এনজিও বিল বাকস্বাধীনতার প্রতি নতুন হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্বেষমূলক ও অশালীন মন্তব্য এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডকে অপরাধ গণ্য করে সংসদ বিল পাস করেছে। কিন্তু বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিলের উদ্দেশ্য তা ছিল না। ১৯৭৮ ও ১৯৮২ সালে দুটি সামরিক শাসনামলে প্রণীত দুটি অধ্যাদেশের মধ্যে সমন্বয় এবং বিদেশি অনুদাননির্ভর এনজিও তদারকিবিষয়ক বিধানাবলি যুগোপযোগী করাই ছিল এর লক্ষ্য। সেদিক থেকে দীর্ঘদিন ফেলে রাখা একটি প্রয়োজনীয় ও শ্রমসাধ্য কাজ সম্পন্ন করেছে সংসদ। সংসদকে এ জন্য ধন্যবাদ জানাই। কিন্তু তারা যেসব অদরকারি ও সন্দেহজনক ধারা যুক্ত করেছে, তা বাতিলের দাবি জানাই।

সরকার ও সংসদকে মনে রাখতে হবে, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে সরকারগুলো প্রতিনিয়ত তাদের জাতীয় আইনে সংশোধনী বা হালনাগাদ করছে, কিন্তু সেখানে দুটি ধারা বা ক্লাব তৈরি হচ্ছে। একটি ক্লাবে জঙ্গিবাদ দমনে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা এবং একই সঙ্গে সেটা করতে গিয়ে বাকস্বাধীনতার যাতে সংকোচন না ঘটে, সেই বিষয়ে দেশগুলো সতর্ক আছে। এই ক্লাবের মর্যাদা সবচেয়ে বেশি। আর অন্য ক্লাবে আছে, জঙ্গিবাদ দমন করতে গিয়ে একই সঙ্গে ভিন্নমত দমনে উৎসাহী দেশগুলো। এর আগে আমরা দেশে ‘রাষ্ট্রদ্রোহী’ মামলার হিড়িক দেখেছি। এবার এই বিলে আবার নতুন করে জঙ্গিবাদে সহায়তা ও অর্থায়নের পাশাপাশি ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডকেও’ অপরাধ হিসেবে ঘোষণা করা হলো। কিন্তু রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড কী, তার ব্যাখ্যা নেই। এখন ভয় হলো এর অপব্যবহারের।

গত জুলাইয়ে সংসদীয় স্থায়ী কমিটি এই আইনের বিষয়ে প্রতিবেদন সংসদে পেশ করেছে। শুনলাম, তেমন সংশোধনী ছাড়াই এই বিলটাই পাস হয়েছে। পত্রিকান্তরের বিবরণ পড়ে মনে হয়েছে, কেন এই আইনে বিদ্বেষ ও অশালীন কথা যুক্ত হলো? দুটি বিষয়ই প্রচলিত আইনে আগে থেকেই অপরাধ হিসেবে গণ্য ছিল। সংসদ মোটেই দেশে কোনো নতুন অপরাধ সংজ্ঞায়িত করেনি। সংসদেরই এখতিয়ার আছে এটি করার। যেমন প্রকাশ্যে ধূমপান এখন একটি অপরাধ। আগে তা অপরাধ ছিল না। সংসদ ধূমপানকে শাস্তিযোগ্য করেছে। এখন যেটা দাঁড়াল, সেটা হলো একই অপরাধে দুই রকম শাস্তি তৈরি হলো। দণ্ডবিধিতে এক রকম আর এনজিও আইনে অন্য রকম।

দণ্ডবিধিতে কেউ দোষী সাব্যস্ত হলে শাস্তি দিতেন বিচার বিভাগ। এখন এর শাস্তি দেবে সরকারি কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব চাইলে প্রচলিত আইনে প্রতিকার চাইবেন অথবা নিবন্ধন বাতিল করবেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলও করতে হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এই বিধানটির সঙ্গে কেন যেন মনে হচ্ছে, এর সঙ্গে বিচারের আগেই বিচার করার সংস্কৃতির যোগসূত্র রয়েছে কি না। প্রচলিত আইনে বিদ্বেষমূলক ও অশালীন মন্তব্যের কোনো সংজ্ঞা নেই। বিশ্বের কোনো দেশেই নেই। প্রতিটি ঘটনা পৃথকভাবে মূল্যায়িত হবে। তবে সেই মূল্যায়ন করবেন স্বাধীন বিচার বিভাগ। এখন যেন মনে হচ্ছে, এনজিও খাতের কার্যক্রমে কোনো ‘অপরাধ’ ঘটলে সেটা আর বিচার বিভাগ দ্বারা হবে না। এটা করবে নির্বাহী বিভাগ। সরকার এখন আর ক্রমাগতভাবে প্রত্যক্ষ ক্ষমতার অধিকারী হতে চাইছে।
শুনেছি, আইন কমিশনের চেয়ারম্যান, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এই আইনের খসড়াসংক্রান্ত দুটি বৈঠকে যোগ দিয়েছিলেন। যখন খসড়া দেখা গেল যে এমন বিধান রাখা হয়েছে, যাতে বলা হয়েছে, পরে আইনের কিছু বিষয়ে পরিবর্তন আনতে হলে সরকারকে তা আর সংসদে পাঠাতে হবে না। নিজেরাই প্রশাসনিক আদেশ দিয়ে করতে পারবে। প্রস্তাবিত সেই বিধানের বিরোধিতা করেছিলেন সাবেক প্রধান বিচারপতি। এমনকি তিনি নাকি বলেছিলেন, তাহলে এমন আইনের কোনো দরকারই নেই!

