এমন শিক্ষক কোথায় পাব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্তের সঙ্গে সম্পর্কহীন কোনো মানুষের মৃত্যুর সংবাদে যে মানুষ এত কাঁদতে পারে, সেটা বোধ হয় আমাদের শিক্ষক অধ্যাপক মনছুর খলীল না মারা গেলে আমরা অনুভবই করতে পারতাম না। গত বছরের ২৪ ডিসেম্বর শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের এই অধ্যক্ষ মারা যান।

স্যারের মৃত্যুর খবর শুনেই মেডিকেল থেকে ছাত্রছাত্রী বোঝাই দুটি বাস ময়মনসিংহে চলে আসে তাঁকে বিদায় জানাতে। একজন মানুষ শিক্ষক হিসেবে কতটা জনপ্রিয় হলে ছাত্রছাত্রীরা এভাবে শেষবারের মতো দেখার জন্য দলে দলে এতটা দূর ছুটে আসে।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অ্যানাটমির অধ্যাপক আশফাকুর রহমান স্যার আমাদের জানিয়েছিলেন, মানুষটা দুটি শার্ট, দুটি প্যান্ট দিয়েই বছরের পর বছর পার করে দিয়েছেন। যে রুমে থাকতেন, সেটায় একটা চৌকি, একেবারেই সস্তা দরের একটা চেয়ার আর একটা টেবিল ছিল। এত বড়মাপের একজন স্বনামধন্য অধ্যাপক হয়েও কতটা অনাড়ম্বর জীবন যাপন করতে পারেন, তা স্যারকে না দেখলে জানা হতো না। এ জীবনে বিয়ে-থা করেননি। ছাত্রছাত্রীরাই ছিল তাঁর সব।
অধ্যাপক মনছুর খলীল ১৯৬১ সালের ৫ ডিসেম্বার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ডা. মিরাজ আহমেদ ছিলেন সামরিক অফিসার, যিনি পরবর্তী সময়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দুই ভাই এক বোনের মধ্যে মনছুর খলীল মেজ, বড় ভাই অধ্যাপক ডা. মুহসীন খলীল ময়মনসিংহ মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রধান। বোন সবার ছোট।
একদম ছোটবেলা থেকেই অধ্যাপক মনছুর খলীল ছিলেন তুখোড় মেধার অধিকারী। তাঁর বড় ভাই ডা. মুহসীন খলিল যখন ক্লাস ওয়ানে পড়াশোনা করতেন, মনছুর খলীল নার্সারিতে অসাধারণ রেজাল্টের জন্য ডাবল প্রমোশন পেয়ে বড় ভাইয়ের সহপাঠী হয়ে যান। এরপর ক্লাস ওয়ানে পুনরায় অতুলনীয় রেজাল্টের জন্য তাঁকে ওপরের ক্লাসে ডাবল প্রমোশন দেওয়া হয়, তবে ভাইয়ের সঙ্গে পড়বেন বলে তিনি আর ডাবল প্রমোশন নেননি।
১৯৭৬ সালে মনছুর খলীল কুমিল্লা বোর্ডের অধীনে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে লেটার মার্কসসহ প্রথম বিভাগ অর্জন করেন। অর্জিত মার্কস ছিল ৭৪ শতাংশ, আর সম্মিলিত মেধাতালিকায় তিনি অর্জন করেন ১৫তম স্থান। ১৯৭৮ সালে ঢাকা বোর্ডের অধীনে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ঠিক একই রেজাল্টের পুনরাবৃত্তি, চার বিষয়ে স্টার মার্কসহ প্রথম বিভাগে উত্তীর্ণ এবং ৮২.২ শতাংশ নম্বর পেয়ে সম্মিলিত মেধাতালিকায় ১৫তম স্থান। এরপর মেডিকেল ভর্তি পরীক্ষা। চান্স পেলেন ঢাকা মেডিকেলে, কিন্তু বড় ভাই ডা. মুহসীন খলীল চান্স পান ময়মনসিংহ মেডিকেলে। ভাইয়ের সঙ্গে থাকার অভিপ্রায়ে চলে আসেন ময়মনসিংহ মেডিকেলে।
