এটা মন্থর অভ্যুত্থানের যুগ

নভেম্বরে সহিংস ধর্মীয় মৌলবাদীরা ইসলামাবাদে অবস্থান ধর্মঘটের মাধ্যমে শহরটিকে প্রায় অচল করার দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন। এরপর ডিসেম্বর মাসে আমরা দেখছি, সেই ক্রমশ আত্মপ্রকাশমান অভ্যুত্থানের মঞ্চ লাহোরে স্থানান্তরিত হলো। এটার লক্ষ্য ছিল পাঞ্জাবের প্রাদেশিক সরকারকে ধ্বংস করা, যেটা মূলত নওয়াজের মুসলিম লিগের (পিএমএল-এন) ঘাঁটি। নওয়াজ শরিফকে করতে না দিয়ে তারা ক্ষমতাসীন দলের ট্রয়ের ঘোড়াগুলো ‘আম্পায়ারের’ জন্য আঙুল তোলার কাজটা সহজ করে দিল। একই সঙ্গে তারা সবার পাততাড়ি গুটিয়ে পাঠিয়ে দিল। অন্যদিকে কানাডা থেকে পাকিস্তানের ধর্মীয় নেতা তাহির উল কাদরির আগমন সুস্পষ্টভাবে এই ইঙ্গিত বহন করে যে অভ্যুত্থানের নতুন পর্যায় শুরু হয়েছে, ঠিক যেমন অক্টোবরের শুরুর দিকে পাকিস্তানে সাইবেরিয়ার পরিযায়ী পাখিরা এলে বোঝা যায়, শীত এল বলে।
একবার দুর্নীতি ও অপরাধের অভিযোগ, আরেকবার ধর্ম-একেক সময় একেক অভিযোগ তুলে অভ্যুত্থানকারীরা পিএমএল-এনের যাঁরা নির্বাচিত হতে পারেন, তাঁদের উদ্দেশে বার্তা দিচ্ছেন, দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করুন। কারণ, দলটি রাষ্ট্রের ভেতরের রাষ্ট্রের নিপীড়নের শিকার হতে যাচ্ছে। ক্লান্ত ও ক্ষতবিক্ষত হয়ে ক্ষমতাসীন দল কখনো কখনো চাপের মুখে ভেঙে পড়েছে। কিন্তু তারা প্রত্যাশাতীতভাবে ঘুরে দাঁড়িয়েছে। তারা কিছুটা দুর্বল হতে পারে, কিন্তু মাঠের বাইরে চলে যায়নি। ক্ষমতাকাঠামোর ঘনিষ্ঠ মানুষেরা, যাঁরা ভেবেছিলেন যে ক্ষমতাসীন দল দ্রুত ভেঙে পড়বে, পিএমএল-এন তাঁদের উদ্দেশে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কিন্তু ফয়জাবাদের ভীতিকর নাটক এবং তারপর লাহোরে যে চক্কর আমরা দেখলাম, তাতে বোঝা যায়, এই সরকারকে মার্চ পর্যন্ত টিকতে দেওয়া হবে না। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া থেকে তাদের বঞ্চিত করতে এটা করা হবে।
নিশ্চিতভাবে বলা যায়, এই প্রথমবারের মতো একটি নির্বাচিত রাজনৈতিক সরকারকে পেছনের দরজা দিয়ে সরানোর চেষ্টা করা হচ্ছে না। কিছু ব্যতিক্রম ছাড়া জিয়াউল হকের সামরিক আইন-উত্তর পাকিস্তানে এটা নিয়ম হয়ে গেছে। ২০১০ সালে ১৮ তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৬ নম্বর ধারা শক্তিশালী হয়েছে। এরপর থেকে সুপ্রিম কোর্টের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রীকে সরানো রীতিতে পরিণত হয়েছে। কিন্তু বর্তমানে ক্রমশ প্রকাশমান এই অভ্যুত্থান-প্রচেষ্টার সঙ্গে সরকার পরিবর্তনের আগের ধারার পার্থক্য আছে। প্রথমত, পাকিস্তানের সর্বোচ্চ আদালত নিজ প্রজ্ঞায় যথাযথ বিচার ছাড়া নির্বাচিত প্রধানমন্ত্রীকে অযোগ্য ঘোষণা করেছেন। এই আদেশের আইনি ভিত্তি এত দুর্বল যে অধিকাংশ আইন বিশেষজ্ঞ এর বৈধতা নিয়ে প্রশ্ন করেছেন। সাধারণ মানুষও এই আইনি প্রহসন টের পেয়েছে। দ্বিতীয়ত, জেনারেল (অব.) পারভেজ মোশাররফকে দেশত্যাগে অনুমতি দেওয়ায় এবং তিনি দেশদ্রোহের মামলায় হাজির হতে অপারগতা জানানোয় বোঝা গেল, উর্দিধারী মানুষের বিচার করার ক্ষেত্রে বিচার বিভাগের দুর্বলতা আছে-এমনকি অবসরপ্রাপ্তদের ক্ষেত্রেও। এই দুজনের বিচারের ক্ষেত্রে যে পার্থক্য দেখা গেল, তা সাধারণ মানুষের চোখ এড়িয়ে যায়নি। আবার ইমরান খান ও জাহাঙ্গীর তারিনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলায় ধীরগতির কারণেও বিচার বিভাগের