
নির্বাচন হচ্ছে যেকোনো ধরনের গণতান্ত্রিক ব্যবস্থার প্রাথমিক এবং অন্যতম প্রধান শর্ত। এটা যেমন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে সত্য, তেমনি স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও সত্য। তৃণমূলে গণতন্ত্র বিকশিত না হলে জাতীয় পর্যায়ে গণতন্ত্র পূর্ণ রূপ লাভ করতে পারে না।
প্রশাসনব্যবস্থায় একেবারে তৃণমূল হলো ইউনিয়ন পরিষদ (ইউপি)। বরাবর দেখা গেছে, ইউপি নির্বাচন হয় সবচেয়ে বেশি উৎসবমুখর। এই নির্বাচনে সর্বাধিক মানুষ অংশগ্রহণ করে। সাধারণত প্রার্থীদের ব্যক্তিগতভাবে চেনেন ভোটাররা। আমি দেখেছি, ঢাকায় কর্মরত লোকজনও ছুটে যায় নিজ গ্রামে ইউপি নির্বাচনের সময়। খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হয় এসব নির্বাচন, কিন্তু সহিংসতা দেখা যায় না। ঐতিহ্যগতভাবে গ্রামীণ সমাজে একটা সুপ্রাচীন শৃঙ্খলা বজায় থাকে। সম্প্রীতিও নষ্ট হয় না। কিন্তু এবারের ইউপি নির্বাচন সবদিক দিয়েই নজিরবিহীন। গত ফেব্রুয়ারিতে ছয় ধাপে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছিল। ৪ জুন শেষ ধাপের নির্বাচন সমাপ্ত হয়েছে। এই সময়কালে নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় নিহত হয়েছেন ১১৩ জন এবং আহত ব্যক্তির সংখ্যা পাঁচ হাজারের বেশি।
৫ জুনের প্রথম আলোয় লিড নিউজের শিরোনাম ছিল ‘শেষ হলো প্রাণঘাতী নির্বাচন’। একই প্রতিবেদনের প্রথম বাক্যটি ছিল, ‘নজিরবিহীন সহিংসতা, প্রাণহানি, বিশৃঙ্খলা ও জাল ভোটের মধ্য দিয়ে শেষ হলো ইউনিয়ন পরিষদ নির্বাচন।’
নির্বাচনে এত সহিংসতা এবং এত নিহত হওয়ার ঘটনা আগে কখনো দেখিনি, শুনিনি। কিছুদিন আগে প্রথম আলোয় প্রকাশিত সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন এই নির্বাচনের সঙ্গে ২০১১ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের তুলনা করেছিলেন। তখন জাল ভোটের অভিযোগ তেমন শোনা যায়নি। আর সেবার সহিংসতার ঘটনা কিছু ছিল, কিন্তু খুবই সামান্য। নিহত ব্যক্তির সংখ্যা ছিল চারজন।
গত ৭ মে প্রথম আলোয় কবি সোহরাব হাসানের লেখা এক নিবন্ধের শিরোনাম ছিল ‘এই নির্বাচন কি আমরা চেয়েছিলাম?’ উত্তরটা তিনিও দিয়েছেন এবং আমরাও জানি। না, এমন নির্বাচন আমরা চাইনি। নির্বাচন অবশ্যই গণতন্ত্রের অন্যতম মূল ভিত্তি। কিন্তু নির্বাচনের নামে যদি অন্য কিছু হয় এবং তাকে যদি নির্বাচন বলে চালানো হয়, তবে তা হবে অত্যন্ত ক্ষতিকর। নিশ্চিতভাবে তা কাম্য নয়।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ছিল একতরফা নির্বাচন, যেখানে ৩০০ আসনের মধ্যে ১৫৪ জন ছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। কারণ আওয়ামী জোটভুক্ত দল ছাড়া সবাই নির্বাচন বর্জন করেছিল। তাই নৈতিকভাবে ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা ছিল না। কিন্তু আইনের দিক দিয়ে তা ছিল শুদ্ধ। কারণ সংবিধানমতে একজন প্রার্থী থাকলেও তাঁকেই নির্বাচিত বলে মানতে হবে এবং একটি ভোট পড়লেও তা নির্বাচন বলে গণ্য হবে।
