এম এ হক স্মরণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতী মেধাবী ছাত্র মরহুম মোহাম্মদ আব্দুল হক, যিনি এম এ হক নামে সমধিক পরিচিত ছিলেন। তিনি কেবল একজন দক্ষ ও আদর্শবান কর্মকর্তাই ছিলেন না, চাকরিজীবনে যেখানেই নিযুক্ত ছিলেন সেখানেই পুলিশ ও সাধারণ মানুষের মঙ্গলার্থে কোনো না কোনো প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। এসব প্রতিষ্ঠানের অন্যতম প্রধান হচ্ছে বর্তমানে বাংলাদেশের সর্ববৃহত্ কো-অপারেটিভ সোসাইটি পলওয়েল কো-অপারেটিভ সোসাইটি, যা থেকে বাংলাদেশের সমগ্র পুলিশ পরিবার লাভবান ও উপকৃত হচ্ছে—জোনাকী সিনেমা হল, পলওয়েল পেট্রলপাম্প, পলওয়েল প্রিন্টিং প্রেস, পলওয়েল মার্কেট, ঢাকা পুলিশ ক্লাব, রাজারবাগ পুলিশ লাইন স্কুল, রংপুর পুলিশ হল, ডিটেকটিভ ম্যাগাজিন, দেশের প্রথম বেসরকারি হাসপাতাল আরোগ্য নিকেতন ইত্যাদি।আজকে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা শহরে এমনকি থানা শহরে চিকিৎসার জন্য প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৬৯ সালে তদানীন্তন পাকিস্তানে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে জনাব হকই ঢাকায় প্রথম বেসরকারি হাসপাতাল ‘আরোগ্য নিকেতন’ প্রতিষ্ঠা করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ওই আরোগ্য নিকেতন দেশের মহত্ কাজেও এসেছিল। অনেক বুদ্ধিজীবী, হিন্দু পরিবার ও শিল্পী রোগী হিসেবে আরোগ্য নিকেতনে আশ্রয় লাভ করেছিলেন। ‘সোনা সোনা সোনা, লোকে বলে সোনা’, ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ ইত্যাদি দেশাত্মবোধক গানের গীতিকার ও সুরকার আব্দুল লতিফ ওই আরোগ্য নিকেতনে ১৯৭১-এ দীর্ঘদিন আশ্রয় নিয়েছিলেন।বাংলাদেশ থেকে মানুষ বিদেশে রপ্তানি করা যায়—এম এ হক প্রথম এই চিন্তা করেছিলেন। তিনি বাংলাদেশে ১৯৭৫ সালে চেম্বার অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি প্রতিষ্ঠা করেন এবং জন্মলগ্ন থেকে ১৯৮৩ সাল পর্যন্ত এর সভাপতির দায়িত্ব পালন করেন।১৯৬৯ সালে সুইডেন সরকার পাকিস্তান সরকারকে ৬০০ অত্যাধুনিক বাস উপহার দেয়। পশ্চিম পাকিস্তানি আমলারা ওই বাসগুলো পশ্চিম পাকিস্তান সড়ক পরিবহন সংস্থাকে অনুদান হিসেবে দিয়ে দেন। হক সাহেব এতে ঘোর আপত্তি তোলেন এবং বিনা মূল্যে প্রাপ্ত বাসগুলোর অধিকাংশ দাবি করেন। তিনি নিজে ইসলামাবাদে গিয়ে জোরালো যুক্তি প্রদর্শন করেন। ব্যর্থ মনোরথ হয়ে পীড়াপীড়ি করে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের দাবি প্রেরণ করতে সমর্থ হন। কিন্তু এই দাবি প্রত্যাখ্যাত হয়। ৬০০ খানা উপহারের বাসের একখানাও পূর্ব পাকিস্তান পেল না। অন্যদিকে হক সাহেবের বিরুদ্ধে প্রাদেশিকতার অভিযোগ ওঠে।