এবারের ঈদের নাগরিক অভিজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্জ্য অপসারণের কাজটি যে কত কঠিন, তা কাছে থেকে না দেখলে কেউ বুঝবে না
বর্জ্য অপসারণের কাজটি যে কত কঠিন, তা কাছে থেকে না দেখলে কেউ বুঝবে না

কোনো ধর্মীয় উৎসবের একটি হলো আধ্যাত্মিক দিক, আরেকটি হলো সামাজিক দিক। আধ্যাত্মিক দিক ব্যক্তিগত উপলব্ধির বিষয়। সামাজিক দিক হলো উপভোগের—অনেকের সঙ্গে আনন্দের অংশীদার হওয়া। এই আধ্যাত্মিক ও সামাজিক দিকের বাইরে আধুনিক কালে ধর্মীয় উৎসবের অর্থনৈতিক দিকটি অতি গুরুত্বপূর্ণ।

ঈদুল আজহা বা কোরবানির ঈদ মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। কোরবানি নিয়ে সম্ভবত বিশ্বের শ্রেষ্ঠ কবিতাটি লিখে গেছেন কাজী নজরুল ইসলাম। এই উপলক্ষের তাৎপর্য অশেষ। দুনিয়ায় আসার পর থেকে ৭০টির বেশি কোরবানির ঈদ উদ্‌যাপনের অভিজ্ঞতা আমার রয়েছে, তার মধ্যে এবারের ঈদটির অভিজ্ঞতা অন্য রকম। আমার অভিজ্ঞতা বর্ণনা করতে গেলে শ খানেক পৃষ্ঠার প্রয়োজন। অতি সংক্ষেপে নিবেদন করতে হলে রচনার প্রকরণ ও শৈলীতে পরিবর্তন আনতে হবে।

এক. গরু গবেষণা

ঈদ মানে খুশি-আনন্দ। বাঙালির খাদ্য ও পোশাকেই আনন্দ। ঈদে প্রাথমিক তৎপরতা কাপড়ের দোকানে। হাতের দস্তানা ও গলার মাফলার ছাড়া নারী-পুরুষের শরীরের দৃশ্যমান ও অদৃশ্য বিভিন্ন অংশে যত বস্ত্রের প্রয়োজন, সবই ঈদের বাজারে বেচাকেনা হয়। তৈরি পোশাকের রপ্তানিকারক দেশ। কিন্তু বাহারি সব বস্ত্রের কোনোটা আসে ভারত থেকে, কোনোটা পাকিস্তান, কোনোটা থাইল্যান্ড। অথচ রাষ্ট্রের চার মূলনীতির একটি জাতীয়তাবাদ!

ঈদুল আজহায় পোশাকের বাজারের চেয়ে মুখ্য হলো গরু-ছাগলের হাট। গরু-খাসির তিন অবস্থা। এক অবস্থা কোরবানির হাটে জীবিত অবস্থায়। দ্বিতীয় অবস্থা রাস্তার মধ্যে যখন তার গলায় ছুরি চালানো হয় এবং প্রাণহীন শরীর থেকে চামড়া ছেলা হয়। তৃতীয় অবস্থা বিচ্ছিন্ন চামড়া যখন আড়তে যায়।

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের হিসাবে, গতবারের চেয়ে এবার ১০ লাখ পশু বেশি কোরবানি হয়েছে। তা হবেই; বাংলাদেশ ক্রমাগত ধনী হচ্ছে। এবার দেশে কোরবানির পশু বিক্রি হয়েছে ১ কোটি ১৫ লাখ ৫৭ হাজার। সরকারি দপ্তর থেকেই বলা হয়েছিল, এবার কোরবানির গরু আমদানির প্রয়োজন হবে না, দেশেই পর্যাপ্ত গরু রয়েছে। খামারিরা তাতে খুশি হন। গরু নিয়ে তাঁরা ঢাকায় আসার সময় বাড়িতে বলে এসেছিলেন, বউয়ের জন্য টাঙ্গাইলের শাড়ি, মেয়ের জন্য থ্রি-পিস এবং যে ছেলেটি এখনো ছাত্রসংগঠনের ক্যাডারের খাতায় নাম লেখায়নি, তার জন্য একটা পাঞ্জাবি ও টি-শার্ট আনবেন। ঈদের দুই দিন আগে কয়েকটি কোরবানির হাটে গিয়ে দেখেছি, তাঁদের কেউ বসে বসে কাঁদছেন। হঠাৎ গরুর দাম অস্বাভাবিক নেমে গেছে।

