মুসা ইব্রাহীমকে এভারেস্টের মাথায় চড়তে কে বলেছিল? আমরা এভারেস্টকে চিনতাম, বইয়ে পড়েছিলাম তাই। সেও অনেক বছর আগে। এভারেস্ট কী? এমন প্রশ্নে বলতে পারতাম সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম। কারা পৌঁছেছিল সে শৃঙ্গে? তেনজিং আর হিলারির নাম মুখস্থ ছিল, বলে দেওয়া যেত। আর বিশেষ কী জানতাম এভারেস্ট প্রসঙ্গে? জানা ছিল, তার মাথায় চড়া চাট্টিখানি কথা নয়, খুবই দুঃসাধ্য ব্যাপার, তবু সে দুঃসাধ্যকে সাধ্যে পরিণত করেছিলেন দুজন মানুষ।বই পড়লে জানা হয়। আমরা পরীক্ষায় পাস করার জন্য পড়তাম। এত দিন পর পেছনে তাকিয়ে দেখি, পড়তে বসে দুলে দুলে পড়া মুখস্থ করছি। মুখস্থে সাহস বেড়েছে, ফেলের বদলে পাস করা হয়েছে। এমন জোড়াতালি সাহসে দিন ভালো কেটেছে; তবে এত দিন পরে হিসাব কষলে আক্কেল বলে, ভালোর চেয়ে মন্দ ঘটেছিল বেশি। জানার আগ্রহের বদলে পাসের জন্য বই পড়ে এভারেস্ট, তেনজিং আর হিলারি ছাড়িয়ে জ্ঞানের পরিধি বাড়েনি।ছোটবেলায় বইয়ে ওই লেখা সবাইকে পড়ে আসতে হয়েছে। বিস্মিত হয়ে পড়েছি। কিন্তু ভেবেছি কজনা? পরীক্ষার জন্য পড়তে হয় পড়েছি, পাস করেছি। সবাই যে এমন পাস করে তা নয়, ব্যতিক্রম নিশ্চয় রয়েছে। পড়তে পড়তে হঠাৎ থেমেছে কেউ। বিস্ময় জেগেছে মনে, ভেবেছে আলাদা করে। কারও কারও কাছে বিষয়টা শুধু পরীক্ষার পড়া হয়ে থাকেনি।আগ্রহ মানুষকে একেক পথে নিয়ে যায়। ইচ্ছায় নির্মিত হয় পথ। বই পড়ে বহু মানুষ জেনেছে, এভারেস্ট সবচেয়ে উঁচু পর্বত। পাহাড়-পর্বত আমাদের ভালো লাগে। উঁচু-নিচু বিবেচনা না করে পাহাড়-পর্বত পেছনে রেখে সুযোগ হলে ছবি তুলি, সে ছবি মুগ্ধ করে। ছবির পাহাড় নিজের থেকে অনেক দূরে, হয়তো ছায়ার মতো, তবু বলি, বাহ! পাহাড়-পর্বত নিয়ে আমাদের ভাবনা এতটুকুই।হঠাৎ এক বাঙালি যুবক এভারেস্টের মাথায় চড়লেন, হইহই পড়ে গেল। হইহই করার জন্য এ দেশে এত মানুষ রয়েছে, অথচ এত দিনে অসাধ্যকে সাধ্য করলেন মাত্র একজন। মানে এ রকম দাঁড়ায়, অধিকাংশ লোক পাসের জন্য পরীক্ষা দিয়ে, পাস শেষে সেই পাঠ অদরকারি ভেবে ভুলে গেছি। একজন শুধু অদরকারিকে দরকারি মনে করেছে, সে-ই উঠেছে চূড়ায়।মুসা ইব্রাহীমকে কোনো মানুষ বলে দেয়নি, তুমি পাহাড়ে চড়ো, যাও। কোনো হুকুম, আদেশে সেই যুবক বাধ্য হয়নি। মন তাকে বলেছিল, ইচ্ছা তাকে টেনে নিয়ে গিয়েছিল। মন আর ইচ্ছার জোর ছাড়া এমন অসাধ্য সাধন হয় না।সেদিন এক গোলটেবিল বৈঠকে অনেকের সঙ্গে মুসাও ছিলেন। বৈঠক ছিল এইচআইভি/এইডস প্রতিরোধ বিষয়ে। তাঁর বলার পালা এলে জানালেন, তিনি আর আলপাইন ক্লাব বহুদিন থেকে বাংলাদেশে এইডস প্রতিরোধ বিষয়ে কাজ করে যাচ্ছে। চূড়ায় চড়তে কেউ যেমন তাঁকে বলে দেয়নি, তেমনি এইডস প্রতিরোধের বিষয়ে বলতে বা করতেও কেউ নির্দেশ দেয়নি। দ্বিতীয় বিষয়টা তিনি মনের তাগিদেই করেছেন।মনের টানে মানুষ পেশা বাছে, মনের টানে পড়ে নেশায়। মন ভালোবাসায়, আবার মনই সে ভালোবাসাকে ছিন্ন করে। আস্থার পথ খোলা, সন্দেহের পথ খোলা। মনই বেছে নেয়, কোন পথে যাবে সে।