ফুটওভারব্রিজ, আন্ডারপাস, পথচারী পারাপার—এসব নিয়ে বেশ কয়েক দিন সরগরম অবস্থা গেল। এ সময়ে অনেক পথচারীকে জেল বা জরিমানা গুনতে হয়েছে। পরিস্থিতির তেমন উন্নতি হয়েছে তা বলা যাবে না। তবে এই অভিযান শুরু করার পর পথচারী পারাপারের জন্য জেব্রা ক্রসিং বলে যে একটি বিষয় আছে, তা সম্ভবত ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষের মাথায় ঢুকেছে।
শাহবাগ থেকে ফার্মগেট পর্যন্ত পথচারী চলাচল ও পারাপারে ‘শৃঙ্খলা’ আনতে ট্রাফিক পুলিশ ঘোষণা দিয়ে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত বসিয়েছে। পথ চলতে শৃঙ্খলার বিষয়টি নিশ্চয় জরুরি, কিন্তু অভিযান শুরুর আগে লোকজন আসলে কীভাবে ও কোন নিয়মে রাস্তা পার হবে বা চলাচল করবে, সে বিষয়ে ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষের মাথায়ও কোনো ধারণা ছিল বলে মনে হয়নি। তাদের সব উত্তেজনা ছিল এই অঞ্চলের কয়েকটি ফুটওভারব্রিজ ও একটি আন্ডারপাস। যেখানে এসব নেই (যেমন সোনারগাঁও হোটেলের মোড়), সেখানে কী হবে তা কোনো বিবেচনাতেই ছিল না। অভিযান শুরু ও কিছু পথচারীর জেল-জরিমানার পর বিষয়টি তাদের মাথায় এসেছে। এই অভিযানের প্রাপ্তি হচ্ছে সোনারগাঁও হোটেলের মোড়ের জেব্রা ক্রসিং। এখন অন্তত এখানে সভ্য দেশের মতো কিছু লোককে জেব্রা ক্রসিং ধরে পার হতে দেখা যায়।
যেসব জায়গায় ফুটওভারব্রিজ রয়েছে, সেখানেও নিচ দিয়ে, কাঁটাতার ডিঙিয়ে অনেক পথচারী পার হন। এসব আমাদের স্বভাবের দোষ। এসব দূর করার একটাই পথ, সচেতনতা সৃষ্টি ও যথাযথ প্রচারণা। উন্নত দুনিয়ায় বাচ্চারা যখন স্কুলে ভর্তি হয় তখন স্কুল কর্তৃপক্ষ শুরুতে বাচ্চাদের রাস্তায় চলাচলের কিছু সাধারণ নিয়মকানুন, কীভাবে রাস্তা পারাপার করতে হবে এসব শেখায়। আমাদের দেশে এসবের বালাই নেই, নাগরিকদের কাছ থেকে আমরা স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা আশা করি কীভাবে?
