দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধ্বংস হয়ে যাওয়া জার্মানিতে জার্মান জাতি নিজেদের বিভক্তি কোনো সময় চায়নি। একে ধ্বংসস্তূপ, স্বজন হারানোর বেদনা, যুদ্ধবিজয়ী মিত্রশক্তির হাতে হাজার হাজার বন্দী, তারপর জার্মান জাতি ও দেশটির বিভক্তি কেউ মানতে পারেনি। তবে যুদ্ধে ক্ষতবিক্ষত ইউরোপের দেশগুলো ও তাদের নেতারা সেই সময়কার ফ্যাসিবাদী জার্মান রাষ্ট্রের বিভক্তি চেয়েছিলেন।
প্রায় ৭০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানরা প্রায় সমগ্র ইউরোপ দখল করে ফেলেছিল। প্রায় ছয় কোটি মানুষের মৃত্যু আর ইউরোপজুড়ে ধ্বংসলীলার চিহ্ন রেখে ১৯৪৫ সালের ৮ মে হিটলারের মৃত্যুর মধ্য দিয়ে বিশ্বযুদ্ধ শেষ হলেও যুদ্ধের ক্ষতচিহ্ন রয়ে যায় ইউরোপীয় জাতিসত্তাগুলোর মধ্যে। ফ্যাসিবাদী জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে মিত্রশক্তির কাছে পরাজিত হয়। মিত্রশক্তির এক অংশ মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইংল্যান্ড পুঁজিবাদী অর্থনীতির, অন্য অংশ সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক অর্থনীতির। ১৯৪৫ সালের যুদ্ধে জার্মান জাতির পরাজয়ের সঙ্গে সঙ্গে জার্মানি ভাগের মাধ্যমে দুটি অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থা চালু হয়েছিল—পুঁজিবাদ ও সমাজতন্ত্র। আর দুই জার্মানি তাদের পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ধারা নিয়েই এগিয়ে যাচ্ছিল।
তবে আশির দশকের শেষে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভের শুরু করা গ্লাসনস্ত ও পেরেস্ত্রোইকা কর্মসূচির হাত ধরে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোতে অধিকতর গণতন্ত্র ও নাগরিক অধিকারের দাবিতে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের ঢেউ লাগে সাবেক পূর্ব জার্মানিতেও। ১৯৮৯ সালের শেষের দিকে সাবেক পূর্ব জার্মানির বড় শহরগুলোতে প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে নাগরিক আন্দোলন এবং চার্চের ব্যানারে হাজার হাজার লোক রাস্তায় নেমে আসে। তারা গণতন্ত্র আর রাজনৈতিক সংস্কারের দাবি জানাতে থাকে। ১৯৮৯ সালের ৯ অক্টোবর পূর্ব জার্মানির লাইপজিগে নাগরিক আন্দোলনের ডাকে প্রায় ৭০ হাজার মানুষ রাস্তায় নেমে আসে। সেটাই ছিল পূর্ব জার্মানির সমাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বৃহত্তম নাগরিক বিদ্রোহ। এরপর শুধু লাইপজিগ নয়, ছোট-বড় শহরসহ আন্দোলনের ঢেউ লাগে রাজধানী পূর্ব বার্লিনেও। ৪ নভেম্বর পূর্ব বার্লিনের প্রাণকেন্দ্র আলেকজান্ডার স্কয়ারে প্রায় ১০ লাখ মানুষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। নানা অস্থিরতার মধ্যে পূর্ব জার্মানির পার্টি সেক্রেটারি এরিখ হোনিকার পদত্যাগ করেন। ধস নামতে শুরু করে কমিউনিস্ট সরকারের অভ্যন্তরে, ৮ নভেম্বর পদত্যাগ করেন পূর্ব জার্মানির কমিউনিস্ট পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্যরা। ৯ নভেম্বর ধসিয়ে দেওয়া হয় ২৮ বছর আগে পড়া বার্লিন প্রাচীর। প্রাচীর ভাঙার ধ্বংসযজ্ঞ চলেছিল দুই রাত ধরে। প্রাচীর ভাঙার আনন্দে কেউ হেসেছে, কেউ কেঁদেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে প্রাচীর গোটা জার্মানিকেই মানসিকভাবে দ্বিখণ্ডিত করে রেখেছিল, সেই প্রাচীর ভাঙার আনন্দে হাজার হাজার পূর্ব আর পশ্চিমের বার্লিনবাসী প্রাচীর পেরিয়ে একে অপরকে আলিঙ্গন করেছিল। সেই সময় জার্মানরা আবারও বিশ্বাস করতে শুরু করেছিল, জার্মানরা আবার এক হবে। বিশ্বাস করতে শুরু করেছিল বিশ্ববাসীও। প্রাচীর পতন-পরবর্তী ঘটনাগুলো আরও দ্রুত, আরও নাটকীয়।