২০০৪ সাল থেকে এইডস প্রতিরোধ কার্যক্রমে জড়িয়ে থাকার কারণে মাঝেমধ্যে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়। বাংলাদেশে এইডস নিয়ে এত ভাবাভাবি কেন? তথ্যমতে দেশ তো অতটা বিপদগ্রস্ত হয়নি এখনো, এমন কথা হয়। সাধারণের কথা বাদ থাক; শিক্ষক, চিকিৎসক এবং দায়িত্বশীল মানুষও এমন প্রশ্ন করে থাকেন। যেন বিপদে পড়লে তবে বিপদ থেকে উদ্ধারের কথা ভাবতে হবে, তার আগে সেটা মোটেও দরকারি নয়।অনেকে অসন্তুষ্টি প্রকাশ করেন, বিজ্ঞাপনে যথেষ্ট তথ্য দেওয়া হচ্ছে না। অনেকের তো সোজাসাপটা মত, আরও খোলামেলা কথা বলা উচিত। উচিত নয় মনে করার পক্ষও রয়েছে। একবাক্যে সবাই মানি, সচেতনতা জীবনে অতি জরুরি, কিন্তু খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় কনডম ব্যবহারে এইডস প্রতিরোধ হয়, এমন বিজ্ঞাপন ছাপতে কর্তৃপক্ষকে সাত-পাঁচ ভাবতে হয়। এটাই সত্যি, এটাই বাস্তবতা। অস্বীকার করার উপায় নেই, পত্রিকা জনপ্রিয় হলে সব পাঠকের মনস্তত্ত্বকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখতে হয়।একেকজনের মনের চাওয়া একেক রকম। কেউ হয়তো নিজের পছন্দমতো পোশাক পরেছেন, অন্যে সেটাকে খোলামেলা ভাবছেন। আবার একজনকে তার পছন্দমতো পোশাকে দেখে কেউ কেউ বলছেন ‘গোঁড়ামো’।এইডস সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য প্রথম বিজ্ঞাপনচিত্র নির্মাণের সময় একটি ঘটনা ঘটেছিল। নির্মাণের আগে সর্বসাধারণের মধ্যে একটা জরিপ চালিয়ে জানা হয়েছিল, এইডস বিষয়ে জানাশোনার পরিমাণ খুবই সামান্য। সে কথা জীবনে প্রথম শুনেছে, এমন মানুষের সংখ্যা অনেক বেশি। যাঁরা এইডস বিষয়ে জানেন, তাঁরা খুবই স্পর্শকাতর বিবেচনায় কথা বলতে চাননি। এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রথম বিজ্ঞাপনে তাই বলা হয়েছিল, ‘বলতে হবে, শুনতে হবে, দেখতে হবে’—এই তিন ‘হবে’ বলাটা সহজ হলেও বলানোটা অত সহজ হয়নি। বিজ্ঞাপনচিত্রে মডেল হওয়ার আগ্রহ তরুণসমাজের মধ্যে যথেষ্ট রয়েছে। যুবসম্প্র্রদায়ের সচেতনতার লক্ষ্যে বিজ্ঞানচিত্রটি নির্মিত হবে, তাই ১০ থেকে ১২ জন তরুণ-তরুণীর প্রয়োজন হয়ে পড়েছিল। বেশি কাঠখড় পোড়াতে হয়নি, পাওয়া গেল সংখ্যা মিলিয়ে। কার কেমন পোশাক হবে, কাকে কী করতে হবে, কবে কবে শুটিং, সবাইকে জানিয়ে দেওয়া হয়। সব ঠিকঠাক, কিন্তু যে বিপাকে কখনো পড়া হয়নি, আচমকা তার সঙ্গে সাক্ষাৎ ঘটে যায়।শুটিংয়ের আগের দিন ফোনে বা অফিসে এসে বেশ কয়েকজন তরুণ-তরুণী এইডস-বিষয়ক বিজ্ঞাপনচিত্রে অংশ নিতে অপারগতার কথা জানায়। সেদিনই রাত আটটার মধ্যে জানা হয়ে যায়, কেউ ওই ছবিতে মডেলিং করতে রাজি নয়, প্রায় প্রত্যেকেরই পরিবার থেকে ঘোরতর আপত্তি করা হয়েছে।