মূল প্রসঙ্গে ফিরি। কোনো এনজিও বা সেখানে কর্তব্যরত কোনো ‘ব্যক্তি’ (বৈদেশিক অনুদান গ্রহণের নিমিত্ত এনজিও-বিষয়ক ব্যুরো কর্তৃক অনুমতিপ্রাপ্ত ব্যক্তি) যদি সভা-সমিতিতে ‘সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান’ সম্পর্কে বিদ্বেষমূলক বা ‘অশালীন’ মন্তব্য করেন, তাহলে কি গোটা এনজিওর নিবন্ধন বাতিল হবে? এনজিও এবং ব্যক্তির সংজ্ঞা বিলে আছে। কিন্তু কোনটি, কখন এনজিওর এবং কোনটি, কখন, কীভাবে ব্যক্তির অপরাধ বলে গণ্য হবে, তা বিলে স্পষ্ট নয়। তাহলে আমরা কি এখন থেকে আশঙ্কা করব, এক বা দুজন ব্যক্তির ভুলের কারণে গোটা এনজিও খেসারত দেবে? আমরা বিশ্বাস করি, সেটা সংসদ বা সরকার কারও অভিপ্রায় হতে পারে না। শাস্তি পাবেন অপরাধী। তার দায় কেন সমষ্টি ভোগ করবে?
আমরা স্মরণ করতে পারি যে এ-সংক্রান্ত বিলটি সংসদে তোলার পরে বিভিন্ন সময়ে সরকার, সংসদ ও এনজিওগুলো বেশ খোলামেলা ও বিস্তারিত আলোচনা করেছে। এডাব, ব্র্যাক, ব্লাস্ট, বেলা, টিআইবি, আইন ও সালিশ কেন্দ্র, অক্সফাম—এ রকম দেশের শীর্ষস্থানীয় অংশীজনদের সঙ্গে আলোচনা করেই এ আইনের খসড়া প্রস্তুত করা হয়েছিল। ওই সব আলোচনায় অংশগ্রহণকারী অনেকে বিস্মিত হচ্ছেন এই ভেবে যে তাঁদের সঙ্গে আলোচনায় কখনো বাকস্বাধীনতা সংকোচনের বিষয়ে আলোচনা হয়নি।
এ বিষয়ে জাতীয় সংসদের আইন মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটিতে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ও টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের একত্রে অংশগ্রহণেও এই বিলের বিভিন্ন দিক নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আর সেটা কিন্তু সংসদ সম্পর্কে ইফতেখারুজ্জামানের আলোচিত মন্তব্যের পরেই হয়েছে। গত বুধবার সংসদে ওই বিলটি পাসের খবর মিডিয়ায় যেভাবে এসেছে, তাতে মনে হচ্ছে, সংসদ টিআইর বাংলাদেশ চ্যাপ্টার-প্রধানের একটি মন্তব্যকে ভুলতে পারেনি, তারা শুধু মনেই রাখেনি, তারা যেন সেটা স্মরণীয় রাখতেই একটি বিশেষ বিধান যুক্ত করেছে। আমি ব্যক্তিগতভাবে খুশি হব, সংসদ থেকে কেউ যদি বলেন যে টিআইবির প্রধানের একটি মন্তব্যকে শাস্তিযোগ্য করতেই ওই বিধান আনা হয়নি। এটা বলা দরকার। কারণ, এভাবে জনমনে কোনো ধারণা তৈরি হতে দেওয়া মহান সংসদের মর্যাদার সঙ্গে যায় না।

আবার অতটা সংকীর্ণ করে না ভেবে কেউ যদি একে সুদূরপ্রসারী কোনো চিন্তার ফল বলে দাবি করে বসেন, সেটা আমি অন্তত তর্কের খাতিরে নাকচ করব না। বিরোধী দল নেই। বিদেশি এনজিও যাতে তাদের ভূমিকা আবার পালন করতে না বসে। কারণ, নানা আন্তর্জাতিক চুক্তি ও প্রটোকল, যাতে বিদেশি এনজিওগুলোকে উন্নয়ন অংশীদার হিসেবে মানতেও হচ্ছে। কিন্তু তাদের তরফে কোনো সমালোচনা প্রত্যাশিত নয়। তারা শুধু উন্নয়ন দেবে, পরামর্শ বা নিন্দা-মন্দ নয়।

