এতক্ষণে এরশাদ কহিলা বিষাদে

এত ঢাকঢোল পিটিয়ে সাবেক স্বৈরাচারী শাসক হুসেইন মুহম্মদ এরশাদের খণ্ডিত জাতীয় পার্টির কাউন্সিলে কী লাভ হলো? অনেকে বলেন, তিনি নাকি আরও ক্ষমতাবান হয়েছেন। জাতীয় পার্টিতে এখন তিনজন চেয়ারম্যান। ফুল চেয়ারম্যান এরশাদ। জ্যেষ্ঠ কো-চেয়ারপারসন রওশন। আর কো-চেয়ারম্যান এরশাদের কনিষ্ঠ ভাই গোলাম মোহাম্মদ কাদের। একটি খাঁটি পারিবারিক রাজনৈতিক দল।
সর্বশেষ কাউন্সিলে এরশাদ আরও অনেক বিষয়ের সঙ্গে নির্বাচনপদ্ধতি আমূল পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। যদিও তিনি নিজে কোনো নির্বাচনপদ্ধতি ব্যবহার করে ক্ষমতায় আসেননি; ১৯৮২ সালের ২৪ মার্চ বন্দুকের জোরে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে গায়ের জোরে হটিয়ে ক্ষমতা দখল করে নিয়েছিলেন এই বহুরূপী সেনাশাসক।
তারপরও নির্বাচনপদ্ধতি পরিবর্তনের যে প্রস্তাব এরশাদ রেখেছেন, সেটি আলোচনার দাবি রাখে। ব্রিটিশ আমল থেকে আমরা ওয়েস্টমিনিস্টর পদ্ধতিতে জয়-পরাজয় নির্ধারণ করে এলেও পূর্বাপর শাসকেরা বিষয়টি একেবারেই ক্লিষে করে ফেলেছেন। এই পদ্ধতিতে বিজয়ী ও পরাজিতের ব্যবধান একও হতে পারে, এক লাখও হতে পারে। একবার ভোটে জিতে গেলে আর তাঁকে কে পায়? সংসদ-প্রশাসন থেকে শুরু করে দেশের গাছপালা নদী-নালা—সবই তাঁদের হুকুমে চলবে। এখন চলছে হুকুমের গণতন্ত্র।
এরশাদ নির্বাচনপদ্ধতির পরিবর্তনের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে সাম্প্রতিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের জবরদস্তির কথা বলেছেন। তাঁর ভাষায়, ‘আওয়ামী লীগ জোর করে সব আসন দখল করে নিয়েছে।’ এর প্রতিকার হিসেবে সাবেক স্বৈরশাসক আনুপাতিক ভোটের কথা বলেছেন। সেখানে ভোটার প্রার্থীকে ভোট দেবেন না, দেবেন দলকে। বর্তমানে জাতীয় সংসদে সরাসরি ভোটে নির্বাচনের জন্য যে ৩০০ আসন আছে, ভোটের অনুপাতে আসনসংখ্যা ভাগ হবে। প্রার্থীর জয়-পরাজয়ের ভিত্তিতে নয়।
এ ব্যবস্থাটি জার্মানিসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশে আছে। তবে জার্মানিতে কেবল ভোটের আনুপাতিক হারে আসন ভাগ হয় না, প্রার্থীকেও নির্দিষ্ট হারে নিজ এলাকার ভোট পেতে হয়। আর মোট প্রদত্ত ভোটের শতকরা ৫ ভাগ কোনো দল না পেলে পার্লামেন্টে তারা প্রতিনিধিত্বই করতে পারে না। বর্তমানে জার্মানিতে কয়েক ডজন রাজনৈতিক দল থাকলে পার্লামেন্টে প্রতিনিধিত্ব আছে গুটিকয় দলের। তবে পার্লামেন্টে না থাকলেও অনেক দল স্থানীয় সংস্থা কিংবা প্রাদেশিক পরিষদে প্রতিনিধিত্ব করে থাকে। আমাদের দেশে জাতীয় নেতা-নেত্রীর মতো জাতীয় দলের সংখ্যাও বেশি।
সাবেক স্বৈরাচার নির্বাচনপদ্ধতি পরিবর্তনের কথা বলে ভোটের রাজনীতিতে দীর্ঘদিন ধরে যে সংকট চলে আসছে, তা স্বীকার করে নিলেন। ২০০১ সালে ও ২০০৮ সালে আওয়ামী লীগের ভোটের হারের ব্যবধান ৬/৭ শতাংশের মতো হলেও সংসদে আসনের ফারাক ছিল আসমান-জমিন। ২০০১ সালে আওয়ামী লীগ পায় ৬২টি আসন। ২০০৮ সালে দুই শতাধিক। আবার বিএনপির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ২০০১ সালে ৪২ শতাংশ ভোট পেয়ে বিএনপি দুই-তৃতীয়ংশ আসন পায়। আর ২০০৮ সালে ৩৩ শতাংশ ভোট পেলেও তাদের আসন নেমে আসে ৩৫-এর নিচে।
সংসদে আসন প্রাপ্তির এই অস্বাভাবিকতা গণতন্ত্রেও অস্বাভাবিকতা বা ভারসাম্যহীনতা তৈরি করেছে। এখন সর্বার্থেই ‘উইনার টেকস অল’। বিজয়ী সবকিছু দখলে নিয়ে যায়। এই সংকট থেকে বেরিয়ে আসতে গোটা নির্বাচনপদ্ধতিই নিয়েই নতুন করে ভাবা উচিত বলে মনে করি। সাবেক স্বৈরাচার বলেছে বলেই নাকচ করে দিতে হবে, এমন কথা নেই।
পাকিস্তান আমল থেকে গণতন্ত্র নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সবার কাছে গ্রহণযোগ্য কোনো পদ্ধতি বের করতে পারিনি। পরাজিতরা নির্বাচনের ফল মেনে নেননি। আর বিজয়ীরা ভাবেন, রোজ কেয়ামতের আগে তাঁদের ক্ষমতা ছাড়তে হবে না। তাঁরা নিজের জন্য যেটি বেহতর মনে করেন, সেটিই অপরের জন্য কঠিন করে তোলেন।
গণতন্ত্রের আসল সংকট মনে, ভোটের পদ্ধতিতেই নয়। কেউ হারতে রাজি নন। আনুপাতিক ভোট আপাতত সংসদে ভারসাম্য রাজনৈতিক ভারসাম্য আনলেও সেটি নষ্ট করতে সময় লাগবে না। আগে নিয়ত ঠিক করুন।