মানুষ হ মানুষ হআবার তোরা মানুষ হঅনুকরণ খোলশ ভেদী কায়মনে বাঙালী হশিখে নে দেশ বিদেশের জ্ঞানতবু হারাসনে মার দান।স্থপতি মাজহারুল ইসলামের বিশ্বাস ও প্রিয় ব্রতচারী গানের একটি চরণ। এক বছর আগে শ্রাবণের বর্ষণমুখর রাতে ঘড়ির কাঁটা যখন ১২টা বেজে কয়েক মিনিট, তিনি আমাদের ফেলে পাড়ি জমান না-ফেরার দেশে।বাইরে থেকে গম্ভীর স্বভাবের মনে হলেও তিনি ছিলেন বন্ধুসুলভ একজন মানুষ। দিনরাত কাজ নিয়ে ব্যস্ত থাকলেও পরিবার-পরিজন তাঁর ছিল বড়ই আপন। নিজের হাতে বাজার করতেন। আম্মা তাঁর রন্ধনগুণ দিয়ে সেসব করে তুলতেন মুখরোচক। আব্বা কিন্তু রান্না করতেও খুব ভালোবাসতেন। আমাদের খাবারের টেবিলটাও ছিল বড়। পরিবারের সবাই মিলে হইচই করে যখন-তখন আমরা বসে পড়তাম খেতে। আম্মা কোনো দিন বলেননি ঘরে খাবার নেই। আজ মনে হয় এটা একটা অদ্ভুত ম্যানেজমেন্ট আমার মায়ের।খেলাধুলা আব্বার ভীষণ প্রিয় ছিল। নিজ হাতে ব্যাডমিন্টন কোর্ট কাটতেন। পরবর্তী সময়ে নাতি-নাতনিরাই সেই ভার গ্রহণ করেছিল। জ্ঞানচর্চা করতেন, জ্ঞানপিপাসু ছিলেন তিনি। প্রতিদিন ভোরে বাড়িতে তিন থেকে চারটি পত্রিকা আসত। আম্মা রাগ করে বলতেন, ‘একই খবর এত পত্রিকার কী দরকার?’ আব্বা বলতেন, ‘আগে পড়ো, পড়লেই বুঝবে কে কীভাবে একই খবর ছাপায়?’ ম্যাগাজিন কেনা হতো প্রচুর, স্পোর্টস ম্যাগাজিন তো থাকতই, আর বই—পরশুরামের হাসির গল্প থেকে শুরু করে রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায়, অগাস্টা ক্রিস্টি—কী বই কিনে দিতেন না আব্বা?শৌখিন ছিলেন, তবে সাধারণ জীবনযাপনে বিশ্বাসী ছিলেন তিনি। জীবনের বেশির ভাগ সময় পাজামা আর খদ্দরের পাঞ্জাবি পরতে ভালোবাসতেন। বাংলাদেশ, বাঙালিয়ানা, এ দেশের মানুষ, প্রকৃতি, সংস্কৃতিকে তিনি মন দিয়ে ভালোবেসেছেন। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকৃতিকে বরণ করে নিতেন গানে, কবিতার মাঝে। তাঁর বাড়ির বাগানেই চলত বর্ষামঙ্গল, পৌষ মেলা, নবান্ন বা শরতের আমন্ত্রণ। পয়লা বৈশাখে পান্তা, শুঁটকি, ভর্তা, মোয়া-মুড়কি দিয়ে ভরা থাকত ঘর। ছায়ানটের সাংগঠনিক কর্মকর্তা ছিলেন তিনি, তাই ছায়ানটের অনেক রিহার্সেল ও অনুষ্ঠান এ বাড়ির বাগানেই অনুষ্ঠিত হয়েছে।পেশায় স্থপতি কিন্তু রাজনীতি, সমাজ, সংস্কৃতি, দেশ ভাবনা; কীভাবে তিনি এত কিছু একসঙ্গে করেছেন, যা ভাবতে অবাক লাগে। যুগে যুগে এ রকম মানুষ বোধ হয় একজন কি দুজনেরই জন্ম হয়। জীবনের শেষ প্রান্তে এসে বড় বেশি চুপ হয়ে গিয়েছিলেন। আমার ভীষণ জানতে ইচ্ছে হতো দিনের পর দিন, রাতের পর রাত একা একা নীরবে তিনি কী ভাবছেন? প্রশ্ন করেছি তাঁকে, কিন্তু উত্তর পাইনি।