পূর্ব জার্মানির এরিখ হোনিকারের পর ক্ষমতায় আসেন এরিখ কেনু ক্রেঞ্জ। তাঁকেও সরে দাঁড়াতে হয়। গঠিত হয় পূর্ব জার্মানির সংস্কারপন্থীদের তত্ত্বাবধায়ক ধাঁচের সরকার, যার প্রধান হন গর্বাচভপন্থী হিসেবে পরিচিত হ্যানস মদরোভ। এই সরকারের আওতায় সার্বভৌম নির্বাচনে পশ্চিমের মতো পূর্বেও ক্ষমতায় আসেন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটরা। প্রধানমন্ত্রী হন লোথার ডে মিজিয়ার।
পূর্ব আর পশ্চিমে একই রাজনৈতিক মতাদর্শের সরকার থাকার কারণে পূর্বের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটরা পশ্চিমের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়া শুরু করেন। কিন্তু যুদ্ধ-পরবর্তী ৪৫ বছর ধরে জার্মানি দেশ ও জাতির ওপর মিত্রশক্তিদের (সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন) সৈন্য ও ক্ষমতার নিয়ন্ত্রণ থাকায় তারা ঐক্যবদ্ধ জার্মানি হওয়ার পথে বাদ সাধে। মিত্রশক্তির নেতাদের সঙ্গে পর্যায়ক্রমে জার্মানি ঐক্য প্রক্রিয়া নিয়ে আলোচনা চালাতে থাকেন পূর্ব এবং পশ্চিম জার্মানির নেতারা। আর এই আলোচনার ফলে ১৯৯০ সালের ৩ অক্টোবর জার্মান জাতির ঐক্যপ্রক্রিয়া সম্পন্ন হয়।
সেই সময় জার্মান রাজনীতিকেরা, মিত্র চার শক্তি তথা ইউরোপের দেশগুলোকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে জার্মানি ইউরোপ তথা বিশ্ব ঐক্য ও শান্তির পথে কাজ করে যাবে। সেই কাজটি জার্মান রাজনীতিকেরা সার্বিকভাবেই করছেন বলে অভিজ্ঞ মহলের ধারণা। তবে প্রাচীর পতনের ২৫ বছরেও যে সাবেক দুই জার্মানির মধ্যে সব বৈষম্য-সংশয় কেটে গেছে, অর্থনৈতিক উন্নয়ন বা প্রবৃদ্ধি সমভাবে ঘটেছে, তা বলা যাবে না। ৪৫ বছরের বিপরীতধর্মী অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো পূর্বে সমাজতান্ত্রিক অর্থনৈতিক কাঠামো ভেঙে পশ্চিমের মতো করে পুঁজিবাদী অর্থনীতি শিগগির সম্ভব হয়নি। বিগত ২৫ বছরে পূর্বের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য যথেষ্ট চেষ্টা করেও বাস্তবতার কারণে অনেক কিছুই সম্ভব হয়নি, ফলে সামাজিক সমস্যা ও সাংস্কৃতিক বিচ্ছিন্নতাও রয়েছে দুই দিকের মধ্যে।
বার্লিন প্রাচীর ভাঙার ২৫ বছর পূর্তিতে ৯ নভেম্বর বার্লিনসহ জার্মানিজুড়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে জার্মান জাতির পুনর্মিলন স্মরণ করা হবে। বার্লিন শহরে যে অঞ্চলগুলো দিয়ে প্রাচীর ঘেরা ছিল সেই এলাকাতে পাঁচ কিলোমিটার দীর্ঘ আলোকসজ্জায় সজ্জিত করা হবে, এ ছাড়া মিউজিক কনসার্ট, আলোচনা সভা এবং নানা প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
জার্মান জাতির বিভক্তি, বিপরীতমুখী রাজনীতি এবং পুনরায় সবকিছু পেছনে ফেলে দেশটির ঐক্য পৃথিবীর সব দেশ ও জাতির কাছে একটি বিস্ময় ও দৃষ্টান্ত হয়ে রইবে। প্রাচীর পতনের ২৫ বছর পূর্তিতে এ কথা নিশ্চিত করে বলা যায়, জার্মানি এগোচ্ছে। সময় লাগলেও পূর্ব-পশ্চিমের অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের দেয়াল ভাঙছে, বেকারত্বের হারও কমছে। বিশ্বযুদ্ধোত্তর জার্মানির রাজনীতিকেরা জার্মান জাতি সম্পর্কে বিশ্ববাসীর অবিশ্বাস, ভয়-ভীতি-সংশয় পেছনে ফেলে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঐক্যবদ্ধ জার্মানিকে।
সরাফ আহমেদ: প্রথম আলোর জার্মানি প্রতিনিধি।
[email protected]