১৯৪৭ সালর ১৪ আগস্টের কয়েক দিন পরে র্যাডক্লিফ রোয়েদাদে সিলেটের করিমগঞ্জ মহকুমা অন্যায়ভাবে ভারতের অন্তর্ভুক্ত বলে ঘোষণা করা হলো। সেই সময় হক সাহেব করিমগঞ্জ মহকুমার শীর্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি অসীম সাহসে এই অন্যায়ের প্রতিবাদ করেন এবং দীর্ঘ সাত দিন পাকিস্তানের পতাকা উড্ডীন রাখেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখেন, যে কাহিনি হক সাহেবকে একজন বীর নায়কে পরিণত করে। যখন পরিশেষে সম্পূর্ণ পরিস্থিতি পুনঃপর্যালোচনায় পাকিস্তান সরকার অন্যায় হলেও নীতির খাতিরে ভারতে করিমগঞ্জের অন্তর্ভুক্তি মেনে নিল, সরকারের নির্দেশক্রমে তিনি করিমগঞ্জ ত্যাগ করেন। তিনি করিমগঞ্জ থানার চেয়ার, টেবিল, অন্যান্য আসবাব, সাধারণ ডায়েরি ইত্যাদি দুই ভাগ করে এক ভাগ নিয়ে কুশিয়ারা নদী নৌকাযোগে অতিক্রম করেন ও ঘুমন্ত গ্রাম্য হাট জকিগঞ্জে পৌঁছান এবং হাজার হাজার লোকের করতালির মধ্য দিয়ে পাকিস্তানের পতাকা উত্তোলন করে জকিগঞ্জ থানা প্রতিষ্ঠা করেন। জকিগঞ্জের সর্বসাধারণ হক সাহেবকে জকিগঞ্জ থানার প্রতিষ্ঠাতা হিসেবে জানে।জনাব হক দেশ ও সমাজ নিয়ে চিন্তাভাবনা করেছেন।দারিদ্র্য দূরীকরণের বিষয়ে এম এ হকের নিজস্ব ধ্যানধারণা ছিল। তিনি ক্ষুদ্র হতভাগ্য মানুষের যতটুকুই জমি আছে, সে জমির সর্বোত্তম ও সর্বাত্মক ব্যবহারের কথা বলেছেন এবং প্রতিটি পরিবারকে একেকটি ইউনিট ধরে এর সমস্যার সমাধান ও দারিদ্র্য দূরীকরণের কথা চিন্তা করেছেন।হক সাহেবকে কখনো দেখিনি রাগতস্বরে কথা বলতে। অনেকেই তাঁর কাছে জীবনের শেষ সময় পর্যন্ত নানা সমস্যা নিয়ে আসত। তাদের সবার কথা তিনি ধৈর্যসহকারে শুনতেন ও নানাভাবে কোনো না কোনো সমাধান দিতেন। পরনিন্দা বা পরচর্চাকে মনে-প্রাণে ঘৃণা করতেন তিনি। চাকরিজীবনের শুরুতেই মেধা ও মননকে দক্ষতার সঙ্গে কাজে লাগানোর স্বীকৃতিতে উত্তরোত্তর পদোন্নতি লাভ করেন।এম এ হক ছিলেন আমাদের স্নেহময় পিতা। শৈশবের স্মৃতিময় দিনগুলোর কথা মনে পড়ে। প্রথম জ্ঞান হওয়ার দিন থেকে আমার আব্বার সঙ্গে প্রতিটি মুহূর্তই ছিল আনন্দের ও সুখের। আব্বা সব সময়ই আমাকে মা বলে ডাকতেন। সরকারি চাকরিরত অবস্থায় এত কর্মব্যস্ততার মধ্যেও যখন বাড়ি ফিরতেন, দেখিনি তাঁর মুখাবয়বে কোনো ক্লান্তির ছাপ। তিনি আমাদের কাছে ডেকে সারা দিনে কী কী করলেন, কোথায় গেলেন, ভালো মানুষের কথা, ভালো কাজের কথা বলতেন। যতটুকু সময় পেতেন আমাদের নিয়ে বাগানে ঘুরতেন; পার্কে নিয়ে যেতেন; সহকর্মী, বন্ধু, আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে নিয়ে যেতেন। কারও কোনো সমস্যার কথা শুনলে নিজে এগিয়ে গিয়ে তা সমাধানের চেষ্টা করতেন। বাগানে ঘুরতে ঘুরতে আমাদের নানা রকম ফুলের নাম বলতেন। বছরে কখন কোন ফুল ফোটে এবং কীভাবে কখন কোন চারা লাগাতে হয় ও যত্ন নিতে হয় তাও শেখাতেন। বাগান করা ও গাছ লাগানোর প্রতি এভাবেই আমাদের উৎসাহিত করতেন।আব্বার চরিত্র ছিল যেকোনো ভালো কাজ ছোট হোক বড় হোক তার প্রশংসা করা ও মূল্যায়ন করা এবং তিনি কদাচিত্ অভিযোগ করতেন। ছোটখাটো অনেক কাজই আমরা উৎসাহ নিয়ে করতাম। কারণ আব্বার উৎসাহ, সহযোগিতা এবং এমনভাবে তিনি প্রশংসা করতেন যেন আমরা অনেক কিছু করে ফেলেছি। আব্বা আজ নেই। প্রতিদিন তাঁর কথা মনে হয়। এক ধরনের শূন্যতা ও দুঃখবোধ মুহূর্তগুলোকে ম্লান করে দেয়।