এবিএম মূসা: তাঁর অনন্যতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবিএম মূসা
এবিএম মূসা

বাংলাদেশের সাংবাদিকতা জগৎকে নিঃস্ব করে দিয়ে ২০১৪ সালের এই দিনে এবিএম মূসা আমাদের ছেড়ে চলে যান। চলে যান জীবন আর মরণের সীমানা ছাড়িয়ে। তিনি ছিলেন কিংবদন্তি, সাংবাদিকতা ভুবনের উজ্জ্বল বাতিঘর এবং যিনি নিজেকে সফলভাবে ব্যক্তি থেকে প্রতিষ্ঠানে রূপান্তর ঘটাতে সক্ষম হয়েছিলেন। ৮৩ বছরের দীর্ঘ জীবনে ৬০ বছরেরও বেশি সময় সক্রিয় সাংবাদিকতায় ছিলেন এক নিবেদিতপ্রাণ।
এবিএম মূসার জন্ম ১৯৩১ সালের ২৮ ফেব্রুয়ারি, ফেনীর ফুলগাজী উপজেলার ধর্মপুর গ্রামে। ১৯৫০ সালে মাত্র ১৯ বছর বয়সে কর্মজীবন শুরু করেছিলেন দৈনিক ইনসাফে শিক্ষানবিশ প্রতিবেদক হিসেবে; সেখান থেকে পাকিস্তান অবজারভারে, ১৯৫২ সালে অবজারভার বন্ধ হয়ে গেলে যোগ দেন সংবাদে, তারপর আবার অবজারভার চালু হলে ১৯৫৪ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি এই পত্রিকার বার্তা সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। অবজারভার হয় তাঁর মূল ঠিকানা। অধ্যাপক আনিসুজ্জামান মন্তব্য করেছেন, ‘এবিএম মূসা অবজারভারে জীবনের বেশি সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, শ্রম দিয়েছেন; সাফল্যের বরমাল্যও পেয়েছেন সেখানে। আজও অনেকে তাঁকে মনে রেখেছেন অবজারভারের বার্তা সম্পাদক হিসেবে, যে ভূমিকায় তিনি সামরিক শাসনের দুই পর্ব পার করেছেন। কত ঝুঁকি নিয়েছেন! নিয়মভঙ্গ না করে, তারই ফাঁকফোকর দিয়ে সরকারের অভিপ্রায়ের উল্টো কাজটি করেছেন। ভয় পাননি। তিনি জানতেন, সাংবাদিকদের অধিকাংশ তাঁর সঙ্গে আছেন, জনগণ আছে তাঁর পাশে।’ (এবিএম মূসা স্মারকগ্রন্থ, ২০১৬)
অনেকে তাঁর নামের এবিএমকে ভেঙে বলতেন ‘অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল’। সত্যিই তিনি ছিলেন দুর্দান্ত ও দুর্ধর্ষ ক্ষেপণাস্ত্রের মতো—তাঁর কথায় ও লেখনীতে। স্পষ্ট ভাষণে ছিলেন দ্বিধাহীন, নির্ভীক। কোনো অন্যায়, অপশাসনের বিরুদ্ধে সত্য বলতে ও লিখতে ভয় পাননি তিনি। সাহসী অবদান রেখেছেন মহান স্বাধীনতাসংগ্রামে, অবদান রেখেছেন যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনেও। জাতির বিভিন্ন দুর্যোগ ও দুঃসময়ে হাল ধরেছিলেন তিনি। সাংবাদিক সমাজের অধিকার আদায়ের সংগ্রামে লড়েছেন সামনে থেকে। এক মূসা ভাই-ই সারা জীবন পেশার মর্যাদা ও প্রাতিষ্ঠানিকীকরণে যে বিপুল ভূমিকা রেখেছেন, বাংলাদেশের সাংবাদিকতার চর্চাকে তা এক মহান উচ্চতায় নিয়ে গেছে।
এবিএম মূসার জীবন ছিল বহুমাত্রিক ও বিশাল অভিজ্ঞতায় ঋদ্ধ। দেশ স্বাধীনের পর তিনি বাংলাদেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হন। একসময় মর্নিং নিউজ পত্রিকার সম্পাদক ছিলেন। ১৯৮১ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক ছিলেন। পরে ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে দৈনিক যুগান্তরের সম্পাদক হিসেবেও কাজ করেছেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী মূসা ভাই কখনো জাতিসংঘে কাজ করেছেন, কখনো-বা জনপ্রতিনিধি হয়ে দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। দেশমাতৃকার প্রতি ভালোবাসার টানেই একাত্তরে তিনি বিবিসি ও লন্ডন টাইমস-এ কলমযোদ্ধা হয়েছিলেন। বাংলাদেশের সাংবাদিকদের নিজস্ব প্রতিষ্ঠান জাতীয় প্রেসক্লাবকে তিনি বলতেন নিজের ‘দ্বিতীয় বাড়ি’।