পর পর চার দফা শুটিংয়ের আয়োজন করে শেষ পর্যন্ত বাদ দিতে হয়। কাউকেই রাজি করানো সম্ভব হয়নি। অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করেও লাভ হয় না। মাথায় হাত দিয়ে কাটল কটা দিন, তারপর বিপদ কাটে। শতজন ‘হ্যাঁ’র মধ্যে দু-চারজনের ‘না’র অস্তিত্ব যেমন থাকে, তেমনি অসংখ্য ‘না’র মধ্যে ‘হ্যাঁ’র দেখাও মেলে। অনেক নাস্তানাবুদের পর শেষ পর্যন্ত শুটিং শুরু করা সম্ভব হয়েছিল।২০১০ সাল পর্যন্ত পাঁচ বছরে ১১টা বিজ্ঞাপনচিত্র নির্মাণ করা হয়েছে। প্রথম বিজ্ঞাপনের অস্বস্তিকর অভিজ্ঞতা ধীরে ধীরে কেটেছে। এখন দেখতে হয় না কোন তরুণ বা তরুণী এইডস-বিষয়ক বিজ্ঞাপন বলে অংশ নিতে অনাগ্রহ বা সংকোচ প্রকাশ করছে। কেউ এসে অভিভাবকদের আপত্তির কথাও জানায় না।সময় বদলায়, অনভ্যস্ত মানুষ অভ্যস্ত হতে শেখে, হয়। কত দূর এগোল মানুষ, সেটা দেখতে-জানতে একটা পরিকল্পনা করা হয়েছিল বছর দেড়েক আগে। একটা মেয়েদের কলেজে অভিভাবক, শিক্ষক ও ছাত্রীরা আলোচনা অনুষ্ঠানে অংশ নেবে, সেই অনুষ্ঠান ক্যামেরায় ধারণ করে টিভি চ্যানেলে দেখানো হবে। অনুষ্ঠান শুরু হয়, শিক্ষকেরা এইডস নিয়ে বলেন, অভিভাবকেরা বলেন, ছাত্রীরা থাকে নিঃশব্দ। শিক্ষক, অভিভাবক এমনকি সেখানে উপস্থিত কয়েকজন সমাজসচেতন অতিথি মিলে সংকোচে সংকটের কথা বললেন, কিন্তু কেউ মুখ খোলে না। দু-একজন সাহস করে উঠে দাঁড়াতেই দৃশ্য পাল্টে গেল। দ্বিধা দূর হয়ে মুখ খুলে গেল সবার। তারা প্রশ্ন করে, উত্তর আসে তাদের মধ্য থেকেই। এমন কিছু প্রসঙ্গ ও বাক্য স্পষ্টভাবে উচ্চারিত হয়েছে, দ্বিধা-সংকোচের ভূত আগের মতো কাঁধে চেপে বসে নেই, ধারণা জাগে। এই বোঝাপড়া শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণী অনুযায়ী ভিন্ন হয় কি না দেখতে আরও কয়েকটি আয়োজনের মাধ্যমে জানা হয়েছে, আশার আলো কমেনি।আলোর নিচেই থাকে অন্ধকার—এই মত যে জানে, তার কাছের জন ভাসা ভাসা জানে বা ভুল জানে, এমন উদাহরণেরও অভাব নেই। নিজের মন না চাইলে, আগ্রহ না থাকলে জানা হয় না কিছুই। প্রয়োজন বুঝতে হবে, চাইতে হবে, তবেই ঘটবে প্রাপ্তি।নির্দিষ্ট গণ্ডিতে তরুণীরা নিঃসংকোচ হতে পেরেছে বলে সর্বত্র সবাই দ্বিধাহীন, তেমন ভাবনায় ভুল হবে। বহুকালের অভ্যাস সহসা কর্পূরের মতো উবে যাবে, এমন ভাবনা ঠিক নয়। ধীরে হলেও পুরোনো ধারণার ইতি ঘটছে, এটা আশার কথা। কেন আরও দ্রুত হচ্ছে না, এমন অস্থিরতাও থাকুক না পাশাপাশি।এইডসের মতো স্পর্শকাতর একটা বিষয় সহনশীল পর্যায়ে এসেছে। অস্বস্তিতে মুখ বন্ধ না রেখে, চোখ না ঢেকে, কান চেপে না ধরে ভালোমন্দ বলাবলি যে হচ্ছে, সেটা কম কিছু নয়। শুধু বিজ্ঞাপনে যে এই সচেতনতা এসেছে তা নয়, দেশব্যাপী অসংখ্য সংগঠনের নানা কর্মকাণ্ডের ফলে বিজ্ঞাপন দাঁড়ানোর, নিজেকে প্রকাশ করার মাটি পেয়ে গেছে পায়ের তলায়। টেলিভিশন বিজ্ঞাপনের অত লম্বা হাত নেই মানুষকে চোখে আঙুল দিয়ে সহসা সচেতন করে তুলবে। অসংখ্য তথ্য সরবরাহ করার ব্যাপারেও বিজ্ঞাপনচিত্রের সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু মাঠপর্যায়ের বিস্তারিত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে তার