেকনাফের পুঁটিবুনিয়া এলাকায় ছড়ার পানি সংরক্ষণ ও ব্যবহারের কাজ সফলভাবে শুরু করেছে। ১৯৯২-৯৩ সালে এই প্রযুক্তির প্রথম ব্যবহার হয়েছিল, পরে সেটা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কাছে মালামালসহ হস্তান্তর করা হয়। তবে সেসব এখন কেবলই স্মৃতি। কারও কিছু মনে নেই।
পয়োনিষ্কাশন সংকট
অল্প জায়গায় এত অধিক মানুষের বসবাসের ব্যবস্থাপনা পৃথিবীর আর কোথাও এখন পর্যন্ত করতে হয়নি। সবচেয়ে জাঁদরেল আর অভিজ্ঞ শরণার্থী ব্যবস্থাপকের কাছেও এটা এক অভূতপূর্ব সংকট। তাৎক্ষণিক সমস্যা সমাধানের জন্য দুই-তিনটি রিং বসিয়ে ল্যাট্রিন স্থাপনের যে ত্বরিত ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেটা এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রায় সব ল্যাট্রিন এখন উপচে পড়ছে। সব কটি শিবিরে বাতাস দুর্গন্ধে ভারী হয়ে আছে। আশার কথা, পরীক্ষামূলকভাবে আন্তর্জাতিক মানসম্পন্ন স্থানীয় প্রযুক্তির ল্যাট্রিন সফল হয়েছে। এই প্রযুক্তিতে ল্যাট্রিনের একটা স্তরে বিশেষ ধরনের ময়লা খাওয়া পোকা ব্যবহার করা হয়। আফ্রিকার অনেক শরণার্থী শিবিরে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করে ভালো ফল পাওয়া গেছে। এদিকে এখন আমাদের মনোযোগী হতে হবে। প্রতিদিন প্রায় ৫০ হাজার টন বর্জ্য ব্যবস্থাপনা এখন শরণার্থী ব্যবস্থাপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তবে যদি শরণার্থীর ঢল বন্ধ না হয়, তাহলে পানি, পয়োনিষ্কাশন বা অপুষ্টি কিংবা খাদ্যের কোনো ব্যবস্থাপনাই সফল হবে না। চলে আসা শরণার্থীদের ফেরত পাঠানোর দূতিয়ালির পাশাপাশি ঠেলে পাঠানোর বর্তমান প্রবণতা বন্ধ করার দূতিয়ালিকে আরও বেগবান করতে হবে।
গওহার নঈম ওয়ারা: দুর্যোগ ব্যবস্থাপনাকর্মী ও বিশ্ববিদ্যালয় শিক্ষক।