মেডিকেলেও তাঁর মেধার স্বাক্ষর রাখতে থাকেন, অভূতপূর্ব পারফরম্যান্সের জন্য পুরো মেডিকেলে সবাই তাঁকে একনামে চেনে। যার ফল প্রথম পেশাগত পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম স্থান অধিকার করেন, দ্বিতীয় এবং তৃতীয় পেশাগত পরীক্ষায় দ্বিতীয় স্থান এবং চতুর্থ অর্থাৎ শেষ পেশাগত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তাঁর অসাধারণ মেধার পরিচয় রাখেন। মেডিকেলে যতগুলো বিষয়ে পড়ানো হয়, এর মধ্যে শুধু কমিউনিটি মেডিসিন আর ফরেনসিক মেডিসিন বাদে বাকি সব বিষয়ে অনার্স মার্কস (৭৫%) অর্জন করে ১৯৮৪ সালে এমবিবিএস সম্পন্ন করেন। এখানেই থেমে থাকেননি এই কিংবদন্তি। ১৯৮৬ সালে অষ্টম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে অংশগ্রহণ করেন এবং পুরো বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেন।
শরীয়তপুরের জাজিরা থানায় দুই বছর মেডিকেল অফিসার হিসেবে এলাকায় অত্যন্ত জনপ্রিয়তার সঙ্গে দায়িত্ব পালন সম্পন্ন করে অ্যানাটমিতে স্নাতকোত্তর কোর্সের জন্য প্রেষণে যান ১৯৯০ সালে। তৎকালীন আইপিজিএমআরের অধীনে এমফিল অ্যানাটমিতে পাস করেন ৭৫% মার্কসহ এবং ঠিক যেন গৎ বাঁধা নিয়মে এখানেও প্রথম স্থান অধিকার করেন। জীবনের আরও অর্জন রয়েছে তাঁর। অ্যানাটমিতেই পিএইচডি অর্জনের জন্য তিনি পাড়ি জমান জাপানে, ওসাকা ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন ১৯৯৯ সালে। সেখানেও রেকর্ডসংখ্যক নম্বর পেয়ে স্পেশাল রিকমেন্ডেশন পান, তাঁকে গবেষণার কাজে জাপানে থেকে যেতে বলা হয়, বেশ উচ্চ পারিশ্রমিকেই, কিন্তু তিনি রাজি হননি। পয়সা আর আর সম্মানের লিপ্সা কখনো তাঁকে টানেনি। চলে আসেন দেশে।
জ্ঞানের নেশা ছিল তাঁর। এরপর ২০০১ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অ্যানাটমিতে কম্পেয়ারেটিভ অ্যানাটমিতে এম এস কোর্সে প্রবেশ করেন এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। এরপর ২০০৪ সালে সিলেট মেডিকেল কলেজ থেকে ফরেনসিক মেডিসিনে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। ২০০৫ সালে অর্জন করেন ফরেনসিক মেডিসিনে এমসিপিএস ডিগ্রি। একই জায়গায় বেশি দিন চাকরি করা তাঁর ধাতে ছিল না। একে একে বগুড়া মেডিকেল, চট্টগ্রাম মেডিকেল, সিলেট মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল এবং সবশেষে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন।
আমরাসহ স্যারের সব শিক্ষার্থী অধ্যাপক মনছুর খলীল স্যারের নামে ময়মনসিংহ মেডিকেল কলেজের মিউজিয়ামের নামকরণের প্রস্তাব করছি। তাতে হয়তো ক্ষণজন্মা এই মানুষটিকে স্মরণ করে রাখা যাবে আজীবন; যদিও তিনি তাঁর ছাত্রছাত্রীদের মনের ভেতরে সব সময়ই থাকবেন শ্রদ্ধার সঙ্গে—তাঁর মতো শিক্ষক পাওয়া যে বিরল ঘটনা।

লেখকেরা অধ্যাপক মনছুর খলীলের ছাত্র