কথা হলো, বাংলাদেশের সংবিধান সুরক্ষার জন্য বিদেশি অনুদানপ্রাপ্ত এনজিও আইনে শাস্তির বিধান ভালো দেখায় না। সাংবিধানিক প্রতিষ্ঠান কী, তার একটা সংজ্ঞা দরকার। বিলে সেটা চোখে পড়ল না। সুপ্রিম কোর্ট সবচেয়ে বড় মর্যাদাসম্পন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান। তার নিজের মর্যাদা রক্ষায় সংবিধানের ১০৮ অনুচ্ছেদ আছে। এখন যদি দাবি করা হয় কিংবা প্রতীয়মান হয় যে সুপ্রিম কোর্টের মর্যাদা প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়ন্ত্রিত এনজিও ব্যুরোর মহাপরিচালক দেখবেন, তাহলে সেটা সমীচীন হবে না। সেটা সুপ্রিম কোর্টের জন্য মর্যাদাপূর্ণ ঠেকবে না। বিষয়টি রীতিমতো ক্ষমতার পৃথক্‌করণ নীতির পরিপন্থী।

নির্বাচন কমিশনও একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বিদেশি অনুদানপ্রাপ্ত বিবিধ এনজিও নির্বাচনব্যবস্থার উন্নয়নে কাজ করছে। এখন কোনো এনজিও যদি ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো কোনো নির্বাচনের কঠোর সমালোচনা করে, তাহলে কিন্তু ওই বিধান প্রয়োগ করার কথা উঠতে পারে। কারণ, সুষ্ঠু নির্বাচন দিতে অপারগ থাকলেও নির্বাচন কমিশন সম্পর্কে ‘শালীন’ মন্তব্যই করতে হবে, সেটা নিশ্চিত করাই কি আইনসভার অন্যতম লক্ষ্য? আবার কমবেশি বিদেশি অনুদান নিয়ে থাকে, এমন অনেক এনজিও আছে, যারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের মতো নানা গুরুত্বপূর্ণ মানবাধিকার ইস্যুতে সোচ্চার থাকছে। তারাও কি ভয় পাবে না? বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ গোটা মন্ত্রিসভাই কিন্তু ‘সাংবিধানিক প্রতিষ্ঠান’। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা কোনো আইন নয়, সরাসরি সংবিধানের সৃষ্টি।
কিছুটা দুঃখজনক হলেও আমরা এতকাল এটাই দেখেছি যে বিদেশি অনুদানে চলা এনজিওগুলো সরকারের প্রতি যতটা কঠোর ও কার্যকরভাবে কথা বলতে পারে, দেশীয় সাহায্যনির্ভর এনজিওগুলো তা পারে না। কারণ, তারা রাজনৈতিকভাবে বিভক্ত এবং সেগুলো সাধারণত অনুদানের অভাবে ধুঁকছে। আমাদের পরিচিত শক্তিশালী ও প্রভাবশালী এনজিওগুলো এখন থেকে কি তারা মনে রাখবে না যে সরকার বিব্রত হতে পারে, এমন কিছু তারা প্রকাশ করবে না। তার মানে দাঁড়াল এই যে বিদেশি এনজিও, যারা এত দিন দেশে কিছুটা স্বাধীনভাবে কাজ করছিল, তাদের ওপর একটা পর্দা পড়ল।

আর এই বিধানটি শুধু এনজিও নয়, গণমাধ্যমসহ সবার জন্যই প্রযোজ্য হবে বলে ধরে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। এখন এটা এনজিও আইনে ঢুকল, এরপর এটা মিডিয়া নীতিতে এলে আমরা অবাক হব না। এই বিল প্রকারান্তরে উন্নয়ন অংশীদারদের প্রতিও একটি বার্তা হিসেবে কাজ করবে। গত ২৫ জুলাই সংসদে প্রতিবেদন উত্থাপন করার সময় সুরঞ্জিত সেনগুপ্ত জানান, বিলটি কমিটিতে আলোচনার সময় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতদের সঙ্গে কমিটির আলোচনা হয়েছে। কিন্তু তাঁদের কারও সঙ্গে উল্লিখিত বাকস্বাধীনতা-সংক্রান্ত বিধান যুক্ত করা নিয়ে আলোচনা করা হয়েছিল এবং সেটা হয়ে থাকলে তাঁরা কী বলেছিলেন, সে বিষয়ে আমরা কোনো তথ্য পাই না।
কেউ যদি তাই আশঙ্কা করেন যে সরকার সুচিন্তিতভাবে এটা করেছে, টিআইবির নির্বাহী পরিচালকের মন্তব্যের কারণে নয়, তাহলে তা কি কাল্পনিক মনে হবে? বিল পাসের খবর প্রকাশ করতে গিয়ে মিডিয়া আপাতত তেমন একটা সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতেই দেখার চেষ্টা করেছে। শুনেছি, এই আইন নিয়ে গওহর রিজভীর কার্যালয়ে একটি বৈঠক হয়েছিল। আর সেখানে খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছিলেন, সমালোচনা কী ভাষায় করা হবে, সেটাও যদি সরকার ঠিক করে দিতে উদ্যত হয়, তাহলে সেটা রাষ্ট্রের গণতান্ত্রিক মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ে।