এখানে আইনের প্রয়োগ ও আইন মানতে বাধ্য করার পথ বেছে নেওয়াই দস্তুর, যেখানে ফুটওভারব্রিজ আছে বা আন্ডারপাস, সেখানে কেউ তা ব্যবহার না করলে শাস্তি ও জরিমানা গুনতে হবে—এটাই সবার মাথায় ঢুকিয়ে দিতে হবে। এ জন্য নিয়মিত এবং কোনো ঘোষণা ছাড়া আকস্মিক অভিযানের পথই ধরতে হবে, তবেই কেবল সবাই আইন মানার ব্যাপারে মনোযোগী হবে। এখন ট্রাফিক কর্তৃপক্ষ নাহয় আইন প্রয়োগের ক্ষেত্রে কঠোর হলো, কিন্তু আন্ডারপাস বা ফুটওভারব্রিজগুলো যে ব্যবহারের উপযোগী থাকবে, সে নিশ্চয়তা কে দেবে? উত্তর ও দক্ষিণে বিভক্ত ঢাকা সিটি করপোরেশন যদি তা না করে? অসংখ্য কর্তৃপক্ষের কর্তৃত্বে থাকা ঢাকা শহরে শৃঙ্খলা বজায় রাখার কাজটি সত্যিই কঠিন।
ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতিতে বিশৃঙ্খলা ও নৈরাজ্য এখন যেখানে গিয়ে ঠেকেছে, তাতে বিচ্ছিন্ন কোনো উদ্যোগ বা পরিকল্পনা কাজে দেবে না। হঠাৎ করে শুধু ফুটওভারব্রিজ বা আন্ডারপাস ব্যবহারে পথচারীদের বাধ্য করার উদ্যোগ নেওয়ার চেয়ে বরং পথচারী চলাচল ও পারাপারের দুনিয়াজুড়ে যে স্বীকৃত নিয়ম রয়েছে, সেটা বিবেচনা নিয়েই পরিকল্পনা করতে হবে। এবং তা পর্যায়ক্রমিকভাবে, কোনো একটি রাস্তা বা এলাকা ধরে শুরু করা যেতে পারে। কিন্তু বিষয়টিকে সামগ্রিকভাবেই দেখতে হবে।
এটা আমাদের মনে রাখতে হবে যে ফুটওভারব্রিজ বা আন্ডারপাস পথচারীদের চলাচল বা রাস্তা পারাপারের একমাত্র মাধ্যম হতে পারে না। একজন বৃদ্ধ নাগরিক ও শারীরিকভাবে অক্ষম লোক কীভাবে রাস্তা পার হবেন, সেটা কি কোনো বিবেচনার বিষয় নয়? ফুটওভারব্রিজ বা আন্ডারপাস তাঁদের কী কাজে আসবে? বিশ্বের বড় বড় ও আধুনিক শহরগুলোর পথচারী পারাপারের জন্য ফুটওভারব্রিজ নির্ভরশীল নয়। সাধারণত বড় কোনো জংশন বা রাস্তার এপার-ওপারের বড় ভবন বা বিপণিবিতানকে যুক্ত করতে কখনো কখনো ওভারব্রিজ ব্যবহার করা হয়। সেগুলোতে চলন্ত সিঁড়ি বা লিফট থাকে। আর যত্রতত্র ফুটওভারব্রিজ শহরের সৌন্দর্যকেও নষ্ট করে।
পথচারী পারাপারে দুনিয়াজোড়া স্বীকৃত পথ হচ্ছে জেব্রা ক্রসিং। রাস্তার মোড়গুলোতে এবং টানা দীর্ঘ রাস্তায় মাঝেমধ্যে পথচারী পারাপারের জন্য এ ক্রসিং থাকে। মোড়গুলোতে সিগন্যালে গাড়ি থামার জন্য একটি নির্দিষ্ট দাগ থাকে এবং এর সামনে থাকে জেব্রা ক্রসিং। সিগন্যালে যখন গাড়ি থামে তখন পথচারীরা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হন। এই নিয়মটি চালু ও তা কার্যকর করতে সমস্যা কোথায়?