দাম পড়ে যাওয়ার কারণ কী? ঈদের তিন দিন আগে অদৃশ্য নির্দেশে ভারত ও মিয়ানমার থেকে গরু আসা শুরু হয়। গরুগুলো বৈধ না অবৈধভাবে এসেছে, তা ব্যবসায়ী ও বিধাতা ছাড়া কেউ জানেন না। ব্যবসায়ীরা বলেছেন, ১৫ থেকে ২০ লাখ গরু এসেছে সীমান্ত পেরিয়ে। সেগুলো আকারে বড়, মাংসের স্বাদ কম, সে জন্য দামও কম। মূল্য পরিশোধ হয় টাকায় অথবা স্বর্ণে। গবাদিপশু পালনের সঙ্গে দেশের এক কোটি মানুষ যুক্ত। বহু শিক্ষিত তরুণ এই ব্যবসায় নেমেছেন। জনবহুল দেশে এই খাতে অপার সম্ভাবনা। আমাদের প্রাণিসম্পদ মন্ত্রণালয় আছে, পশুপালক রক্ষা মন্ত্রণালয় নেই।

এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে ৬০২টি স্থান নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল পশু জবাইয়ের জন্য। বিনা মাশুলে কসাইও দেওয়া হয়। কিন্তু লাখ টাকা দিয়ে কেনা ষাঁড়টি যদি লোকে না-ই দেখল, তাহলে কোরবানিই বৃথা। তাই নির্দিষ্ট স্থানে না দিয়ে অথবা বাড়ির ভেতরে না করে, কোরবানি করে  রাস্তা রক্তে প্লাবিত করেছেন নগরীর সম্মানিত নাগরিকেরা। কোরবানির বর্জ্য ড্রেনের মধ্যে ফেলাও ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে।

দুই. চামড়া চক্রান্ত

বাংলাদেশে রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাত চামড়া। হঠাৎ এবার কাঁচা চামড়ার দাম কমিয়ে দেওয়া হয়। আবার মানুষের মাথায় হাত। যাঁদের বুদ্ধিতে যে কারণেই চামড়ার দাম কমানো হোক, সিদ্ধান্তটি ছিল অবিবেচনাপ্রসূত। বাংলাদেশ থেকে কাঁচা চামড়া রপ্তানি নিষিদ্ধ, কিন্তু পাচার, চোরাচালান নিষিদ্ধ নয়। ট্যানারি শিল্পের ব্যাপারে শিল্প মন্ত্রণালয়ের ভূমিকা সমালোচিত। হাজারীবাগ থেকে সাভারে সরিয়ে নেওয়া ট্যানারিগুলোর অধিকাংশই চালু হয়নি। সেখানে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) অকার্যকর। ট্যানারির মালিকেরা সময়মতো নাকি ব্যাংকঋণ পাননি। গতবারের কোরবানির চামড়াও এক-তৃতীয়াংশ অবিক্রীত পড়ে আছে। অনেক কিছুই ধ্বংস হচ্ছে, চামড়াশিল্পটাও বুঝি যায়। শেয়ারবাজার কেলেঙ্কারির মতো এবার হলো চামড়া কেলেঙ্কারি।

তিন. শসা সমাচার

বাঙালি ব্যবসা বোঝে না, এ কথা যারা বলে, তারা ভুল। কোরবানির ঈদ উপলক্ষে যেসব জিনিস বেশি বিক্রি হয় তার মধ্যে এলাচি, গোলমরিচ, লবঙ্গ প্রভৃতি গরমমসলা; শসা, টমেটো, টুথপিক, কচি ডাব প্রভৃতি। বঙ্গীয় সমাজে কেউ মুনাফা লুটে লাল হয়, কেউ হয় ফতুর। ঈদের এক সপ্তাহ আগে গরমমসলার দাম ধাঁ করে বেড়ে গেল। নগরীতে ডাব এল বিভিন্ন এলাকা থেকে। কিছু ডাব এমনই কচি, এক ছটাকের বেশি তাতে পানি নেই। দুই-আড়াই মাস পরে পাড়লে ওতে দুই-আড়াই গ্লাস পানি হতো। মানুষ অত বোকা নয়। বহুজাতিক কোম্পানির কোমল পানীয় থাকতে ডাবের ঝুড়ির কাছে কেউ যাবে না। ডাবগাছের মালিক লাভবান হলেও ডাবের ঝুড়িওয়ালার মাথায় হাত।

