এটা ন্যায়বিচার নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ
বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ

ফার্গুসনের গ্র্যান্ড জুরির রায়ের প্রতিক্রিয়ায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ আইনের শাসনের দোহাই দিয়ে শান্তির আহ্বান জানাবে, এতে বিস্মিত হওয়ার কিছু নেই। ব্যাপারটা প্রথাগতই। তা ছাড়া সেখানে শুধু হট্টগোলই হবে, এর মাধ্যমেই শান্তি স্থাপন করা সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত সোমবার বলেছেন, ‘আমাদের জাতির ভিত্তি হচ্ছে আইনের শাসন, ফলে আমাদের মেনে নিতে হবে যে এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছিল একজন বিশেষ বিচারকের।’
সমস্যাটা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই আসলে অবিচারের জাতি, তারা ‘আইনের জাতি’ নয়। আর ন্যায়বিচারের মৌলিক দিকের অনুপস্থিতির কারণে এসব আইন শেষমেশ নিয়মতান্ত্রিক পীড়নে রূপ নিতে পারে। ড্যারেন উইলসন নামের সাদা চামড়ার পুলিশের একজন সদস্য মাইকেল ব্রাউন নামের একজন নিরস্ত্র কালো যুবককে গুলি করে হত্যা করার পরও অভিযুক্ত হলেন না, তখন বৈপরীত্য খুব অসহনীয় হয়ে ওঠে। যে দুনিয়ায় রাস্তার পথচারীকে শুধু গুলি করে মারাই যায় না, তা আবার আইনের নামে করা যায়, সেখানে কারও মধ্যে নিরাপত্তার বোধ তৈরি হতে পারে না। আর জেমস ব্যাল্ডইনের কথায়: ‘কোনো মানুষের হারানোর কিছু নেই—এমন হলে তার চেয়ে বিপজ্জনক কিছু হতে পারে না। ১০ জন মানুষের দরকার নেই, শুধু একজন হলেই চলবে।’
একদিকে আইনের শাসনের আনুষ্ঠানিক দাবি, আরেক দিকে বর্ণগত অবিচারের বাস্তবতা, এ দুইয়ের মধ্যে যে ফারাক রয়েছে, সেটা গলেই উইলসন বেরিয়ে গেছেন। আর ওদিকে ফার্গুসনে দাউ দাউ করে জ্বলছে আগুন। না, উইলসনকে মুক্তি দেওয়া হয়েছে, সে জন্য নয়; গ্র্যান্ড জুরি সিদ্ধান্ত নিয়েছেন, উইলসনকে বিচারের মুখোমুখি করার কোনো ‘সম্ভাব্য কারণ’ নেই। ওয়েবক্ষেত্র ফাইভ থার্টি এইট বলেছে, এটা খুবই বিরল একটা ঘটনা। যুক্তরাষ্ট্রের বু৵রো অব জাস্টিসের তথ্যমতে, ২০১০ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের সরকারি আইনজীবীরা এক লাখ ৬২ হাজার ফেডারেল মামলা চালিয়েছেন, আর গ্র্যান্ড জুরিরা মাত্র ১১ ক্ষেত্রে কাউকে অভিযুক্ত করতে অস্বীকৃতি জানিয়েছেন।
অধিকাংশ মানুষই এ রকম রায় প্রত্যাশা করেনি, ফলে ব্যাপারটা কত কপট, তা বোঝা যায়। উইলসন ছাড়া পাওয়ার পর ব্যাপক বিশৃঙ্খলার আশঙ্কায় এক সপ্তাহজুড়ে ফার্গুসন একপ্রকার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এসব প্রতিকূলতার আবার কিছু উজ্জ্বল ব্যতিক্রমও আছে: পুলিশ কর্মকর্তারা গোলাগুলি করেছেন। হাস্টন ক্রনিকলের একটি তদন্তে দেখা যায়, টেক্সাসের হ্যারিস কাউন্টিতে একজন পুলিশ কর্মকর্তাকে গ্র্যান্ড জুরি অভিযুক্ত করেননি। আর ২০০৪ সালের পর এবং ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে ডালাসের গ্র্যান্ড জুরিরা মাত্র একজন পুলিশ কর্মকর্তাকে গোলাগুলিতে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেছেন।
অর্থাৎ, বলপ্রয়োগের ক্ষেত্রে পুলিশ শুধু একটি বিশেষ বর্গই হয়ে ওঠেনি, তারা একধরনের দায়মুক্তিও পেয়েছে বলে দেখা যাচ্ছে। এই ‘আইনের জাতি’র দেশে যাঁরা আইন প্রয়োগের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তাঁরা আসলে আইনের ঊর্ধ্বে উঠে গেছেন। আর বিচার বিভাগ পুলিশ ও জনগণের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে গিয়ে জনগণের অভিযোগ থেকে পুলিশ বাহিনীকে রক্ষা করছে।