ট্রাফিক পুলিশের কাছে একটি প্রস্তাব। ঢাকা শহরের একটি রাস্তা, যেমন বিমানবন্দর থেকে শুরু করে শাহবাগ মোড় পর্যন্ত একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া যেতে পারে। সড়ক চলাচল বিশেষজ্ঞদের নিয়ে ট্রাফিক কর্তৃপক্ষ একটি সমীক্ষা করে পথচারী পারাপারের জন্য দরকারি জায়গাগুলো চিহ্নিত ও কোথায় কোথায় জেব্রা ক্রসিং করতে হবে, তা ঠিক করতে পারে। সেখানে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি ও ট্রাফিক পুলিশ—দুটোর উপস্থিতিই নিশ্চিত করতে হবে। জেব্রা ক্রসিংয়ের আগে গাড়ি থামার যে নির্ধারিত দাগটি থাকবে, সিগন্যাল পড়লে যানবাহনকে এর আগেই থামতে হবে, কোনোভাবেই দাগ অতিক্রম বা জেব্রা ক্রসিংয়ের ওপর গাড়ি থামতে পারবে না। কোনো যানবাহন সে নিয়ম ভাঙলে সঙ্গে সঙ্গে শাস্তি বা জরিমানা করতে হবে। গণমাধ্যমের সাহায্য নিয়ে মাস ছয়েক প্রচার-প্রচারণা চালিয়ে তারপর এটা কার্যকর করা যেতে পারে।
শুধু জেব্রা ক্রসিং নয়, আধুনিক ট্রাফিক ব্যবস্থা ও আইনের সব দিক যেন এ রাস্তায় কার্যকর ও মেনে চলা হয়, তা নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে। যেমন, এ পথটির দুই পাশের ফুটপাতও এ সময়ের মধ্যে পুরোপুরি হকারমুক্ত করতে হবে এবং পথচারীদের চলাচলের উপযোগী করতে হবে। বাস কোথায় থামবে, তা নির্ধারিত করে এর বাইরে কোথাও বাস থামতে দেওয়া যাবে না। সব বাসের দরজা বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে এবং একমাত্র বাস স্টপেজেই দরজা খোলা যাবে। এতে যেখানে সেখানে যাত্রী নামানো সম্ভব হবে না। মাস ছয়েক প্রচার-প্রচারণা চালানোর পর পথচারীদের হাঁটা ও পারাপারের জন্য জায়গা নির্ধারিত করে দেওয়া গেলে, বাস থামার জন্য জায়গা নির্দিষ্ট এবং এর বাইরে থামলে শাস্তির বিষয়ে সতর্ক করার পরও যদি কেউ আইন ভাঙেন, তখন শাস্তি দেওয়াটা যথাযথ হবে। আর আগাম প্রচারণার কারণে কিছুটা হলেও জনসচেতনতা তৈরি হবে এবং আইন মানার পরিস্থিতি তৈরি হবে। ট্রাফিক পুলিশ বিভাগের বাড়তি মনোযোগ ও নজরদারিতে যদি এই একটি রাস্তায় শৃঙ্খলা আনা যায়, তবে পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অন্য রাস্তাগুলোতেও তা কার্যকর করার উদ্যোগ নেওয়া যাবে।
এখন সোনারগাঁও হোটেলের মোড়ে জেব্রা ক্রসিং দেওয়া হয়েছে। সিগন্যালের সময় এর আগেই ট্রাফিক পুলিশ গাড়ি থামানোর চেষ্টা করে যাচ্ছে। গাড়ি থামলে পথচারীদের অনেকে জেব্রা ক্রসিং ধরে রাস্তা পার হচ্ছেন। কিন্তু এই সামান্য শৃঙ্খলাটুকুও ভেস্তে যেতে বসেছে মোটরসাইকেলের চালকদের জন্য। তাঁরা জেব্রা ক্রসিংয়ের ওপর বা তা ছাড়িয়ে আগে গিয়ে দাঁড়াচ্ছেন। ট্রাফিক পুলিশের সামনেই তা ঘটে, কিন্তু মোটরসাইকেলের ব্যাপারে তাঁদের কোনো রা নেই! ভাবটি এমন যে মোটরসাইকেলের জন্য যেন কোনো আইন নেই। তাঁরা যা খুশি তা করতে পারবেন, সবই মাফ। উল্টাপাল্টা চলাচল ও রাস্তা পারাপারের জন্য পথচারীদের জেল-জরিমানা হলো। ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আনতে পরিকল্পিত কিছু করার উদ্যোগ চলতে থাকুক, কিন্তু এর ফাঁকে এখন মোটরসাইকেলের চালকদের বিরুদ্ধে একই ধরনের অভিযান একেবারে ফরজ হয়ে গেছে। রাস্তায় এখন এঁরাই সবচেয়ে বেপরোয়া।
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।
[email protected]