দলীয় মতাদর্শ ও দলতন্ত্রের যে অনুসারীরা দেশ পরিচালনা করেন, দম্ভ তাঁদের অন্ধ করে দেয়। মূসা ভাই সেই দম্ভ ও অন্ধ দৃষ্টি অপনোদনে ভূমিকা রেখেছেন তাঁর ক্ষুরধার লেখনীর মাধ্যমে। আমাদের এই অনগ্রসর, দুর্নীতিপরায়ণ সমাজে পদে পদে লাঞ্ছনা-গঞ্জনার ঘটনা ঘটে থাকে। এ ধরনের কালিমা লেপনের শিকার হতে হয়েছে তাঁকেও। তবু তিনি পিছু হটেননি নিজ কর্তব্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে। দল-মত-বয়সনির্বিশেষে সবাইকে আপন করে নেওয়ার যে চারিত্রিক বৈশিষ্ট্য তাঁর ছিল, উত্তর প্রজন্মের কাছে তা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
মূসা ভাই এক বিরলপ্রজ মানুষ। তাঁর জীবনের এক অজানা গল্প বললে পাঠক তা বুঝতে পারবেন। শিষ্য/ছাত্ররা তাঁদের গুরু/শিক্ষকের নামে স্মারক কোনো কিছু করে—এটাই সাধারণ রীতি। কিন্তু বাংলাদেশের ইতিহাসে সম্ভবত বিরল কিংবা একমাত্রও হতে পারে যে এইবার গুরু তাঁর শিষ্যের নামে এমন কিছু করেছেন। এবিএম মূসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ২০ লাখ টাকা দিয়ে বাংলাদেশের সাংবাদিকতার আরেক দিকপাল আতাউস সামাদের নামে আতাউস সামাদ স্মারক ট্রাস্ট ফান্ড গঠন করে গেছেন। ফান্ডের এই অর্থ থেকে প্রতিবছর সাংবাদিকতায় অসামান্য অবদান রাখার জন্য আজীবন সম্মাননা প্রদান, স্মারক বক্তৃতা ও ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়।
তো, আতাউস সামাদ কী হয় মূসা ভাইয়ের যে তাঁর নামে তিনি ২০ লাখ টাকা দিয়ে দিলেন? না, আতাউস সামাদ মূসা ভাইয়ের পরিবারের কোনো সদস্য নন, দূরবর্তী কোনো আত্মীয় নন; তিনি মূসা ভাইয়ের কাছে কাজ শিখেছেন। আতাউস সামাদের সাংবাদিকতার শিক্ষাগুরু এবিএম মূসা এবং তিনি ছিলেন তাঁর অত্যন্ত প্রিয় ও অনুজপ্রতিম। তাঁদের সম্পর্ক গুরু-শিষ্যের। এক কৃতী ছাত্রের মৃত্যু শিক্ষককে এতটা নাড়া দেয় যে তাঁর স্মৃতি রক্ষার্থে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ২০ লাখ টাকার অনুদান দেন। মূসা ভাই এখানেই ব্যতিক্রম। বাংলাদেশে সবাই যখন নিজের নামে না হলে নিজের মা-বাবার নামে স্কুল-কলেজ প্রতিষ্ঠা করে যান, মূসা ভাই সেখানে ছাত্রের নামে ট্রাস্ট ফান্ড করে গেছেন। তবে বিস্ময়ের শেষ এখানেই নয়। এর বাইরে মূসা ভাই আরও ২০ লাখ টাকা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অবজারভারের সাবেক এডিটর ‘সম্পাদক আবদুস সালাম স্মারক ট্রাস্ট ফান্ড’ নামে আরেকটি ফান্ডও গঠন করে গেছেন।
সম্পাদক আবদুস সালাম সম্পর্কে মূসা ভাইয়ের শ্বশুর ছিলেন। মূসা ভাইয়ের এ দুটি ট্রাস্ট গঠন প্রক্রিয়ায় বিভাগের শিক্ষক হিসেবে আমার যুক্ত থাকার সৌভাগ্য হয়েছিল। আশ্চর্য যে মূসা ভাই যেদিন ৪০ লাখ টাকার দুটি চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের হাতে হস্তান্তর করেন, তখন শর্ত দিয়েছিলেন, তিনি যে এই টাকা দিয়েছেন, এই তথ্য সংবাদমাধ্যমে বলা যাবে না বা কোথাও প্রচার করা যাবে না।
এই ছিলেন মূসা ভাই, সারা জীবন খবর তৈরি করেছেন, টিভির টক শো আর সংবাদপত্রে যিনি ছিলেন সর্বদা খবরের মানুষ, এই বার তিনি তাঁর টাকা প্রদানের খবর প্রকাশ করতে নিষেধ করছেন। মূসা ভাইয়ের জীবদ্দশায় আমরা তাঁর প্রতি সম্মান দেখিয়ে এই ফান্ডের খবর কোথাও বলিনি। কিন্তু মূসা ভাই, আপনার কাছে আজ ÿক্ষমা চাইছি যে আপনার শর্ত ভঙ্গ করে আজকের লেখায় এই তথ্য প্রকাশ করে দিলাম। লক্ষ করুন, কোনো ব্যবসায়ী, জোতদার বা করপোরেট মালিক নয়, একজন সাংবাদিক তাঁর সারা জীবনের সঞ্চিত অর্থ থেকে ৪০ লাখ টাকা বিশ্ববিদ্যালয়কে দিয়ে গেছেন—এ তথ্য মূসা ভাইয়ের জন্য নয়, আমাদের নিজেদের জন্যই প্রকাশ করাটা জরুরি, যাতে বিত্তবানেরা একটু হলেও লজ্জা পান।
মূসা ভাই, আপনার আত্মা শান্তি পাক।
রোবায়েত ফেরদৌস: সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
[email protected]