এই বিশেষ অধিকার ভোগ করার ক্ষেত্রেও তারা সংস্কারগ্রস্ত হয়ে পড়েছে। প্রোপাবলিকার একটি জরিপ অনুযায়ী, কালো শিশুদের পুলিশের গুলিতে নিহত হওয়ার আশঙ্কা সাদা শিশুদের তুলনায় ২১ গুণ বেশি। পুলিশ সাদা তরুণদের একই হারে গুলি করে মারলে পুলিশের সদস্যরা সপ্তাহে অন্তত একজন করে মরতেন।
এসব পরিসংখ্যানের পরিপ্রেক্ষিতে এবং স্টপ অ্যান্ড সার্চ, রায়, কারাদণ্ড ও মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে যে বৈষম্য বিরাজ করছে, তাতে এই পুলিশ ও কালো সম্প্রদায় মুখোমুখি দাঁড়িয়ে গেছে। এটা শুধু নৈতিকভাবেই অসমর্থনযোগ্য নয়, তা শেষবিচারে সামাজিকভাবেও টেকসই নয়। ব্যাপারটা বেশ, একদিকে যুক্তরাষ্ট্রের প্রথম কালো প্রেসিডেন্ট শান্তির আহ্বান জানাচ্ছেন, অন্যদিকে বিচ্ছিন্ন কালো তরুণেরা লুটপাট ও অগ্নিসংযোগ করছে। দেশটির নাগরিক অধিকার-পরবর্তী যুগের সফলতার মাত্রা আসলে এর মধ্য দিয়েই দৃষ্টিগোচর হয়। দেশটিতে বর্ণগত বৈষম্য এমন প্রকটভাবে দৃশ্যমান ও একই সঙ্গে তা এমনভাবে অস্বীকার করা হয় যে দেশটি তার ইতিহাসের চাপে ধসে পড়তে পারে। তা সে চাপ কাটিয়ে ওঠার দাবি যত ঢাকঢোল পিটিয়েই করা হোক না কেন।
ফলে যাঁরা এ রায়কে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে অভিহিত করছেন, তাঁরা এ ঘটনা-উদ্ভূত সবকিছুরই ভুল পাঠ করবেন—দাঙ্গা থেকে শুরু করে সত্যতা প্রতিপাদন, অস্বীকার, যৌক্তিকীকরণ, শান্তির আহ্বান ও ক্রোধের বহিঃপ্রকাশ সবকিছুরই।
গত রোববার তামির রাইস নামের ১২ বছর বয়সী এক কালো ছেলে ক্লিভল্যান্ডের একটি খেলার মাঠে পুলিশের গুলিতে নিহত হয়। সে তার খেলনা বন্দুকের খোঁজে বেরিয়েছিল। তিন দিন আগে আকাই গার্লে নামের ২৮ বছর বয়সী এক ব্যক্তি ব্রুকলিনে তাঁর বাড়ির সিঁড়িতে গুলিতে নিহত হন। তাঁর একজন প্রতিবেশী পুলিশকে খবর দেন। তিনি জানতেন না যে পুলিশই আকাইকে মেরেছে। নিউইয়র্ক পুলিশ ক্ষমা চেয়েছিল। তারা স্বীকার করে যে এটা একটা ‘দুর্ঘটনা’ ছিল। ব্রাউনকে গুলি করার পর সেন্ট লুইসেই দুজন কালো তরুণকে পুলিশ গুলি করে। এটা নৈতিকতা শেখানোর কোনো নাটক নয়, যেখানে একটি কালো শিশু এক বিদ্বেষপরায়ণ সাদা পুলিশের হাতে খুন হয়েছে। অবিচারের অন্তর্নিহিত ব্যাপারটা শুধু সুপরিকল্পিত নয়, গোটা রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে তা মিশে আছে। পুলিশের যে সদস্য ফার্গুসনে এ ঘটনা ঘটালেন, তিনি এমন এক বাহিনীর সদস্য, যেখানে খুব কম সদস্যই তরুণদের হত্যার জন্য বিচারের মুখোমুখি হয়েছেন। তিনি যে সমাজে বাস করেন, সেখানে অস্ত্রধারী সাদা লোকজন নিরস্ত্র কালো তরুণদের বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে আত্মরক্ষায় তাদের গুলি করতে পারে। তাদের গুলি করতেই হবে, দৃশ্যত কালোদের গুলি খাওয়াটাই নিয়তি। উইলসন গ্র্যান্ড জুরিকে বলেছেন, ছেলেটার চেহারা ছিল খুব আক্রমণাত্মক। ঠিক দানবের মতো, তাঁকে সে রকমই ক্রুদ্ধ দেখাচ্ছিল।
‘যে ব্যবস্থা যাদের রক্ষা করতে চায়নি, তাদের ব্যাপারে সে কোনো দিন ব্যর্থ হতে পারে না’—কথাটা বলেছিলেন কৃষ্ণাঙ্গ বুদ্ধিজীবী ডব্লিউ ই বি ডুবইস। ন্যায়বিচারের বাণী আকাশে-বাতাসে প্রতিধ্বনিত হোক।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন; দ্য গার্ডিয়ান থেকে নেওয়া
গ্যারি ইয়াং: মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সাংবাদিক।