এমন সুশৃঙ্খল আন্দোলন আর দেখা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশে ভাঙচুর, জ্বালাও-পোড়াও ছাড়া আন্দোলন খুব কমই দেখা গেছে। শুধু বিরোধী দল না, সরকার-সমর্থিত দল ও গোষ্ঠীর আন্দোলনও অনেক সময় সহিংস হয়ে ওঠে। বিরোধী দল তো কথায় কথায় হরতাল ডাকে। বাসে আগুন দেয়। নিরীহ সাধারণ মানুষের মৃত্যু অনিবার্য হয়ে ওঠে। অথচ শাহবাগে প্রজন্ম চত্বরে ২২ দিন ধরে যে একটানা অভূতপূর্ব অবস্থান আন্দোলন চলছে, সেখানে আজ পর্যন্ত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেনি। সমাবেশে অংশগ্রহণকারী নারীদের জন্য সব সময় অত্যন্ত মর্যাদাকর পরিবেশ অক্ষুণ্ন রয়েছে। কোনো নারীর জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির একটি ঘটনাও ঘটেনি। বিশৃঙ্খলা ছাড়া যে লাখো মানুষের সমাবেশ হতে পারে, তা প্রায় অবিশ্বাস্য। তরুণদের এই আন্দোলনে নেই কোনো আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক নেতৃত্ব। নেই কোনো সাজানো-গোছানো মঞ্চ। শুধু বড় সমাবেশের জন্য একটি ট্রাকের ওপর কিছু তরুণ দাঁড়ায়। সেটাই যথেষ্ট। এই তাৎক্ষণিক সৃষ্ট মঞ্চে নেতাদের বসার জন্য নেই কোনো সিংহাসনসম চেয়ার। ছবি তোলার জন্য নেই কোনো হুড়োহুড়ি। শান্তিপূর্ণ সমাবেশ বলেই সেখানে দিনের পর দিন সমবেত হয়েছে নারী-পুরুষ-শিশুসহ অগণিত মানুষ। ওরা যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে এসেছেন। ৪২ বছরের অমীমাংসিত বিষয়ের ন্যায়সংগত সমাধান চান তাঁরা। দলীয় রাজনীতির ঊর্ধ্বে দল-মতনির্বিশেষে সবাইকে সমবেত করতে পারা এই সহিংস রাজনীতির অভিশপ্ত সময়ের সবচেয়ে বড় অর্জন। এবং সেটা সম্ভব হয়েছে আমাদের তরুণ প্রজন্মের অত্যন্ত দায়িত্বশীল অবস্থানের জন্য।শাহবাগ চত্বরের সমাবেশ দেখে আমার দুটি ঘটনা মনে পড়ে। একটি সাম্প্রতিক সময়ের। ২০০২ সালের আগস্ট-সেপ্টেম্বরে লন্ডনে ছিলাম। তখন ইরাকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যুদ্ধ চলছে। ব্রিটেন সেই যুদ্ধে সমর্থন দিয়েছে। টনি ব্লেয়ারের সেই যুদ্ধনীতির বিরুদ্ধে লন্ডনের হাইড পার্কে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক দল ও গোষ্ঠী প্রতিবাদ সমাবেশ ডেকেছে। হাইড পার্কে তিল ধারণের জায়গা নেই। দূরদূরান্ত থেকে লাখ লাখ মানুষ ব্যানার, ফেস্টুন নিয়ে এসেছেন সপরিবারে। বাবার কাঁধে শিশুদের দেখেছি। মানুষের হাতে হাতে ব্যঙ্গচিত্র। অনেকে এসেছেন নানা রকম বাদ্যযন্ত্র নিয়ে। তাঁরা আকাশ ফাটানো শব্দে বাজনা বাজিয়ে, গান করে যুদ্ধের প্রতিবাদ করছেন। অনেকে জোট বেঁধে পার্কের মাঠে ছোট ছোট আসর করে বসে গেছেন। স্লোগান একটাই—যুদ্ধ চাই না!ওই সমাবেশ ছিল সে সময়ের ব্রিটেন সরকারের যুদ্ধঘেঁষা নীতির বিরুদ্ধে। কিন্তু সরকারের পুলিশ কাউকে বাধা দেয়নি। বরং তারা ঘড়ি ধরে কয়টা থেকে কয়টা পর্যন্ত কোন কোন রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে, তা আগে থেকে সবাইকে জানিয়ে দেয়। যেন সবার কাছে সেদিনের পরিকল্পনা স্পষ্ট থাকে। সেদিন মনে হয়েছিল, আমাদের দেশে কবে এমন সুশৃঙ্খল আন্দোলন হবে। আজ দেখি সেই আকাঙ্ক্ষিত মুহূর্তটি এসে গেছে। আমাদের তরুণ প্রজন্ম উদাহরণ স্থাপন করেছে। তারা প্রমাণ করেছে, সর্বজনীন দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ সমাবেশের শক্তি ভাঙচুর আন্দোলনের চেয়ে শতগুণ বেশি।