এর পরবর্তী স্থানীয় সরকারের নির্বাচনসমূহ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, যদিও সব দলই কমবেশি অংশ নিয়েছে। উপজেলা নির্বাচন হয়েছিল পাঁচ দফায়। প্রথম তিন দফায় দেখা গেল শাসক দল আওয়ামী লীগের ভরাডুবি। ফলে শাসক দল এবার নতুন কৌশল নিল। প্রকাশ্য ও নগ্ন কারচুপির আশ্রয় নিল। ভোটকেন্দ্র দখল, আগের রাতে সিল মারা, প্রিসাইডিং কর্মকর্তা অথবা পুলিশকে দিয়ে ব্যালট পেপারে সিল মারা ইত্যাদি অভিযোগ আসতেই লাগল। উপজেলা নির্বাচনের শেষ দুই পর্বে; ঢাকা-চট্টগ্রামের মেয়র নির্বাচন ও পৌরসভা নির্বাচনে একই কৌশল অব্যাহত থাকল। শাসক দল আওয়ামী লীগের একচেটিয়া বিজয়। কিন্তু এ বিজয় যে আসল বিজয় নয়, বরং ভবিষ্যতের জন্য ভয়ংকর বিপদের জায়গা তৈরি করা হচ্ছে, সেই উপলব্ধি শাসকদের অধিকাংশের মধ্যে ছিল না। কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের পৌরসভা নির্বাচন প্রসঙ্গে ব্যাপক কারচুপির কথা প্রকারান্তরে স্বীকার করে স্বয়ং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, ‘আমি এই নির্বাচনের কিছু বিষয় কিছুতেই মেনে নিতে পারি না।...যদি আমরা বাজিতপুরে পরাজিত হতাম, তাহলে কি তারা আমাদের সরকারকে উচ্ছেদ করে দিত?’ প্রথম আলো ১৭ জানুয়ারি ২০১৬। এমন উপলব্ধি শাসকদের অধিকাংশের মধ্যে অনুপস্থিত রয়েছে। ২০১৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত পৌর নির্বাচন প্রসঙ্গে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন প্রথম আলোয় এক নিবন্ধে বলেছেন যে পৌর নির্বাচনের ৭৪ শতাংশ ভোট স্বাভাবিক ছিল না।
কারচুপি ও সহিংসতা উভয় দিক দিয়ে আগের সব নির্বাচনকে হার মানিয়েছে সদ্য সমাপ্ত ইউপি নির্বাচন। কারচুপির বিষয়টি এত প্রকাশ্য ও নগ্ন ছিল যে শাসক দলের প্রতীক নৌকা মার্কা ছাড়া অন্য কারোর পক্ষে জেতা সম্ভব নয়। তাই সর্বত্র নৌকা জিতেছে। কিন্তু জনগণের ভোটে নয়, প্রশাসন ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের সরাসরি সহায়তায়। ৪ জুন অনুষ্ঠিত শেষ পর্বের নির্বাচনের ঠিক আগে আগে চট্টগ্রামের বাঁশখালীর একটি ইউপির নির্বাচনে সাংসদের কথামতো অবৈধ কাজ করতে রাজি হননি বিধায় নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন সাংসদ মুস্তাফিজুর রহমান দ্বারা প্রহৃত হলেন।
ওই সাংসদ দুটি বড় অপরাধ করেছেন। প্রথমত, নির্বাচনে হস্তক্ষেপ করা; দ্বিতীয়ত, মারধর করা। অবশ্য অনেক সাংসদই এখন গুলি চালিয়ে শিশুকে আহত করা, মারধর করা, শিক্ষক, ইঞ্জিনিয়ার, সরকারি কর্মচারীদের চড়-থাপ্পড় মারা ইত্যাদি কাজ করে মিডিয়ায় আলোচিত হয়েছেন। এমন সাংসদদের এক দীর্ঘ তালিকা ও তাঁদের অপরাধের ফিরিস্তি তুলে ধরে কবি সোহরাব হাসান বলেছেন, ‘মাননীয় সাংসদেরা যদি ক্ষ্যামা দেন...।’ প্রথম আলো, ৪ জুন, ২০১৬। সাংসদ, সরকারি দল ও প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ, নগ্ন কারচুপি ও নির্বাচন কমিশনের নির্লিপ্ততা—সবটা মিলিয়ে যা হয়েছে, তা হলো নৌকা মার্কাটা পেলেই বিজয় নিশ্চিত। তারপর আর নৌকার প্রার্থীরা প্রচার করারও দরকার মনে করেন না। তাই প্রথম আলোর ১২ মের সংখ্যায় লিড নিউজের শিরোনাম ছিল এরূপ: ‘মনোনয়নে টাকা লাগে, ভোট করতে নয়।’
