পাল্টাচ্ছে বাংলাদেশ। একসময়ের মঙ্গাপীড়িত এ ভূখণ্ডে এখন মঙ্গা প্রায়-ভুলে যাওয়া এক শব্দ। রোগ-শোক এখনো আছে। কিন্তু এদের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকার শক্তিটুকু বেড়েছে আগের তুলনায়। অভাব এখনো অনেকের জীবনের নিত্যসঙ্গী। আঁতুড়ঘরে মাকে কাঁদিয়ে শেষ চিৎকার দিয়ে চিরবিদায় নেওয়ার নবজাতক এখনো আসে, কিন্তু তারা সংখ্যায় কমেছে। গজনফর আলী বা রমেশের যে চোখযুগলে থাকত আদিগন্ত হতাশা, সেখানে আজ ছোট থেকে মাঝারি স্বপ্নেরও চাষবাস হয়। জাতি হিসেবে এগিয়ে যাওয়ার জন্য এ স্বপ্নটুকুরও দরকার আছে। কারণ, মানুষ তার স্বপ্নের সমানই বড় হয়। কখনো কখনো অবশ্য স্বপ্নকেও ছাড়িয়ে যায়। এ কথা সত্য যে আমাদের রেষারেষির রাজনীতির তেমন কোনো পরিবর্তন হয়নি, বদলায়নি আমাদের দুর্নীতিগ্রস্ত প্রশাসন এবং নেতৃত্ব। আমরা এখনো অবমুক্ত হতে পারিনি প্রাকৃতিক সম্পদের অপ্রতুলতা থেকে। তার পরও সামনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাড়ছে মানুষের অন্তর্গত শক্তি। এ শক্তির ঔজ্জ্বল্য খালি চোখে দেখা যায় না, বোঝা যায় তার অর্জনে। এ কথা একটি জাতির জন্যও সত্য। গত দশকসমূহে অর্থনীতির বেশ কিছু মোটা দাগের অর্জন জাতি হিসেবে আমাদের ক্রমেই বিকাশমান শক্তিরই ইঙ্গিত দিচ্ছে।বিদ্যমান তথ্যের ভিত্তিতে দেখা যায় যে ১৯৮০ থেকে ১৯৮৯ সময়কালে বাংলাদেশের জাতীয় আয়ের গড় প্রবৃদ্ধির হার ছিল ৩ দশমিক ৬ শতাংশ। পরবর্তী দশকে অর্থাৎ ১৯৯০ থেকে ১৯৯৯ সময়কালে এ হার বেড়ে দাঁড়ায় ৪ দশমিক ৮ শতাংশ। তার পরের দশকে অর্থাৎ ২০০০ থেকে ২০১০ সময়কালে এই হার আরও বেড়ে দাঁড়ায় ৫ দশমিক ৮ শতাংশ। স্বল্পোন্নত ও বাজারমুখী মুক্ত অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশকে শুধু বিশ্ব অর্থনীতির প্রতিকূলতাই নয়, বরং মোকাবিলা করতে হয় নানাবিধ প্রাকৃতিক বিপর্যয়। গত দশকের কথাই ধরা যাক। বাংলাদেশ তার প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের জন্য যে কোটা-সুবিধা পেত, ২০০৫ সালে তার সমাপ্তি ঘটে। তারপর এল ২০০৭ সালে সিডরের আঘাত, এল বিশ্ব অর্থনৈতিক বিপর্যয়, ২০০৮ সালে। আর তার দীর্ঘমেয়াদি প্রভাব কাটতে না কাটতেই এল আরেক প্রাকৃতিক বিপর্যয় আইলা, ২০০৯ সালে। এসব প্রতিকূলতা সফলভাবে মোকাবিলা করে বাংলাদেশ তার উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। আগের দশকের তুলনায় গড় প্রবৃদ্ধির হার ১ শতাংশ বাড়াতে সক্ষম হয়েছে। গত অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৭ শতাংশ, যা গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ।প্রতি পাঁচ বছর অন্তর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সারা দেশে থানাভিত্তিক একটি জরিপ চালায়। এই জরিপই দেশে দারিদ্র্যের পরিমাণ এবং আয়ের বণ্টনসংক্রান্ত তথ্যের একমাত্র নির্ভরযোগ্য উৎস। ২০০৫ ও ২০১০ সালের জরিপের তুলনামূলক বিশ্লেষণ থেকে একটা বিষয় স্পষ্ট, আর সেটা হলো বাংলাদেশে অর্জিত প্রবৃদ্ধি সমানুপাতে বণ্টিত হয়েছে। মোট আয়ের ভিত্তিতে আমরা যদি দেশের সব থানাকে ১০টি ভাগে ভাগ করে জাতীয় আয়ে তাদের অংশদারির তুলনা করি, তাহলে বিষয়টি আরও স্পষ্ট হবে। আয়ের ভিত্তিতে সর্বনিম্নে অবস্থানকারী ১০ শতাংশ থানায় ২০১০ সময়কালে আমাদের জাতীয় আয় বেড়েছে ৩৫ শতাংশ। এই বর্ধিত আয় যদি সুষমভাবে