এটা কল্পনাতীত যে তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা আন্দোলনের মঞ্চ থেকে একটা হরতালের ডাকও আসেনি। অনেক উসকানি, হুমকি এলেও শাহবাগ প্রজন্ম এতটুকু বিচলিত হয়নি। তারা মূল পথরেখা থেকে আন্দোলনকে বিচ্যুত হতে দেয়নি। বর্তমান আন্দোলনের এটাই সবচেয়ে বড় শক্তি।শাহবাগ আন্দোলন আমাদের আরেক দিনের কথা স্মরণ করিয়ে দেয়। ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি। সেদিন রচিত হয়েছিল গণ-অভ্যুত্থান। পাকিস্তানি শাসকগোষ্ঠীর প্রতিভূ তথাকথিত লৌহমানব আইয়ুব খানের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে আন্দোলন শান্তিপূর্ণভাবেই চলছিল। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে প্রায় দুই সপ্তাহ পর্যন্ত আন্দোলনে কোনো সহিংসতা ছিল না। পুলিশের লাঠিপেটা, দমন-পীড়নের মধ্যেও ছাত্র আন্দোলন শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিলেই সীমিত ছিল। প্রতিদিন কলাভবনে বটতলায় সমাবেশ শেষে বের হতো বিশাল মিছিল। স্বতঃস্ফূর্ত জমায়েতে অংশগ্রহণকারীর সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছিল।কিন্তু ২০ জানুয়ারি পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদ শহীদ হলে আন্দোলন বিক্ষোভে ফেটে পড়ে। ২১, ২২, ২৩ ও ২৪ জানুয়ারি একটানা কর্মসূচি ঘোষণা করা হয়। শেষ দিন ২৪ জানুয়ারি ছিল হরতাল। ওই দিন ইপিআরের (পূর্ব পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী) গুলিতে স্কুলছাত্র মতিউর-রুস্তমসহ আরও কয়েকজন শহীদ হলে ঢাকা মহানগর বারুদাগারে পরিণত হয়। সে সময় ভয় ছিল আন্দোলন কোন দিকে যায়। কিন্তু দেখা গেল, ছাত্র নেতৃত্ব মোটামুটি শান্ত ও ধীরস্থিরভাবে আন্দোলন পরিচালনা করতে সক্ষম। দৈনিক পাকিস্তানসহ সরকারের দালাল একজন নেতার বাসভবনে আগুন দেওয়া হলেও সে আগুন ছাত্রনেতারা ছড়িয়ে পড়তে দেননি। বেলা ১১টায় ইপিআরের গুলির পর থেকে সারা দিন গুলিস্তান-পল্টন এলাকায় বিক্ষুব্ধ মানুষ মিছিল করতে থাকে। পরিস্থিতির উত্তাপ সম্পর্কে ধারণা পাওয়ার জন্য একটি ঘটনার উল্লেখ করা যায়। সকালের দিকে দেখি, একদল ক্ষুব্ধ মানুষ আজিমপুর থেকে সচিবালয়ের দিকে যাচ্ছে। তারা একটি বিরাট গাছের ডাল বিশেষ ভঙ্গিতে কাঁধে বহন করে নিয়ে চলেছে। ডালের পেছনের দিকটা নিচু করে রাখা আর সামনের দিকটি উঁচু করে তাক করা, যেন একটি কামানের নল। এই প্রতীকী কামান নিয়ে তারা চলেছে পাকিস্তানি অপশাসনের বিরুদ্ধে লড়াই করতে। এ ধরনের উত্তাল গণ-আন্দোলন সামলানো সহজ নয়। কিন্তু সেদিন ছাত্রনেতারা তা নিয়ন্ত্রণে রেখেছিলেন। কারণ, আন্দোলনের নেতৃত্বের ওপর ছিল মানুষের দৃঢ় আস্থা। বিকেলে পল্টনে (বর্তমানের হকি স্টেডিয়াম) লক্ষাধিক মানুষের সমাবেশ হয়। সেখান থেকে ছাত্রনেতারা শহীদের লাশ বহন করে পুরো সমাবেশের জনতাকে সঙ্গে করে নিয়ে যান ইকবাল হলের (বর্তমানের শহীদ জহুরুল হক হল) মাঠে। সন্ধ্যায় কারফিউ জারি করা হলে মানুষ শান্ত হয়ে ঘরে ফিরে যায়। এরপর বেশ কয়েক মাস পর্যন্ত পূর্ব বাংলা মূলত ছাত্র সংগ্রাম কমিটির অধীনে চলে যায়। অনেক