জোর নিজের অধিক হয়ে ওঠে। সারা দেশে মাদকাসক্তদের সচেতনতার জন্য আলাদা করে কার্যক্রম রয়েছে। যারা এইডসে আক্রান্ত, তাদের সেবা, চিকিৎসা ও অধিকারসংক্রান্ত কার্যক্রম চলছে। যৌনকর্মী, হিজড়াসম্প্রদায় বা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী নিয়ে বিশেষভাবে কর্মরত আছে বিশেষ বিশেষ সংগঠন। তাই বিজ্ঞাপনের যে সামান্য অসম্পূর্ণতা, ওই সব কর্মকাণ্ডের শক্তি নিজের সঙ্গে যুক্ত করে বিজ্ঞাপন আপন ক্ষমতার চেয়েও বেশি ভূমিকা রাখতে সক্ষম হয়।টেলিভিশন বিজ্ঞাপন একা নয়, বিস্তারিত বলার জন্য আরও অসংখ্য মাধ্যম তো রয়েছে। টেলিভিশনের সঙ্গে শুনতে পাওয়া যায় রেডিওতেও চলছে সচেতনতার অনুষ্ঠান। বিলবোর্ড, চলমান বাসের গায়ে সাবধানতা এবং ঘুরে বেড়াচ্ছে তথ্য। রিকশা প্যানেলে, খবরের কাগজে, মুঠোফোনে মেসেজের মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেওয়া হচ্ছে।সাধারণ জনগোষ্ঠীর কাছে তথ্য পৌঁছানোর জন্য এসব মাধ্যম যথেষ্ট কি? দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ কতটুকু জানতে পারছে? আছে, সে চেষ্টা যাদের জন্য, তারাই জানে। অঞ্চলভিত্তিক নাটক বা সংগীত দলের মাধ্যমে তথ্যপ্রবাহ নিশ্চিত করা হচ্ছে। সাধারণ মানুষ আগ্রহ নিয়ে জড়ো হয়ে নাটক দেখে বা গানের অনুষ্ঠানের মধ্য দিয়ে তথ্য জানার সুযোগ পাচ্ছে।চেষ্টা চলছে। চেষ্টার মধ্যে আসে নতুন নতুন অভিজ্ঞতা, নতুন ধারণা, নতুন সংকট। মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতার বিজ্ঞাপনচিত্র নির্মাণের সময় একজন বাবা জানান, সিরিঞ্জ এবং সিরিঞ্জের ভেতর নেশাকর দ্রব্য শিরায় গ্রহণ করা হচ্ছে—এমন দৃশ্য পরিহার করা উচিত। যে যুবক মাদকাসক্তি থেকে মুক্তির জন্য প্রাণপণ চেষ্টা করছে, অমন দৃশ্য তার অস্থিরচিত্তে প্রলোভন জাগাতে পারে। ভাবনা মনগড়া নয়, নিজের সন্তানের আসক্তির কারণে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা থেকে এমন ব্যাখ্যা।দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকবে। কোন বিষয়কে কেন্দ্র করে বিস্তর ভাবাভাবি চলছে। ভাবাভাবি হচ্ছে না, মানে প্রশ্ন নেই, উত্তরও প্রয়োজন পড়ে না। যে সংকট নিয়ে চর্চা, তা থেকে উদ্ধারের উপায়ে কী দুর্বলতা বা কতটুকু সার্থকতা, সেই হিসাবে নেমে সবচেয়ে জরুরি কর্তব্য হওয়া উচিত বিষয়কে আপনার বলে বিবেচনা করা। বলা হচ্ছে ‘জানতে হবে, জানাতে হবে’, সেটা নিছক বিজ্ঞাপনের ভাষা, এমন ভাবা ঠিক হবে না। নিজের মনে করলে জানা হয়, জানানোও হয়। কী হওয়া উচিত ছিল, এর চেয়ে কী করা উচিত সেটা ভাবলে লাভ।এইডস দিবস এল গেল, হাতে রইল কী? নিজের মন প্রস্তুত হলে এভারেস্টের চূড়ায় ওঠা সম্ভব। উদাহরণ হাতের কাছে। সবাই প্রস্তুত হলে এইচআইভি/এইডস প্রতিরোধ, নিয়ন্ত্রণ কঠিন কিছু নয়। চাই জানার আগ্রহ, জানানোর আগ্রহ। অনেক জয় একার ইচ্ছায় হয়, বহুজনের ইচ্ছায় জয় হয় মানুষ ও মানবতার।আফজাল হোসেন: অভিনেতা, নির্মাতা।[email protected]