একেক সময় মনে হয়, স্থপতি তাঁর স্থাপত্যের মতোই সুন্দর স্বচ্ছ আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন—হয়তো নীরবে বসে তাঁর স্বপ্নরাজ্যে সেই বাংলাদেশকে তিনি ঢেলে সাজাতে চেষ্টা করতেন। হয়তো ভাবতেন আমাদের দেশে তোষামোদী ছাড়া একজন স্থপতি, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, শিল্পী, কবি, সাহিত্যিক কবে নিজ গুণে দেশকে এগিয়ে নেবেন সামনে। নিজের যোগ্য স্থান করে নেবেন বিদেশ নয়, এ দেশের মাটিতে। দল বা তোষামোদী ছাড়া একা চলতে পারবেন স্বচ্ছ-সরল পথে। যে পথে হেঁটে যেতে যেতে দেশ-জাতি-সমাজকে দিয়ে যাবেন দুহাতে আর দেশ সেই মূল্যবান কাজকে গ্রহণ করে দেশকে করে তুলবে সমৃদ্ধিশালী, দেশকে এগিয়ে নেবে বিশ্বদরবারে। হয়তো ভাবতেন, এ দেশের কৃষক কবে পাবেন তাঁর সোনার ফসলের ন্যায্য দাম? হয়তো ভাবতেন, এ দেশের আগামী প্রজন্ম লোভ-লালসায় নয়, শিক্ষাদীক্ষায় মানুষের মতো মানুষ হয়ে কবে রুখে দেবে দুর্নীতিকে। হয়তো ভাবতেন ধর্মের নামে, ধর্মকে বিক্রি করে কবে রাজনীতিবিদেরা মিথ্যা প্রচার থেকে বিরত হবেন। সমাজকে, দেশকে ঠেলে দেবেন না অস্থির হিংসাত্মক পরিবেশে। হয়তো ভাবতেন বন্যা, খরা, জলোচ্ছ্বাসের হাত থেকে কীভাবে রক্ষা করা যায় দেশের মানুষকে? হয়তো ভাবতেন ভূমিকম্পের আগাম যে আভাস, তাকে আরও গুরুত্বের সঙ্গে দেখা দরকার। হয়তো ভাবতেন সড়ক দুর্ঘটনায় প্রতিদিন মানুষের মৃত্যুর হার কবে কমবে? হয়তো ভেবেছেন গুম, খুন, হত্যা, ধর্ষণের মতো জঘন্য কাজ থেকে বাংলাদেশ কবে মুক্তি পাবে? হয়তো ভেবেছেন মা-বোনের ইজ্জত লুটেরা খুনি নরপিশাচ রাজাকার আলবদরের বিচার কবে হবে? কবে শহীদ পরিবারের বুকের রক্তক্ষরণ বন্ধ হবে?বাংলাদেশের আধুনিক স্থাপত্যের জনক বা পথিকৃৎ স্থপতি মাজহারুল ইসলাম যখনই তাঁর স্থাপত্য গড়ার পরিকল্পনা করেছেন, তখনই তাঁর চারপাশের পরিবেশ, ভৌগোলিক অবস্থানের সঙ্গে সঙ্গে ভেবেছেন একটা সুন্দর বাংলাদেশের কথা, ভেবেছেন সোনার মানুষের কথা, বাংলাদেশের সামগ্রিক একটা পরিবর্তনের কথা। নীতিতে অবিচল স্থপতি আজীবন যে যুদ্ধ করে গেছেন, যে পথ ধরে হেঁটে গেছেন তিনি, যে ভাবনা ও চিন্তায় বিভোর হয়ে একসময় বড় ক্লান্ত হয়ে নীরব হয়ে গেছেন, আমরা পরবর্তী প্রজন্ম কি সেই পথ ধরে হাঁটব না? আমরা কি সেই ভাবনা ভাবব না? যদি ভাবতেই হয়, তবে নীরবে নয়, এখনই সোচ্চার হই সেই পথে, সমুখে এগিয়ে যাই তাঁর আলোকিত পথ অনুসরণ করে।নাজিয়া জাবীন: ছড়াকার ও লেখক।