বণ্টিত না হয়, তাহলে ২০১০ সালের মোট জাতীয় আয়ে সর্বনিম্নে অবস্থানকারী ১০ শতাংশ থানার অংশীদারি শূন্য দশমিক ৭৭ শতাংশ থেকে কমে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে সেটা হয়নি। বরং এ সময় জাতীয় আয়ে তাদের অংশীদারি কিছুটা বেড়েছে। একইভাবে ২০০৫ সালে জাতীয় আয়ে সর্বোচ্চ অবস্থানকারী ১০ শতাংশ থানার অংশীদারি ছিল ৩৭ দশমিক ৬৪ শতাংশ, যা ২০১০ সালে কমে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৮৫ শতাংশ। অর্থাৎ ২০০৫ থেকে ২০১০ সময়কালে অর্জিত প্রবৃদ্ধির সুফল বরং আনুপাতিক হারের মূল্যায়নে তাদের কাছে কমই পৌঁছেছে। ২০০৫ থেকে ২০১০ সময়কালে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে বৈষম্যও কমেছে। পুঁজিবাদী অর্থব্যবস্থা হওয়া সত্ত্বেও অর্থনৈতিক বৈষম্য বাংলাদেশের উন্নয়ন ও প্রবৃদ্ধির সহজাত অনুষঙ্গ হয়ে ওঠেনি। বাংলাদেশের উন্নয়ন-প্রক্রিয়ার এটি খুব ভালো দিক। উন্নয়নের ধারাবাহিকতা যেমন একজন ব্যক্তি মানুষের মনোবল জোগায়, তেমনি ক্রমবর্ধমান প্রবৃদ্ধির হার একটি জাতির আরও দ্রুত সামনে এগিয়ে যাওয়ার আশা জাগায়। গত তিন দশক আমাদের ক্রমবর্ধমান প্রবৃদ্ধির হারও জাতি হিসেবে আমাদের মনোবল বাড়িয়ে দিয়েছে। আমরা এখন মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার কথা ভাবতে পারছি। আমাদের গৃহীত পঞ্চবার্ষিক পরিকল্পনায় ২০১৫ সালের মধ্যে আমাদের প্রবৃদ্ধির হারকে ৮ শতাংশে উন্নীত করার লক্ষ্যে ধার্য করা হয়েছে। এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, আমাদের এ লক্ষ্য অর্জনের জন্য অর্থনৈতিক পাটাতনে যা করা দরকার, আমরা সেটা করছি কি না।প্রবৃদ্ধির সবচেয়ে বড় নিয়ামক বিনিয়োগ। দেশে বিনিয়োগের সবচেয়ে বড় বাধা সামগ্রিকভাবে দুর্বল ভৌত অবকাঠামো। আর এ দুর্বলতা সরকারকেই দূর করতে হবে। পৃথিবীর কোনো দেশে কোনো কালেই ব্যক্তি খাত অবকাঠামো উন্নয়নে মূল ভূমিকা পালন করেনি। অবকাঠামো খাতে বিনিয়োগের যে প্রাপ্তি এবং তার যা চরিত্র, তার আলোকে ব্যক্তি খাতের পক্ষে এ বিনিয়োগ অর্থনীতির হিসাবে যথার্থ হয় না। সেই বাস্তবতা অনুধাবন করেই পঞ্চবার্ষিক পরিকল্পনায় অবকাঠামো উন্নয়ন এবং তার জন্য সরকারি বিনিয়োগের ওপর জোর দেওয়া হয়েছে। আর আমাদের প্রবৃদ্ধির হারকে ৮ শতাংশে উন্নীত করার যে আশাবাদ, তার ভিত্তিও কিন্তু পরিকল্পনায় অন্তর্ভুক্ত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সরকারি বিনিয়োগ, যা অন্যান্য খাতে ব্যক্তি খাতের বিনিয়োগকে উৎসাহিত করবে। সরকার যদি এসব কার্যক্রম বাস্তবায়নে ব্যর্থ হয়, তার অর্থ দাঁড়াবে আমাদের আশাহানি, চলমান উন্নয়নের চাকায় গতি সঞ্চারের ক্ষেত্রে ব্যর্থতা। বিশ্বব্যাংকের এক গবেষণা প্রতিবেদন অনুযায়ী, আমাদের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের জন্য জাতীয় আয়ের ৩৩ দশমিক ৫ শতাংশ বিনিয়োগ করতে হবে। বর্তমানে মোট বিনিয়োগের পরিমাণ হচ্ছে জাতীয় আয়ের ২৫ শতাংশের মতো, যার মধ্যে ২০ শতাংশের মতো হলো ব্যক্তি খাতের বিনিয়োগ। ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য সরকারি বিনিয়োগ বাড়াতে হবে। আর বিষয়টি যথাযথভাবে অনুধাবন করেই পঞ্চবার্ষিক পরিকল্পনায় সরকার ২০১৫ সালের মধ্যে সরকারি বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে জাতীয় আয়ের ৭ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য ধার্য করেছে। এ পরিকল্পনা গ্রহণের প্রাক্কালে, অর্থাৎ ২০১০ সালে বাংলাদেশে সরকারি বিনিয়োগের পরিমাণ ছিল জাতীয় আয়ের ৩ দশমিক ৭ শতাংশ। পাঁচ বছরের মধ্যে এর পরিমাণ ৭ দশমিক ৫ শতাংশ করার লক্ষ্য ধার্য করলেও ২০১২ সাল পর্যন্ত এর পরিমাণ শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে মাত্র ৪ দশমিক ৫ শতাংশে। অর্থাৎ আমাদের লক্ষ্য ও কর্মের মধ্যে বিস্তর ফারাক রয়ে গেছে। অথচ এ সময়কালে আমাদের বাজেট ঘাটতি জাতীয় আয়ের ৩ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ১ শতাংশে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, সরকার কি তার সীমিত সম্পদ গৃহীত পরিকল্পনা অনুযায়ী খরচ করছে?একদিকে বাজেট ঘাটতি বাড়ছে, কিন্তু অন্যদিকে সরকারি বিনিয়োগ আশানুরূপ হারে বাড়ছে না। এর মূল কারণ বিভিন্ন খাতে প্রদেয় ভর্তুকির ক্রমবর্ধমান বোঝা। ২০১০ অর্থবছরে মোট ভর্তুকির পরিমাণ ছিল জাতীয় আয়ের ১ দশমিক ৪ শতাংশ। গত অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে জাতীয় আয়ের ৩ দশমিক ৩ শতাংশে। এসব ভর্তুকির অর্ধেকের বেশি যাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। অথচ গৃহীত পরিকল্পনা অনুযায়ী ভর্তুকির বোঝা দিনে দিনে কমার কথা ছিল। এর সরাসরি প্রভাব গিয়ে পড়ছে সরকারি বিনিয়োগের ওপর। ভৌত অবকাঠামোর কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় একই সঙ্গে হোঁচট খাচ্ছে ব্যক্তি খাতের বিনিয়োগ। ২০১০ সালে বিদ্যুতের তীব্র ঘাটতির কথা মাথায় রেখে ৪ থেকে ১২ মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ‘কুইক রেন্টাল প্লান্ট’ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। এসব প্লান্ট মূলত জ্বালানি তেলের ওপর নির্ভরশীল। ফলে বিদ্যুৎ উৎপাদনের খরচ অনেক বেশি। এই খরচের পুরোটা গ্রাহকের পক্ষে বহন সম্ভব নয় ধরে নিয়ে সরকার কুইক রেন্টাল প্লান্টভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকে প্রচুর পরিমাণে ভর্তুকি দিয়ে যাচ্ছে।জরুরি ভিত্তিতে বিদ্যুৎ পরিস্থিতির আলোকে কুইক রেন্টাল প্লান্টের ওপর নির্ভর করা হয়তো অযৌক্তিক ছিল না। কিন্তু পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী এ খাতে ভর্তুকি কমিয়ে আনার জন্য কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কথা ছিল। কয়লানির্ভর বিদ্যুতের উৎপাদন খরচ অনেক কম। এর ফলে একদিকে যেমন বিদ্যুৎ উৎপাদন বাড়ত, তেমনি কমত এ খাতে প্রদত্ত ভর্তুকি। কিন্তু প্রায় চার বছর পেরিয়ে গেলেও এ ক্ষেত্রে কাজের কাজ এখনো তেমন কিছু হয়নি। তার অর্থ হলো, আগামী দিনগুলোতে আমরা না পারব বিদ্যুৎ ঘাটতি থেকে মুক্ত হতে, না পারব ভর্তুকির বোঝা বইতে। ফলে ক্ষতিগ্রস্ত হবে কাঙ্ক্ষিত সরকারি বিনিয়োগ, বাড়বে না ব্যক্তি খাতের বিনিয়োগ। হোঁচট খাবে আমাদের সামনে এগিয়ে যাওয়ার গতি। সত্যিকার অর্থে যদি আমরা প্রবৃদ্ধির চাকা ছয়ের ঘর থেকে আটের ঘরে নিয়ে যেতে চাই, তাহলে আরও অনেক কিছুর সঙ্গে সবার আগে দরকার স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত বিনিয়োগ। আর তা হতে হবে এখনই।আবুল বাসার: গবেষক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, সাবেক অর্থনীতিবিদ, বিশ্বব্যাংক।[email protected]