এদের জীবনের পরোয়া নেই কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোন হাতে নিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন এক আরোহী।
মুঠোফোন হাতে নিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন এক আরোহী।

আজকের প্রথম আলোর ৫-এর পাতায় প্রকাশিত তিনটি ছবি দেখে বেশ উদ্বিগ্ন হয়ে পড়ি। একটি ছবিতে দেখা গেছে, মুঠোফোন হাতে নিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন এক ব্যক্তি। দ্বিতীয় ছবিতে দেখা গেছে, হেডফোন কানে গুঁজে ব্যস্ত সড়ক পার হচ্ছে এক কিশোর। আরেকটি ছবিতে মুঠোফোনে কথা বলতে বলতে এক ব্যক্তিকে ব্যস্ত সড়ক পার হতে দেখা গেছে।

এভাবে মুঠোফোনে কথা বলতে বলতে মোটরসাইকেল বা গাড়ি চালানো এবং রাস্তা অথবা রেললাইন পার হওয়া কতখানি বিপজ্জনক—তা আমরা কমবেশি সবাই জানি। এতে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। ঘটতে পারে প্রাণহানি। তারপরও দেখা যাচ্ছে, এ কাজগুলো অনেকেই করছেন।

মনে প্রশ্ন জাগে, এঁদের কি জীবনের পরোয়া নেই?
ছবির ওই তিন ব্যক্তির কাছে প্রশ্ন রাখতে চাই, ফোনে কথা বলাটা খুব কি জরুরি ছিল যখন রাস্তা পার হচ্ছিলেন বা মোটরসাইকেলটি চালাচ্ছিলেন?

হেডফোন কানে গুঁজে ব্যস্ত সড়ক পার হচ্ছে এক কিশোর।
হেডফোন কানে গুঁজে ব্যস্ত সড়ক পার হচ্ছে এক কিশোর।

আচ্ছা হতে পারে, তখন ফোনে কথা বলাটা খুব জরুরি ছিল, তা হলে হাঁটা থামিয়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে কথা বলতে পারতেন বা মোটরসাইকেলটি রাস্তার এক পাশে রেখে প্রয়োজনীয় কথাটি সেরে নিতে পারতেন। আর কানে হেডফোন গুঁজে রাস্তা পার হওয়ার মধ্যে কোন বাহাদুরিটা আছে শুনি? আগে রাস্তাটা পার হোন না দয়া করে। তারপর কানে হেডফোন গুঁজুন। কিসের এত তাড়া আপনাদের? জীবনের চেয়ে কি সময়ের মূল্য বেশি হয়ে গেল? এই জীবন চলে গেলে আর তো ফিরে পাবেন না।

২০১৬ সালের ১২ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত একটি খবর অনুযায়ী, নারায়ণগঞ্জ থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত রেলওয়ের একটি থানা এলাকায় ওই বছরের প্রথম ৯ মাসে ২৩০টি লাশ উদ্ধার হয়। এঁদের মধ্যে ১০৬ জন মারা গেছেন মুঠোফোনে কথা বলতে বলতে, রেলপথ পার হওয়ার সময়। কী ভয়াবহ তথ্য!

মুঠোফোন কানে দিয়ে ব্যস্ত সড়ক পার হচ্ছেন এক পথচারী।
মুঠোফোন কানে দিয়ে ব্যস্ত সড়ক পার হচ্ছেন এক পথচারী।

একইভাবে মুঠোফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়ার সময় কত মানুষ যে দুর্ঘটনার কবলে পড়েছেন আর কত মানুষ প্রাণ হারিয়েছেন, তার কোনো হিসাব নেই। বাসচালকদের বাস চালানোর সময় মুঠোফোনে কথা বলার কারণেও যে কত সড়ক দুর্ঘটনা ঘটেছে, তার কোনো ইয়ত্তা নেই। গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা রোধ করতে ২০০৭ সালে মোটরযান আইনের সংশোধন করা হয়। ওই বছর মোটরযান আইনের সংশোধন করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা এবং হেডফোনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এই আইন অমান্য করলে ৫০০ টাকা জরিমানা ও কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। কিন্তু এসব আইনের তোয়াক্কা অনেকেই করেন না। তাঁরা গাড়ি চালানোর সময় মনের আনন্দে মোবাইল ফোনে কথা বলতেই থাকেন। খুব জানতে ইচ্ছে করে, যেসব চালক এভাবে মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালান, তাঁদের কি মনে হয় না যে এটা করে তিনি নিজের জীবনকেও ঝুঁকির মুখে ফেলছেন?

আমরা জানি, আমাদের দেশের মানুষের সাহসের কোনো অভাব নেই। যেকোনো মহৎ উদ্দশ্য অর্জনে তাঁরা সাহসের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে পারেন। মৃত্যুর পরোয়া তাঁরা করেন না। নিজেদের অধিকার আদায়ের জন্য আমাদের তরুণদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার ইতিহাস আছে। কিন্তু শুধু মুঠোফোনে কথা বলার জন্য বেঘোরে নিজের প্রাণ বিসর্জনের মধ্যে কোনো সাহসিকতা নেই; বরং আছে বোকামি। এখন এসব বোকামি ত্যাগ করার সময় এসেছে। একটা কথা মনে রাখতে হবে, একজন মানুষ পূর্ণ মনোযোগ দিয়ে একসঙ্গে দুটি কাজ করতে পারে না। তাই রাস্তা পার হওয়া আর মোবাইল ফোনে কথা বলা—একসঙ্গে হতে পারে না। একটু সচেতন হোন। বাঁচান নিজের মূল্যবান প্রাণটি। 

রোকেয়া রহমান: সাংবাদিক