সরকারি অফিসের কাজকর্মও চলত ইকবাল হলের ছাত্র নেতৃত্বের পরামর্শে। আজকের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন হুবহু উনসত্তরের গণ-অভ্যুত্থানের মতো হবে না। সেই পটভূমি পরিবর্তিত হয়েছে। দেশ আজ স্বাধীন। কিন্তু যুদ্ধাপরাধের সুষ্ঠু বিচার আজও হয়নি। দুই আন্দোলনের স্থান-কাল-পাত্র ভিন্ন হলেও মেজাজের দিক থেকে একটা অভিন্ন সূত্র খুঁজে পাওয়া যাবে। গণজোয়ারই হলো ৪৪ বছরের ব্যবধানে গড়ে ওঠা দুই আন্দোলনের প্রাণশক্তি। দুই আন্দোলনের নেতৃত্বে রয়েছে তরুণ সমাজ। তাই বর্তমান আন্দোলনের সফলতা অর্জনের জন্য সেদিনের আন্দোলনের অভিজ্ঞতা কাজে লাগানোর প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।শাহবাগ প্রজন্মের আন্দোলন একসময় অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে পারে। একাত্তরের যুদ্ধাপরাধের বিচার শুধু যে দীর্ঘদিন ঝুলে ছিল তা-ই নয়, বিচার শুরুর পরও চলছিল ঢিমেতালে। এ বিচারের প্রত্যাশিত রায় পাওয়া যদি সময়সাপেক্ষ হয়ে ওঠে, তাহলে এত দিন ধৈর্য ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালানো একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে উঠবে। এ অবস্থায় তরুণ নেতৃত্বকে প্রতি মুহূর্তে মনে রাখতে হবে, শাহবাগের মোহনায় সবাই একত্র হয়েছে একটি মাত্র দাবিতে, আর তা হলো যুদ্ধাপরাধের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবিতে। দল-মতনির্বিশেষে সবাই এ দাবিতে একমত। এটাই আন্দোলনের শক্তি। যদি তরুণ প্রজন্ম শুধু এই দাবিতে আন্দোলন চালিয়ে যায়, তাহলে দাবি আদায় করা খুবই সম্ভব। আন্দোলনের প্রথম থেকেই অনেকে উদ্বিগ্ন হয়ে একটা প্রশ্ন করছেন, এই আন্দোলন কবে শেষ হবে? কীভাবে এর সার্থক পরিণতি অর্জন সম্ভব? একটা ন্যায়সংগত দাবির আন্দোলন কত দিন চলবে, সেটা বড় প্রশ্ন নয়। প্রশ্ন হলো, সঠিক দাবিতে অবিচল থেকে সফল পরিণতির দিকে আন্দোলন পরিচালনায় নেতৃত্ব তাদের দক্ষতার পরিচয় দিতে পারবে কি না। এখন এটা নিশ্চিত যে এই পরীক্ষায় শাহবাগ প্রজন্ম যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে।রায়েরবাজার, মিরপুর, বাহাদুর শাহ পার্ক, শাপলা চত্বর থেকে শুরু করে বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশ ছড়িয়ে দিয়ে তরুণ প্রজন্ম আন্দোলনের শক্তি বিস্তৃত করে সুসংহত করার যে পরিকল্পনা নিয়েছে, তা আন্দোলন তীব্রতর করার একটি পরীক্ষিত পদ্ধতি। আন্দোলন শান্তিপূর্ণ পথে পরিচালিত করার কঠিন পরীক্ষায়ও তারা উত্তীর্ণ। ২৪ ফেব্রুয়ারি বিরোধীপক্ষের হরতালের মধ্যেও পল্টন-বায়তুল মোকাররম ঘুরে সাত-আট মাইল দীর্ঘ পথ ধরে শান্তিপূর্ণ মিছিল পরিচালনা করতে পারার দক্ষতা অনেক রাজনৈতিক দলেরও নেই। আমরা অনেক সময় বলি হরতাল ও সহিংসতার রাজনীতির পরিবর্তন দরকার। কিন্তু রাজনৈতিক দলগুলো বিকল্প বের করতে বারবার ব্যর্থ হয়েছে। এখন তরুণ প্রজন্ম উদাহরণ স্থাপন করল। তাদের দৃষ্টান্ত রাজনৈতিক দলগুলো অনুসরণ করলে দেশের অনেক বড় বড় সমস্যার সমাধান সম্ভব। কিন্তু প্রশ্ন হলো, রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণ আন্দোলনের এই বিকল্প কৌশল গ্রহণ করতে কতটা প্রস্তুত?আব্দুল কাইয়ুম: সাংবাদিক। [email protected]