যে শসার দাম ছিল ৪০ টাকা কেজি, ঈদের দুদিন আগে তার দাম হাঁকা হয় ১৪০ থেকে ১৮০ টাকা। বিক্রিও বেশ হলো, তবে নিম্নমধ্যবিত্ত কিনতে পারল না। ভুনা মাটন-বিফের সঙ্গে সালাদটা হলে হজমের জন্য ভালো। সবার ভাগ্যে তা জুটল না। তাতে ক্ষতি নেই। কিন্তু ঈদের তিন দিন পর পাইকারি বাজারে পচতে দেখা গেল শত শত মণ শসা। কারওয়ান বাজারে রাস্তার মধ্যে দেখি, এক ছোকরা ডাকাডাকি করছে—‘দশ টাকা দশ টাকা—’। শসা বেশি দামে না বেচতে পেরে পচিয়ে ফেলা বিক্রেতার মৌলিক অধিকার। কিন্তু পচা শসার স্তূপ রাস্তার মধ্যে ফেলে রাখা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে কি না, তা মানবাধিকার কমিশন বলতে পারবে।

চার. বর্জ্য ব্যবস্থাপনা বৃত্তান্ত

ঈদের সপ্তাহখানেক আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন তাঁর এলাকার মসজিদগুলোর ইমামদের নিয়ে সভা করেন। তাতে স্থপতি মোবাশ্বের হোসেন এবং আমাকেও আমন্ত্রণ জানান। নগর কোরবানির বর্জ্যমুক্ত রাখার বিষয়ে আলোচনা হয়। ৪৮ ঘণ্টার মধ্যে নগর বর্জ্যমুক্ত করার অঙ্গীকার করা হয়। সিটি করপোরেশন থেকে আবর্জনা রাখার ব্যাগ ও ব্লিচিং পাউডারও সরবরাহ করা হয়। অনেকে ব্যাগ ও ব্লিচিং পাউডার পাননি। সে দায় কমিশনারদের কারও কারও।

মেয়রের অনুরোধে আমি ঈদের দিন দুপুর থেকে তৃতীয় দিন দুপুর পর্যন্ত কোরবানির বর্জ্য অপসারণ কাজে মনিটরিং টিমের সঙ্গে ছিলাম। নিজের চোখে দেখেছি, মেয়রসহ করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ১১ হাজার পরিচ্ছন্নতাকর্মী কীভাবে বর্জ্য অপসারণের কাজ করেছেন। কাজটি যে কত কঠিন, তা কাছে থেকে না দেখলে কেউ বুঝবে না। দ্বিতীয় ও তৃতীয় দিনেও পুরান ঢাকায় প্রচুর পশু কোরবানি হয়। সব বর্জ্যই সন্ধ্যার আগেই পরিষ্কার করা হয়। সেটি ছিল এক অসাধারণ অভিযান। কিন্তু ঈদের পর প্রথম যেদিন পত্রিকা বেরোল, সিটি করপোরেশনের এই কাজ সম্পর্কে কোনো উল্লেখযোগ্য প্রতিবেদন দেখলাম না।

সবাই জানে, সরকারি অফিসে দুর্নীতি আছে, কর্মকর্তা-কর্মচারীদের কর্তব্যে অবহেলা আছে, সেসবের সমালোচনা করতে হবে। তার সঙ্গে যখন যেখানে কোনো ভালো কাজ হয়, তারও প্রশংসা প্রাপ্য। ভালো কাজ প্রশংসিত না হলে এবং তার স্বীকৃতি দিতে কার্পণ্য করলে কেউ ভালো কাজে উৎসাহ পাবে না। সেটা সমাজের জন্য খুব বড় ক্ষতি। নাগরিকেরা যা খুশি তা-ই করবে, আর সিটি করপোরেশন আবর্জনা সাফ করবে, সেটা সভ্যজগতের নিয়ম নয়। নগরবাসীকে নাগরিকের দায়িত্ব পালন করতে হবে।

সৈয়দ আবুল মকসুদ লেখক ও গবেষক