হ্যাঁ, নৌকার প্রার্থীকে তাই মনোনয়ন কিনতে হয় চড়া দামে। স্থানীয় আওয়ামী লীগ কমিটির নেতারা, কখনো কখনো ওপরের নেতারা ভালোই মনোনয়ন-বাণিজ্য করেছেন। দুর্নীতি এখন কত দূর পর্যন্ত প্রসারিত হয়েছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই যে মনোনয়ন-বাণিজ্য কিন্তু প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির মধ্যেও দেখা যাচ্ছে। বিএনপির প্রার্থী জিতবে না জেনেও মার্কার জন্য কাড়াকাড়ি করছেন, সম্ভবত গ্রামীণ সমাজে তথাকথিত স্ট্যাটাসের জন্য। এ জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, ‘নির্বাচনে মনোনয়ন-বাণিজ্য রাজনৈতিক সংস্কৃতি হয়ে গেছে। এটা কমবেশি সব দলেই আছে।’ তবে বলাই বাহুল্য, শাসক দলে এই বাণিজ্য হচ্ছে সবচেয়ে রমরমা। এ জন্য গত এপ্রিল মাসের ১৫ তারিখে চট্টগ্রামের দক্ষিণ জেলা আওয়ামী লীগ অফিসে এক অভূতপূর্ব ঘটনা ঘটে গেল। মনোনয়ন-বাণিজ্যের কারণে একদল আওয়ামী লীগ কর্মী ক্ষুব্ধ হয়ে অফিস ভাঙচুর করেছিলেন। তাঁরা স্লোগান দিয়েছিলেন, ‘টাকার দালালি করিস না, যারে তারে নৌকা দিস না’, ‘নতুন কোনো ব্যবসা ধর, নমিনেশন বাণিজ্য বন্ধ কর’।
মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে যখন টাকাটাই বড় হয়ে ওঠে, তখন যোগ্য ও জনপ্রিয় প্রার্থী বঞ্চিত হবেন, এটাই স্বাভাবিক। অধিকাংশ ক্ষেত্রে হয়েছেও তাই। তাই দ্বন্দ্ব, প্রতিযোগিতা ও সংঘাত-সংঘর্ষ হয়েছে প্রধানত আওয়ামী লীগের দুই অংশের মধ্যে। যাঁরা নিহত বা আহত হয়েছেন, তাঁদের প্রায় সবাই একই দলের কর্মী—শাসক দল আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা তৃণমূল পর্যায়ে একেবারে ভেঙে পড়েছে। প্রথম আলোর ৩০ মের সংখ্যায় প্রথম পাতায় প্রথম প্রতিবেদনের শিরোনাম ছিল ‘সহিসংতার বড় কারণ ক্ষমতাসীন দলের কলহ’।
এবারের নির্বাচনের আরেকটি বৈশিষ্ট্য হলো অনেক জায়গায় ২১৩টি ইউপিতে শাসক দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিষয়টি মোটেই স্বাভাবিক নয়। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে শাসকদলীয় জোটের ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনা দলের নিম্ন পর্যায়ের নেতাদেরও প্রভাবিত করেছে। তাঁরাই বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারবেন না কেন? বিরোধী দলের প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীকে ভয় দেখিয়ে অথবা টাকা দিয়ে বসিয়ে দিতে পারলেই তো নির্বাচনের কাজটা কত সহজ হয়ে যায়। এই প্রবণতা সমগ্র রাজনৈতিক ও সামাজিক পরিবেশকে চরমভাবে কলুষিত করেছে। আর সবচেয়ে খারাপ যেটা ছিল তা হলো নির্বাচন কমিশনের ভূমিকা। ষষ্ঠ দফা নির্বাচনের পর প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ‘এবার আর আগের রাতের সিল মারার ঘটনা নেই।’ তার মানে, আগে এ রকম ঘটনা ঘটেছে। কিন্তু তিনি কি ব্যবস্থা নিয়েছেন? কদিন আগে তিনি এক হাস্যকর মন্তব্য করেছেন, ‘সহিংসতা বাড়লেও সিল মারার ঘটনা কমেছে।’
২০১৬ সালের ইউপি নির্বাচন আমাদের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে থাকবে। এর ফল অনেক সুদূরপ্রসারী। এমন নির্লজ্জ কারচুপি দুর্নীতিকে দারুণভাবে উৎসাহিত করবে। আর নির্বাচনকেন্দ্রিক এমন সহিংসতা গ্রামীণ জীবনের সংহতি, যা আমাদের বিবেচনায়, এটাই সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেল। সামাজিক অধঃপতনের পথ আরও উন্মুক্ত হলো। সত্যিই এমন নির্বাচন আমরা চাইনি।
হায়দার আকবর খান রনো: রাজনৈতিক বিশ্লেষক। সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।