এই দ্বৈত নীতি মানুষের চোখ এড়িয়ে যায়নি। তৃতীয়ত, নওয়াজ শরিফ আদালতের আদেশকে অনিবার্য ব্যাপার হিসেবে মেনে নিতে আপত্তি জানিয়েছেন, তিনি মৃদু প্রতিরোধের ঝলকও দেখিয়েছেন। বিশেষ করে তাঁর নেতৃত্বে মিছিল ও বিপুল গণজমায়েত দেখে অভ্যুত্থানকারীরা সাহস হারিয়েছে। চতুর্থত, প্রকৃত ইস্যুতে সরকারকে চ্যালেঞ্জ জানানো বা বিরাজমান সংকট থেকে দেশকে বের করে আনার মতো নেতৃত্ব নেই বলে এই মন্থর অভ্যুত্থান আরও বিশৃঙ্খল হয়ে পড়েছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তো একদম আদর্শ কিং পার্টির মতো আচরণ করছে। তারা চরমপন্থা/সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলা বা পররাষ্ট্রনীতি ও সামরিক-বেসামরিক নীতি চ্যালেঞ্জ করছে না। তারা শুধু ক্ষমতাকাঠামোর ধারা ভদ্রভাবে মেনেই নিচ্ছে না, বরং তারা যেন এই মন্থর অভ্যুত্থান উদ্যাপনও করছে। ক্ষমতার গনিমতের মাল ভোগ করতে তারা যে অধৈর্য হয়ে উঠেছে, সেটা তারা তেমন একটা লুকাতেও পারছে না।
ওদিকে কিছু কিছু ক্ষেত্রে পিপিপির অবস্থানও দুর্ভাগ্যজনক। লাহোরে তাহির উল কাদরির অবস্থান ধর্মঘটে সমর্থন ও যোগ দিয়ে তারা গণতান্ত্রিক শক্তি হিসেবে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে, যেটা হচ্ছে অভ্যুত্থানকারীদের চূড়ান্ত ধাক্কা। আবার এটাও সত্য যে সংসদকে কোণঠাসা করে এবং গণতান্ত্রিক শক্তির দিকে হাত না বাড়িয়ে বর্তমান ক্ষমতাসীন দল গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে ফেলেছে। ২০১৪ সালের অবস্থান ধর্মঘটের পর এটি আরও বিশেষভাবে সত্য হয়ে উঠেছে। সেবার কিন্তু অধিকাংশ বিরোধী দল সংসদ ও সংবিধানের পক্ষে দাঁড়িয়েছিল। এই পরিপ্রেক্ষিতে পিএমএল-এনের বিরুদ্ধে আনীত সব অভিযোগ সত্য। সর্বোপরি, রাজনীতি তো আর উপদলীয় কোন্দল নয়। অতীতের রাজনৈতিক বিবাদের হিসাব মিটিয়ে তো গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ ঘটানো যায় না। রাজনৈতিক মেরুকরণের যে দুষ্টচক্র গড়ে উঠেছে, তার অবসান হওয়া দরকার। কারণ, অগণতান্ত্রিক শক্তিগুলো প্রণালিবদ্ধভাবে এটার সুযোগ নেয়।
দুর্ভাগ্যজনকভাবে, অধিকাংশ রাজনৈতিক দল কেবল ক্ষমতাই চায়, দেশে প্রকৃত গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার চেয়ে এ কাজে তাদের মনোযোগ বেশি। এর জন্য তো তাদের নিজেদের মধ্যে আগে সংস্কার আনতে হবে। কারণ, গণতন্ত্র, স্বচ্ছতা, জবাবদিহি ও মেধাতন্ত্রের ওপর প্রতিষ্ঠিত রাজনৈতিক সংস্কৃতিই রাজনৈতিক দলগুলোক সেই নৈতিক সাহস জোগাতে পারে, যার মাধ্যমে তারা সংস্কার কর্মসূচি চালিয়ে নিতে পারে। তবে সংস্কারের জন্য রাজনৈতিক দলের ওপর চাপ দেওয়া এক জিনিস আর গণতন্ত্র নস্যাৎ করতে তাদের সুনির্দিষ্টভাবে দানব বানানো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার-এ দুটির মধ্যকার পার্থক্য পরিষ্কার করা দরকার।
কিন্তু সামাজিক মাধ্যমের প্রবণতা যদি লক্ষ করি তাহলে দেখা যায়, পাকিস্তানের অনেক মানুষই প্রকৃত শাসকদের চিনতে শুরু করেছে। কারণ, বেসামরিক শাসনের মুখোশ ক্রমে খসে পড়ছে। নিষিদ্ধঘোষিত সংগঠনগুলোর পরামর্শদাতাদের মানুষ ভালোভাবেই চেনে। নিরাপত্তা বাহিনীর ধর্মীয় চরমপন্থায় পৃষ্ঠপোষকতা দেওয়ার নীতির যে কঠোর সমালোচনা হচ্ছে তাতে বোঝা যায়, এটা ঘটছে। এখন লাহোরের অবস্থান ধর্মঘটের পরিণতি যা-ই হোক না কেন, পাকিস্তানের জন্য সংগ্রাম চলবেই।
অনুবাদ: প্রতীক বর্ধন।
আফ্রাসিয়াব খটক: পাকিস্তানের আঞ্চলিক রাজনীতি বিশ্লেষক।